× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যাপাসিটি চার্জের ক্ষত নিরাময় জরুরি

সম্পাদকীয়

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৭ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মানবদেহের ভেতরে-বাইরে অনবরত রক্তক্ষরণ হতে থাকলে একসময় তা প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। আর সেজন্যই শরীরের কোথাও সৃষ্ট ক্ষত থেকে রক্তক্ষরণ হলে দ্রুত তা বন্ধ করার চেষ্টা করা হয়। না হলে একসময় শরীরের সমস্ত রক্ত বেরিয়ে গিয়ে মৃত্যু ত্বরান্বিত হয়। রাষ্ট্রকে যদি মানবদেহের সঙ্গে তুলনা করা হয়, তা হলে অর্থনীতিকে তার রক্তপ্রবাহ হিসেবে ধরে নেওয়া যায়। সচল ও সবল মানবদেহের জন্য যেমন নিয়ন্ত্রিত শুদ্ধ রক্তপ্রবাহ অত্যন্ত প্রয়োজন, তেমনি শক্ত ভিতের ওপর দাঁড়ানো অর্থনীতিও একটি দেশের জন্য জরুরি। অর্থনৈতিক খাতে স্থবিরতা সৃষ্টি হলে রাষ্ট্রের স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্নিত হয়, উন্নয়ন ব্যাহত হয়, অগ্রগতি মুখ থুবড়ে পড়ে। মোদ্দা কথা, অর্থনৈতিক খাতে অচলাবস্থা সৃষ্টি হলে একটি পুরো রাষ্ট্রব্যবস্থাই ভঙ্গুর হয়ে পড়ার শঙ্কা সৃষ্টি হয়। 

বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশ এখন তীব্র প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে। বিগত লীগ সরকারের সাড়ে পনেরো বছরের সীমাহীন লুটপাট দেশের অর্থনৈতিক খাতকে অন্তঃসারশূন্য করে দিয়েছে। শিল্প-বাণিজ্য, রাজস্ব আদায় থেকে শুরু করে প্রতিটি খাতেই সৃষ্টি হয়েছে এক চরম অরাজক পরিস্থিতি। সে সরকারটির পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অদূরদর্শিতা সে সংকটকে আরও জটিল করেছে। বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে অতীতের দীর্ঘ ও স্বল্প মেয়াদের সরকার দুটির লুটপাট ও ব্যর্থতাজনিত সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া অব্যবস্থাপনা যে এত অল্প সময়ে দূর করা কারও পক্ষেই সম্ভব নয়Ñ এটা বলার অপেক্ষা রাখে না। তারপরও কেউ কেউ বর্তমান বিদ্যুৎ সমস্যাসহ অর্থনৈতিক খাতে সৃষ্টি কিছু সংকটের দায় বিএনপি সরকবারের ওপর চাপিয়ে দিতে সচেষ্ট। 

দেশের বর্তমান অর্থনৈতিক সমস্যার মূল কারণটি কোথায় তা গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এর ‘অর্থনীতিতে রক্তক্ষরণ’ প্রতিবেদনটি পাঠ করলেই স্পষ্ট হয়ে যাবে। প্রতিবেদনটিতে অবশ্য শুধুমাত্র দেশের বিদ্যুৎ খাতে সৃষ্ট লেজেগোবরে অবস্থার চিত্র তুলে ধরা হয়েছে। তবে যেহেতু বিদ্যুৎ ছাড়া অর্থনীতির চাকা অচল, তাই প্রতিবেদনটিকে বর্তমান অর্থনৈতিক সমস্যার শিকড়ে প্রবেশ বলে ধরে নেওয়া যায়। বর্তমানে বিদ্যমান বিদ্যুৎ সমস্যা বা সংকটের কথা অস্বীকার করার উপায় নেই। যদিও সরকারের কর্তাব্যক্তিদের কাউকে কাউকে ‘আমগাছের ডাব, জামগাছের তাল’ জাতীয় উদ্ভট তথ্য-তত্ত্ব উপস্থাপন করে জনসাধারণকে প্রবোধ দেওয়ার ব্যর্থ চেষ্টা করতে শোনা যায়। তবে তাতে জন-অসন্তোষ প্রশমিত না হয়ে বরং বৃদ্ধি পায়। কেননা, জনগণ প্রকৃত সত্যটি জানতে চায় এবং সেটা জানার অধিকার তাদের রয়েছে। 

মূলত দেশের বিদ্যুৎ সমস্যার সে প্রকৃত কারণটিই বিস্তারিত তুলে ধরা হয়েছে প্রতিদিনের বাংলাদেশ-এর প্রতিবেদনে। প্রতিবেদনে লীগ সরকারের আমলে বেসরকারি বিদ্যুৎ প্রকল্পে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে স্বাক্ষরিত চুক্তির ‘ক্যাপাসিটি চার্জ’ শর্তকে জাতীয় অর্থনীতির জন্য ‘গলার কাঁটা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচটি অর্থবছরে ক্যাপাসিটি চার্জ বা কেন্দ্র ভাড়া বাবদ কোম্পানিগুলেকে সরকার পরিশোধ করেছে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা। চুক্তি অনুযায়ী ওইসব কেন্দ্র থেকে সরকার বিদ্যুৎ না কিনলেও নির্দিষ্ট পরিমাণ অর্থ তাদেরকে পরিশোধ করতে হচ্ছে। সবচেয়ে বিস্ময়কর হলো, বিদ্যুৎ খাতে সরকার যে ভর্তুকি দেয়, তার ৯৭ শতাংশ ব্যয় হয় বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোকে দেওয়া ক্যাপাসিটি চার্জে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশের মোট চাহিদার চেয়ে অনেক বেশি বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছে। ফলে চাহিদা না থাকায় অনেক কেন্দ্রকে অলস বসে থাকতে হয়। আর চুক্তি অনুযায়ী বিদ্যুৎকেন্দ্রগুলো ক্যাপাসিটি চার্জের নামে ‘অলস ভাতা’ খেয়ে যাচ্ছে। পছন্দের ব্যক্তিদের মালিকানাধীন কোম্পানিকে লাভবান করার অভিপ্রায়ে লীগ সরকার যে জাতির ঘাড়ে এই সিন্দবাদের দৈত্য চাপিয়ে দিয়ে গেছে সেটা বলার অপেক্ষা রাখে না।

বর্তমান সরকারের একটি বড় দুর্বলতা হলো, তারা জাতীয় অর্থনীতিসহ জাতীয় নানান ক্ষেত্রে লীগ সরকারের সৃষ্ট কালো গহ্বর বা ব্ল্যাক হোলসমূহের কথা জনসাধারণকে অবহিত করতে পারদর্শিতার পরিচয় দিতে পারছে না। ফলে বর্তমানে উদ্ভূত বিদ্যুৎ সমস্যাসহ নানা অথনৈতিক সংকটের জন্য মানুষ বিএনপি সরকারকে দায়ী করছে। সরকার জনসাধারণকে এটা বোঝাতে পারছে না, ষোলো বছরের সমস্যা ছয় মাসে সমাধান সম্ভব নয়। তারা এটাও বোঝাতে পারছে না, বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জের নামে যে বিষফোড়ার জন্ম লীগ সরকার দিয়ে গেছে, তারই বিষময় ফল এখন জাতিকে ভোগ করতে হচ্ছে। 

এখন সময় এসেছে বিগত সরকারের সব অনিয়ম-দুর্নীতি দূর করে জাতীয় অর্থনীতিকে সুস্থ করে তোলার। আমরা মনে করি, লীগ সরকারের করা রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ‍চুক্তিগুলো নতুন করে মূল্যায়ন ও ব্যবস্থা নেওয়া উচিত। অর্থ লোপাটের অসদ্দুশ্যে যে অসম চুক্তি কোম্পানিগুলোর সঙ্গে করা হয়েছে, তা বাতিল করতে হবে। বিশেষ করে, প্রয়োজনের অতিরিক্ত যেসব কেন্দ্র স্থাপন করা হয়েছে, সেগুলো বন্ধ করে ক্যাপাসিটি চার্জের নামে অর্থ লোপাটের দরজা বন্ধ করা দরকার। লুটপাটের থাবা থেকে রক্ষা পাওয়া ওই অর্থ অধিক বিদ্যুৎ উৎপাদন ও নিরবচ্ছিন্ন সরবরাহের কাজে ব্যবহারই হবে সর্বোত্তম পদক্ষেপ। ক্যাপাসিটি চার্জ নামে যে রক্তক্ষরণ জাতীয় অর্থনীতিকে রক্তশূন্য করে দিতে উদ্যত হয়েছে, সফল অস্ত্রোপচারের মাধ্যমে তা বন্ধ করার কোনো বিকল্প নেই। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা