× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্দেশনার যথাযথ বাস্তবায়ন চাই

সম্পাদকীয়

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০০ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০২ পিএম

গুলশান, বনানী, বারিধারা, নিকেতন, ধানমন্ডি কিংবা হাতিরঝিল নগরীর একসময়ের নান্দনিক জলাধারগুলোর অনেকটাই আজ বর্জ্য, পয়োবর্জ্য, দখল ও অব্যবস্থাপনার চাপে বিপন্ন।  ছবি: সংগৃহীত

গুলশান, বনানী, বারিধারা, নিকেতন, ধানমন্ডি কিংবা হাতিরঝিল নগরীর একসময়ের নান্দনিক জলাধারগুলোর অনেকটাই আজ বর্জ্য, পয়োবর্জ্য, দখল ও অব্যবস্থাপনার চাপে বিপন্ন। ছবি: সংগৃহীত

ঢাকার চারপাশের নদীগুলোর মতো মহানগরীর ভেতরের লেক বা জলাশয়গুলোও দীর্ঘদিন ধরে দূষণের শিকার। দূষণ থেকে এই লেকগুলোকে বাঁচাতে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি নির্দেশনা দিয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। নগরীর ফুসফুস খ্যাত লেকগুলো রক্ষায় প্রধানমন্ত্রীর এই নির্দেশ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। কিন্তু লেকগুলোর বাস্তব চিত্র বলছে, নির্দেশের চেয়ে বড় সংকট এখন বাস্তবায়নের। বলা বাহুল্য, গুলশান, বনানী, বারিধারা, নিকেতন, ধানমন্ডি কিংবা হাতিরঝিল নগরীর একসময়ের নান্দনিক জলাধারগুলোর অনেকটাই আজ বর্জ্য, পয়োবর্জ্য, দখল ও অব্যবস্থাপনার চাপে বিপন্ন। ফলে লেক রক্ষার নতুন নির্দেশ যেন আগের বহু উদ্যোগের মতো কাগজে সীমাবদ্ধ না থাকেÑ এই নিশ্চয়তাই এখন সবচেয়ে বেশি জরুরি।

জানা যায়, বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার লেকগুলোর বর্তমান অবস্থা, দূষণের উৎস এবং সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ধানমন্ডি লেকের সংস্কার, স্লাজ অপসারণ ও পাইলট প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বৈঠকে জানানো হয়, গুলশান লেকে পয়োবর্জ্য প্রবেশের উৎস ও মাধ্যম হিসেবে ছয়টি প্রাইমারি ও ছয়টি সেকেন্ডারি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। এসব পয়েন্ট দিয়ে লেকে দূষিত পানি ও পয়োবর্জ্য প্রবেশ করছে। সমস্যা সমাধানে গঠিত কারিগরি কমিটি প্রধানমন্ত্রীর কাছে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সুপারিশ উপস্থাপন করে। লেকের দূষণ রোধে পয়োবর্জ্য প্রবেশের পথ বন্ধ, ভবনভিত্তিক এসটিপি স্থাপন এবং বিদ্যমান সুয়ারেজ নেটওয়ার্কের বিস্তারিত জরিপের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে গুলশান, বনানী এলাকায় শর্তসাপেক্ষে সুয়ারেজ বিল আদায় এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ক্যাচমেন্ট এরিয়া বা পানি সংগ্রহের জন্য এলাকা তৈরির বিষয়েও নির্দেশনা দেওয়া হয়। আমরা মনে করি, লেকের তলদেশের জমে থাকা পলি অপসারণের বিষয়টিও বিবেচনায় নেওয়া দরকার। একই সঙ্গে অবৈধভাবে ড্রেনের সঙ্গে পয়োলাইন যুক্ত আছে কি না, তা চিহ্নিত করে বিচ্ছিন্ন করার বিষয়টিও গুরুত্ব দেওয়া জরুরি।

নগরীর লেকগুলোর এসব সমস্যা কি নতুন? উত্তর হলোÑ মোটেই নয়। গুলশান, বনানী ও বারিধারা লেকের পানিতে নিয়মিত পয়োবর্জ্য ঢোকার অভিযোগ বহু দিনের। সাম্প্রতিক এক প্রতিবেদনে রাজউকের সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, এই লেক ব্যবস্থায় প্রবাহিত পানির বড় অংশই পয়োবর্জ্যবাহী সংযোগের মাধ্যমে আসছে। ফলে বিপুল অর্থ ব্যয়ে সৌন্দর্যবর্ধন ও অবকাঠামো নির্মাণের পরও পানিদূষণের কারণে প্রকল্পের মূল উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বনানী লেকের সাম্প্রতিক চিত্র আরও হতাশাজনক। পানিতে ভাসছে আবর্জনা, বিভিন্ন অংশে জমে থাকা বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, দূষিত পানির মধ্যেই নৌযান চলছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব লেকের পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। সবচেয়ে বড় প্রকল্প হাতিরঝিল নিয়েও আত্মতুষ্টির সুযোগ নেই। গবেষণায় দেখা গেছে, বৃষ্টির মৌসুমে বর্জ্য ও পয়োবর্জ্য মিশ্রিত পানিপ্রবাহের কারণে লেকটির পানির মান উল্লেখযোগ্যভাবে খারাপ হয়; কোথাও পানি কালচে হয়ে দুর্গন্ধ ছড়ায়। ২০২৬ সালের একটি গবেষণায় গুলশান ও হাতিরঝিলের পানিতে উচ্চমাত্রার মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির কথাও উঠে এসেছে।

আমরা মনে করি, লেক রক্ষার কাজ শুধু পরিচ্ছন্নতা অভিযান কিংবা সৌন্দর্যবর্ধনে সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রথম কাজ হতে হবে লেকে বর্জ্য ও পয়োবর্জ্য প্রবেশের সব উৎস শনাক্ত করে স্থায়ীভাবে বন্ধ করা। পাশাপাশি দখলদারির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে উদ্ধার করা জায়গা পুনর্দখল ঠেকাতে স্থায়ী নজরদারি নিশ্চিত করতে হবে। একইভাবে লেকভিত্তিক পানির মান পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করে তার ফলাফল জনসমক্ষে প্রকাশ করা দরকার।

আরেকটা বিষয় এখানে উল্লেখ্য, রাজধানীর লেকগুলো কোনো সংস্থার একক সম্পত্তি নয়। এগুলো নগরীর জলাধার, পরিবেশ ও জনজীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই রাজউক, সিটি করপোরেশন, ওয়াসা ও পরিবেশ অধিদপ্তরের দায়িত্বের বিভাজন নয়, সমন্বিত জবাবদিহিই হতে হবে মূলনীতি। আমরা মনে করি, প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের এখনই সময়। কারণ লেক হারালে শুধু একটি জলাশয় হারাবে না; হারাবে নগরীর জলধারণক্ষমতা, পরিবেশগত ভারসাম্য, সৌন্দর্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য শহরের সম্ভাবনাও। আমরা চাই, প্রধানমন্ত্রীর এই নির্দেশনা এবার বাস্তব পরিবর্তনে রূপ নিকÑ এটা ঢাকাবাসী সবারই প্রত্যাশা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা