ইমেইল থেকে
মাহবুবউদ্দিন চৌধুরী
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫০ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। অনেকের কাজ নেই। বেকারত্ব দিন দিন যেভাবে বাড়ছে তাতে দেশের অনেক পরিবার হতাশ ও উদ্বিগ্ন। বিভিন্ন কারণে অকারণে গরিব ও দরিদ্র পরিবারগুলো সীমাহীন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে কী যে কষ্ট ও দুর্ভোগ পোহাচ্ছে তা ভাষায় প্রকাশ করা দুষ্কর। শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলের মানুষের অভাব অনেকগুণ বেড়ে গেছে। তারপর কয়েকবার বন্যা-ঝড়, অতিবৃষ্টির কারণে গরিব মানুষ দিশাহারা ও সর্বহারা। পরিবারে চাকরিযোগ্য মেয়ে-ছেলেরা এখন চাকরিচ্যুত। অভাবের সংসারে গরিব পিতা-মাতার অসহনীয় দুর্ভোগ তা চোখে না দেখলে বোঝানো মুশকিল। গরিব বাবার চাকরি বা কাজ নেই মা সেও ক্ষেত-খামারে বা মেয়ে সে গার্মেন্টকসর্মী তারও হাতে আগের মতো কাজ নেই। ছেলে-মেয়েরা এ অবস্থা দেখে শুধু কাঁদছে।
ইদানীং এসব অভাব-অনটনের সংসারে বাল্যবিবাহ বা নাবালিকা বিবাহের সংখ্যা হুহু করে বেড়েই চলছে। এ ধরনের বাল্যবিবাহের সংবাদ, যা পাই তা প্রশাসন কোনোরকম আটকায়। অনেক গার্মেন্টসে কাজ নেই, পিতা-মাতার ঘরে অনেক সন্তান, খাওয়া জোগাড় করার মতো লোক নেই; বাল্যবিবাহের খবর তার সহপাঠীরা সময়মতো পাচ্ছে না। তাই প্রশাসনের কাছেও খবর সহজে পৌঁছে না। বাড়িতে লোকজনের আনাগোনা কমেছে, ধুমধামের বিয়ের উৎসব বন্ধ।
গ্রামাঞ্চলের অনেক পরিবারের মাথায় এখনও পাকাপোক্ত ছাদ নেই। এ অবস্থায় নাবালিকার নিরাপত্তাহীনতা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে। তারপর অর্থ সংকটও এই প্রবণতা বৃদ্ধির আরেকটি অন্যতম কারণ। আবার গ্রামাঞ্চলে একদল নারী পাচারকারীদের সংঘবদ্ধ দল সক্রিয়। তারা এ ধরনের নাবালিকা বিয়ে করে নিয়ে পাচার বা বিক্রি করার প্রবণতায় গরিব পরিবারের জন্য আরেকটি দুঃসংবাদও বটে। এরপরও অনেক গরিব পিতা-মাতা মনে করছে নিজের কাজ না থাকার কারণে এ অবস্থায় মেয়েদের আর ঘরে না রেখে বিয়ে দিয়ে দেওয়াই উত্তম। অনেক ক্ষেত্রে নাবালিকা বা বাল্যবিবাহ হওয়ার পরপরই রক্তস্বল্পতা, অপুষ্টিতে শীর্ণ মেয়েরা নাবালিকাত্ব অতিক্রম করতে না করতে গর্ভবতী হয়ে পড়ায় জননী ও শিশু উভয়ের মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়।
সাম্প্রতিক কয়েকটি সমীক্ষায় প্রকাশ, পরিবারের উদ্যোগে বাল্যবিবাহের তুলনার থেকে পালিয়ে বিবাহের সংখ্যা অধিক। বিবাহ ছাড়াই অনেক নাবালিকা প্রেম ভালোবাসার টানে প্রতারিত হয়ে অবৈধ সন্তানের জন্ম দিয়ে থাকে। আবার ক্ষেত্রবিশেষ অনেক নাবালিকা ধর্ষিত হয়ে বাবা মা’র বোঝা হয়ে পড়ে, যা দেখার কেউ নেই। এখন তো বিত্তশালী কেন মধ্যবিত্ত পরিবারেও হুহু করে তালাক দেওয়ার প্রথা ইদানীং বৃদ্ধি পেয়েছে। আজকাল টাকাপয়সা আছে অনেক বয়স্ক পুরুষকে দেখা যায় অল্পবয়স্ক নাবালিকা মেয়েদের বিয়ে করতে এবং অহরহ তালাকও দিতে দেখা যায়। সমাজের অনেক গরিব ও বিত্তবান মেয়েরাও লোভ-লালসায় পড়ে অনেক বয়স্ক পুরুষের সঙ্গী হতে দ্বিধা বোধ করে না ।
শিক্ষাপ্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ও নারী এবং শিশু এনজিওগুলো এ কাজে যথার্থ ভূমিকা পালনে সক্ষম বলে বিশেষজ্ঞদের মতামত। তবে পরিবারে অধিক জনসংখ্যা, নিরাপত্তা, অভাব-অনাটন, চাকরিহারা পিতা-মাতা, ভাই-বোন মূলত এখানে বাল্যবিবাহের প্রবণতা বেশি কাজ করছে। তাদের অভাবের সংসারে স্থানীয় প্রশাসনের আর্থিক সহযোগিতার প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব দেওয়া উচিত। পরিবারের সচ্ছলতা ছাড়া নাবালিকা ও বাল্যবিবাহ বন্ধ করা কঠিন। বিষয়টি সরকারকে ভেবে দেখার অনুরোধ করছি।
লেখক: ফরিদাবাদ-গেন্ডারিয়া, ঢাকা