প্রতীকী ছবি
দেশে ডিজিটাল সেবা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম দ্রুত বাড়ছে। সরকারি সেবা থেকে ব্যাংকিং, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার এখন অপরিহার্য। কিন্তু উদ্বেগের বিষয় হলো, ডিজিটাল কার্যক্রমের এই বিস্তারের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে না সাইবার নিরাপত্তাব্যবস্থা। ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ক্রমেই সাইবার হামলার ঝুঁকিতে পড়ছে। পরিসংখ্যান বলছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন গড়ে ৬৩০টি সাইবার হামলার চেষ্টা হচ্ছেÑ এ তথ্য নিঃসন্দেহে সতর্কবার্তা। সম্প্রতি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের তৈরি পাঁচ বছরের কৌশলগত কাঠামোতে ডিজিটাল নিরাপত্তার এই দুর্বলতার চিত্র উঠে এসেছে। কৌশল কাঠামোতে বলা হয়েছে, সাইবার নিরাপত্তা সংস্থার পূর্ণ কার্যক্ষমতায় ঘাটতি রয়েছে। এ ক্ষেত্রে এখনও গড়ে ওঠেনি জাতীয় নিরাপত্তা পরিচালনা কেন্দ্র। বেশিরভাগ মন্ত্রণালয়ে নির্দিষ্ট সাইবার নিরাপত্তা কর্মকর্তাসহ জনবল নেই। একই সঙ্গে সাইবার নিরাপত্তার জন্য পৃথক বাজেটের ব্যবস্থাও করা হয়নি।
গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ প্রকাশিত প্রধান প্রতিবেদনেও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার ক্ষেত্রে ঝুঁকির বিষয়টিও তুলে ধরা হয়েছে। এ ক্ষেত্রে ২০২৩ সালের সরকারি ওয়েবসাইটের তথ্য ফাঁসের ঘটনায় ৫ কোটির বেশি বাংলাদেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশিত হওয়ার কথা উল্লেখ করা যায়। এতে ডিজিটাল তথ্যভান্ডারের নিরাপত্তা এবং তথ্য ব্যবস্থাপনার সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়। ব্যক্তিগত তথ্যের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তাও এখন বড় চ্যালেঞ্জ। এটি আর্থিক খাতে বড় ধরনের ঝুঁকি তৈরির পাশাপাশি যে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করতে পারেÑ বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তার বড় উদাহরণ।
বাস্তবতা হচ্ছে, সাইবার হামলা প্রতিরোধে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দক্ষ জনবল, সমন্বিত ব্যবস্থা এবং প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতি এখনও রয়ে গেছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া না গেলে যেকোনো সময় আরও বড় অঘটন ঘটতে পারে। এ ব্যাপারে সাইবার ক্রাইম অ্যালায়েন্স ফাউন্ডেশনের উপদেষ্টা প্রকৌশলী মো. মুশফিকুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, দেশে সাইবার নিরাপত্তাহীনতা রয়েছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও প্রযুক্তি দ্রুত পরিবর্তিত হওয়ায় নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। তার মতে, সাইবার নিরাপত্তা বিষয়ে পড়াশোনা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি নিজেদের প্রযুক্তি তৈরির সক্ষমতাও বাড়াতে হবে। এজন্য বড় পরিসরের প্রস্তুতি দরকার এবং তা দীর্ঘমেয়াদি পরিকল্পনায় থাকা প্রয়োজন।
বস্তুত, সাইবার হামলা এখন আর কেবল প্রযুক্তিগত সমস্যা নয়Ñ এটি অর্থনীতি, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থের সঙ্গেও সরাসরি সম্পর্কিত। একটি প্রতিষ্ঠানের তথ্যভান্ডার আক্রান্ত হলে আর্থিক ক্ষতি হতে পারে, কোনো সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হলে বিঘ্নিত হতে পারে রাষ্ট্রীয় কার্যক্রম। হাসপাতাল, বিদ্যুৎ, পানি, টেলিযোগাযোগ বা পরিবহন ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো সাইবার হামলার শিকার হলে তার অভিঘাত পড়তে পারে সাধারণ মানুষের জীবনেও। তাই সাইবার নিরাপত্তাকে প্রযুক্তি বিভাগের সীমিত দায়িত্ব হিসেবে দেখার সুযোগ নেই।
আমরা মনে করি, সংকট নিরসনে প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ঝুঁকি মূল্যায়ন ও নিয়মিত সাইবার নিরাপত্তা অডিট বাধ্যতামূলক করা দরকার। অনেক প্রতিষ্ঠান এখনও পুরনো সফটওয়্যার, দুর্বল পাসওয়ার্ড, অপর্যাপ্ত ব্যাকআপ এবং অনিরাপদ নেটওয়ার্ক ব্যবহার করছে। এসব দুর্বলতা দূর করতে নির্দিষ্ট নিরাপত্তার মানদণ্ড প্রণয়ন ও তা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি দক্ষ সাইবার নিরাপত্তা জনবল গড়ে তোলা দরকার। কেবল উন্নত প্রযুক্তি কিনলেই নিরাপত্তা নিশ্চিত হয় না, প্রয়োজন বিশেষজ্ঞদের সমন্বয়ে দ্রুত ক্রিয়াশীল দল এবং সার্বক্ষণিক নজরদারি। এজন্য বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে সাইবার নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের নিয়মিত সচেতনতা প্রশিক্ষণ দিতে হবে। কারণ অসতর্কতা ও অসচেতনতাই সাইবার হামলার পথ সহজ করে দেয়।
অন্যদিকে সাইবার হামলা শনাক্ত, প্রতিরোধ ও মোকাবিলায় সরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। বড় ধরনের হামলার ক্ষেত্রে কে নেতৃত্ব দেবে, কীভাবে তথ্য আদান-প্রদান হবে এবং আক্রান্ত প্রতিষ্ঠান কীভাবে দ্রুত সেবা পুনরুদ্ধার করবেÑ এসব বিষয়ে সুস্পষ্ট প্রটোকল থাকতে হবে। গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোর জন্য আলাদা নিরাপত্তা কাঠামো ও জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সাইবার নিরাপত্তায় বিনিয়োগকে ব্যয় হিসেবে নয়, ভবিষ্যৎ সুরক্ষার বিনিয়োগ হিসেবে দেখতে হবে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগোতে হলে শুধু দ্রুতগতির প্রযুক্তি ও অনলাইন সেবা যথেষ্ট নয়; সেই ব্যবস্থাকে নিরাপদ রাখার সক্ষমতাও থাকতে হবে। প্রতিদিন শত শত হামলার চেষ্টা আমাদের সেই বাস্তবতাই স্মরণ করিয়ে দিচ্ছে।
আগামী দিনে অর্থনীতি ও সরকারি সেবার আরও বড় অংশ প্রযুক্তি-নির্ভর হওয়ার পথে রয়েছে। তাই ডিজিটাল অগ্রযাত্রা ও অগ্রগতির সঙ্গে সমানতালে সাইবার নিরাপত্তার সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। আগামী দিনের ডিজিটাল অর্থনীতির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট অব থিংস এবং আন্তঃসীমান্ত তথ্যপ্রবাহের মতো নতুন প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এমন বাস্তবতায় এখনই সমন্বিত, দীর্ঘমেয়াদি ও কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে সাইবার ঝুঁকি শুধু বাড়বেই নাÑ এর ক্ষয়ক্ষতির মাত্রাও বহুগুণে বৃদ্ধি পেতে পারে। এ প্রেক্ষিতে প্রযুক্তির অগ্রযাত্রায় সাইবার নিরাপত্তার নিশ্চয়তা বিধান এক বড় চ্যালেঞ্জ। যথাযথ কর্মপরিকল্পনা এ চ্যালেঞ্জ মোকাবিলার একমাত্র উপায়।