অলঙ্করণ: প্রতিদিনের বাংলাদেশ
রোগাক্রান্ত মানুষ চিকিৎসার জন্য ছুটে আসেন হাসপাতালে। শরণাপন্ন হন চিকিৎসকদের। সে হাসপাতালই যদি রুগ্ণ হয়ে পড়ে, তখন মানুষের যাওয়ার আর কোনো জায়গা থাকে না। অনিয়ম-অব্যবস্থাপনা এবং কর্মরত চিকিৎসক-কর্মচারীদের দুর্নীতি একটি সুস্থ হাসপাতালকে অসুস্থ করে তুলতে পারে অল্প সময়েই।
দেশের শীর্ষ চিকিৎসাকেন্দ্র ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের এখন তেমন দশা। সারা দেশের মানুষ এখানে সুস্থ হওয়ার আশা নিয়ে ছুটে আসে। এখানে চিকিৎসা দেন বিজ্ঞ, অভিজ্ঞ চিকিৎসকগণ।
একসময় সুচিকিৎসার প্রসঙ্গ উঠলেই সবাই উচ্চারণ করতেন ঢাকা মেডিক্যালের নাম, দেশবাসীর সুচিকিৎসা পাওয়ার অন্যতম ভারসাস্থল। কিন্তু এখন আর সে অবস্থা নেই। দুর্নীতি-অনিয়ম ও অব্যবস্থাপনা হাসপাতালটিকে গ্রাস করেছে। ফলে মানুষের আস্থার তালিকায় তলানিতে নেমে গেছে এর নাম। মানুষ এখন সুচিকিৎসা পাওয়ার জন্য ভিন্ন চিন্তা করে। শরণাপন্ন হয় বেসরকারি হাসপাতালের। সামর্থ্যবানরা তা পারলেও দরিদ্র মানুষরা এখনও প্রতিদিন ছুটে যান দেশের প্রাচীন ও সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত এই হাসপাতালটিতে। কিন্তু এখন সেটি চিকিৎসালয়ের পরিবর্তে ভোগান্তির উদাহরণে পরিণত হয়েছে।
প্রতিদিনের বাংলাদেশ-এ শনিবার ‘টাকা দিলে সিট মেলে’ শীর্ষক প্রতিবেদনে সেসব তথ্য বিস্তারিত তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সারা দেশ থেকে উন্নত ও সুচিকিৎসার জন্য যারা এ হাসপাতালটিতে আসেন, অসাধু কর্মচারী ও দালালদের সিন্ডিকেটের দৌরাত্ম্যে তারা অসহায় হয়ে পড়েন। রোগী ও তাদের স্বজনকে জিম্মি করে ওই চক্র হাতিয়ে নেয় বিপুল অঙ্কের টাকা। সেখানে মুমূর্ষু রোগীরাও সহজে সিট পায় না। সংশ্লিষ্ট কর্মচারী ও দালাল সিন্ডিকেটের ‘সিট খালি নেই’ রেডিমেড বুলি শুনে তারা যখন অসহায় হয়ে পড়েন, তখনই দালাল চক্র আসল অস্ত্র ব্যবহার করে। বলে ‘কিছু’ খরচ করতে পারলে চেষ্টা করে দেখা যেতে পারে সিট ম্যানেজ করা যায় কি না।
এই কিছুর নির্দিষ্ট কোনো পরিমাণ নেই। পাঁচশ থেকে তা কয়েক হাজার হতে পারে। সাধারণ বেড থেকে আইসিইউ পর্যন্ত সর্বত্র এক ব্যবস্থা। রোগী এবং তাদের স্বজনদের তখন আর কিছুই করার থাকে না অসাধু দালাল চক্রের কাছে আত্মসমর্পণ ছাড়া।
প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদকের কাছে সেসব তিক্ত অভিজ্ঞতার কথা বলেছেন ভুক্তভোগী কয়েকজন রোগী ও তাদের স্বজনরা। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, হাসপাতালটি সরকার পরিচালিত হলেও তা যেন কতিপয় দুষ্ট লোকের কাছে লিজ দেওয়া হয়েছে। তেমনই একটি অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এক ব্যক্তি। আহত রোগীকে বহনের জন্য হুইল চেয়ার ব্যবহার করতে তাকে গুনতে হয়েছে পাঁচশ টাকা, যে চেয়ারের মালিক একজন বহিরাগত নারী। এমনিভাবে ট্রলি, হুইল চেয়ার কিংবা অন্যান্য সেবা পেতেও আগত রোগীদের প্রতি পদে টাকা দিতে হয়, না হয় পোহাতে হয় সীমাহীন ভোগান্তি।
পাশাপাশি হাসপাতালটির পরিবেশ নিয়ে মানুষের অভিযোগ দীর্ঘদিনের। ময়লা আবর্জনা ও মেডিক্যাল বর্জ্যের স্তূপ দেখা যায় এখানে সেখানে। দুর্গন্ধে টেকা দায়। অস্বাস্থ্যকর সে পরিবেশে রোগীদের সুস্থ হওয়া তো দূরের কথা, সুস্থ মানুষের অসুস্থ হওয়ার মতো অবস্থা। অবস্থাদৃষ্টে মনে হওয়াটা স্বাভাবিক, হাসপাতালটির যেন কোনো অভিভাবক নেই।
অথচ সরকার প্রতি মাসে কোটি কোটি টাকা খরচ করে প্রতিপালন করছে পরিচালকসহ নানা পদপদবির কর্মকর্তা ও কর্মচারীদের। হাসপাতালটির অবস্থা দর্শনে মনে হওয়ার কারণ নেই যে, সংশ্লিষ্টরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের ধারেকাছে আছেন।
পরিবেশ সংরক্ষণ এবং অব্যবস্থা-অনিয়ম রোধ করার দায়িত্ব প্রতিষ্ঠানটির পরিচালকের। তিনি যে তার কর্তব্য পালনে ততটা সিরিয়াস নন, তা তার বক্তব্যেই ফুটে উঠেছে। অনিয়ম-দুর্নীতি সম্পর্কে প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদকের প্রশ্নের জবাবে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, “এসব অনিয়মের বিষয়ে আমরা অবগত আছি। আমি নিজে এবং আমার প্রশাসনিক কর্মকর্তারা বিভিন্ন সময়ে ছদ্মবেশে অভিযান পরিচালনা করি। হাতেনাতে ধরতে পারলে তাদের ৬ থেকে ৭ সপ্তাহের শাস্তির আওতায় আনা হয়”।
তবে তিনি জোর দিয়ে বলেছেন, যারা এই অমানবিক বাণিজ্যের সঙ্গে জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তার এই বক্তব্য যে অসার, হাসপাতালটিতে চলমান দুর্নীতির মচ্ছবই তার সবচেয়ে বড় প্রমাণ।
তাকে মনে রাখতে হবে, কোনো বিষয়ে অবগত থাকাই একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে দায়মুক্তি দেয় না। যেহেতু তিনি প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তা, তাই সেখানে সংঘটিত তাবৎ অন্যায়, অব্যবস্থাপনা ও অনিয়ম-দুর্নীতির দায়ভার তাকেই বহন করতে হবে।
বর্তমান সরকারের স্বাস্থ্যমন্ত্রীও ছোটাছুটি করে বেড়াচ্ছেন। কঠিন কঠোর বক্তব্য দিচ্ছেন। কিন্তু তাতেই-বা ফায়দা কী? তিনি নির্বাচিত জনপ্রতিনিধি। জাতীয় সংসদ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সর্বোপরি জনগণের কাছে তার জবাবদিহিতা রয়েছে। কেবল ঢাকা মেডিক্যালের দিকে তাকালেই মন্ত্রীর সাফল্য-ব্যর্থতার একটা চিত্র প্রকটভাবে দৃশ্যমান হয়।
মানুষের পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসা অন্যতম। আমাদের সংবিধান প্রতিটি নাগরিককে অধিকার দিয়েছে প্রয়োজনীয় চিকিৎসাপ্রাপ্তির। রাষ্ট্রীয় কোষাগারের কাঁড়ি কাঁড়ি অর্থ ব্যয় হবে, অথচ রাষ্ট্র পরিচালিত হাসপাতালে রোগীরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে কিংবা পেতে গেলে হয়রানির শিকার হবেÑ এটা বরদাস্তযোগ্য নয়।
আমরা সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলব, শুধু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নয়, দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালকে নিয়ম-শৃঙ্খলার মধ্যে আনতে কঠোর পদক্ষেপ নিন। সব অনিয়ম-অব্যবস্থাপনা উচ্ছেদ করে নাগরিকদের চিকিৎসাপ্রাপ্তির নিশ্চয়তা বিধান করুন।