ফজলে মিনহাজ
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৬ পিএম
নির্বাচন নিয়ে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। নির্বাচন কতটা অবাধ ও সুষ্ঠু হয়েছে, তা নিয়েও বিতর্ক থাকতে পারে। তার পরও নির্বাচনের ফলাফল এবং গণভোটের ফলাফলকে পাশাপাশি রেখে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা পাওয়া যায়। ছবি: সংগৃহীত
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় পরিবর্তন এসেছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে,। স্বাভাবিকভাবেই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল একটি পরিবর্তিত রাজনৈতিক সংস্কৃতি, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, জনবান্ধব প্রশাসন এবং সর্বোপরি এমন একটি শাসনব্যবস্থা; যেখানে মানুষের আকাঙ্ক্ষা ও গণরায়ের প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো হবে। কিন্তু গত ছয় মাসে তার প্রতিফলন ঘটেছে এমনটি বলা যাবে না। ফলে প্রশ্ন উঠছেÑ যে পরিবর্তনের প্রত্যাশায় মানুষ রাজপথে নেমেছিল, যে গণরায়ের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছিল, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন কতদূর?
নির্বাচন নিয়ে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। নির্বাচন কতটা অবাধ ও সুষ্ঠু হয়েছে, তা নিয়েও বিতর্ক থাকতে পারে। তার পরও নির্বাচনের ফলাফল এবং গণভোটের ফলাফলকে পাশাপাশি রেখে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা পাওয়া যায়। ৭০ শতাংশের কাছাকাছি ভোটে গণভোটের ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। একই সময়ে প্রায় ৪৯ শতাংশ ভোটার বিএনপির পক্ষে রায় দিয়ে তাদের সরকার গঠনের সুযোগ দিয়েছে। অর্থাৎ জনগণের একটি বড় অংশ একদিকে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলোর পক্ষে মত দিয়েছে, অন্যদিকে সেই সংস্কার বাস্তবায়নের দায়িত্বও বর্তমান সরকারকে দিয়েছে। এই দুই রায়ের মধ্যে একটি সুস্পষ্ট রাজনৈতিক সম্পর্ক রয়েছেÑ জনগণ পরিবর্তন চেয়েছে এবং সেই পরিবর্তন বাস্তবায়নের দায়িত্ব বর্তমান সরকারকে তথা বিএনপিকে দিয়েছে।
রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় পরিবর্তন বাস্তবায়নে ধীরগতি বা ব্যর্থতা যেমন হতাশাজনক, তেমনি জনজীবনের সংকটও ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট, তীব্র লোডশেডিং, বাসাবাড়ি, পাম্প ও শিল্পকারখানায় গ্যাসের সংকটÑ সব মিলিয়ে নাগরিক জীবন দুর্বিষহ হয়ে উঠছে। কোথাও পরিবহন সংকটে, কোথাও উৎপাদন ব্যাহত, কোথাও শিল্পকারখানা কার্যত স্থবির। এমন পরিস্থিতিতে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য হওয়া উচিত আরও সংযত, পরিমিত ও দায়িত্বশীল। কিন্তু দুঃখজনকভাবে মন্ত্রীদের পাশাপাশি সরকারের কোনো কোনো দায়িত্বশীল কর্তাদের বেফাঁস মন্তব্য জনমনে অসন্তোষ তৈরি করছে।
যেমন স্বরাষ্ট্রমন্ত্রী জানতে চেয়েছেনÑ কয়টি কারখানা বন্ধ হয়েছে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। কিন্তু ‘কারখানা বন্ধ’ বলতে কি শুধু কোনো উদ্যোক্তা ব্যবসা গুটিয়ে ফ্যাক্টরির তালা ঝুলিয়ে দেওয়াকেই বোঝাবে? শিল্পকারখানায় গ্যাস-বিদ্যুৎ সংকটে উৎপাদন বন্ধ থাকা, শ্রমিকদের কর্মহীন সময় কাটানো, ক্রয়াদেশ কমে যাওয়া এবং কারখানাগুলো উৎপাদন ক্ষমতার নিচে চলে যাওয়াও কি সংকটের অংশ নয়? কারখানার দরজায় তালা না ঝুললেও যদি উৎপাদন বন্ধ থাকে, শ্রমিক কাজ না পান, উদ্যোক্তা নতুন বিনিয়োগে যেতে না পারেন; তাহলে সেটিকে সুস্থ শিল্প পরিবেশ বলা যায় কীভাবে?
অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আইনশৃঙ্খলা পরিস্থিতিও জনগণকে স্বস্তি দিতে পারছে না। প্রতিনিয়ত ছিনতাই, চুরি, সংঘাতের খবর আসছে। সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। রাজনৈতিক হানাহানি ও সংঘাতও জনমনে নতুন করে অস্বস্তি তৈরি করছে। অথচ এসব মৌলিক সমস্যার কার্যকর সমাধানের পরিবর্তে আগের মতোই রাজনৈতিক বক্তব্যের পাল্টাপাল্টি যেন বেশি দৃশ্যমান।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট বিষয়ে একজন দায়িত্বশীল মন্ত্রী বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে দুই বছর সময় লাগতে পারে। ধরে নিলাম, বাস্তবতার কারণে সত্যিই দুই বছর সময় প্রয়োজন। সংকট সমাধানে সময় লাগতেই পারে। কিন্তু প্রশ্ন হলোÑ এই দুই বছর দেশের অর্থনীতি কীভাবে চলবে? শিল্প উদ্যোক্তারা কীভাবে উৎপাদন করবেন? শ্রমিকদের কর্মসংস্থান কীভাবে নিশ্চিত হবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নÑ বিদেশি বিনিয়োগকারীরা কি এমন একটি দেশে বিনিয়োগে আগ্রহী হবেন, যেখানে বিদ্যুৎ-গ্যাসসহ মৌলিক উৎপাদন অবকাঠামোর সংকট কাটাতে আরও দুই বছর অপেক্ষা করতে হবে?
বিনিয়োগ শুধু নীতির ওপর নির্ভর করে না; বিনিয়োগের জন্য প্রয়োজন আস্থা, স্থিতিশীলতা, নিরবচ্ছিন্ন জ্বালানি, নিরাপত্তা এবং ভবিষ্যৎ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা। দেশীয় শিল্পপ্রতিষ্ঠানগুলো যদি পর্যাপ্ত গ্যাস-বিদ্যুৎ না পায়, উৎপাদন ব্যাহত হয় এবং ক্রয়াদেশ ধরে রাখতে না পারে, তাহলে নতুন বিদেশি বিনিয়োগ আসবে কীভাবে?
সরকারের জন্য এখন সবচেয়ে জরুরি হলোÑ সমস্যাকে অস্বীকার না করে সমস্যার গভীরে যাওয়া এবং দ্রুত বাস্তবসম্মত কর্মপন্থা হাতে নেওয়া। শুধু ‘সময় লাগবে’ বলে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সময়ের প্রয়োজন হতে পারে, কিন্তু সেই সময়ের প্রতিটি ধাপে জনগণকে দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে।
ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যেহেতু বর্তমান সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, তাই সেই আস্থার যথাযথ মর্যাদা দেওয়া সরকারের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। একইভাবে গণভোটে জনগণ যে রায় দিয়েছে, সেটিও কোনো রাজনৈতিক সুবিধামতো উপেক্ষা করার বিষয় নয়। গণরায়ের মর্যাদা রক্ষা এবং জনআস্থা ধরে রাখার একমাত্র পথ হলোÑ কথার চেয়ে কাজে অগ্রাধিকার দেওয়া, সংকটকে স্বীকার করে দ্রুত দৃশ্যমান সমাধানের পথে এগিয়ে যাওয়া। দুঃখজনকভাবে জাতীয় এই সংকটের সময়ে মিডিয়া, টকশো থেকে রাজপথÑ সবখানেই অযাচিত ও অর্বাচীন কথাবার্তায় পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে। কে কার ছাত্র, কে কার চেয়ে যোগ্য, কে কাকে ছাড়িয়ে গেলÑ এ ধরনের অপ্রাসঙ্গিক বিতর্ক যেন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সরকার চাইলে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক টেবিলে বসতে পারে। জ্বালানি সংকট উত্তরণে একটি জাতীয় ঐকমত্য গড়ে তুলতে পারে। বিশেষজ্ঞ, ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, শ্রমিক প্রতিনিধি, জ্বালানি খাতের সংশ্লিষ্ট ব্যক্তি ও অন্যান্য অংশীজনকে নিয়ে জাতীয় সংলাপ হতে পারে। সংকটকে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার সুযোগ হিসেবে না দেখে জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করাই হবে পরিণত রাজনীতির পরিচয়। অন্যথায় জাতীয় সংকট থেকে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলতে পারে।
জাতীয় সংকট থেকে যদি রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, আর সেই অস্থিরতা যদি ক্রমেই রাষ্ট্রীয় অস্থিতিশীলতার দিকে গড়ায়, তাহলে তার দায় কোনো পক্ষই এড়িয়ে যেতে পারবে না। তাই এখন প্রয়োজন কে কাকে রাজনৈতিকভাবে ঘায়েল করবে; সেই প্রতিযোগিতা নয়, বরং কীভাবে জাতীয় সংকট মোকাবিলা করে দেশকে স্থিতিশীল রাখা যায়, সেই বিষয়ে একটি সর্বদলীয় ও জাতীয় ঐকমত্য গড়ে তোলা।
অবশ্য শুধু সরকার নয়, বিরোধী রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে। জাতীয় সংকটকে কেন্দ্র করে দায়িত্বশীল ও গঠনমূলক রাজনীতি করা দরকার। প্রতিটি সংকটকে সরকারের বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র বানানো যেমন সৎ উদ্দেশ্যপ্রণোদিত নয়, তেমনি সরকারেরও প্রতিটি প্রতিবাদকে ষড়যন্ত্র হিসেবে দেখার মানসিকতা পরিহার্য।
সরকারের প্রতি আহ্বানÑ ইগো নয়, অভিভাবকসুলভ আচরণ করুন। বয়ান নয়, কর্মপরিকল্পনা দিন। শোডাউন নয়, সংলাপ করুন। দায় এড়িয়ে সময় চাইবেন না; বরং সময়কে কাজে লাগিয়ে দৃশ্যমান ফলাফল দিন। কারণ জনগণ অতীতের মতো আর নতুন কোনো রাজনৈতিক বয়ান শুনতে চায় না। তারা চায় নিরাপদ জীবন, সুলভ বাজার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাস, সচল শিল্প, কর্মসংস্থান এবং একটি দায়িত্বশীল রাষ্ট্র। কারণ জনগণ আর কারও রাজনৈতিক ইগোর কাছে তাদের ন্যায্য অধিকার বন্ধক রাখতে রাজি নয়।
লেখক: কলামিস্ট ও রাজনীতি পর্যবেক্ষক