শামসুল আলম
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৮ পিএম
শামসুল আলম। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
রাত প্রায় দশটা। ধানমন্ডি পাঁচ নম্বর রোড। সুধা সদনের সামনে তখন একদল সংক্ষুব্ধ মানুষের উপস্থিতি। চল্লিশ-পঞ্চাশজন দাঁড়িয়ে আছে রাস্তার মুখ বন্ধ করে। ছাত্রলীগ ও যুবলীগের কর্মী, সঙ্গে নানা বয়সের উত্তেজিত লোকজন। তাদের মধ্যে ছাত্রলীগ নেতা লিয়াকত সিকদার ও মারুফা আক্তার পপিকে দেখা যাচ্ছিল নেতৃত্ব দিতে। আর সেই ভিড়ের দিকে এগিয়ে যাচ্ছি আমরা তিনজন। আমার হাতে একটি চিঠি। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাক্ষর করা। আমরা তখনও জানি না, চিঠিটি যথাস্থানে পৌঁছাতে পারবো কিনা। নাকি আমরা্ই ফিরব লাশ হয়ে।
দুদিন আগে, ২১ আগস্ট ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড বিস্ফোরিত হয়েছে। বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। নিহত হয়েছেন আওয়ামী লীগের বহু নেতাকর্মী; আহত হয়েছেন শত শত মানুষ। আওয়ামী লীগ নেতাকর্মীরা তখন বিক্ষুব্ধ। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেদিন লক্ষ্মীপুরে জনসভায় ছিলেন। খবর পেয়েই ঢাকায় ফিরে আসেন।
পরদিন আমি বিএনপি সরকারের জন্য একটি সাতদফা কর্মপরিকল্পনা তৈরি করেছিলাম। নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতার দায় নির্ধারণ, উচ্চপর্যায়ের তদন্ত, আহতদের রাষ্ট্রীয় চিকিৎসা, নিহতদের জন্য ক্ষতিপূরণ, সরকারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রধানমন্ত্রী নিজে বিরোধীদলীয় নেত্রীর বাসভবনে গিয়ে সমবেদনা জানাবেন। আমার বিশ্বাস ছিল, রাজনীতির সংঘাত যতই থাকুক, রাষ্ট্রের ভাষা অন্তত মানবিক থাকা উচিত। প্রধানমন্ত্রীও যেতে চেয়েছিলেন। কিন্তু সুধা সদনের চারপাশের রাস্তা তখন কার্যত অবরুদ্ধ। ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা দিনভর রাস্তা দখল করে রেখেছে। রাষ্ট্র চাইলে শক্তি প্রয়োগ করে প্রধানমন্ত্রীকে সুধা সদনে নিয়ে যেতে পারত। কিন্তু তাতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা ছিল। তাই শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত বাদ দেওয়া হয়।
২৩ আগস্ট সন্ধ্যার পর মন্ত্রিসভায় বিষয়টি আবার উঠল। সিদ্ধান্ত হলো, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শেখ হাসিনাকে একটি চিঠি পাঠানো হবে। চিঠির খসড়া তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলকে। তিনি খসড়াটি তৈরি করে আমার কাছে এলেন। আমরা বসে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এবং চিঠিটি চূড়ান্ত হলো। চিঠি তৈরি। এবার প্রশ্নÑ চিঠি নিয়ে সুধা সদনে যাবে কে? প্রথমে মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াকে বলা হলো। তিনি রাজি হলেন না। ঢাকার তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা, মন্ত্রী মির্জা আব্বাস ম্যাডামের রাজনৈতিক সচিব হারিস চৌধুরীও রাজি হলেন না। তখন মান্নান ভূঁইয়াই বললেন, ‘আলমকে পাঠান। ও সাহসী ছেলে।’
কেবিনেট সভা শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী আমাকে তার কক্ষে ডাকলেন। সেখানে ছিলেন রাজনৈতিক সচিব হারিস চৌধুরী এবং সম্ভবত এলজিআরডি মিনিস্টার ও বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াও। ম্যাডাম জিজ্ঞেস করলেন, ‘তুমি কি সুধা সদনে যেতে পারবে?’ আমি এক মুহূর্তও না ভেবে বললাম, ‘জী, ম্যাডাম। পারব।’ তিনি চিঠিটি আমার হাতে তুলে দিলেন। আমি বেরিয়ে এলাম। করিডোরে দেখি প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মহিউদ্দিন খান মোহন দাঁড়িয়ে। বললেন, ভয় নাই, আমিও যাচ্ছি আপনার সঙ্গে। বুঝলাম তিনিও জানেন বিষয়টি। একটু পরেই বিটিভির ক্যামেরাম্যান জাহিদ হোসেন ভূঁইয়াও যোগ দিলেন। এই হলো আমাদের দল। সেদিন রওনা হওয়ার পর আমার মাথা যতটুকু কাজ করেছিল, তার মধ্যে একটি কাজ করেছিলামÑ মাকে ফোন করেছিলাম। শুধু বলেছিলাম, ‘আমি একটা বিপজ্জনক কাজে যাচ্ছি, মা। দোয়া কর।’ পুলিশ আমাদের ধানমন্ডি পাঁচ নম্বর রোডের কাছাকাছি পৌঁছে দিল। তারপর আমরা গাড়ি থেকে নেমে গেলাম। ড্রাইভারকে বললাম, ‘তুমি এখানে থাকো। গাড়ি স্টার্ট রেখ।’ আমরা তিনজন হাঁটতে শুরু করলাম।
কিছু দূর যেতেই মানুষের জটলা। প্রথমে মনে হলো বিশ-পঁচিশজন। আরও এগোতেই দেখলামÑ চল্লিশ-পঞ্চাশজন।
মাত্র দুজন পুলিশ রাস্তায়। সামনে লিয়াকত সিকদার, পপি এবং তাদের সঙ্গে উত্তেজিত ছাত্রলীগ কর্মীদের একটি দল। স্লোগান দিচ্ছেÑ ‘রক্তের বদলায় রক্ত!’
আমি সামনে এগিয়ে গেলাম। ভিড়ের মুখোমুখি দাঁড়িয়ে বললাম, ‘আমি ভেতরে যাব। আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। প্রধানমন্ত্রীর চিঠি দিতে এসেছি।’ ওরা বলল, ‘যেতে পারবেন না।’ বললাম, ‘আমার সময় দেওয়া আছে।’ উত্তর আরও কঠিন, ‘তবুও যেতে পারবেন না।’ সেখান থেকে একটু সরে আমরাএকটি বিল্ডিংয়ের নিচে এসে দাঁড়ালাম। এদিকে টেলিভিশনের ক্যামেরা চলছে। চ্যানেল আইয়ের মাহবুব মতিনও ফুটেজ নিচ্ছেন। মোহন ভাই জিজ্ঞেস করলেন, ‘আলম ভাই, কিছু বলবেন?’ বললাম, ‘না, আপনি চালিয়ে নেন।’
আমি রাজনৈতিক সচিবের কাছে পরিস্থিতি বর্ণনা করলাম। তিনি চেষ্টা করতে বললেন। হঠাৎ কয়েকজন লোক বিটিভির ক্যামেরার দিকে ঝাঁপিয়ে পড়ল। জাহিদ ভাইয়ের ক্যামেরা প্রায় ছিনিয়ে নিল। এক পর্যায়ে একজন সেটি মাথার ওপরে তুলে ধরলÑ মনে হলো এখনই মাটিতে আছড়ে ফেলবে। আর তখনই আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি গর্জে উঠলাম, ‘এই! বিটিভি! আপনারা এখানে কেন এসেছেন? কে ডাকছে? যান! ভাগেন! ক্যামেরাটা দিয়ে দেন!’ লোকগুলো যেন আচমকা বিভ্রান্ত হয়ে গেল। ক্যামেরাটি ফেরত দিল। ক্যামেরা বাঁচল।জাহিদ ভাইও বাঁচলেন।
কিন্তু মাহবুব মতিন তখনও কাজ করে যাচ্ছেন। তিনি দ্রুত ক্যাসেট খুলে তার সহকারীর হাতে দিয়ে পাঠিয়ে দিলেন বাইকে করে। কিছুক্ষণের মধ্যেই তাকেও ধরে ফেলল বিক্ষুব্ধ লোকজন। ‘কী রেকর্ড করছেন?’
‘ক্যাসেট দেন।’ মাহবুব ক্যাসেট খুলে দিলেন। কিন্তু তারা জানত নাÑ ক্যাসেটটি ফাঁকা। ততক্ষণে ফুটেজ প্রচার হয়ে গেছে টিভিতে। আমাদের উপস্থিতির খবর ছড়িয়ে গেছে। দেশ জেনে গেছে, আমরা সুধা সদনের সামনে। রাত তখন দশটা পার হয়ে গেছে। চারপাশ অন্ধকার। মানুষের ভিড় ক্রমেই বাড়ছে। কয়েকটি গাড়ি এসে থামল। আরও লোক নামল।
আমি শেখ হাসিনার পিএসকে ফোন করলাম। বললাম, ‘আমি এসেছি প্রধানমন্ত্রীর চিঠি নিয়ে।’ তিনি বললেন, ‘আসতে পারেন। কিন্তু কিছুক্ষণ পর আর ফোন ধরলেন না। লোক বাড়ছে। আর আমাদের চারপাশের বাতাস যেন ক্রমশ ভারী হয়ে উঠছে। ঠিক তখনই, একজন দৌড়ে এলেন। তিনি আমাকে জাপটে ধরে বললেন, ‘ভাই! ভাই! দৌড় দেন!’ তিনি প্রায় চিৎকার করে বললেন, ‘আপনাকে মেরে ফেলবে!’
এরপর আর কোনো প্রশ্ন করিনি। দৌড় দিলাম। জাহিদ ভাইও সঙ্গে। মোহন ভাই পারলেন না। তিনি টেলিভিশনে কথা শেষ করে একটু পরে প্রায় ছুটতে ছুটতে এসে গাড়িতে উঠলেন। পেছনে তখন সমস্বরে চিৎকার- ধর, ..দের ধর। গাড়ি আগে থেকেই স্টার্ট করা ছিল। আমরা উঠতেই ড্রাইভার এক টানে গাড়ি ছুটিয়ে দিল।
সেখান থেকে অফিসে। তারপর শেখ হাসিনার ব্যক্তিগত নম্বরে ফোন করলাম। ‘নেত্রী, আমি শামসুল আলম। প্রধানমন্ত্রীর চিঠি নিয়ে এসেছিলাম। কিন্তু আমাকে মেরে ফেলার মতো পরিস্থিতি হয়েছিল। চিঠিটা দিতে পারিনি। আপনার নম্বরে ফ্যাক্স করে পাঠিয়ে দিয়েছি। পরে কুরিয়ার করে দেব।’
এর কয়েক মাস পর, ঈদের আগের দিন রাত। এলিফ্যান্ট রোডে গিয়েছি পর্দার কাপড় কিনতে। এক দোকান থেকে আরেক দোকানে যাচ্ছি। হঠাৎ একজন লোক এসে আমার হাত শক্ত করে ধরে ফেলল। আমার হাত স্বভাবতই পকেটে গেল পিস্তল বের করতে। পিস্তল বের করে তার পেটে ঠেকিয়ে দিলাম। লোকটি আঁতকে উঠলেন, ‘ভাই! ভাই! ওটা নামান!’ বললাম,‘আগে পরিচয় দেন। তারপর নামাব।’ লোকটি বললেন, ‘ভাই, আমি সেই লোক।’ ‘কোন লোক?’ ‘সেদিন সুধা সদনে আপনাকে যে সরিয়ে দিয়েছিলাম।’
আমি থমকে গেলাম। ‘আমরা শরীয়তপুর-মাদারীপুরের অনেক লোক ছিলাম সেখানে। আপনাকে দেখে মনে হলো, আপনি তো নিরীহ মানুষ। আপনাকে কেন মারবে?’ তারপর বললেন, ‘আমি তাই দৌড়ে গিয়ে আপনাকে সরিয়ে দিয়েছিলাম।’ লজ্জ্বিত হয়ে আমি ধীরে ধীরে পিস্তল নামিয়ে নিলাম।
কয়েক মাস আগে রাতের অন্ধকারে যে মানুষটি শুধু একটি বাক্য বলেছিলেন, ‘ভাই, দৌড় দেন’Ñ আজ হঠাৎ তার পরিচয় পেয়ে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম।
আজ এত বছর পর সেই রাতের কথা মনে হলে এখনও গা শিউরে ওঠে। সে রাতটি ছিল একটি ভয়ংকর রাত। মৃত্যু সে রাতে যেন আমাদের মুখোমুখি এসে দাঁড়িয়েছিল। সেদিন আমরা প্রধানমন্ত্রীর চিঠিটি সুধা সদনের দরজা পর্যন্ত পৌঁছাতে পারিনি সত্য, তবে মানুষের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদারতা ও দায়িত্ববোধের বার্তা ঠিকই পৌঁছে গিয়েছিল। ২১ আগস্ট গুলিস্তানে মারা গিয়েছিলেন ২৪ জন। ২৩ আগস্ট নিহতের সংখ্যায় আরও তিনটি নাম যোগ হতে পারতÑ আমার, মহিউদ্দিন খান মোহনের এবং জাহিদ ভূঁইয়ার। আল্লাহর অশেষ রহমতে আমরা প্রাণে রক্ষা পেয়েছিলাম।
আজ ভাবি- সেদিন কোথা থেকে এত সাহস পেয়েছিলাম? মনই উত্তর দেয়-কর্তব্যবোধ ও নিষ্ঠা। কখনও কখনও দায়িত্ব পালন করতে গিয়ে জীবনের ঝুঁকির কথা স্মরণে আসে না। সেদিন সেটাই ঘটেছিল। আমার আত্মতৃপ্তির জায়গাটা হলো, আমি দেশনেত্রীর প্রদত্ত দায়িত্ব পালনের চেষ্টা করেছি। হয়তো মরে যেতে পারতাম। তবে হায়াত-মউতের মালিক তো আল্লাহ্। তিনি বাঁচিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ।
লেখক: সাবেক সিনিয়র সচিব, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক সহকারী একান্ত সচিব