মুহাম্মাদ মুস্তফা জামান
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪২ এএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান অসীম ও সর্বব্যাপী। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবকিছুই তাঁর জ্ঞানের আওতাভুক্ত। তিনি আলিমুল গাইব, অদৃশ্য ও দৃশ্যমান সবকিছুর পরিপূর্ণ জ্ঞানী এবং সব ক্ষমতার একচ্ছত্র অধিকারী। ফলে তাঁর প্রদত্ত বিধানই প্রকৃত ও সর্বোত্তম বিধান। এমন বিধান, যা অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব যুগের, সব শ্রেণি-পেশার মানুষের জন্য কল্যাণকর ও উপযোগী।
আল্লাহ তায়ালার প্রণীত বিধান কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য পথনির্দেশনা হিসেবে বহাল থাকবে। এতে মানুষের কল্যাণ, ন্যায়, ভারসাম্য ও শান্তির নির্দেশনা রয়েছে। তাই তাঁর বিধান পক্ষপাতহীন, চিরন্তন ও সর্বজনীন। এ সত্যের ব্যাপারে একজন মুমিনের অন্তরে কোনো সংশয় বা দ্বিধার অবকাশ নেই।
শরিয়া বা আল্লাহ তায়ালার আইন
শরিয়া হলো ইসলামের দৃষ্টিতে মানুষের জীবন পরিচালনার একটি পূর্ণাঙ্গ ঐশী বিধান। এটি মূলত মহাগ্রন্থ আল-কুরআন এবং বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ বা হাদিসের ওপর প্রতিষ্ঠিত। মানুষের ব্যক্তিজীবন থেকে শুরু করে পরিবার, সমাজ, অর্থনীতি, নৈতিকতা, লেনদেন ও রাষ্ট্রব্যবস্থাÑ জীবনের বিস্তৃত ক্ষেত্রগুলোতে শরিয়া নীতিমালা ও নির্দেশনা প্রদান করে।
শরিয়া আইনের মূল ভিত্তি ও উৎস
১. আল-কুরআন: ইসলামী শরিয়া বা বিধানের প্রধান ও মৌলিক উৎস হলো আল্লাহ তায়ালার পবিত্র বাণীÑ আল-কুরআন।
২. আস-সুন্নাহ: রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী, কর্ম ও অনুমোদন শরিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ উৎস।
৩. ইজমা ও কিয়াস: কুরআন ও সুন্নাহতে কোনো বিষয়ে সরাসরি নির্দেশনা না থাকলে শরিয়ার মূলনীতি অনুসরণ করে যোগ্য আলেমদের ঐকমত্যকে ইজমা এবং তুলনামূলক বিচার-বিবেচনাকে কিয়াস বলা হয়। এগুলোর মাধ্যমে শরিয়ার নীতির আলোকে বিধান নির্ধারণ করা হয়।
মানবীয় কাজের শ্রেণি বিভাগ
ইসলামী শরিয়া মানুষের কাজকে মূলত পাঁচটি শ্রেণিতে ভাগ করেছেÑ
ফরজ বা ওয়াজিব: যা পালন করা অপরিহার্য; যেমনÑ সালাত ও সিয়াম।
হারাম: যা কঠোরভাবে নিষিদ্ধ; যেমনÑ হত্যা, চুরি ও সুদ।
মুস্তাহাব: যা পালন করলে সওয়াব রয়েছে, কিন্তু পালন না করলে গুনাহ নেই; যেমনÑ নফল রোজা।
মাকরুহ: যা শরিয়তের দৃষ্টিতে অপছন্দনীয়, তবে হারামের মতো কঠোরভাবে নিষিদ্ধ নয়।
মুবাহ: যা সম্পূর্ণ বৈধ ও অনুমোদিত।
শরিয়ার বিস্তৃত পরিধি
শরিয়া কেবল বিচারালয় পরিচালনা কিংবা রাষ্ট্র পরিচালনার আইন নয়, বরং এটি মানুষের ইবাদত-বন্দেগি, ব্যক্তিগত আচরণ, নৈতিকতা, পারিবারিক সম্পর্ক, লেনদেন, অর্থনীতি এবং সামাজিক জীবন সবকিছুকে সুশৃঙ্খল ও কল্যাণময় করার দিকনির্দেশনা দেয়। আল্লাহ তায়ালার বিধানে রয়েছে সমতা, ইনসাফ এবং মানুষের অধিকার ও মর্যাদার সুরক্ষা। মানবীয় জ্ঞান সীমিত হওয়ায় মানুষের তৈরি আইন সময়, স্থান, সংস্কৃতি ও পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত হতে পারে। পক্ষান্তরে আল্লাহ তায়ালার বিধান সর্বজ্ঞ ও সর্বশক্তিমান স্রষ্টার পক্ষ থেকে প্রদত্ত। তাই এতে মানুষের ব্যক্তিজীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ন্যায়, ভারসাম্য ও কল্যাণের মৌলিক নির্দেশনা রয়েছে।
১. সর্বজ্ঞ স্রষ্টার আইন
মানুষ মানুষের বাহ্যিক আচরণ দেখতে পারে; কিন্তু আল্লাহ তায়ালা মানুষের প্রকাশ্য ও অপ্রকাশ্য সবকিছুই জানেন। তাই তাঁর বিধান মানুষের প্রকৃত কল্যাণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
আল্লাহ তায়ালা বলেন, ‘যিনি সৃষ্টি করেছেন, তিনি কি জানবেন না?’Ñ সূরা আল-মুলক : ১৪
২. ন্যায়বিচারের ভিত্তি
ইসলামী বিধানের অন্যতম প্রধান ভিত্তি হলো ন্যায় ও ইনসাফ। আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ ন্যায় ও সদাচরণের নির্দেশ দেন।’
Ñ সূরা আন-নাহল : ৯০
৩. বৈষম্যহীন বিচার
ইসলামী ন্যায়বিচারে ক্ষমতাবান ও দুর্বল, ধনী ও দরিদ্র সবার জন্য ন্যায়ের মানদণ্ড একই। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ন্যায়পরায়ণ শাসককে কিয়ামতের দিন আল্লাহর বিশেষ ছায়াপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেছেন।Ñ সহিহ মুসলিম
৪. মানবিক ও বাস্তবসম্মত
আল্লাহ তায়ালার বিধান শুধু শাস্তির বিধান নয়; বরং মানুষের জীবন, সম্পদ, পরিবার, সম্মান ও সমাজের নিরাপত্তা রক্ষাকেও অত্যন্ত গুরুত্ব দেয়। এর লক্ষ্য মানুষের জীবনকে ন্যায়, শৃঙ্খলা, নিরাপত্তা ও কল্যাণের পথে পরিচালিত করা।
৫. শ্রেষ্ঠতার ঘোষণা
আল্লাহ তায়ালা বলেন, ‘আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কে?’Ñ সূরা আল-মায়িদাহ : ৫০
উপসংহার
সুতরাং একজন মুমিনের বিশ্বাস হলোÑ মানবজীবনের সব ক্ষেত্রে আল্লাহ তায়ালার বিধানই সর্বোচ্চ পথনির্দেশনা। রাষ্ট্রের সংবিধান ও আইন প্রণয়নের ক্ষেত্রেও কুরআন-সুন্নাহর মৌলিক নীতি ও ন্যায়বিচারের আদর্শকে যথাযথ গুরুত্ব দেওয়া জরুরি। নতুন কোনো আইন প্রণয়নের প্রয়োজন দেখা দিলে কুরআন-সুন্নাহর আলোকে দেশের শীর্ষস্থানীয় জ্ঞানী, যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের গভীর চিন্তাভাবনা, পরামর্শ ও পর্যালোচনার মাধ্যমে তা নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আল্লাহ তায়ালার আইন কেবল একটি আইনব্যবস্থা নয়; এটি মানুষের দুনিয়ার শান্তি, ন্যায় ও কল্যাণ এবং আখিরাতের মুক্তির পথনির্দেশনা। তাই মুমিনের হৃদয়ে উচ্চারিত হয়Ñ আল্লাহ তায়ালার বিধানই সর্বোত্তম বিধান; তাঁর ন্যায়ই সর্বোচ্চ ন্যায়; আর তাঁর দেখানো পথই মানবতার কল্যাণের পথ।
লেখক: পেশ ইমাম, বনানী মসজিদ আত-তাক্বওয়া