× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাকৃতিক দুর্যোগ ও বাংলাদেশ

মো. মোয়াজ্জেম হোসেন বাদল

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৯ পিএম

মো. মোয়াজ্জেম হোসেন বাদল। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মো. মোয়াজ্জেম হোসেন বাদল। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

নেপালের পাহাড়ে হিমবাহধস থেকে ভয়াবহ আকস্মিক বন্যা, নদীর স্রোতে জনপদ ও অবকাঠামো নিশ্চিহ্ন হয়ে যাওয়া, শত শত মানুষের প্রাণহানি ও নিখোঁজÑ দক্ষিণ এশিয়ার সামনে একটি কঠিন বাস্তবতা তুলে ধরেছে। কাছাকাছি সময়ে ভারীবর্ষণে ভারতের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও জলাবদ্ধতাসহ খোদ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথ ও টার্মিনালে তীব্র জলাবদ্ধতা যেন এক চরম দুর্যোগের চিত্র। প্রকৃতির এই বিরূপতা কার্যত কিসের আলামত। কয়েক ঘণ্টার অতিবৃষ্টিই যখন একটি আধুনিক মহানগরের পরিবহনব্যবস্থাকে বিপর্যস্ত করতে পারে, তখন প্রশ্ন ওঠা স্বাভাবিকÑ বাংলাদেশ কতটা নিরাপদ? এই ধরনের দুর্যোগ মোকাবিলায় আমাদের প্রস্তুতিই বা কোন পর্যায়ে? প্রশ্ন হলোÑ আগামী দিনের দুর্যোগ কতটা তীব্র হবে, কোথায় আঘাত করবে এবং আমরা কত দ্রুত তার আগে ব্যবস্থা নিতে পারব?

আসলে দক্ষিণ এশিয়ায় একের পর এক প্রাকৃতিক দুর্যোগ আমাদের একটি মৌলিক সত্য মনে করিয়ে দিচ্ছে নেপাল, ভারত ও বাংলাদেশ আলাদা রাষ্ট্র হলেও প্রকৃতির বিচারে আমরা একই বৃহত্তর বলয়ের অংশ। হিমালয়, মৌসুমি বায়ু, আন্তঃসীমান্ত নদী ও অভিন্ন জলবায়ু-ব্যবস্থা আমাদের ভাগ্যকে পরস্পরের সঙ্গে যুক্ত করেছে। তাই এখানকার যেকোনো বিপর্যয় এবং তার প্রভাব কোনো একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকে না। হিমালয় থেকে নেমে আসা নদীগুলো ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ফলে উজানে অস্বাভাবিক বৃষ্টিপাত, আকস্মিক জলপ্রবাহ বা বড় ধরনের ভূমিধসের ঘটনা নিম্ন অববাহিকার জন্যও সতর্ক সংকেত। একইভাবে ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও পশ্চিমবঙ্গে অতিবৃষ্টি বাংলাদেশের সীমান্তবর্তী নদী ও জনপদে দ্রুত প্রভাব ফেলে। অতীতে এর বহু দৃষ্টান্ত রয়েছে। ২০২৪ সালের আগস্ট মাসে ভারতের ত্রিপুরা রাজ্যে পাহাড়ি ঢলে গোমতী নদীর ওপর অবস্থিত ডম্বুর বাঁধ ভেঙে বাংলাদেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা বিস্মৃত নয়। এই ক্ষেত্রে দুর্যোগ মোকাবিলায় তিন দেশের সতর্কতার মানদণ্ডও হওয়া উচিত অভিন্ন। প্রয়োজন রিয়েল-টাইম আবহাওয়া ও নদীর পানি সংক্রান্ত তথ্য বিনিময়, আন্তঃসীমান্ত আগাম সতর্কবার্তা, যৌথ দুর্যোগ মহড়া এবং দ্রুত উদ্ধার-সমন্বয়ের ব্যবস্থা। শুধু বিপর্যয়ের পর ত্রাণ নয়-বিপর্যয়ের আগেই তথ্য, প্রস্তুতি ও সম্পদ ভাগাভাগি করতে হবে।

নেপালের সাম্প্রতিক বিপর্যয় আমাদের জন্য বিশেষ সতর্কবার্তা। হিমালয়ের উচ্চভূমিতে হিমবাহ ও বরফস্তরের অস্থিতিশীলতা, অতিবৃষ্টি এবং পাহাড়ি ভূপ্রকৃতির সম্মিলিত প্রভাবে অতি দ্রুত সৃষ্ট বন্যা কত ভয়াবহ হতে পারে, সেই চিত্র সেখানে দেখা গেছে। বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সতর্ক করছেন-উষ্ণতা বৃদ্ধির ফলে উচ্চ পার্বত্য অঞ্চলের বরফ ও হিমবাহের স্থিতিশীলতা বদলাচ্ছে এবং এর সঙ্গে ভূমিধস, হিমবাহ-সম্পর্কিত বন্যা ও আকস্মিক জলপ্রবাহের ঝুঁকিও বাড়ছে।

বাংলাদেশে হিমবাহ নেইÑ এটি সত্য। কিন্তু নেপালের বিপদকে তাই বাংলাদেশের জন্য অপ্রাসঙ্গিক ভাবার সুযোগ নেই। কারণ হিমালয় থেকে নেমে আসা নদীগুলোর নিম্ন অববাহিকায় আমাদের অবস্থান। উজানের অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, নদীর পানি বৃদ্ধি এবং একই সময়ে দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাতÑ এই কয়েকটি ঘটনা একসঙ্গে ঘটলে বাংলাদেশের জন্য ঝুঁকি বহুগুণ বেড়ে যেতে পারে। আরেকটি শিক্ষা দিল্লি থেকে। রাজধানী শহরের অত্যাধুনিক বিমানবন্দরও অতিবৃষ্টির চাপ থেকে পুরোপুরি মুক্ত নয়। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারী বৃষ্টিতে দিল্লির বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয় এবং ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরেও পানি জমে বিমান চলাচল ব্যাহত হয়। অর্থাৎ দুর্যোগের নতুন বাস্তবতা হলোÑ শুধু দরিদ্র বা প্রত্যন্ত অঞ্চল নয়, আধুনিক শহর, বিমানবন্দর, সড়ক, বিদ্যুৎকেন্দ্র, হাসপাতাল, শিল্পাঞ্চল সবই ঝুঁকির মধ্যে।

সেই ক্ষেত্রে প্রশ্ন বাংলাদেশ কতটা নিরাপদ? বাংলাদেশকে এক কথায় ‘অনিরাপদ’ বলা যাবে না। কারণ দুর্যোগ মোকাবিলায় আমাদের উল্লেখযোগ্য সক্ষমতা তৈরি হয়েছে। ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা, আশ্রয়কেন্দ্র, স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক, বন্যা পূর্বাভাস এবং স্থানীয় পর্যায়ের প্রস্তুতিÑ এসব ক্ষেত্রে বাংলাদেশ অভিজ্ঞতা অর্জন করেছে। সাম্প্রতিক বন্যাতেও বিপুলসংখ্যক মানুষকে আগাম সতর্কবার্তা দেওয়ার সক্ষমতা ব্যবহৃত হয়েছে। কিন্তু সমস্যা হলো, দুর্যোগের ধরন বদলাচ্ছে। যে ব্যবস্থা গত শতকের দুর্যোগ মোকাবিলায় কার্যকর ছিল, সেটিই ভবিষ্যতের প্রতিটি বিপদের জন্য যথেষ্ট নাও হতে পারে। 

বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হতে পারে আগাম সতর্কবার্তা। কিন্তু সতর্কবার্তা তখনই কার্যকর, যখন মানুষ তা বুঝবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। দৃষ্টান্ত হিসেবে বলা যায়, কোনো নদীর পানি ২৪ ঘণ্টার মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারেÑ এ তথ্য শুধু প্রশাসনের কাছে থাকলে হবে না। সংশ্লিষ্ট ইউনিয়ন, গ্রাম, স্কুল, বাজার, হাসপাতাল, মসজিদ-মন্দির, নৌযানচালক এবং কৃষকের কাছে তা সহজ ভাষায় পৌঁছাতে হবে। একই সঙ্গে দরকার আগাম পদক্ষেপ। অর্থাৎ পূর্বাভাস অনুযায়ী বন্যা হওয়ার আগেই গবাদিপশু সরিয়ে নেওয়া, শুকনো খাবার পৌঁছে দেওয়া, নৌকা প্রস্তুত রাখা, জরুরি ওষুধ মজুদ করা, বিদ্যুৎ ও গ্যাসের ঝুঁকিপূর্ণ সংযোগ বিচ্ছিন্ন করার পরিকল্পনা তৈরি করা।

বাংলাদেশ ইতোমধ্যে এ ধরনের ব্যবস্থাপনার দিকে এগোচ্ছে। এখন এটিকে আরও বিস্তৃত ও স্থানীয় পর্যায়ে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। শহরকে শুধু কংক্রিট দিয়ে নিরাপদ করা যাবে না। দিল্লির অভিজ্ঞতা বাংলাদেশের বড় শহরগুলোর জন্য বিশেষ শিক্ষা। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা বা রাজশাহীর মতো শহরে অল্প সময়ে অস্বাভাবিক বৃষ্টিপাত হলে পানি কোথায় যাবেÑ এই প্রশ্নের উত্তর আমাদের নগর পরিকল্পনার কেন্দ্রে থাকতে হবে।

খাল দখল করে, জলাধার ভরাট করে, অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করে এবং প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ বন্ধ করে কোনো শহরকে জলবায়ু-সহনশীল করা সম্ভব নয়। তাই নগর ব্যবস্থাপনায় তিনটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবেÑ খাল ও জলাধার রক্ষা, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং জলাবদ্ধতার ঝুঁকি বিবেচনায় ভূমি ব্যবহার পরিকল্পনা। শুধু বড় ড্রেন বানালেই হবে না। ড্রেনের ধারণক্ষমতা, পাম্পিং ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ এবং জলাধারের সঙ্গে সংযোগ- সবকিছুকে একই পরিকল্পনার অংশ করতে হবে। বিশেষ করে বিমানবন্দর, হাসপাতাল, বিদ্যুৎকেন্দ্র, ফায়ার সার্ভিস, রেলস্টেশন ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার জন্য আলাদা ‘ক্লাইমেট রেজিলিয়েন্স প্ল্যান’ থাকা দরকার। এই ক্ষেত্রে হাওর ও পাহাড়ি অঞ্চলকে আলাদা গুরুত্ব দিতে হবে। 

নেপালের ঘটনা আমাদের পার্বত্য বাংলাদেশের কথাও মনে করিয়ে দেয়। বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এবং সিলেটের কিছু এলাকায় অতিবৃষ্টি হলে পাহাড়ধস ও আকস্মিক ঢলের ঝুঁকি তৈরি হয়। পাহাড় কেটে বসতি, সড়ক বা স্থাপনা নির্মাণের ক্ষেত্রে ঝুঁকি মানচিত্র বাধ্যতামূলক করা দরকার। কোথায় বসতি করা যাবে, কোথায় করা যাবে নাÑ এ সিদ্ধান্ত রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবের ভিত্তিতে নয়, বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে হওয়া উচিত। একইভাবে হাওর অঞ্চলে পানি আসার গতি, নদীর প্রবাহ এবং বৃষ্টিপাতের পূর্বাভাসকে কৃষি পরিকল্পনার সঙ্গে যুক্ত করতে হবে।

অবকাঠামো নির্মাণেও বদল আনতে হবে। প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমানোর সবচেয়ে কার্যকর উপায়, এমন অবকাঠামো তৈরি করা, যা দুর্যোগের মধ্যেও কাজ করতে পারে। নতুন সড়ক, সেতু, কালভার্ট, হাসপাতাল, স্কুল, বিদ্যুৎকেন্দ্র বা শিল্পকারখানা নির্মাণের আগে মাথায় রাখতে  হবেÑ এই স্থাপনা যদি ৫০ বা ১০০ বছরের সর্বোচ্চ সম্ভাব্য বৃষ্টিপাতের মুখোমুখি হয়, তাহলে সে দুর্যোগ মোকাবিলায় সক্ষম হবে কীনা। শুধু অতীতের আবহাওয়ার তথ্য দিয়ে ভবিষ্যতের অবকাঠামো নকশা করা যথেষ্ট নয়। জলবায়ু পরিবর্তনের কারণে চরম বৃষ্টিপাতের ধরন বদলাচ্ছে। ফলে অবকাঠামোর নকশাগত নিরাপত্তার মানও নিয়মিত পর্যালোচনা করতে হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা কেবল সরকারের দায়িত্ব নয়। প্রতিটি পরিবারেরও একটি ছোট ‘জরুরি পরিকল্পনা’ থাকা দরকার। পরিবারের সদস্যদের সঙ্গে ঠিক করে রাখা যেতে পারে। বন্যা বা আকস্মিক দুর্যোগ হলে কোথায় আশ্রয় নেওয়া হবে, কারা শিশু ও বয়স্কদের দেখবে, জরুরি অবস্থায় কোন নম্বরে যোগাযোগ করা হবে। বাড়িতে একটি ছোট জরুরি ব্যাগ রাখা যেতে পারে। এতে প্রয়োজনীয় ওষুধ, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, টর্চ, অতিরিক্ত ব্যাটারি বা পাওয়ার ব্যাংক, প্রয়োজনীয় কাগজপত্রের কপি এবং কিছু নগদ অর্থ রাখা যেতে পারে। বন্যার সময় বৈদ্যুতিক তার, পানিতে ডুবে থাকা রাস্তা এবং প্রবল স্রোতকে কখনোই অবহেলা করা উচিত নয়। বিশেষ করে শিশুদের নিয়ে পানিতে নামা বা স্রোত পার হওয়ার চেষ্টা মারাত্মক বিপজ্জনক। আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো গুজব না ছড়ানো। দুর্যোগের সময় সামাজিক মাধ্যমে পুরনো ভিডিও বা ভুল তথ্য দ্রুত আতঙ্ক সৃষ্টি করতে পারে। দিল্লির জলাবদ্ধতার ঘটনাকে ঘিরে এমন পুরনো ভিডিওও নতুন ঘটনার নামে ছড়িয়ে দেওয়া হয়েছিল।

এ কথা সত্য, প্রকৃতির সব দুর্যোগ থামিয়ে দেওয়া সম্ভব নয়। হিমবাহধস, অতিবৃষ্টি, পাহাড়ধস কিংবা নদীর আকস্মিক স্রোতÑ সবকিছুকে নিয়ন্ত্রণ করা মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু দুর্যোগ যাতে বিপর্যয়ে পরিণত না হয়, সেটি অনেকাংশেই আমাদের হাতে। নেপাল আমাদের দেখিয়েছে, একটি আকস্মিক প্রাকৃতিক ঘটনা কত দ্রুত জনপদ, বিদ্যুৎকেন্দ্র, সড়ক ও মানুষের জীবনকে বিপর্যস্ত করতে পারে। দিল্লি দেখিয়েছে, উন্নত অবকাঠামোও চরম বৃষ্টির কাছে দুর্বল হয়ে পড়তে পারে। আর বাংলাদেশকে এই দুই অভিজ্ঞতা থেকে নিজের ভবিষ্যৎ প্রস্তুতির নকশা তৈরি করতে হবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত শুধু ‘দুর্যোগ মোকাবিলা’ নয়Ñ ঝুঁকি কমানো, আগাম সতর্ক করা, আগেই ব্যবস্থা নেওয়া এবং দ্রুত পুনরুদ্ধার করা।

এ কথা সত্য, বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় অনেক দূর এগিয়েছে। এখন সময় এসেছে আরও এক ধাপ এগিয়ে জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তোলার। কারণ ভবিষ্যতের প্রশ্ন আর ‘দুর্যোগ আসবে কি না’ নয়। প্রশ্ন হলোÑ দুর্যোগ যখন আসবে, তখন আমরা কতটা প্রস্তুত থাকব? আমি বলতে চাই, প্রকৃতি যখন সীমান্ত মানে না, আমাদের দুর্যোগ প্রস্তুতিও সীমান্তের মধ্যে আটকে থাকতে পারে না। তাই দক্ষিণ এশিয়ার নিরাপত্তার নতুন সংজ্ঞা হওয়া উচিতÑ এক দেশের আগাম সতর্কতা যেন অন্য দেশের জীবন রক্ষারও সুযোগ তৈরি করে।


লেখক: কলামিস্ট ও শিল্পোদ্যোক্তা



শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা