× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাংকের এমডিদের পারফরম্যান্স স্কোরকার্ড

নিরঞ্জন রায়

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫০ এএম

নিরঞ্জন রায়। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

নিরঞ্জন রায়। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশের ব্যাংকিং খাতের মানোন্নয়নে বাংলাদেশ ব্যাংক একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, খেলাপি ঋণ এবং অব্যবস্থাপনা নিয়ে তারা বুঝে উঠতে পারছে না কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। কিংবা কোন পদক্ষেপটি আগে নিতে হবে। দেশের ব্যাংকিং খাতের এমডিদের পারফরম্যান্স মূল্যায়ন সংক্রান্ত ব্যাংলাদেশ ব্যাংকের ইস্যু করা সার্কুলার দেখার পর আমার এমনটাই মনে হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বিআরপিডি-২, সার্কুলার নং ০৫, ইস্যু করেছে, যার মাধ্যমে ব্যাংকের এমডিদের পারফরম্যান্স মূল্যায়নের উদ্দেশ্যে কেপিআই (কি পারফরম্যান্স ইনডিকেটর) ফ্রেমওয়ার্ক সংক্রান্ত নীতিমালা ঘোষণা করা হয়েছে। 

দীর্ঘ ১৯ পাতার এক বিশাল সার্কুলার, যেখানে অনেক শর্তের মাধ্যমে ১০০ নম্বরের একটি মূল্যায়ন প্যারামিটার জুড়ে দেওয়া হয়েছে। এই ১০০ নম্বর মোটাদাগে পাঁচটি সুনির্দিষ্ট খাতে ভাগ করা হয়েছে। যার মধ্যে আছে ১. মূলধন ভিত্তি ও তারল্য (ক্যাপিটাল বেজ অ্যান্ড লিকুইডিটি)- ২৫ নম্বর। ২. সম্পদের মান (অ্যাসেট কোয়ালিটি)- ২৫ নম্বর। ৩. সুশাসন ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ (গুড গভরন্যান্স অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল)- ২৫ নম্বর। ৪. আর্থিক অন্তর্ভুক্তি, গ্রাহকসেবা ও ইন্ডাস্ট্রিতে অবস্থান (ফাইন্যান্সিয়াল ইনকুশন, কাস্টোমার সার্ভিস অ্যান্ড মার্কেট প্লেয়ার)- ১৫ নম্বর এবং ৫. মুনাফা (প্রোফিটাবিলিটি)- ১০ নম্বর। মোট ১০০ নম্বরের মধ্যে যে সকল এমডি ৭৫ নম্বর বা তার বেশি পাবেন, তারা হবেন মানসম্পন্ন। যাদের স্কোর ৬৫ থেকে ৭৫-এর মধ্যে থাকবে, তারা হবেন গড়পড়তার এমডি। পক্ষান্তরে যে সকল এমডির স্কোর ৬৫-এর নিচে, তারা হবেন নিম্নগড় বা বিলো অ্যাভারেজ, যাকে এক কথায় অযোগ্য বলা যেতে পারে। 

ব্যাংকের এমডির পারফরম্যান্স মূল্যায়নের স্কোরকার্ডটি যেন রীতিমতো আমাদের সময়কার এসএসসি পরীক্ষার মার্কশিট। এই বিশাল সার্কুলারে কেপিআইয়ের বৃহত্তর পরিসরের পাঁচটি খাতই শেষ নয়। প্রত্যেক কেপিআইয়ের অধীনে এত বেশি উপখাত, হরেক রকমের শর্ত, যেমনÑ যদি, কিন্তু, বেশি বা গ্রেটার দ্যান, কম বা স্মলার দ্যান, এটার শতাংশ, ওটার শতাংশ প্রভৃতি প্যারামিটার বা শর্ত জুড়ে দেওয়া হয়েছে, তাতে সাধারণ ক্যালকুলেটারের মাধ্যমে এমডির পারফরম্যান্স স্কোর নির্ণয় করা সম্ভব হবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। ভাগ্যিস ব্যাংকে এখন এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে, তাই হয়তো এআই দিয়ে এই স্কোরকার্ড নির্ণয় করা সম্ভব হবে। 

এই সার্কুলারটি পড়ার পর আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাপক পরিকল্পনা নিয়ে এই নীতিমালা প্রণয়ন করেছে। একজন ডেপুটি গভর্নরের নেতৃত্বে আরেকজন ডেপুটি গভর্নর এবং দুজন নির্বাহী পরিচালকসহ মোট ১২ সদস্যের একটি কমিটি এই বিষয় নিয়ে কাজ করেছে। এই কমিটি নিশ্চয়ই দীর্ঘদিন ধরে অনেক গবেষণা, বিশ্লেষণ ও আলোচনা করে এ সংক্রান্ত অনেক তথ্য-উপাত্ত ঘেঁটে এবং বিরাজমান অবস্থা বিবেচনায় নিয়েই ব্যাংকের এমডিদের পারফরম্যান্স মূল্যায়নের এই নীতিমালা তৈরি করেছে। তবে অবাক করার বিষয় হচ্ছে, দেশের বাণিজ্যিক ব্যাংকের এমডিদের পক্ষ থেকে এবং এমনকি ব্যাংকের মালিকপক্ষ অর্থাৎ চেয়ারম্যান বা পরিচালকদের পক্ষ থেকে কোনো প্রতিনিধি এই কমিটির সদস্য ছিল না। তাদের মতামত নেওয়া হয়েছে কি না, সেটাও নিশ্চিত নয়। অথচ নীতিমালাটি এই দুপক্ষের জন্য প্রণয়ন করা হয়েছে এবং তারাই এটি বাস্তবায়ন করবেন।

