ই-মেইল থেকে
জান্নাত আক্তার শিলা
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১৭ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বেকার শব্দ বহনকারী শিক্ষিত তরুণ-তরুণীদের সমাজের কাছে সবচেয়ে লজ্জাজনক পরিচয় বহন করতে হয়। গ্র্যাজুয়েশন শেষ করার পর আমাদের দেশের তরুণ-তরণীদের নতুন পরিচয় হয়ে দাঁড়ায় বেকার। দেশের পাবলিক, প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর লাখ লাখ শিক্ষার্থী গ্র্যাজুয়েশন শেষ করে বের হয়। তারপর চাকরির বাজারে কঠিন বাস্তবতার সম্মুখীন হয়, ভোগেন নিজের পরিচয় সংকটে। প্রতি ১০০ জন স্নাতক ডিগ্রিধারীর মধ্যে ৫২ জনই বেকার। বাংলাদেশ ব্যুরো বিবিএসের হিসেবে বাংলাদেশে এখন শিক্ষিত বেকারের সংখ্যা ৪৫ শতাংশেরও বেশি। প্রতিবছর দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই চলেছে।
২০১৪ সালের আন্তর্জাতিক শ্রম সংগঠনের (আইএলও) পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর কর্মবাজারে প্রবেশ করে প্রায় ২৭ লাখ তরুণ, তার মধ্যে চাকরি পাচ্ছে ১ লাখ ৮৯ হাজার অর্থাৎ মাত্র ৭ শতাংশ। লেবার ফোর্স সার্ভে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী স্নাতক বা ডিগ্রি সনদপ্রাপ্তদের মধ্যে বেকারত্বের হার ৬.৭ শতাংশ। এক দশকের পর সেই সংখ্যা দ্বিগুণেরও বেশি দাঁড়িয়েছে। দেশের সাধারণ বেকারত্বের হার ৫ শতাংশ হলেও স্নাতক বা ডিগ্রি সনদপ্রাপ্তদের বেকারত্বের হার ১৩.৫০ শতাংশ। প্রতিবছরই আশঙ্কাজনকভাবে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। তরুণ সমাজের হতাশার সবচেয়ে বড় কারণ দেশের চাকরির বাজারে সংকোচন। বেকার তরুণ সমাজ না পারছে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করতে না পরিবারকে খুশিতে রাখতে আর না পারছে দেশের অর্থনীতিতে অবদান রাখতে। ফলে নিজের ভবিষ্যতের আশঙ্কায়, পারিবারিক ও সামাজিক চাপে ডিপ্রেশন ও হতাশায় ভুগছে।
উন্নয়নশীল দেশের উন্নয়নের পথে বড় বাধা হলো বেকারত্ব। তরুণ সমাজকে বাদ রেখে একটি অর্থনৈতিক সমৃদ্ধি কখনোই সম্ভব নয়। বাংলাদেশের বেকার সমস্যা কোনো একক সমস্যা নয় বরং এর কারণে সৃষ্টি আরও বহুবিধ সমস্যা ও অপরাধমূলক কাজ, যা ব্যক্তিজীবন থেকে শুরু করে পারিবারিক ও জাতীয় জীবনেও নেতিবাচক প্রভাব ফেলছে। তরুণদের মধ্যে উচ্চ হারে বেকারত্ব, হতাশা ও উৎকণ্ঠা যেকোনো সমাজের জন্য হুমকিস্বরূপ। তাদের সঠিকভাবে কাজে না লাগাতে পারলে দেশের শ্রমশক্তির একটি বিশাল অংশ থেকে দেশ ও অর্থনীতি কোনো সুফল পাচ্ছে না। ফলে দেশ অর্থনৈতিকভাবে আরও পিছিয়ে পড়ছে।
বেকারত্বকে এককভাবে নয় সামাজিকভাবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং উন্নত দেশের অভিজ্ঞতা আমাদের দেশে সম্পূর্ণ কাজে লাগানো যাবেÑ এমন নয়, তবে নিম্নোক্ত ব্যবস্থাগ্রহণের মাধ্যমে বেকারত্ব অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। প্রথমত, শিক্ষাব্যবস্থার গুণগত মান উন্নয়নে পাঠ্যক্রমে বাস্তবজ্ঞান, প্রযুক্তি-নির্ভরতা ভিত্তিকভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি গড়ে তুলতে হবে। তবে পড়াশোনার সাথে সাথেই তারা আত্মনির্ভরশীল হয়ে উঠবে ও দেশের অর্থনীতিতে অবদান রাখবে। দ্বিতীয়ত, শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থাগ্রহণ। টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা এবং পর্যাপ্ত প্রশিক্ষণের (TVET) অভাবের কারণেই তরুণরা কর্মসংস্থানের জন্য প্রস্তুত নয়। তাই প্রযুক্তিগত শিক্ষা এবং ভোকেশনাল ট্রেনিং বৃদ্ধি পেলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। তৃতীয়ত, প্রযুক্তিগত দক্ষতার উন্নয়ন। বর্তমানে প্রযুক্তি-নির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে প্রযুক্তিগত দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন। আইসিটি খাতে দক্ষতা ও প্রশিক্ষণ, এআই, ডেটা এনালাইসিস ও সাইবার বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে বিশ্ববাজারে নিজের অবস্থান তৈরির অপার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। ফলে ঘরে বসেই আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দেশ-বিদেশে নিজেদের কর্মসংস্থান তৈরি করে নিচ্ছে। চতুর্থত, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলায় সঠিক পরামর্শ, স্বল্পসুদে ঋণ প্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে নিজে নিজেই স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিতে হবে।
বাংলাদেশে প্রতিবছর শ্রমবাজারে প্রায় ২০ লাখ তরুণ প্রবেশ করে। সরকারি ও বেসরকারি খাতে এর তুলনায় নতুন পদের সংখ্যা অত্যন্ত কম। পঞ্চমত, শিল্পকারখানায় কর্মসংস্থান সৃষ্টি করতে হবে সরকারি ও বেসরকারিভাবে শিল্পায়ন, কৃষিভিত্তিক শিল্পায়ন ও উত্তরাঞ্চলে শিল্প স্থাপনের উদ্যোগ কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক হতে পারে। দীর্ঘদিন ধরে নিয়োগ বিজ্ঞপ্তি না আসা, পরীক্ষার ফলাফল প্রকাশে বিলম্ব এবং নিয়োগে স্বজনপ্রীতি তরুণদের মধ্যে হতাশা বাড়ায়। স্বচ্ছ ও নির্দিষ্ট সময়ভিত্তিক নিয়োগ ক্যালেন্ডার চালু করা গেলে তরুণরা পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নিতে পারবে। বাংলাদেশের জনসংখ্যার সিংহভাগই তরুণ। যাদের হাত ধরে নির্মিত হবে আগামীর উন্নত, সমৃদ্ধ ও প্রযুক্তি-নির্ভর দেশ। তাই তরুণ সমাজকে শুধু নাগরিক হিসেবে নয় বরং দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। দক্ষতা ভিত্তিক শিক্ষা, উদ্যোক্তা সহায়তা, শিল্পায়ন এবং স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার সমন্বয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি সম্ভব এবং সেই মুক্তিই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে।
লেখক: শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা