× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংস্কৃতিক কূটনীতি, জ্ঞান-রাজনীতি এবং রাষ্ট্রীয় দায়

ফরহাদ মজহার

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৬ পিএম

ফরহাদ মজহার। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ফরহাদ মজহার। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

(দ্বিতীয় পর্ব)

ভারত নাকি সব ধর্মের আদিম ও আদি সত্যের উৎস!

বর্তমান ‘কবীর-লালন’ বয়ানের রাজনৈতিক চরিত্র আবদেল মাননানের উদ্বোধনী বক্তব্যে আরও স্পষ্ট হয়ে ওঠে। তিনি ভারতবর্ষকে এমন এক ভূখণ্ড হিসেবে হাজির করেন, যেখানে নাকি সর্বধর্মের আদিম বা আদি সত্যের উৎস নিহিত। একই আয়োজন সম্পর্কে প্রকাশিত সংবাদে তাঁর বক্তব্যের আরেকটি কেন্দ্রীয় সূত্রও পাওয়া যায়Ñ তিনি সন্ত কবীর ও লালনকে ‘একই নদীর দুই তীরের মতো’ বলে বর্ণনা করেছেন। (Daily Bangladesh) এই দুই বক্তব্য পাশাপাশি রাখলে বোঝা যায়, এখানে নিছক কবীর ও লালনের তুলনা করা হচ্ছে না; তাদের একটি বৃহত্তর, একক এবং আদি ‘ভারতীয়’ আধ্যাত্মিক ধারার অন্তর্গত করে দেখানোর চেষ্টা চলছে। এই বয়ান ইতিহাসের নিরপেক্ষ বিবরণ নয়; এটি সভ্যতাবাদী জাতীয়তাবাদের রাজনৈতিক ভাষা।

ভারতবর্ষকে ‘সর্বধর্মের আদি দেশ’ বলা প্রথমেই ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক। ইসলাম সপ্তম শতকের আরব উপদ্বীপে উদ্ভূত; খ্রিস্টধর্মের উৎপত্তি পশ্চিম এশিয়ায়; ইহুদি ধর্মের দীর্ঘ ইতিহাসও লেভান্ত অঞ্চলে; জরথুস্ত্রবাদ ইরানি জগতে; বৌদ্ধ ও জৈন ধর্ম অবশ্য দক্ষিণ এশিয়ায় জন্মেছে, আর শিখধর্ম পাঞ্জাবের নির্দিষ্ট ঐতিহাসিক পরিসরে। ফলে ‘সকল ধর্মের আদি দেশ ভারতবর্ষ’ কোনো ইতিহাসসম্মত বক্তব্য নয়। এটি এমন একটি রাজনৈতিক কল্পনা যেখানে বহু সভ্যতা, বহু ধর্ম, বহু ভাষা ও বহু আঞ্চলিক ঐতিহ্যের জটিল ইতিহাসকে এক ‘আদি ভারতীয় সভ্যতা’র মধ্যে টেনে আনা হয়। ইতিহাসের বহুত্ব তখন একক সভ্যতাগত উৎসের অধীন হয়ে যায়।

এই বয়ানের রাজনৈতিক বিপদ এখানেই। ‘ভারতীয় সভ্যতা’ যদি সমস্ত ধর্মীয় ও আধ্যাত্মিক ধারার আদি উৎস বলে প্রতিষ্ঠিত হয়, তাহলে বাংলা, পাঞ্জাব, কাশ্মির, দাক্ষিণাত্য, আসাম, সিন্ধু কিংবা নদীয়ার মতো স্বতন্ত্র ঐতিহাসিক অঞ্চল আর নিজেদের শর্তে ইতিহাসের কেন্দ্র থাকে না; তারা বৃহত্তর ভারতীয় সভ্যতার আঞ্চলিক প্রকাশে পরিণত হয়। তখন নদীয়ার ভাব, বাংলার ফকিরি, দরবেশি, বৈষ্ণব, সাহেবধনী, কর্তাভজা কিংবা লালনের স্বতন্ত্র সাধন-ইতিহাসকে আর নিজের উৎস, বিরোধ, ভাষা ও সামাজিক বাস্তবতা দিয়ে বুঝতে হয় না; তাদের বলা যায়, প্রাচীন ভারতীয় আধ্যাত্মিকতার স্থানীয় রূপ। এটাই সাংস্কৃতিক আত্মসাতের কার্যকর পদ্ধতিÑ অন্যকে বিলোপ করা নয়, তাকে নিজের বৃহত্তর উৎসকাহিনীর অংশ বানানো।

এখানে ‘কবীর ও লালন একই নদীর দুই তীর’ উপমাটিও নিরীহ নয়। একই নদীর দুই তীর বললে ধরে নেওয়া হয় নদী এক, উৎস এক, প্রবাহ এক; পার্থক্য শুধু অবস্থানের। কিন্তু ইতিহাসে কবীর ও লালনের সম্পর্ক এত সরল নয়। কবীর পঞ্চদশ শতকের উত্তর ভারতের কাশীকেন্দ্রিক সন্ত-জগতের মানুষ; তাঁর ভাষা, সামাজিক ভিত্তি, তাঁতি সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক, নাথ-সন্ত-ভক্তি ও ইসলামী পরিভাষার ব্যবহার সেই সময় ও অঞ্চলের নির্দিষ্ট ইতিহাসে গঠিত। লালন আঠারো-উনিশ শতকের নদীয়া-কুষ্টিয়ার ঔপনিবেশিক গ্রামীণ সমাজের ভাবুক; তাঁর জগতে স্থায়ী বন্দোবস্ত-পরবর্তী কৃষি ও জমিদারি সমাজ, মুসলমান কৃষক ও কারিগর, চৈতন্যোত্তর বৈষ্ণব ভাব, ফকিরি ও দরবেশি ধারা, বাংলা ভাষার নিজস্ব পরিণতি এবং সিরাজ সাঁইয়ের গুরুপরম্পরা কাজ করছে। দুইজনের মধ্যে সম্পর্ক অনুসন্ধান করা যায়, কিন্তু তাঁদের ‘একই নদী’র দুই তীর বানালে প্রথমেই সেই ঐতিহাসিক পার্থক্য মুছে যায়।

আর এই মুছে দেওয়া নিছক গবেষণাগত ভুল নয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এর স্পষ্ট ভূ-রাজনৈতিক অর্থ আছে। কারণ ভারতীয় রাষ্ট্র বহুদিন ধরে ‘shared heritage’, ‘shared civilizational ties’, ‘common cultural roots’Ñ এই ধরনের ভাষা ব্যবহার করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে নিজের সম্পর্ক ব্যাখ্যা করে। এ ধরনের ভাষা সব সময় মিথ্যা নয়; দক্ষিণ এশিয়ার ইতিহাসে বাস্তব সম্পর্ক, চলাচল ও সাংস্কৃতিক বিনিময় আছে। কিন্তু যখন শক্তির ভারসাম্য অসম, তখন ‘shared’ শব্দটি প্রায়শ কেন্দ্র ও প্রান্তের পার্থক্য গোপন করে। যৌথ ঐতিহ্যের কেন্দ্র যদি দিল্লি বা সর্বভারতীয় সভ্যতাবাদী কাহিনী হয়, তবে বাংলাদেশের ঐতিহাসিক স্বাতন্ত্র্য সেই কাহিনীর একটি উপ-অধ্যায়ে পরিণত হতে পারে।

এই কারণেই আবদেল মাননানের বক্তব্যকে ব্যক্তিগত মতামত বলে হালকাভাবে নেওয়া যায় না। তিনি এই উৎসবের প্রধান সংগঠক, লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী এবং সংবাদমাধ্যমে ‘কবীর-লালন গবেষক’ হিসেবে পরিচিত। তাঁর বক্তব্য এমন একটি অনুষ্ঠানে দেওয়া হচ্ছে, যার সহযোগী বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং যেখানে ভারতের হাইকমিশনার বিশেষ অতিথি। অতএব ‘ভারতবর্ষ সর্বধর্মের আদি দেশ’ ধরনের সভ্যতাবাদী বক্তব্য রাষ্ট্রীয় সাংস্কৃতিক অবকাঠামোর মধ্যে উচ্চারিত হলে তা ব্যক্তিগত আধ্যাত্মিক মতামতের সীমা অতিক্রম করে রাজনৈতিক তাৎপর্য অর্জন করে।

এখানে আরও বড় প্রশ্ন বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের। মন্ত্রণালয় কি এমন একটি সভ্যতাবাদী বয়ান পরীক্ষা করেছে যেখানে বাংলাদেশের স্বতন্ত্র ইতিহাসকে একটি বৃহত্তর ভারতীয় উৎসকাহিনীর মধ্যে গলিয়ে দেওয়ার ঝুঁকি আছে? এই আয়োজনের ধারণাপত্রে ‘ভারতবর্ষ’, ‘সর্বধর্ম’, ‘আদি ধর্ম’, ‘কবীর-লালন’ সম্পর্ক কীভাবে ব্যাখ্যা করা হয়েছে? কোন ইতিহাসবিদ, লালন গবেষক বা নদীয়ার ভাবের বিশেষজ্ঞ এই বয়ান যাচাই করেছেন? নাকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোনো বেসরকারি সংগঠনের মতাদর্শগত প্রকল্পকে যাচাই ছাড়াই অবকাঠামো ও বৈধতা দিয়েছে?

কারণ বাংলাদেশের সাংস্কৃতিক সার্বভৌমত্বের প্রশ্ন এখানে সরাসরি জড়িত। ১৯৭১ সালে বাংলাদেশ কোনো ‘প্রাদেশিক ভারতীয় সংস্কৃতি’ হিসেবে রাষ্ট্র হয়নি; একটি স্বতন্ত্র রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আবির্ভূত হয়েছে। তার ভাষা, নদী, বদ্বীপ, ইসলামী ইতিহাস, বৈষ্ণব ও ফকিরি সাধনা, ঔপনিবেশিক অভিজ্ঞতা, কৃষক-কারিগর সমাজ এবং রাজনৈতিক সংগ্রামের নিজস্ব ইতিহাস আছে। এই স্বাতন্ত্র্য অস্বীকার করে বাংলাদেশকে কোনো ‘অখণ্ড ভারতীয় সভ্যতা’র সাংস্কৃতিক প্রান্ত হিসেবে কল্পনা করা শুধু ইতিহাসের ভুল নয়; বাংলাদেশের রাজনৈতিক অস্তিত্বের ধারণাগত ভিত্তিকেই দুর্বল করে।

এই জায়গায় ‘হিন্দুত্ববাদ’ কথাটিও সতর্ক অথচ নির্দিষ্ট অর্থে ব্যবহার করা দরকার। ‘ভারতবর্ষকে সর্বধর্মের আদি দেশ’ বানানোর ধারণাটি আধুনিক হিন্দু সভ্যতাবাদী জাতীয়তাবাদের পরিচিত যুক্তির সঙ্গে স্পষ্ট সাদৃশ্য বহন করে যেখানে ভারতকে শুধু আধুনিক রাষ্ট্র নয়, এক প্রাচীন, একক, আধ্যাত্মিক সভ্যতার চিরন্তন কেন্দ্র হিসেবে নির্মাণ করা হয় এবং বহিরাগত বা পরবর্তী সব ধারাকে সেই কেন্দ্রের সঙ্গে সম্পর্কিত করে দেখা হয়। এই সভ্যতাবাদী যুক্তির বিপদ হচ্ছে, এই যুক্তি বহুত্বকে স্বীকার করতে পারে, কিন্তু সেই বহুত্বের স্বতন্ত্র উৎসের স্বীকৃতি দিতে চায় না; সবকিছুকে শেষ পর্যন্ত একটি বৃহৎ সভ্যতার মধ্যে আত্মসাৎ করে।

ফকির লালনের ক্ষেত্রে এই আত্মসাৎ বিশেষভাবে অগ্রহণযোগ্য। কারণ লালনের ভাবের শক্তি কোনো আদি ভারতীয় ধর্মের স্থানীয় প্রতিধ্বনি হওয়ার মধ্যে নয়। তাঁর কালামে ইসলামী, বৈষ্ণব, ফকিরি, দরবেশি, চৈতন্যোত্তর নদীয়ার নানা পরিভাষা আছে, কিন্তু তিনি কোনোটির প্রস্তুত মুখপাত্র নন। তিনি শব্দকে নতুন করে কাজে লাগান, পরিচয়ের সত্য পরীক্ষা করেন, দেহী মানুষকে জ্ঞানের কেন্দ্রে আনেন, নাম ও নামীর সম্পর্ক প্রশ্ন করেন, গুরু ও মানুষের সম্পর্ককে নতুনভাবে ভাবেন। তাঁর মৌলিকতা এই পুনর্গঠনে। তাঁকে ‘সর্বধর্মের ভারতীয় ঐক্য’-এর উদাহরণ বানালে তাঁর এই সৃষ্টিশীল ও পর্যালোচনামূলক ক্ষমতা মুছে যায়।

তাই প্রশ্ন কবীরকে বাদ দেওয়া নয়। প্রশ্ন হচ্ছে কবীরকে সামনে রেখে লালনের ইতিহাসকে পুনর্লিখন করা যাবে কি না। যদি ‘একই নদীর দুই তীর’ বলা হয়, তাহলে আগে প্রমাণ করতে হবে নদীটি কী, তার উৎস কোথায়, তার ঐতিহাসিক ধারাবাহিকতা কী এবং লালনের নিজের গুরুপরম্পরা, নদীয়ার ভাব ও ঔপনিবেশিক বাংলার সামাজিক বাস্তবতা সেই নদীর কোথায় বসে। এই প্রমাণ ছাড়া উপমাটি কবিত্ব হতে পারে, ইতিহাস নয়।

আর ‘সর্বধর্মের আদি ধর্মের দেশ’ ধরনের সভ্যতাবাদী বক্তব্য যদি রাষ্ট্রীয় সহযোগিতায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিনা প্রশ্নে প্রচারিত হয়, তাহলে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়কে জবাব দিতে হবে কেন তারা এমন একটি বয়ানকে রাষ্ট্রীয় পরিসর দিচ্ছে, যেখানে বাংলাদেশের নিজস্ব ভাব-ইতিহাসকে বৃহত্তর ভারতীয় সভ্যতার অধীনস্থ অংশ হিসেবে পড়ার সম্ভাবনা তৈরি হয়।

সাংস্কৃতিক বিনিময় সমমর্যাদার হলে তা বন্ধুত্ব গড়ে; কিন্তু এক পক্ষ যদি নিজেকে উৎস এবং অন্য পক্ষকে তার শাখা হিসেবে কল্পনা করে, সেটি আর বিনিময় থাকে না। সেটি হয়ে ওঠে সাংস্কৃতিক আধিপত্যের ভাষা।

বাংলার ইতিহাস এই ধরনের এককেন্দ্রিকতার বিরুদ্ধে বিশেষ সাক্ষ্য বহন করে। নদীয়ার ভাব কোনো সর্বভারতীয় মতের প্রাদেশিক সংস্করণ নয়। ইসলাম বাংলায় শুধু বাইরে থেকে এসে বসে নাই; বাংলা ভাষা, কৃষকসমাজ, নগরায়ণ, সুফি-দরবেশি জগৎ, সুলতানি রাজনীতি, বৈষ্ণব আন্দোলন এবং স্থানীয় সমাজের সঙ্গে দীর্ঘ সম্পর্কের মধ্যে নতুন সামাজিক ও ভাষাগত বাস্তবতা তৈরি করেছে। চৈতন্যের আবির্ভাব, নদীয়ার বৈষ্ণব ভাব, পরবর্তী সাহেবধনী, কর্তাভজা, ফকিরি এবং লালনের জগৎকে এই নির্দিষ্ট ইতিহাস ছাড়া বোঝা যায় না। জাতপাতের বিরুদ্ধে বাংলার লড়াইও কেবল উত্তর ভারতীয় ভক্তির আমদানি নয়; ইসলামী সাম্যবোধ, বাংলার কৃষিজীবী সমাজ, বৈষ্ণব ভাব, তন্ত্র, সহজ এবং স্থানীয় সামাজিক প্রতিরোধের বহু প্রবাহ সেখানে কাজ করেছে।

তাই লালনের নবী, আদম, মুর্শিদ, ফাতেমা, গৌর, কৃষ্ণ বা কবীরÑ প্রত্যেক নামকে তার কালামের নিজস্ব ব্যাকরণে পড়তে হবে। তিনি কোথা থেকে শব্দ নিয়েছেন সেটাই শেষ প্রশ্ন নয়; সেই শব্দকে কী নতুন কাজে লাগিয়েছেন, সেটাই তাঁর মৌলিকতা। এ কারণেই তাঁকে ‘অসাম্প্রদায়িক মানবতাবাদী’ বলে শেষ করা রাজনৈতিক ভাবে সুবিধাজনক হলেও দার্শনিকভাবে দরিদ্র। এতে তাঁর সাধনা, সত্য নির্ণয়ের পদ্ধতি, দেহী মানুষ, গুরু, ভাষা, ফানা, স্বরূপ এবং নামের সীমা নিয়ে তাঁর স্বতন্ত্র ভাব হারিয়ে যায়। তাঁর কালাম তখন জটিল সাধনবাহাস নয়, রাষ্ট্রীয় অনুষ্ঠানের গ্রহণযোগ্য মানবতাবাদী গান হয়ে ওঠে।

এই দিক থেকে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের ভূমিকা সবচেয়ে বেশি জবাবদিহির দাবি করে। ভারত নিজের সাংস্কৃতিক স্বার্থ অনুসরণ করবে; এতে বিস্ময়ের কিছু নাই। বাংলাদেশের রাষ্ট্র কেন নিজের জাতীয়ভাবে স্বীকৃত ভাবুককে অন্য রাষ্ট্রের সাংস্কৃতিক মানচিত্রে ব্যাখ্যা করার আয়োজনের জন্য নিজের প্রতিষ্ঠান, অর্থ ও প্রশাসনিক বৈধতা দিচ্ছেÑ এটাই প্রশ্ন। মন্ত্রণালয় যদি বাংলাদেশের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষা করতে চায়, তবে তার কাজ ভারতীয় হাইকমিশনের কর্মসূচির স্থানীয় বাহক হওয়া নয়; বাংলাদেশের নিজস্ব লালন গবেষণা, নদীয়ার ভাব, জীবন্ত ফকিরিপরম্পরা এবং কুষ্টিয়ার সাংস্কৃতিক ভূগোলের স্বাধীন জ্ঞানভিত্তি নির্মাণ করা।

ফলে প্রশ্নটি কবীর বনাম লালন নয়। কবীরকে ছোট করে লালন বড় হবেন না, আর লালনকে কবীরের উত্তরসূরি বানিয়ে কবীরও বড় হন না। আসল প্রশ্ন হচ্ছে কোন বুদ্ধিবৃত্তিক মানচিত্রে দুইজনকে বসানো হচ্ছে, সেই মানচিত্রের কেন্দ্র কোথায় এবং মানচিত্র আঁকার ক্ষমতা কার হাতে। বাংলাদেশ যদি নিজের ইতিহাস নিজে না লেখে, নিজের ভাবের পরিভাষা নিজে নির্মাণ না করে এবং নিজের সাধনপরম্পরাকে নিজের উৎস থেকে বুঝতে না শেখে, তাহলে তার ভূমিতে জন্ম নেওয়া ভাবুকও অন্যের সভ্যতাগত কাহিনীর চরিত্র হয়ে যাবেন।

সাংস্কৃতিক আধিপত্যের শেষ কথা তাই সংস্কৃতিকে কার কাছ থেকে ধার করেছেÑ এ প্রশ্ন নয়; বরং কে কাকে ব্যাখ্যা করার ক্ষমতা রাখে। এই ক্ষমতার প্রশ্ন থেকেই ‘কবীর-লালন’ উৎসবকে বিচার করতে হবে।

দুই কাজ এক নয়

প্রথম পদ্ধতিতে কবীর ও লালন দুইজন স্বতন্ত্র ভাবুক। তাঁদের ঐতিহাসিক সময়, ভাষা, ধর্মীয় পরিভাষা, সামাজিক পরিবেশ, গুরুপরম্পরা এবং সত্য অন্বেষণের পদ্ধতির ফারাক আগে স্বীকার করতে হয়। তারপর কোথায় মিল, কোথায় অমিল, কোথায় লালন কবীরকে গ্রহণ করছেন বা নতুন অর্থে ব্যবহার করছেন তা বিচার করা যায়। দ্বিতীয় পদ্ধতিতে কবীর আগে থেকেই বৃহত্তর ‘Indian Bhakti/Sant tradition’-এর স্বীকৃত কেন্দ্র, আর লালন সেই কেন্দ্রের সঙ্গে সম্পর্কের মাধ্যমে পাঠযোগ্য হয়ে ওঠেন। তখন তুলনা আর সমমর্যাদার থাকে না; কেন্দ্র–প্রান্তের সম্পর্ক তৈরি হয়।

এখানেই সাংস্কৃতিক আধিপত্যের প্রশ্ন।

লালনের ক্ষেত্রে বিপদটি বিশেষভাবে বড়। কারণ তাঁর সাধনধাম ছেঁউড়িয়ায়, তাঁর কালামের ভাষা নদীয়া-কুষ্টিয়ার, তাঁর ফকিরি পরম্পরা বাংলাদেশের জীবন্ত সাধকসমাজে এখনও আছে। অথচ তাঁকে বোঝার আন্তর্জাতিক এবং এমনকি বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ভাষাও ক্রমে কলকাতা-শান্তিনিকেতন-‘বাউল’-ভারতীয় ভক্তি-সুফি ঐতিহ্যের মধ্যস্থতায় তৈরি হচ্ছে। এই প্রবণতা অব্যাহত থাকলে বাংলাদেশের ভূমি ও জীবন্ত সাধকসমাজ থাকবে, কিন্তু লালনকে ব্যাখ্যা করার ধারণাগত কর্তৃত্ব অন্যত্র থাকবে।

এটাই সাংস্কৃতিক আধিপত্যের সবচেয়ে সফল রূপ: বস্তু তোমার, ব্যাখ্যার ক্ষমতা অন্যের।

এইখানে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায় ভারতীয় হাইকমিশনের চেয়েও বেশি। ভারত নিজের সাংস্কৃতিক কূটনীতি চালাবেÑ এটাই স্বাভাবিক রাষ্ট্রীয় আচরণ। আইসিসিআরের ঘোষিত দায়িত্বই ভারতের আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রভাব বাড়ানো। বাংলাদেশের রাষ্ট্র কেন নিজের সাংস্কৃতিক নীতি ছাড়া অন্য রাষ্ট্রের প্রস্তুত বয়ানকে নিজের অবকাঠামো দিয়ে বিস্তার করবেÑ এটাই আসল প্রশ্ন।

এই উৎসব বাংলাদেশের কোনো বেসরকারি মিলনায়তনে সীমাবদ্ধ নয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় শিল্পকলা একাডেমি থেকে শুরু করে বরিশাল, খুলনা, শেরপুর, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও শ্রীমঙ্গলে রাষ্ট্রীয় বা সরকারি সাংস্কৃতিক অবকাঠামো ব্যবহার করে আট বিভাগে নিয়ে যাওয়া হচ্ছে। (Ajkerpatrika) সংস্কৃতি মন্ত্রণালয় তাই নিরপেক্ষ ভেন্যু-দাতা নয়; তার সহযোগিতা এই বয়ানকে রাষ্ট্রীয় বৈধতা দেয়।

এখানে কয়েকটি কঠিন প্রশ্ন মন্ত্রণালয়কে করতেই হবে। বাংলাদেশ কি লালনকে ‘কবী-লালন’ যুগল ধারণায় হাজির করার আগে কোনো স্বাধীন গবেষণা পর্যালোচনা করেছে? কেন কবীর? কেন একইভাবে চৈতন্য-লালন, সিরাজ সাঁই-লালন, পাঞ্জু শাহ-লালন, কিংবা নদীয়ার ফকির-দরবেশ-কর্তাভজা-সাহেবধনী ধারার উৎসব নয়? লালনের কালামে কবীরের উল্লেখ থাকাই যদি যৌথ জাতীয় উৎসবের ভিত্তি হয়, তাহলে তাঁর কালামে উপস্থিত অসংখ্য অন্য ঐতিহাসিক ও ভাবগত সম্পর্কের মধ্য থেকে এই একটি সম্পর্ককে আট বিভাগে রাষ্ট্রীয় সহযোগিতায় কেন আলাদা করে তোলা হলো? নির্বাচনের এই রাজনীতির ব্যাখ্যা কী?

আরও গুরুতর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় কি ‘নদীয়ার ভাব’ সম্পর্কে কোনো স্বতন্ত্র গবেষণানীতি তৈরি করেছে? ফকিরি ধারার নিজস্ব ইতিহাস, সাধকসমাজের আত্মপরিচয়, কালামের পাঠভেদ, ছেঁউড়িয়ার ধাম, গুরুপরম্পরা ও কুষ্টিয়ার সাংস্কৃতিক ভূগোল নিয়ে রাষ্ট্রীয় গবেষণা কোথায়? যদি নিজের ভাবের ইতিহাস নিয়ে রাষ্ট্রের কোনো বুদ্ধিবৃত্তিক প্রস্তুতি না থাকে, অথচ বিদেশি রাষ্ট্রের সাংস্কৃতিক কূটনীতির সহায়তায় ‘shared heritage’ উৎসব আট বিভাগে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে একে নিছক সাংস্কৃতিক বিনিময় বলা কঠিন। এটি বাংলাদেশের জ্ঞানগত নির্ভরতার লক্ষণ; আরও বিপজ্জনক কারণ শেষাবধি বাংলাদেশকে দিল্লির সাংস্কৃতিক আধিপত্যের অধীনস্থ করা হলো। 

এই নির্ভরতাকে ভারতবিরোধিতা দিয়ে মোকাবিলা করা যাবে না। কবীরকে নিষিদ্ধ করাও সমাধান নয়। বরং কবীরকে তাঁর মহিমায়, লালনকে তাঁর স্বাতন্ত্র্যে এবং দুইজনের সম্পর্ককে গবেষণার কঠিন প্রশ্ন হিসেবে হাজির করতে হবে। সাংস্কৃতিক সার্বভৌমত্ব মানে সীমানা টেনে সংস্কৃতি বন্ধ করা নয়; নিজের ইতিহাসকে নিজের প্রশ্নে বিচার করার বুদ্ধিবৃত্তিক ক্ষমতা অর্জন করা।

বর্তমান উৎসবের সংগঠক লালন বিশ্বসংঘের ভূমিকাও তাই প্রশ্নাত্মক; এই ভূমিকা পর্যালোচনার দাবি রাখে। ২০২৪ সালের ভারতীয় হাইকমিশন-সহায়তাপ্রাপ্ত ইন্দো-বাংলা ‘বাউল’ উৎসব, ২০২৫ সালের হাইকমিশন-আয়োজিত লালন সন্ধ্যায় আবদেল মাননানের অংশগ্রহণ, এবং ২০২৬ সালের আট বিভাগব্যাপী ‘কবীর-লালন’ আয়োজনÑ এই ধারাবাহিক সম্পর্ক প্রকাশ্য এবং যাচাইযোগ্য। (Akashvani News) কিন্তু এখান থেকে গোপন অর্থায়ন, নির্দেশনা বা ষড়যন্ত্রের সিদ্ধান্ত আমরা টানতে চাই না যতক্ষণ না তার প্রমাণ নাই। যা বলা যায় তা হলো : একই সংগঠন ও ব্যক্তিদের মধ্য দিয়ে ভারতীয় সাংস্কৃতিক কূটনীতির ‘shared heritage’ বয়ান বাংলাদেশের রাষ্ট্রীয় সাংস্কৃতিক অবকাঠামোর সঙ্গে ক্রমে গভীরভাবে যুক্ত হচ্ছে। এই সম্পর্কের অর্থায়ন, প্রকল্প প্রস্তাব, মন্ত্রণালয়ের অনুমোদন, অংশীদার নির্বাচন এবং ভারতীয় হাইকমিশনের ভূমিকা প্রকাশ করা জনস্বার্থের দাবি।

বিশেষ করে মন্ত্রণালয়কে প্রকাশ করা উচিত : আট বিভাগব্যাপী উৎসবের মোট বাজেট কত; অর্থের উৎস কী; ভারতীয় হাইকমিশন বা আইসিসিআর আর্থিক, শিল্পী, গবেষক, প্রচার বা অন্য কোনো সহায়তা দিয়েছে কি না; ‘কবীর-লালন’ ধারণাটি কার প্রকল্প প্রস্তাবে এসেছে; কোন বিশেষজ্ঞ কমিটি তা যাচাই করেছে; এবং বাংলাদেশের জীবন্ত ফকিরি সাধকসমাজের প্রতিনিধিদের মতামত নেওয়া হয়েছে কি না। এসব তথ্য ছাড়া উদ্দেশ্য নিয়ে নিশ্চিত অভিযোগ করা যেমন দায়িত্বজ্ঞানহীন, তেমনি জনস্বার্থে প্রশ্ন তোলা থেকে বিরত থাকাও দায়িত্বজ্ঞানহীন।

ভারতের আগ্রহ কেন থাকবেÑ সে প্রশ্নের উত্তর অবশ্য গোপন নয়। ভারতের রাষ্ট্রীয় সাংস্কৃতিক কূটনীতির ঘোষিত লক্ষ্যই ভারতের সংস্কৃতি, সভ্যতা ও ‘shared heritage’-এর ধারণাকে আন্তর্জাতিকভাবে দৃশ্যমান করা এবং তার মাধ্যমে সম্পর্ক ও প্রভাব বাড়ানো (ICCR, n.d.)। (Indian Council for Cultural Relations) বাংলাদেশের সঙ্গে ভারতের ক্ষেত্রে ভাষা, রবীন্দ্রনাথ, নজরুল, মুক্তিযুদ্ধ, বাংলা নববর্ষ, যোগ, শাস্ত্রীয় সংগীত এবং এখন লালনÑ সবই এই ‘shared cultural space’ বয়ানের অংশ। ২০২৫ সালে ভারতীয় হাইকমিশন নজরুলকেও দুই দেশের ‘shared cultural connection’-এর প্রতীক হিসেবে হাজির করেছে; একই বছর লালনকেও ‘shared spiritual heritage’-এর প্রতীক বলা হয়েছে। (New Age)

রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে নরম ক্ষমতা বা soft power বলা যায়। নরম ক্ষমতার উদ্দেশ্য সব সময় শত্রুভাবাপন্ন নয়; সাংস্কৃতিক বিনিময় সত্যিই পারস্পরিক বোঝাপড়া বাড়াতে পারে। কিন্তু ক্ষমতার অসাম্য থাকলে ‘shared’ শব্দটি নিজেই রাজনৈতিক হয়ে ওঠে। কোন ইতিহাস ‘আমাদের যৌথ’, কে সেটি সংজ্ঞায়িত করছে, কোন কেন্দ্র থেকে তা বিশ্বে প্রচারিত হচ্ছেÑ এসব প্রশ্ন জরুরি।

ফকির লালনের ক্ষেত্রে বাংলাদেশের সতর্কতা এখানেই সবচেয়ে বেশি দরকার। কারণ তাঁর আন্তর্জাতিক প্রতিষ্ঠা এখনও অসম্পূর্ণ, তাঁর কালামের নির্ভরযোগ্য সমালোচনামূলক পাঠ রাষ্ট্রীয়ভাবে তৈরি হয় নাই, তাঁর ধামের ঐতিহাসিক ভূগোল রক্ষা হয় নাই, ফকিরি পরম্পরার জাতীয় আর্কাইভ নাই, আর ‘নদীয়ার ভাব’ এখনও বাংলাদেশের সাংস্কৃতিক নীতির স্বীকৃত ধারণা নয়। এই শূন্যতার মধ্যে শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্র যদি তাঁকে নিজের পরিচিত ‘ভক্তি-সুফি-বাউল-shared heritage’ মানচিত্রে স্থাপন করে, তাহলে সেই মানচিত্রই আন্তর্জাতিক সত্য হয়ে ওঠার ঝুঁকি থাকে।

সেই অর্থে আজ সবচেয়ে জরুরি কাজ কবীরের বিরুদ্ধে লালনকে দাঁড় করানো নয়। বরং বলতে হবে : কবীর কবীর, লালন লালন। সম্পর্ক আছে বলেই স্বাতন্ত্র্য মুছে যায় না। লালন কবীরের নাম নিয়েছেন, কিন্তু তিনি কবীরের বঙ্গীয় সংস্করণ নন। তিনি কোনো সর্বভারতীয় সন্ত-পরম্পরার প্রাদেশিক প্রতিনিধি নন। তাঁর ভাষা, কালাম, ফকিরি আত্মপরিচয়, গুরু সিরাজ সাঁই, নদীয়ার ভাব, দেহী মানুষের প্রশ্ন এবং কুষ্টিয়ার নির্দিষ্ট সামাজিক ইতিহাস মিলিয়ে তাঁর স্বাতন্ত্র্য বিচার করতে হবে।

বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব তাই বিদেশি সাংস্কৃতিক কূটনীতির বাহক হওয়া নয়; বাংলাদেশের নিজস্ব ভাবসম্পদের স্বাধীন গবেষণা, সংরক্ষণ ও বিশ্বব্যাপী উপস্থাপনের প্রতিষ্ঠান তৈরি করা। ভারতীয় হাইকমিশন কবীর নিয়ে অনুষ্ঠান করবেÑ তারা করতেই পারে। কিন্তু বাংলাদেশের রাষ্ট্র যদি লালনকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়ার এক বছরের মধ্যেই তাঁর স্বতন্ত্র ফকিরি ও নদীয়ার ভাবের গবেষণার বদলে আট বিভাগে ‘কবীর-লালন’ যুগল পরিচয় ছড়িয়ে দেয়, তবে নীতিনির্ধারকদের ব্যাখ্যা দিতে হবে কেন এই অগ্রাধিকার।

রাষ্ট্রের উচিত অবিলম্বে তিনটি নীতি স্পষ্ট করা। প্রথমত, লালনের নিজের আত্মপরিচয় ‘ফকির’ এবং নদীয়ার ভাবের স্বতন্ত্র ঐতিহাসিক পরিসরকে রাষ্ট্রীয় গবেষণায় অগ্রাধিকার দেওয়া। দ্বিতীয়ত, বিদেশি দূতাবাস বা সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় বড় জাতীয় সাংস্কৃতিক প্রকল্প হলে অর্থায়ন, ধারণাপত্র, অংশীদার এবং বিশেষজ্ঞ মূল্যায়ন প্রকাশ করা। তৃতীয়ত, ‘shared heritage’ প্রকল্পে বাংলাদেশের ঐতিহাসিক ব্যক্তিত্বদের অন্তর্ভুক্ত করার আগে বাংলাদেশের নিজস্ব গবেষক, সাধক ও স্থানীয় সম্প্রদায়ের স্বাধীন পর্যালোচনা বাধ্যতামূলক করা।

কারণ সাংস্কৃতিক সার্বভৌমত্বের প্রশ্ন শেষ পর্যন্ত খুব সহজ : আমরা অন্যের সঙ্গে সম্পর্ক রাখব, কিন্তু নিজেদের ইতিহাসের অর্থ নির্ধারণের অধিকার অন্যের হাতে তুলে দেব না।

প্রশ্ন ফকির লালনকে ভারত থেকে রক্ষা করা নয়; তাঁকে যেকোনো রাষ্ট্রীয়, ভদ্রলোকি বা আন্তর্জাতিক শ্রেণির দখল থেকে মুক্ত রেখে তাঁর কালাম ও তাঁর নিজের ঐতিহাসিক জগৎ থেকে বোঝার প্রশ্ন। কবীরের সঙ্গে বাহাস হবে, তুলনা হবে, সম্পর্কও খোঁজা হবে। কিন্তু আগে থেকেই স্থির করা ‘ভারতীয় আধ্যাত্মিক ঐক্য’-র মানচিত্রে তাঁকে বসিয়ে দিলে আমরা আর লালনকে জানতে পারব না; আমরা কেবল অন্যের আঁকা মানচিত্রে লালনের একটি স্থান দেখতে পাব।


১৪ অগাস্ট ২০২৬।। শ্যামলী। 

লেখক: কবি, দার্শনিক, কলামিস্ট, মানবাধিকার কর্মী


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা