রাজধানীর যানজট কমিয়ে দ্রুত, নিরাপদ ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে মেট্রোরেল সম্প্রসারণ নিঃসন্দেহে সময়ের দাবি। ইতোমধ্যে চলমান মতিঝিল-উত্তরা পর্যন্ত মেট্রোরেলের সূচনার সুফল তার দৃষ্টান্ত। এই সফলতা সামনে রেখে প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে একটি নতুন ও দুটি সংশোধিত মিলিয়ে মোট তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেকের বৈঠকে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান।
উল্লেখ্য, অনুমোদিত প্রকল্পে জাপান, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং দক্ষিণ কোরিয়া অর্থায়ন করছে। নগরবাসীর জন্য সংবাদটি স্বস্তির বৈকি। তবে বিশাল অর্থনৈতিক চাপ নিয়ে প্রশ্ন থেকেই যায়।
গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ ‘আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল অনুমোদন’ শীর্ষক প্রতিবেদনের তথ্য মতে, অনুমোদন পাওয়া প্রকল্প তিনটি হলোÑ ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় এমআরটি লাইন-১, এমআরটি লাইন-৫ নর্দান রুট এবং নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট। তিন প্রকল্পের মধ্যে মেট্রোরেল লাইন-১ ও লাইন-৫ নর্দান রুট চলমান প্রকল্পের সংশোধিত প্রস্তাব। অন্যদিকে লাইন-৫ সাউদার্ন রুট নতুন প্রকল্প। কার্যতালিকায় না থাকলেও লাইন-১ ও লাইন-৫ নর্দান রুটের প্রস্তাব সরাসরি একনেকের টেবিলে তোলা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, দেশের রেল যোগাযোগে মেট্রোরেলের পর এবার যুক্ত হতে যাচ্ছে ইলেকট্রিক ট্রেন। প্রথম পর্যায়ে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে এই ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পের অনুমোদন যুগান্তকারী পদক্ষেপ হলেও এর আর্থিক ব্যয় ও ঋণ ব্যবস্থাপনা নিয়ে গভীর নজরদারি প্রয়োজন। বিশেষ করে, আগের দুটি প্রকল্পের ব্যয় বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ। জানা গেছে, ৩১.২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১-এর ব্যয় ২০১৯ সালে অনুমোদিত ৫২ হাজার ৫৬১ কোটি টাকা থেকে বেড়ে এখন হয়েছে ১ লাখ ১৪ হাজার ৬৯৪ কোটি টাকা। একইভাবে ২০ কিলোমিটার এমআরটি লাইন-৫ নর্দানের ব্যয় ৪১ হাজার ২৩৯ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে প্রায় ৮৯ হাজার ৮৪৮ কোটি টাকা। নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন রুটটি গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত ১৭.২০ কিলোমিটার হবে, যার ১৩.১০ কিলোমিটার ভূগর্ভস্থ। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৪ কোটি টাকা। প্রকল্পটি ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
যদিও প্রকল্পের ব্যয় বৃদ্ধির পেছনে নকশা ও দরপত্র প্রস্তুতিতে বিলম্ব, দেশীয় টাকার মানে হেরফের, ভূগর্ভস্থ মেট্রোরেলের কারিগরি চ্যালেঞ্জসহ বিভিন্ন কারণ দেখানো হয়েছে। এসব কারণের কিছু বাস্তব ও অনিবার্য হতে পারে। কিন্তু প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা, ব্যয় নির্ধারণ, নকশা এবং সময়সূচি তৈরিতে কোথায় দুর্বলতা ছিলÑ সেটিও জনসমক্ষে স্পষ্ট হওয়া দরকার। কারণ জনগণের অর্থে পরিচালিত উন্নয়ন প্রকল্পে শুধু ব্যয়ের সংশোধিত অঙ্ক জানানো যথেষ্ট নয়Ñ কেন সংশোধন প্রয়োজন হলো, তারও পূর্ণ ব্যাখ্যা প্রয়োজন।
আমরা মনে করি, এ অবস্থায় সরকারের প্রথম দায়িত্ব হওয়া উচিত প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা। প্রকল্পের নকশা, ব্যয় প্রাক্কলন, ভূমি অধিগ্রহণ, দরপত্র, ঠিকাদার নির্বাচন, চুক্তির শর্ত, অগ্রগতি ও ব্যয়ের তথ্য নিয়মিতভাবে প্রকাশ করা। আন্তর্জাতিক ও দেশীয় উভয় অর্থায়নের ক্ষেত্রেই ক্রয়প্রক্রিয়ায় প্রতিযোগিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে স্বাধীন নিরীক্ষা, নিয়মিত প্রকল্প মূল্যায়ন এবং অনিয়মের ক্ষেত্রে দৃশ্যমান জবাবদিহিতা থাকতে হবে। মনে রাখতে হবে, মেট্রোরেল শুধু রেললাইন ও স্টেশন নির্মাণের প্রকল্প নয়, এটি ঢাকার ভবিষ্যৎ নগরব্যবস্থার গুরুত্বপূর্ণ অবকাঠামো। তাই সময়মতো নির্মাণ, নির্ধারিত মান বজায় রাখা এবং ব্যয় নিয়ন্ত্রণÑ তিনটিই সমান গুরুত্বপূর্ণ। আড়াই লাখ কোটি টাকার এই বিনিয়োগ যেন ভবিষ্যতের আরেক দফা ব্যয় বৃদ্ধির কারণ না হয়, সেজন্য শুরু থেকেই কঠোর নজরদারি প্রয়োজন।
রাজধানীর গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন অবশ্যই এগিয়ে নিতে হবে। এই ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা হোক অগ্রাধিকার। উন্নয়নের গতি যেন স্বচ্ছতা ও জবাবদিহিতাকে পেছনে ফেলে না যায়। জনগণের বিপুল অর্থের এই বিনিয়োগের প্রকৃত সাফল্য মাপা হোক, কত কিলোমিটার মেট্রোরেল নির্মিত হলো তা দিয়ে নয়- কত কম অপচয়ে, কত বেশি দক্ষতায় এবং কতটা জনস্বার্থ নিশ্চিত হলো তা দিয়েই। আমরা এই প্রকল্পের সাফলতা কামনা করছি।