× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবীর-লালন উৎসব

সাংস্কৃতিক কূটনীতি, জ্ঞান-রাজনীতি এবং রাষ্ট্রীয় দায়

ফরহাদ মজহার

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২৩ পিএম

ফরহাদ মজহার। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ফরহাদ মজহার। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় উৎসব হিসাবে ফকির লালন শাহ পালিত হবেন আগামী ১৭ অক্টোবরে, কিন্তু তার আগেই ভারতীয় দূতাবাস প্রমাণ করতে ব্যস্ত যে লালন আসলে কবীরেরই ধারাবাহিকতা বা উত্তরসূরি। অর্থাৎ ভাবের জগতে, ইতিহাসে কিংবা সংগীতে লালনের কোনো মৌলিক কিংবা সাধক হিসেবে স্বতন্ত্র কোনো শক্তিশালী চিন্তা বা অবস্থান নাই। তিনি বুঝি নিছকই অখণ্ড ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের অংশ। আর তাকে সেক্যুলার প্রমাণ করার গালগল্প তো আছেই : লালন অসাম্প্রাদায়িক, আধুনিক বিমূর্ত বুর্জোয়া মানবতাবাদী, ইহলৌকিক বিষয়াদির প্রতি উদাসীন ঘর ছাড়া ‘বাউল’ (?), ইত্যাদি। সাধনা কিংবা ভাবুকতা তাঁর কোনো মৌলিক অবদান নাই। তাঁর জাতপাত বিরোধিতা, নারী-পুরুষ ভেদ অস্বীকার, কিংবা ধনী-নির্ধন ভেদ অস্বীকারের কোনো রাজনৈতিক কিংবা সামাজিক মর্ম নাই। এই হলো অবস্থা! 

২০২৪-২০২৬-এর ঘটনাপরম্পরা, ভারতীয় হাইকমিশনের সাংস্কৃতিক কূটনীতির ঘোষিত উদ্দেশ্য, লালন বিশ্বসংঘের সঙ্গে তার ধারাবাহিক সম্পর্ক এবং এবারের আট বিভাগব্যাপী আয়োজনের কাঠামো বাংলাদেশের জন্য গুরুতর জ্ঞান-রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যের প্রশ্ন। এই ক্ষেত্রে সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারতপ্রীতি নতুন কিছু নয়, সেটা আওয়ামী লীগের আমল থেকেই পোক্ত হয়ে রয়েছে। বিএনপি কখনোই শিল্প-সাহিত্য-সংস্কৃতিকে রাজনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্র গণ্য করেনি। ফলে এখনও ঘোর আওয়ামী প্রতাপ ও প্রভাব থেকে সংস্কৃতি মন্ত্রণালয় এবং শিল্পকলা একাডেমি বের হয়ে যেতে পারছে না। তাছাড়া সাংস্কৃতিক প্রশ্নে ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক বিচার-বিবেচনার প্রকট অভাব রয়েছে। সাংস্কৃতিক অজ্ঞতা এবং শিল্প-সাহিত্য-সংস্কৃতির প্রতি প্রকট অবহেলা তো আছেই। এই অভাব ও অবহেলা ভারতীয় আধিপত্য সম্ভব করে তুলেছে। ভারতীয় সাংস্কৃতিক কূটনৈতিক ফাঁদে সংস্কৃতি মন্ত্রণালয়ের সোৎসাহে পা দেওয়া অবিশ্বাস্যই বলতে হবে। ভারতীয় দূতাবাসের কবীর-লালন উৎসব তার খুবই ভালো একটা নজির। একে কেবল ‘সম্প্রীতির উৎসব’ বলে এড়িয়ে যাওয়া যায় না।

ফকির লালন শাহের একটি কালামের পঙ্‌ক্তিÑ ‘ভক্ত কবীর জাতে জোলা প্রেমভক্তিতে মাতোয়ালা’Ñ শীর্ষে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাঠে ১১ সেপ্টেম্বর ২০২৬ শুরু হয়েছে আট বিভাগব্যাপী ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’। আয়োজক লালন বিশ্বসংঘ, সহযোগিতায় বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বিশেষ অতিথি ছিলেন। উৎসবে কবীরপন্থী, রবিদাসপন্থী, নানকপন্থী সম্প্রদায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ এবং ‘কবীর-লালন মিউজিক্যাল মিশন’ অংশ নিচ্ছে। অনুষ্ঠানটি ১১ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের আট বিভাগে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ এটি ঢাকায় কোনো এক মধুর সন্ধ্যার প্রতীকী অনুষ্ঠান নয়; বাংলাদেশের রাষ্ট্রীয় সাংস্কৃতিক অবকাঠামো ব্যবহার করে দেশব্যাপী একটি নির্দিষ্ট ভারতীয় সাংস্কৃতিক বয়ান প্রতিষ্ঠার আয়োজন (আজকের পত্রিকা, 2026; The Daily Star, 2026)। (Ajkerpatrika)। 

কবীর ভারতীয় উপমহাদেশের অন্যতম শক্তিশালী কবি ও ভাবুক; জাতপাত, আচারসর্বস্বতা, পুরোহিততন্ত্র এবং ধর্মীয় কর্তৃত্বের বিরুদ্ধে তাঁর বাণীর ঐতিহাসিক গুরুত্ব বিপুল। তাঁর ভাষায় ‘রাম’ কোনো সরল পৌরাণিক দেবতার নামে সীমাবদ্ধ থাকে না; নির্গুণ সত্য, নাম ও পরম সত্তার নানা অর্থে শব্দটি পুনর্গঠিত হয়। একই সঙ্গে কবীর-পরম্পরার পাঠে ইসলামী শব্দভান্ডার ও মুসলমান সাধনজগতের উপস্থিতিও আছে। ফলে কবীরকে কোনো সরল ‘হিন্দু ভক্তি’ ঘরে বন্দি করা যেমন ভুল, তেমনি লালনের সঙ্গে তাঁর সম্পর্ক অস্বীকার করাও অর্থহীন। লালন নিজেই কবীরের উল্লেখ করেছেন। অতএব কবীর ও লালনের সম্পর্ক নিয়ে তুলনামূলক গবেষণা একেবারেই বৈধ এবং প্রয়োজনীয়।

কিন্তু সমস্যা শুরু হয় অন্য জায়গায় : যখন সম্পর্ককে বংশপরম্পরায়, তুলনাকে সমগোত্রীয়তায় এবং দুই স্বতন্ত্র ঐতিহাসিক ভাবজগৎকে একটি আগাম নির্মিত ‘যৌথ আধ্যাত্মিক ঐতিহ্য’ (shared spiritual tradition) নামে তারই অধীনে লালনকে বসানো হয়। বর্তমান ‘কবীর-লালন’ উৎসবের ঘোষিত ভাষায় ঠিক এই কাজটিই হচ্ছে। সংবাদমাধ্যমের বর্ণনায় কবীর ও লালনকে ধর্ম, জাত ও পরিচয়ের সীমানা অতিক্রমকারী একই যৌথ আধ্যাত্মিক ধারার অভিব্যক্তি হিসাবে হাজির করা হয়েছে; উৎসবের লক্ষ্যও বলা হয়েছে তাদের যৌথ সাংস্কৃতিক উত্তরাধিকার ও মানবিক মূল্যবোধকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া (The Daily Star, 2026)। এই বয়ান আপাতদৃষ্টিতে উদার, অসাম্প্রদায়িক ও নিরীহ মনে হতে পারে; কিন্তু ভারত-বাংলাদেশের অসম রাষ্ট্রীয় সম্পর্ক এবং ভারতের দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক কূটনীতির ইতিহাসের মধ্যে ‘shared’ শব্দটি নিরপেক্ষ নয়।

কারণ ‘যৌথ ঐতিহ্য’ কথাটি কে বলছে, কোন রাজনৈতিক কেন্দ্র থেকে বলছে এবং কোন ইতিহাসকে কোন বৃহত্তর সভ্যতার অধীন স্থাপন করছেÑ এসব প্রশ্ন না করলে সাংস্কৃতিক আধিপত্যের প্রকৃতি বোঝা যায় না। কোনো ঐতিহাসিক সম্পর্ক আছে বললেই একটি স্বতন্ত্র ভাবধারাকে বৃহত্তর ভারতীয় সভ্যতার আঞ্চলিক অংশ বলে ধরে নেওয়া যায় না। বাংলা, নদীয়া, কুষ্টিয়া, আসাম, পাঞ্জাব, কাশী বা দাক্ষিণাত্যÑ এসব অঞ্চল বহু শতাব্দী ধরে পারস্পরিক সম্পর্ক, চলাচল ও ভাববিনিময়ের মধ্য দিয়ে গড়ে উঠেছে। কিন্তু সম্পর্ক মানে অধীনতা নয় এবং বিনিময় মানে উৎসের একত্ব নয়। ‘অখণ্ড ভারতীয় সংস্কৃতি’ নামে এই বৈচিত্র্যকে একটি কেন্দ্রীয় সভ্যতার শাখা-প্রশাখায় নামিয়ে আনা আধুনিক সাংস্কৃতিক জাতীয়তাবাদের কাজ, ইতিহাসের নিরপেক্ষ বিবরণ নয়।

এই কারণে বর্তমান উৎসবে ‘কবীর-লালন’ নামের ক্রমও বৃহত্তর রাজনৈতিক বিন্যাস থেকে বিচ্ছিন্ন করে দেখা যায় না। শুধু এই কারণে নয় যে কবীরের নাম আগে রাখা হয়েছে, বরং তাঁর সঙ্গে কবীরপন্থী, রবিদাসপন্থী ও নানকপন্থী সম্প্রদায়ের সংগঠিত উপস্থিতি যুক্ত করা হয়েছে, আর একই সময়ে লালনের ফকিরি গুরুপরম্পরা, ছেঁউড়িয়ার জীবন্ত সাধকসমাজ এবং নদীয়ার বিচিত্র সাধনধারার তুলনীয় প্রাতিষ্ঠানিক উপস্থিতি দেখা যাচ্ছে না। তার ওপর আয়োজনটি হচ্ছে জাতীয় লালন দিবসের ঠিক আগে এবং ১১ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এমনভাবে বিস্তৃত যে ১৭ অক্টোবরের জাতীয় লালন দিবস তার মাঝখানে পড়ে। ফলে নাম, সময়, অংশগ্রহণকারী ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা মিলিয়ে এটি একটি নির্দিষ্ট ব্যাখ্যাগত ফ্রেম তৈরি করছে : লালনকে নিজের ইতিহাস থেকে নয়, ঠেলে দেওয়া হচ্ছে তাঁর স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য অস্বীকার করে বৃহত্তর অখণ্ড ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্য সন্ত-ভক্তি-সুফি ধারার মধ্যে।

এখানেই কবীর ও লালনের প্রকৃত ঐতিহাসিক পার্থক্য পরিষ্কার করা দরকার। কবীরের সময় পঞ্চদশ শতকের উত্তর ভারত, বিশেষত কাশী ও মগহরকে ঘিরে। তাঁর কবিতা উত্তর ভারতের সন্ত-পরম্পরা, নাথ, যোগ, ভক্তি, ইসলামী শব্দভান্ডার, তাঁতি বা জোলা সমাজ এবং দিল্লির সুলতানি-পরবর্তী উত্তর ভারতের সামাজিক পরিবর্তনের মধ্যে জন্মেছে। লালন অন্য সময়ের এবং অন্য ভূগোলের ভাবুক। তাঁর জীবন আঠারো ও উনিশ শতকের নদীয়া-কুষ্টিয়ার গ্রামীণ সমাজ, ঔপনিবেশিক রাজস্বব্যবস্থা, জমিদারি, কৃষক ও কারিগর সমাজ, নদীপথ, বৈষ্ণব ও ফকিরি সাধনা, চৈতন্যোত্তর নদীয়ার দীর্ঘ ভাবগত ইতিহাস এবং বাংলা ভাষার নিজস্ব বিবর্তনের মধ্যে অবস্থিত। এই দুই জগতের মধ্যে সম্পর্ক থাকা স্বাভাবিক; কিন্তু সম্পর্কের উপস্থিতি ঐতিহাসিক পার্থক্য বিলোপ করে না। আর বিলোপের রাজনীতিটাই বাংলাদেশের জন্য বিপজ্জনক। 

লালনের কালামে রাম, রহিম, করিম, কালাÑ বিভিন্ন ধর্মীয় নাম পাশাপাশি এসেছে। ‘রাম, রহিম, করিম, কালা এক আল্লা জগৎময়’Ñ এমন পঙ্‌ক্তি তার নামে প্রচলিত সংকলনে আছে; আবার অন্য কালামে ‘রাম-চরণে’ কথাও পাওয়া যায়। তাঁর স্বাতন্ত্র্যের প্রশ্ন অন্য জায়গায়। বুঝতে হবে তিনি প্রাপ্ত নাম ও পরিভাষাকে কোন নতুন ভাবগত সম্পর্কের মধ্যে বসাচ্ছেন, সেটাই মুখ্য। আদম, নবী, ফাতেমা, খাদিজা, মুর্শিদ, ফানা, নূর, গৌর, চৈতন্য, রাধা, কৃষ্ণÑ বিচিত্র ধর্মীয় ও ঐতিহাসিক ভাষা তাঁর কালামে উপস্থিত থাকতে পারে, কিন্তু তিনি কোনো একটি আগাম মতবাদের অনুবাদক নন। তাঁর কৃতিত্ব শব্দ ধার নেওয়ায় নয়; শব্দের অর্থের ক্ষেত্র বদলে দেওয়ায়।

সেই কারণে লালনকে কবীরের ‘উত্তরসূরি’ বানানো বিশেষভাবে সমস্যাজনক। বিপজ্জনকও বটে। উত্তরসূরি শব্দের মধ্যে শুধু কালানুক্রমিক পরবর্তিতা নাই; একটি ভাবগত বংশপরম্পরার ইঙ্গিত থাকে। অর্থাৎ লালন নতুন কিছু না, ভারতীয় আধ্যাত্মিকতারই ধারাবাহিকতা। অথচ লালনের নিজের গুরুপরম্পরা আছে। তাঁর আত্মপরিচয় ‘ফকির’; তাঁর গুরু সিরাজ সাঁই। নদীয়া-কুষ্টিয়ার ফকিরি, দরবেশি, বৈষ্ণব, সাহেবধনী, কর্তাভজা এবং অন্যান্য সাধনধারার বাস্তব ইতিহাস আছে। এই স্থানীয় ও জীবন্ত পরম্পরাকে পাশ কাটিয়ে উত্তর ভারতের কবীরকে প্রধান পূর্বসূরি বানানো হলে ইতিহাসের একটি বাস্তব পরম্পরার জায়গায় একটি আগাম নির্মিত বুদ্ধিবৃত্তিক মানচিত্র বসে যায়। তখন সিরাজ সাঁই থেকে লালন, কিংবা লালনের শিষ্যপরম্পরা, পাঞ্জু শাহ, উজল চৌধুরি, জহরদ্দি, দেলবার শাহ এবং নদীয়ার অন্যান্য ফকিরি সম্পর্ক গৌণ হয়ে পড়ে; কবীর হয়ে ওঠেন ব্যাখ্যার কেন্দ্র।

এটাই সাংস্কৃতিক মানচিত্র বদলে দেওয়ার রাজনীতি। লালনকে সরাসরি অস্বীকার করার প্রয়োজন হয় না; তাঁকে বৃহত্তর কোনো ঐতিহ্যের অন্তর্গত বলে স্বীকৃতি দিলেই যথেষ্ট। তাঁর স্বাতন্ত্র্য থাকবে, কিন্তু সেটা হবে অধীনস্থ স্বাতন্ত্র্য; তাঁর ভাষা থাকবে, কিন্তু বৃহত্তর ভারতীয় আধ্যাত্মিকতার আঞ্চলিক ভাষা হিসেবে; তাঁর ধাম থাকবে কুষ্টিয়ায়, কিন্তু তাঁর ভাবের ব্যাখ্যাগত কেন্দ্র স্থানান্তরিত হবে ‘Indian spiritual tradition’-এর দিকে। সাংস্কৃতিক আধিপত্যের শক্তি এখানেই যে তা সব সময় মুছে ফেলে না; প্রায়শ অন্তর্ভুক্ত করে, পুন:নামকরণ করে এবং নিজের বৃহত্তর মানচিত্রের মধ্যে স্থান দেয়।

বাংলাদেশের লালন-গবেষণার ইতিহাস মাথায় রাখলে বিপদটি আরও স্পষ্ট। লালনকে ইতোমধ্যে ‘বাউল’, ‘মিস্টিক’, ‘সুফি’, ‘অসাম্প্রদায়িক মানবতাবাদী’ প্রভৃতি আগাম শ্রেণির মধ্যে বসিয়ে তাঁর নিজের ‘ফকির’ আত্মপরিচয় এবং নদীয়ার ভাবের স্বতন্ত্র ইতিহাস আড়াল করা হয়েছে। এখন তাঁর ওপর একটি বৃহত্তর ‘ভক্তি-সুফি-সন্ত’ ঐতিহ্যের ছাতা বসালে একই জ্ঞান-রাজনীতি আরও বৃহৎ ভূ-রাজনৈতিক মাত্রা পায়। তখন বড় বাংলাÑ বিশেষত নদীয়া-কুষ্টিয়ার ভাবুক লালন আর নিজের কেন্দ্র থেকে কথা বলেন না; কবীর, নানক, রবিদাস প্রমুখকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রতিষ্ঠিত সর্বভারতীয় সন্ত-পরম্পরার একটি আঞ্চলিক অভিব্যক্তি হিসেবে পাঠযোগ্য হন।

এই বয়ানকে দিল্লির সাংস্কৃতিক রাজনীতি থেকে আলাদা করে দেখা কঠিন, কারণ ভারতীয় রাষ্ট্র নিজেই সাংস্কৃতিক কূটনীতিকে আনুষ্ঠানিক রাষ্ট্রনীতি হিসেবে পরিচালনা করে। ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ বা আইসিসিআর (Indian Council for Cultural Relations) ভারতের বহির্বিশ্বের সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করা, সাংস্কৃতিক বিনিময়ের কর্মসূচি পরিচালনা করা এবং ভারতীয় সংস্কৃতির আন্তর্জাতিক উপস্থিতি শক্তিশালী করাকে নিজের ঘোষিত দায়িত্ব হিসেবে নির্ধারণ করেছে (ICCR, n.d.)। তার বার্ষিক প্রতিবেদনে বিদেশে ভারতীয় মিশনগুলোর ভূমিকা ভারতের ইতিবাচক ভাবমূর্তি ও সাংস্কৃতিক উপস্থিতি নির্মাণের সঙ্গে স্পষ্টভাবে যুক্ত। ফলে ঢাকায় ভারতীয় হাইকমিশনের সাংস্কৃতিক কর্মসূচিকে কেবল শিল্প-সাহিত্যের প্রতি সৌজন্যমূলক আগ্রহ বলে ব্যাখ্যা করলে রাষ্ট্রীয় কূটনীতির প্রকৃতি বোঝা হয় না।

বাংলাদেশে এই কাঠামো দীর্ঘদিন ধরে সক্রিয়। ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র ও আইসিসিআর হিন্দি, যোগ, শাস্ত্রীয় সংগীত, নৃত্য এবং ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন দিক প্রচার করে আসছে। এর মধ্যে আপত্তির কিছু নাই; প্রতিটি রাষ্ট্রই নিজের সংস্কৃতি প্রচার করতে পারে। কিন্তু সমস্যা দেখা দেয় তখন, যখন বড় বাংলাÑ বিশেষভাবে বাংলাদেশের নিজস্ব ঐতিহাসিক ব্যক্তিত্ব ও সাধনধারাকে ভারতীয় রাষ্ট্রীয় সাংস্কৃতিক মানচিত্রের অংশ হিসেবে পুনর্ব্যাখ্যা করা হয় এবং বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় সেই বয়ানকে নিজের অবকাঠামো দিয়ে বিস্তার করে।

লালনকে ঘিরে এই প্রক্রিয়ার ধারাবাহিক প্রমাণ আছে। ২০২৪ সালে লালন বিশ্বসংঘের আয়োজনে ৯ দিনের ‘Indo-Bangla Baul Music Festival’-এ ভারতীয় হাইকমিশনের সহযোগিতা ছিল; সেখানে দুই বাংলার ‘Baul’ ঐতিহ্যের ভাষায় লালনকে হাজির করা হয়। ২০২৫ সালের ১৬ অক্টোবর ভারতীয় হাইকমিশন ও ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ‘লালন সন্ধ্যা’ আয়োজন করে; তৎকালীন হাইকমিশনার প্রণয় ভার্মা লালনকে ভারত ও বাংলাদেশের ‘shared spiritual and cultural heritage’-এর প্রতীক হিসেবে বর্ণনা করেন এবং প্রচারভাষায় তাঁর ভাবকে ভারতের ভক্তি ও সুফি আন্দোলন এবং বাংলার ‘Baul tradition’-এর সঙ্গে যুক্ত করা হয় (The Daily Star, 2025)। ২০২৬ সালে সেই ধারাবাহিকতায় আট বিভাগে ‘কবীর-লালন’ আয়োজন হচ্ছে। ফলে একটি বয়ানগত সিঁড়ি স্পষ্ট : লালনকে প্রথমে ‘বাউল’, তারপর ভক্তি-সুফি ঐতিহ্যের অংশ, তারপর ভারত-বাংলাদেশের ‘shared spiritual heritage’, এবং এখন কবীরের সঙ্গে একই যৌথ সন্ত-ভাবের ধারায় বসানো হচ্ছে।

এটিকে ষড়যন্ত্র বলার দরকার নাই; প্রকাশ্য ঘটনাপরম্পরাই যথেষ্ট। সাংস্কৃতিক কূটনীতি আসলে এভাবেই কাজ করে। জোসেফ নাইয়ের নরম ক্ষমতা (soft power) ধারণা দেখায়, রাষ্ট্র সামরিক বা অর্থনৈতিক বলপ্রয়োগ ছাড়াও সংস্কৃতি, মূল্যবোধ ও আকর্ষণের মাধ্যমে অন্য সমাজে রাজনৈতিক প্রভাব সৃষ্টি করতে পারে (Nye, 2004)। আন্তনিও গ্রামশির আধিপত্যের ধারণা আরও গভীরে গিয়ে দেখায়, ক্ষমতার সবচেয়ে স্থায়ী রূপ তখনই তৈরি হয় যখন শাসিত বা অপেক্ষাকৃত দুর্বল পক্ষ শক্তিশালী পক্ষের ব্যাখ্যার ভাষাকে নিজের স্বাভাবিক ভাষা হিসেবে গ্রহণ করে (Gramsci, 1971)। ফলে সাংস্কৃতিক আধিপত্য মানে কোনো দেশের গান নিষিদ্ধ করা নয়; বরং দুর্বল রাষ্ট্র নিজের ইতিহাসকেই শক্তিশালী প্রতিবেশীর ধারণাগত মানচিত্রে পড়ে বুঝতে শুরু করা। সাংস্কৃতিক কূটনীতি এই কারণে নিরীহ বিনোদন নয়। কোনো বড় রাষ্ট্র যদি প্রতিবেশী দেশের ঐতিহাসিক ব্যক্তিত্বকে ‘shared heritage’-এর কাঠামোয় ক্রমাগত পুনর্বর্ণনা করে, আর ছোট রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সেই ভাষাকে নিজের সাংস্কৃতিক নীতি হিসেবে গ্রহণ করে, তবে সরাসরি নিষেধাজ্ঞা বা সেনাশক্তি ছাড়াই জ্ঞানগত কেন্দ্র স্থানান্তরিত হতে পারে।

এই কারণে অবশ্য ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর উপস্থিতিকেও ব্যক্তিগত স্তরে সন্দেহ করার কোনো প্রয়োজন নাই। সেটা সস্তা ষড়যন্ত্রতত্ত্ব হবে। বরং তাঁর রাষ্ট্রীয় অবস্থান বুঝলেই যথেষ্ট। ত্রিবেদী একজন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও দীর্ঘ রাজনৈতিক জীবনের ব্যক্তি; ২০২৬ সালে তাঁকে ঢাকায় হাইকমিশনার হিসেবে নিয়োগকে ভারতীয় সংবাদমাধ্যমও সাম্প্রতিক অতীতের তুলনায় ব্যতিক্রমী রাজনৈতিক নিয়োগ বলে উল্লেখ করেছে। পরে তাঁকে ভারতীয় সরকারি প্রটোকলে কেন্দ্রীয় মন্ত্রীর সমতুল্য আনুষ্ঠানিক মর্যাদাও দেওয়া হয়। তাঁর ঢাকা নিয়োগ এমন সময়ে হয়েছে যখন দুই দেশের সম্পর্কে নতুন ভারসাম্য তৈরির চেষ্টা চলছে। তাই সংস্কৃতি, গণমাধ্যম, রাজনৈতিক যোগাযোগ এবং জনগণের পর্যায়ে সম্পর্ক পুনর্গঠন তাঁর কূটনৈতিক কাজের বাইরে নয়; বরং তারই অংশ। (The Indian Express)

এই পরিস্থিতিতে ভারতীয় হাইকমিশনের কাছে বাংলাদেশের আপত্তি হওয়া উচিত ভারতীয় সংস্কৃতি প্রচারে নয়। কবীরকে প্রচার করুন, নানককে করুন, রবিদাসকে করুন, রবীন্দ্রনাথকে করুনÑ সেটা ভারতের সাংস্কৃতিক কূটনীতির বৈধ অধিকার। একইভাবে আমরা চাই ভারতজুড়ে ফকির লালন, নদীয়ার ফকিরি সাধনা, বড় বাংলার ইসলাম, বৈষ্ণব, শাক্ত, কর্তাভজা, সাহেন্ধনিসহ আরও নানান ভাবের পারস্পরিক বাহাস। বড় বাংলা এবং বিশেষভাবে বাংলাদেশের স্বতন্ত্র সাংস্কৃতিক ইতিহাস সম্পর্কে ভারতীয় জনগণের গভীর পরিচয় তৈরি হোক। সাংস্কৃতিক বিনিময় যদি সত্যিই পারস্পরিক হয়, তবে ভারতীয় জনগণের কাছেও দিল্লিকে বড় বাংলা ও বাংলাদেশকে তার নিজের ভাষা ও ইতিহাসে পৌঁছে দিতে হবে। কিন্তু লালনকে বৃহত্তর ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের লেজুড় বানিয়ে ফেলার অর্থ বাংলাদেশের সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে অস্বীকার করা এবং বড় বাংলার ভাব ও ভাষার ঐশ্বর্য অস্বীকার করা। সেটি আর বিনিময় থাকে না; বাংলাদেশকে সাংস্কৃতিকভাবে ভারতের অধীন করবার রাজনীতি হয়ে ওঠে। আর বাংলা ভাষা ও সংস্কৃতি হয়ে ওঠে উত্তর ভারতীয় হিন্দি সংস্কৃতি ও ঐতিহ্যের অধীন প্রান্তিক চর্চা। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা