× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভবিষ্যৎ হারাচ্ছে কোথায়

মো. আব্দুল্লাহ খান

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৫ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

একজন বাবা কিংবা মা প্রতিনিয়ত যে ত্যাগ আর কষ্ট স্বীকার করেন, তার পেছনে একটাই উদ্দেশ্য থাকেÑ সন্তানকে একটু ভালো রাখা, নিরাপদে রাখা। মাথার ঘাম পায়ে ফেলে, নিজেদের শখ-আহ্লাদ বিসর্জন দিয়ে যে সন্তানকে পরম যত্নে আগলে রাখেন, সেই কলিজার টুকরোটি যখন হঠাৎ নিখোঁজ হয়ে যায়, তখন সেই বাবা-মায়ের মতো আর কেউ নিঃস্ব হয় না। সন্তানকে আগলে রাখা হাত দুটো তখন নিরুপায় হয়ে পড়ে; ঘরের প্রতিটা কোণে সন্তানের ফেলে রাখা চিহ্নগুলো তখন স্মৃতি হয়ে ভেসে বেড়ায় অভিভাবকদের মনে। এই বাস্তব কথাগুলো শুনলেই কেমন যেন বুকটা হুহু করে ওঠে! অথচ যাদের জীবনে প্রতিদিন এমন ঘটনা ঘটছে, তাদের অবস্থা একবার চিন্তা করুন!

আমাদের দেশে গড়ে প্রতিদিন এমন ঘটনার শিকার হচ্ছে ৭৫টি পরিবার। বিগত সাত মাসে সারা দেশে শিশু নিখোঁজের ঘটনা ১৬ হাজারের ওপরে। গত কয়েক বছরের তুলনায় এই সংখ্যা অত্যন্ত আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০২৪ সালে এই সংখ্যাটি ছিল ৪,১৩৭ এবং ২০২৫ সালে তা ছিল ৫,৫১১। অর্থাৎ, চলতি বছরে শিশু হারানোর সংখ্যা প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। বাস্তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শিশু হারানোর পর খুব অল্পসংখ্যক পরিবারই পরবর্তীতে তাদের সন্তানকে ফিরে পায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র কি সেই হারানো ও ফিরে পাওয়ার হিসাব এবং কেন শিশুরা হারিয়ে যাচ্ছেÑ তার সঠিক উত্তরটা জানে?

একটি শিশু তার ঠিকানা থেকে নিখোঁজ হওয়ার পর আসলে রাষ্ট্র কীভাবে ক্ষতিগ্রস্ত হয়, তা হয়তো আমরা অনেকেই জানি না কিংবা জানার প্রয়োজনও মনে করি না। সংখ্যাটি মাত্র ‘এক’ হওয়ার কারণে হয়তো আমরা বিষয়টিকে তেমন গুরুত্ব  দেই না। কিন্তু তার পরিবার এবং কাছের আত্মীয়স্বজনরা এর দ্বারা কতটা প্রভাবিত হন, তা কোনো ভুক্তভোগীকে চাক্ষুষ করলেই বোঝা যায়। মা রাতের পর রাত ঘুমাতে পারেন না, খেতে পারেন না; বাবা তার কাজের জায়গায় মন দিতে পারেন না। যতদিন কোনো খবর না আসে, পরিবারের অন্য সদস্যরাও তীব্র মানসিক ট্রমার মধ্য দিয়ে দিন অতিবাহিত করেন। দীর্ঘদিন সন্তানকে খুঁজতে গিয়ে অনেকে অর্থনৈতিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন। এমনকি এমন অনেক ঘটনাও ঘটেছে, যেখানে একমাত্র সন্তানটি হারানোর পর সেই দম্পতির বিবাহবিচ্ছেদ পর্যন্ত হয়ে গেছে। অর্থাৎ, আমরা যেটিকে কেবল একটি শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা মনে করছি, বাস্তবে তার প্রভাব অত্যন্ত ব্যাপক ও ভয়াবহ। 

এখন দেখতে হবে, এত শিশু হারিয়ে যাওয়ার পেছনে কী কী কারণ থাকতে পারে। যেমন, কিছু শিশু জনসমাগমে পথ হারায়, আবার কোনো কিশোর-কিশোরী পরিবারের সঙ্গে অভিমান করে বা অতিরিক্ত শাসনের কারণে বাড়ি ছেড়ে যায়, আবার কোনো শিশু অপহরণ, পাচার কিংবা অন্য অপরাধের শিকার হতে পারে। এই জায়গাতেই লুকিয়ে আছে সমস্যার একটি গভীর কারণÑ আমরা অনেক সময় শিশুর নিরাপত্তাকে শুধু বাইরের বিপদ থেকে রক্ষা করার বিষয় হিসেবে দেখি, কিন্তু ঘরের ভেতরের পরিবেশকেও নিরাপত্তার অংশ হিসেবে দেখি না। একজন কিশোর প্রতিদিন যদি মনে করে, বাড়িতে তার কথা কেউ শোনে না, তার অনুভূতির কোনো মূল্য নেই, ভুল করলেই তাকে অপমান বা মারধর করা হবেÑ তাহলে কোনো অপরিচিত মানুষ যখন তাকে বন্ধুর মতো কথা বলে, তখন সেই অপরিচিত মানুষটিকেই তার কাছে নিরাপদ মনে হতে পারে। অপরাধীরা ঠিক এই দুর্বল জায়গাগুলোই খুঁজে নেয়। 

আরেকটি আমাদের প্রশাসনিক কাঠামো। একটি শিশু নিখোঁজের পরে প্রথম পদক্ষেপ গ্রহণের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের বলব, কোনো শিশু নিখোঁজ হলে ‘হয়তো ফিরে আসবে’ ভেবে সময় নষ্ট না করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে। 

সবচেয়ে বড় প্রয়োজন একটি সমন্বিত জাতীয় নিখোঁজ শিশু তথ্যব্যবস্থা। একটি শিশু নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গে তার পরিচয়, ছবি, বয়স, সর্বশেষ অবস্থান, ঘটনার বিবরণ এবং অনুসন্ধানের অগ্রগতি একটি কেন্দ্রীয় ব্যবস্থায় নথিভুক্ত হবে। শিশুটি উদ্ধার হলে সেটিও তাৎক্ষণিকভাবে হালনাগাদ হবে। তাহলে শুধু কতটি জিডি হয়েছে তা নয়, আমরা জানতে পারবÑ কত শিশু ফিরে এসেছে, কতজন এখনও নিখোঁজ, কোন অঞ্চল থেকে বেশি শিশু হারাচ্ছে, কোন বয়সের শিশুরা বেশি ঝুঁকিতে এবং কোন কারণগুলো বারবার সামনে আসছে। কেননা যে সমস্যার সঠিক তথ্য নেই, সেই সমস্যার স্থায়ী সমাধানও তৈরি করা কঠিন।

আমাদের মনে রাখতে হবে, একটি স্বাধীন দেশের সবচেয়ে বড় সম্পদ তার শিশু। আজ যে শিশুটির হাত ছুটে যাচ্ছে, কাল হয়তো তার হাতেই থাকার কথা ছিল একটি বই, একটি কলম, একটি দায়িত্ব কিংবা একটি দেশের নেতৃত্ব। সেই হাত যদি অন্ধকারে হারিয়ে যায়, তাহলে শুধু একটি পরিবার নয়Ñ হারিয়ে যায় বাংলাদেশের একটি সম্ভাব্য ভবিষ্যৎ। তাই আমি বলি, ‘শিশু নয়, আসলে ভবিষ্যৎ হারাচ্ছে।’ আর সেই ভবিষ্যৎ খুঁজে পাওয়ার দায়িত্ব শুধু পরিবারের নয়Ñ রাষ্ট্রের, সমাজের এবং আমাদের প্রত্যেকের।


লেখক: শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা