প্রতীকী ছবি
‘সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়’Ñ বলে যে কথাটি প্রচলিত আছে তার যথার্থতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। সময়মতো পদক্ষেপ না নিলে সমস্যা অনেক সময় সংকটে রূপ নেয়। সমন্বিত পরিকল্পনার অভাবে সে সংকট সৃষ্টি করতে পারে ভয়ংকর দুর্যোগ। বর্তমানে দেশে যে জ্বালানি সংকট চলছে, তার মূলে রয়েছে অতীতের অবহেলা, উদাসীনতা এবং অকর্মণ্যতা ও পরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘসূত্রতা। উদ্ভূত সমস্যার তাৎক্ষণিক সমাধান এবং ভবিষ্যৎ পরিকল্পনা যদি সঠিক সময়ে প্রণয়ন ও বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা নেওয়া না হয়, তা হলে সমস্যার স্তূপ জমতে জমতে একসময় দুর্লঙ্ঘ্য পর্বতে পরিণত হতে পারে। দেশের বর্তমান গ্যাস সংকট তেমনি রূপ ধারণ করেছেÑ এ কথা বলাটা অতিশয়োক্তি হবে বলে মনে হয় না। গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ ‘ভোলার গ্যাসে হেলা’ প্রতিবেদনে সে সত্যই প্রতিভাত হয়ে উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দ্বীপ জেলা ভোলায় উত্তোলিত গ্যাস পাইপলাইনের অভাবে দেশের মূল ভূখণ্ডে সরবরাহ করা যাচ্ছে না। ফলে সেখানে মজুদ বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস অব্যবহৃতই থেকে যাচ্ছে। এমনকি ভোলা-বরিশাল এবং বরিশাল-খুলনা দুটি পাইপলাইন স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হলেও সুষ্ঠু পরিকল্পনা ও উদ্যোগের অভাবে তা অদ্যাবধি বাস্তবায়িত হয়নি।
প্রতিবেদনেই উল্লেখ করা হয়েছে, ভোলায় বর্তমানে যে তিনটি গ্যাসফিল্ড রয়েছে, তাতে সম্ভাব্য মোট মজুদের পরিমাণ ২ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ১ দশমিক ২ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনযোগ্য। বাপেক্স সূত্র জানিয়েছে, বর্তমানে উৎপাদনরত কূপ থেকে দৈনিক ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতা রয়েছে। অথচ বাপেক্স তুলছে মাত্র ৭৪ মিলিয়ন ঘনফুট। প্রতিবেদনে বলা হয়েছে, ভোলায় আরও ১০টি গ্যাসকূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে একটি চীনা কোম্পানি করবে পাঁচটি ও বাপেক্স করবে পাঁচটি।
এদিকে ভোলার গ্যাস প্রসঙ্গ উঠেছে জাতীয় সংসদ অধিবেশনেও। স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান এ প্রসঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ভোলার গ্যাসক্ষেত্রে সম্ভাব্য মজুদ থেকে উত্তোলিত গ্যাস পাইপলাইনের মাধ্যমে দেশের মূল ভূখণ্ডে সরবরাহ করা হবে। তবে সেজন্য সময় লাগতে পারে কমপক্ষে সাত বছর।
উল্লেখ্য, প্রায় দেড় দশক ধরে ভোলার গ্যাস নিয়ে আলোচনা-পর্যালোচনা চলছে। ২০১৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে ২৪ ইঞ্চি ব্যাসের পাইপলাইন বসিয়ে ভোলা থেকে বরিশাল, খুলনায় গ্যাস সরবরাহের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। ব্যয় ধরা হয়েছিল প্রায় ৬০০ কোটি টাকা। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে প্রতিদিন সাড়ে ৩০০ থেকে ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হতো। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় পরিকল্পনা বাস্তবায়নে সিদ্ধান্তহীনতার কারণে তা ঝুলে গেছে। এর পেছনে অন্যতম কারণ বিদেশ থেকে এলএনজি আমদানিকারকদের পক্ষে তৎকালীন সরকারের মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবস্থান। ফলে পরিকল্পনাটি বাস্তবায়িত হতে পারেনি। এখন যদি সে পাইপলাইন স্থাপন করা হয় তা হলে খরচ হবে সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার কোটি টাকা। এ সম্পর্কে পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, ‘ভোলার গ্যাস নিয়ে বেশ কিছু পরিকল্পনা করা হচ্ছে। তবে দীর্ঘমেয়াদি কোনোকিছু এখনও চূড়ান্ত হয়নি।’ পেট্রোবাংলার ওই পরিচালকের ভাষ্যে এটা স্পষ্ট যে, ভোলা থেকে উত্তোলিত গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে সরবরাহ করা এখনও অনিশ্চিত। ততদিন সে গ্যাস স্থানীয় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও শিল্পকারখানা ও গৃহস্থালির কাজে ব্যবহৃত হতে থাকবে। শুধুমাত্র সুষ্ঠু পরিকল্পনা ও পেট্রোবাংলাসহ সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ের উদাসীনতার কারণে দেশের জ্বালানি সমস্যার আশু সমাধান করা যাচ্ছে নাÑ এটা পরিষ্কার। যে কাজটি সাত বছর আগে ৬০০ কোটি টাকায় সম্পন্ন করা যেত, এখন তা ছয়-সাতগুণ বেশি অর্থ ব্যয় করেও সম্পন্ন হবে কি না সন্দেহ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, অচিরেই উদ্ভূত গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান হবে, পরিস্থিতির উন্নতি হবে। দেশবাসী তার কথায় অবশ্যই আস্থা রাখতে চায়। পাশাপাশি দীর্ঘমেয়াদে এ সমস্যার স্থায়ী সমাধানকল্পে প্রয়োজনীয় উদ্যোগ এখনই নিতে হবে। তবে সে বিষয়ে সরকার কতটা কার্যকর পদক্ষেপ নেবে তা নিয়ে সংশয় থাকাটা অমূলক নয়। কেননা, অতীতের নজির দেশবাসীকে আশাবাদী হতে দেয় না। এ কথা বলার অপেক্ষা রাখে না, কেবলমাত্র গ্যাস-বিদ্যুৎ নয়, জাতীয় ও জনগুরুত্বসম্পন্ন প্রতিটি বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিকতার কোনো অভাব নেই। তবে, তার সরকারের যন্ত্রাংশ যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে সমস্যা যে তিমিরে আছে সে তিমিরেই থেকে যাবে।
আমরা বলতে চাই, কোনো সমস্যাকে ফেলে রাখা উচিত নয়, বরং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। গ্যাস সংকটের দীর্ঘস্থায়ী সমাধানকল্পে ভোলাকে জাতীয় গ্রিডে সংযুক্ত করার এখনই উপযুক্ত সময়। এ ব্যাপারে সময়ক্ষেপণ বা কর্তৃপক্ষীয় অবহেলা কোনোভাবেই বাঞ্ছনীয় নয়।