এখন প্রশ্ন হচ্ছে, বর্তমান প্রেক্ষাপটে নীতিমালা জারি করে ব্যাংকের এমডিদের কেপিআই পারফরম্যান্স মূল্যায়ন করে বাংলাদেশ ব্যাংক কী এমন লক্ষ্য অর্জন করতে পারবে। এখন দেশের ব্যাংকিং খাত যে অবস্থায় আছে, সেখানে নতুন করে পারফরম্যান্স মূল্যায়ন করে এমডিদের কাছ থেকে ভালো কিছু অর্জন করা কি আদৌ সম্ভব। কেননা ব্যাংকিং খাতের এখন যে অবস্থা, সেখানে হাতেগোনা কয়েকটি ব্যাংকের কথা বাদ দিলে, অধিকাংশ ব্যাংক সবচেয়ে খারাপ অবস্থায় আছে। অনেক ব্যাংকের তারল্যমান খুবই শোচনীয় এবং তারা অধিকাংশ ক্ষেত্রে গ্রাহকদের চাহিদামাফিক অর্থ ফেরত দিতে পারছে না। খেলাপি ঋণ ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ভাষ্য অনুযায়ী গড় খেলাপি ঋণের হার প্রায় ৩৫%, যদিও অনেক ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৫০% বা তার অধিক। অনেক ব্যাংকের মূলধন ভিত্তিও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। দেশের ব্যাংকিং খাতের প্রভিশন ঘাটতি যখন ২ লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়, তখন আর বুঝতে বাকি থাকে না যে অধিকাংশ ব্যাংকের মূলধন ভিত্তি বেশ দুর্বল। 

ব্যাংকের এমডির পারফরম্যান্স মূল্যায়নের নীতিমালার উল্লেখযোগ্য দিক হচ্ছে কেপিআই হিসেবে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, তার অনেকগুলোই এখন আর ব্যাংকের নিজস্ব সমস্যা নেই। যেমনÑ খেলাপি ঋণ, মূলধন ভিত্তি, তারল্য বা লিকুইডিটি, ব্যাংকিং খাতের বা ইন্ডাস্ট্রিতে ব্যাংকের অবস্থানের মতো বিষয় এখন আর সংশ্লিষ্ট ব্যাংকের নিজের এখতিয়ারে নেই বরং এগুলো এখন সমগ্র ব্যাংকিং খাতের সমস্যায় পরিণত হয়েছে। এমনকি কিছু বিষয়, যেমনÑ খেলাপি ঋণ এবং মূলধন ভিত্তি, তো ইন্ডাস্ট্রি ছাড়িয়ে সমগ্র অর্থনীতির বিষয়ে পরিণত হয়েছে। অল্প সময়ের মধ্যে যে খেলাপি ঋণ আকাশচুম্বী বেড়ে গেছে, তা এখন যত না ব্যাংকিং খাতের সমস্যার কারণে, তার চেয়ে অনেক বেশি ব্যবসাবাণিজ্যে মন্দা অবস্থা বিরাজ করার কারণে। তাহলে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে, ব্যাংকের নিজস্ব এখতিয়ারের মধ্যে নেই এমন অবস্থার উন্নতি ঘটানো তো মোটেই সহজ কাজ নয়। একটি ব্যাংকের এমডি যতই যোগ্যতাসম্পন্ন হোক না কেন এবং তিনি যতই চেষ্টা করুন না কেন, তিনি খুব সহজে খেলাপি ঋণ কমাতে বা মূলধন ভিত্তি বাড়াতে সক্ষম হবেন না। 

দেশের ব্যাংকিং খাতের যে অবস্থা এবং নীতিমালাটি যেভাবে প্রণয়ন করা হয়েছে, তাতে অধিকাংশ ব্যাংকের এমডির স্কোর যে নিম্নগড় বা বিলো অ্যাভারেজ হবে, তাতে কোনো সন্দেহ নেই। এমনকি অনেক এমডি অযোগ্য বিবেচিত হবেন। শুধু তাই নয়, এই নীতিমালা প্রয়োগ করার কারণে অনেক যোগ্যতাসম্পন্ন ভালো এমডি যেমন অযোগ্য এমডি হিসেবে গণ্য হতে পারেন, তেমনি অনেক অযোগ্য এমডিও খুব ভালো মানের এমডির সর্বোচ্চ নম্বর পেয়ে যেতে পারেন। যেমনÑ ধরা যাক দেশের একটি ব্যাংক খুবই খারাপ অবস্থায় চলে এসেছে এবং ব্যাংকটির উন্নতিকল্পে যোগ্যতাসম্পন্ন ভালো মানের একজন ব্যাংকারকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি চাইলেও অনেক কিছু, বিশেষ করে খেলাপি ঋণ এবং মূলধন ভিত্তি দুয়েক বছরের মধ্যে তেমন কোনো উন্নতি করতে পারবেন না। কেননা এগুলো এখন ব্যাংকিং খাত ও অর্থনীতির বিষয়। ফলে কেপিআই অনুযায়ী সেই এমডি তখন অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। 

অপরপক্ষে একজন সাধারণ মানের বা অযোগ্য ব্যাংকার বেশ ভালো অবস্থায় থাকা একটি ব্যাংকের এমডি পদের দায়িত্ব পেয়ে গেল। যেহেতু ভালো ব্যাংকের সবকিছু ঠিকঠাক থাকে এবং একটা সিস্টেমে পরিচালিত হয়, তাই ন্যূনতম তদারকির মাধ্যমে কয়েক বছর সেই ব্যাংক খুব সহজেই চালিয়ে নেওয়া যায়। নিয়োগ পাওয়া সেই সাধারণ মানের এমডিও এই ব্যাংক ভালো চালিয়ে নিতে পারবেন এবং কেপিআই অনুযায়ী একজন শ্রেষ্ঠ এমডির স্কোর পেয়ে যাবেন। বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলার প্রয়োগের ফলে অনেক ভালো ব্যাংকার আর এমডির দায়িত্ব নিতে চাইবেন না এবং দেশের ব্যাংকিং খাতে ভালো এমডির অভাব দেখা দিতে পারে। এমনিতে দেশে এখন ভালো পেশাদার ব্যাংকারের বড় অভাব। তার ওপর এই সার্কুলার কার্যকর হলে দেশে ব্যাংকারের অভাব আরও তীব্র হতে পারে। 

এ কথা বলার অপেক্ষা রাখে না যে, বিগত কয়েক দশকে দেশে ব্যাংকের সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি বহু সাধারণ মানের ব্যাংকার এমনকি অনেক অযোগ্য ব্যাংকারও বিভিন্ন ব্যাংকের শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছেন। সংকটকালে তারা সেভাবে পারফর্ম করতে পারছেন না। তাই দেশের ব্যাংকিং খাতের এমডিদের পারফরম্যান্স উন্নত করার উদ্যোগ নিতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে কেপিআই বা এরকম পারফরম্যান্স মূল্যায়ন একটি ভাল পদক্ষেপ হতে পারে। কিন্তু এই ধরনের নীতিমালা প্রয়োগের উপযুক্ত সময় মোটেই এখন নয়। প্রথমে দেশের ব্যাংকিং খাতের বিরাজমান সমস্যাগুলো দূর করে ন্যূনতম একটি মানসম্পন্ন অবস্থায় নেওয়া প্রয়োজন। দেশের ব্যবসাবাণিজ্য এবং বিনিয়োগে গতি আনা প্রয়োজন সবার আগে। তারপর এই ধরনের পদক্ষেপ গ্রহণ করার কথা বিবেচনা করা যেতে পারে। 

সেক্ষেত্রেও কেপিআই হিসেবে গতানুগতিক ধারার বিষয় অন্তর্ভুক্ত না করে, অনেক আধুনিক বিষয়, যেমনÑ প্রযুক্তিতে এগিয়ে নেওয়া, কাগজবিহীন ব্যাংকিং চালু, পরিবেশবান্ধব ব্যাংকিং, জেন্ডার সমতা, পেশাগত উৎকর্ষ, নতুন সেবা উদ্ভাবনের মতো বিষয় অন্তর্ভুক্ত করা উচিত। উল্লেখ্য, খেলাপি ঋণ এবং মূলধন ভিত্তির বিষয় ব্যাংকের অবস্থানের ওপর নির্ভর করে এমডি নিয়োগের শর্ত হিসেবে জুড়ে দেওয়া যেতে পারে। কিন্তু পারফরম্যান্স মূল্যায়নের শর্ত হিসেবে নয়। আমি বলতে চাই, যে ব্যাংকে খেলাপি ঋণ সমস্যা নেই, সেই ব্যাংকের জন্য খেলাপি ঋণ আদায়ে দক্ষ এমডি নিয়োগ দেওয়ার প্রয়োজন নেই। আবার যে ব্যাংকের প্রধান সমস্যা খেলাপি ঋণ, সেই ব্যাংকে খেলাপি ঋণ আদায়ে অভিজ্ঞ এমডি প্রয়োজন। আমাদের প্রত্যাশা, দেশের ব্যাংকিং খাতের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক বিষয়টি ভেবে দেখবে এবং নীতিমালার বাস্তবায়ন পুনর্বিবেচনা করবে। 

লেখক: সার্টিফায়েড অ্যান্টি-মানিলন্ডারিং স্পেশালিস্ট ও ব্যাংকার, টরন্টো, কানাডা 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা