মহিউদ্দিন খান মোহন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
‘কয়লা ধুইলে ময়লা যায় না’Ñ একটি বহুলপ্রচলিত প্রবাদ। ইংরেজি ‘ব্ল্যাক ডাজ নট চেঞ্জ ইটস কালার’-এর বাংলা তরজমা। এ প্রবাদের যথার্থতা নিয়ে কারও সংশয় থাকার কথা নয়। কয়লা এমন একটি পদার্থ, যার জন্মগত রঙ কালো। কেউ যদি কয়লার ময়লা, মানে কালো রঙ ধুয়ে সাফ করতে চান, তাকে হতাশ হতেই হবে। হাতের ছাল উঠে যেতে পারে, দুনিয়ার তাবৎ সাবান, সোডা, ডিটারজেন্ট ফুরিয়ে যেতে পারে। কিন্তু কয়লা তার রঙ পরিবর্তন করবে না। কেননা, এটা ওই পদার্থটির বৈশিষ্ট্য। অবশ্য কয়লার ওপর অন্য রঙ চড়িয়ে ভিন্নরূপ দেওয়া যায়। তবে তা সাময়িক, কাকের ময়ূরপুচ্ছ ধারণের মতো। কারণ কয়লাখণ্ডকে ভাঙলে ভেতরে তার কৃষ্ণবর্ণের চরিত্র বেরিয়ে আসবেই। আবার কখনও কৃত্রিম রঙ মুছে গিয়ে এর আসল রঙও বেরিয়ে আসে। সমাজে কয়লা চরিত্রের মানুষের অভাব নেই। এরা তাদের স্বভাবগত অভ্যাস কখনোই পরিবর্তন করতে পারে না। শত উপদেশ কিংবা শাসন-শাস্তির পরেও তারা একই কাজে (আসলে অকাজে) প্রবৃত্ত হয়। আর তখনই নেতিবাচক এ প্রবাদটি ব্যবহার করা হয়।
বোধ করি, এদেরকে উপলক্ষ করেই গীতিকবি গুরুদাস পাল তার অমর গণসংগীতটি লিখেছেনÑ ‘থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা/ বাঘে হরিণে খানা একসাথে খাবে না/ স্বভাব তো কখনও যাবে না’। আসলে স্বভাব সহজে বদলায় না। যেমন সোজা হয় না কুকুরের লেজ। সেটাকে দীর্ঘ সময় একটি সোজা পাইপ বা বাঁশের চোঙায় ভরে রাখলেও বের করা মাত্র পুনরায় বক্রাকৃতি ধারণ করে। এই কুকুরের লেজ নিয়ে একটি গল্প আছে। এক বৃদ্ধলোক দারিদ্র্যের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে পাহাড়ে গেল। সেখানে এক দরবেশ তাকে দেখে বলল, ‘বৎস, তুমি কেন এখানে এসেছ?’ লোকটি বলল, ‘দরবেশ বাবা, আমি খুবই দরিদ্র মানুষ। খেতে পাই না ঠিকমতো। আমার একটি সন্তানও নাই যে আমাকে রুজি করে খাওয়াবে। তাই এ জীবন আর রাখব না। এই পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব।’ দরবেশ বললেন, ‘হে বৎস, তুমি কি জান না, আত্মহত্যা মহাপাপ? এই বয়সে তো তোমার আর সন্তান হবে না। তবে আমি তোমাকে একটি দৈত্য দিচ্ছি। সে তোমার সব কাজ করে দেবে। ধন-দৌলত এনে দেবে, বাড়িঘর বানিয়ে দেবে। তবে শর্ত একটাই, ওকে সারক্ষণ কাজে ব্যস্ত রাখতে হবে। কাজ না থাকলে সে সবকিছু ভেঙে ফেলবে।’ বৃদ্ধ দৈত্যকে নিয়ে বাড়ি এসে হুকুম দিলেন সুন্দর একটি বাড়ি তৈরির। কয়েক ঘণ্টার মধ্যেই বাড়ি তৈরি হয়ে গেল। দৈত্য কাজ চায়। বৃদ্ধ বললেন, আমার স্ত্রী ও আমার জন্য খাবার নিয়ে এসো। দৈত্য তা হাজির করল। এবার বৃদ্ধ অর্ডার দিল, নদী থেকে খাবার পানি আনতে। দৈত্য তাও নিয়ে এলো। দৈত্য পুনরায় কাজ চায়। বৃদ্ধ পড়ে গেল মহা ফাঁপরে। এখন উপায়? ওদিকে দৈত্য কাজ না পেয়ে বাড়ির আশপাশের বড় বড় গাছ উপড়ে ফেলতে লাগল। উপায়ান্তর না দেখে বৃদ্ধ দৈত্যকে নিয়ে আবার দরবেশ বাবার কাছে গেল। সব শুনে দরবেশ লোকটিকে বললেন, ‘তোর বাড়িতে কি কুকুর আছে?’ লোকটি জানাল আছে। দরবেশ বললেন, ‘যখন কাজ শেষ হয়ে যাবে, তখন দৈত্যকে বলবি, কুকুরটির লেজটি সোজা করতে।’ বৃদ্ধ দৈত্যকে নিয়ে বাড়ি ফিরে বলল, ‘নে এবার ওই কুকুরটির লেজ টেনে সোজা কর। এটাই এখন তোর কাজ।’ বোকা দৈত্য কুকুরের লেজ টেনে সোজা করে যেই ছেড়ে দেয়, অমনি তা আবার বাঁকা হয়ে যায়। এভাবে দৈনন্দিন কাজ শেষে বৃদ্ধ দৈত্যকে কুকুরের লেজ সোজা করার কাজে লাগিয়ে দেয়। সে কাজ আর শেষ হয় না, দৈত্যও কাজের জন্য অস্থির হয়ে ওঠে না। আসলে সৃষ্টিকর্তা প্রতিটি জীবকেই আলাদা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। কুকুরের বাঁকানো লেজ তেমনি একটি বৈশিষ্ট্য। কয়লার যেমন রঙ পরিবর্তন হয় না, কুকুরের লেজ সোজা হয়েছেÑ এমন কথা আজতক শোনা যায়নি।
আমাদের দেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধনের ওপর ইতালিতে হামলা করেছে পতিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু কর্মী। এ নিয়ে মূলধারা সংবাদ মাধ্যমে যেমন নিন্দা-প্রতিবাদের ঝড় উঠেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তুমুল সমালোচনা। ঘটনাটি নিয়ে কথা বলেছি ইতালির ভেনিসে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জাকির হোসেন সুমনের সঙ্গে। সে জানাল, বাঁধন যখন তার ভাই ও ছোট্ট ভাতিজাকে নিয়ে ভেনিসের একটি পার্কে বেড়াতে যায়, তখনই লীগ সমর্থক কতিপয় ব্যক্তি তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা চব্বিশের জুলাই আন্দোলনে জড়িত থাকার জন্য বাঁধনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তারা পানি ও কোকের বোতল ছুড়ে মারে এবং শারীরিকভাবে বাঁধনকে লাঞ্ছিত করে। বাঁধন নিজেও গণমাধ্যমকে বলেছেন, হামলাকারীরা তার গায়ে হাত তুলেছে। এই ঘটনায় সেখানকার পুলিশ কর্তৃপক্ষের কাছে বাঁধন অভিযোগ দায়ের করেছেন। আশা করা যায়, ভেনিস পুলিশ দুর্বৃত্তদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেবে।
আজমেরি হক বাঁধন দেশের একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি ইতালির ভেনিসে গিয়েছিলেন একটি চলচ্চিত্র উৎসবে যোগ দিতে। রাজনৈতিক প্রতিহিংসাবশত সেখানে তার ওপর বর্বর হামলা সুস্থ মানসিকতার কেউই মেনে নিতে পারছেন না। ২০২৪ সালের জুলাই আন্দোলনে দেশের ৮০ শতাংশ মানুষ অংশ নিয়েছে, এটা কোনো অতিশয়োক্তি নয়। তাদের কেউ রাজপথে নেমে প্রতিবাদ মিছিল করেছেন, কেউ নৈতিক সমর্থন দিয়েছেন। জনসংখ্যার হিসাব করলে তাদের সংখ্যা পনেরো কোটি ছাড়িয়ে যাবে। তাহলে রাজনৈতিক দলের কর্মী না হওয়া সত্ত্বেও কেন অভিনেত্রী বাঁধন লীগ-কর্মীদের জিঘাংসার শিকার হলেন? এখানেই আওয়ামী লীগের চরিত্রের কয়লাসদৃশ বৈশিষ্ট্যের প্রমাণ। আওয়ামী লীগের ৭৮ বছরের ইতিহাসের সবচেয়ে দুর্ভাগ্যজনক দিকটি হলো, গণতন্ত্রের পক্ষে লড়াইয়ের অঙ্গীকার নিয়ে জন্ম নেওয়া দলটি সময়ের ব্যবধানে এখন গণতন্ত্রের প্রতিপক্ষ শক্তি হিসেবে চিহ্নিত। দলটির নেতাকর্মীদের চরিত্রে অসহিষ্ণুতা ও জিঘাংসার প্রবৃত্তি দুর্দমনীয়। এরা কিছুতেই ভিন্ন মতকে সহ্য করতে পারে না। এরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে শত্রুতা জ্ঞান করে তাদের নিশ্চিহ্ন করার মনোবৃত্তি পোষণ করে। স্বাধীনতার পর থেকে তারা তাদের এই হিংসাত্মক মনোবৃত্তির পরিচয় দিয়ে চলেছে।
ইতিহাস বলে, রাজনৈতিক মতবিরোধ বা পরমতসহিষ্ণুতা আওয়ামী লীগের চরিত্রে নেই। স্বাধীনতার পর তারা দলীয় ঠাঙারে বাহিনী এবং হিটলারের গেস্টাপো বাহিনীর আদলে গঠিত রক্ষীবাহিনীর দ্বারা তৎকালীন সময়ে লীগ-বিরোধী প্রগতিশীল রাজনৈতিক কর্মীদের গণহারে নিধন-নির্যাতন করেছিল। ভাসানী ন্যাপ, কমিউনিস্ট পার্টি, জাসদ ইত্যাদি দলের অসংখ্য নেতাকর্মী সে বর্বর হত্যাযজ্ঞের শিকার হয়েছিল। তারপর আজীবন গণতন্ত্রের পক্ষে সোচ্চার শেখ মুজিবুর রহমান স্বহস্তে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেন একদলীয় বাকশাল পদ্ধতির প্রবর্তন করে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট সামরিক অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। পুনরায় বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা হাতে পেতে দলটিকে অপেক্ষা করতে হয় দীর্ঘ একুশ বছর। ১৯৯৬ সালে সরকার গঠন করে তারা। কারও কারও ধারণা ছিল, দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থেকে হয়তো দলটির নেতৃত্ব এবং কর্মীদের বোধোদয় হয়ে থাকবে। কিন্তু মানুষ ছিল ভ্রান্ত। দুই দশকেরও বেশি সময় রাষ্ট্রক্ষমতা থেকে নির্বাসিত থাকা আওয়ামী লীগ সরকারে এসেই স্বমূর্তিতে আত্মপ্রকাশ করে। নোয়াখালীর ছাত্রদল নেতা সুমনকে ড্রিল মেশিনে ছিদ্র করে হত্যার মধ্য দিয়ে তারা শুরু করে তাদের নিধনযজ্ঞ। অভ্যুদয় ঘটে সন্ত্রাসের ‘গড ফাদার’ নামে এক নতুন প্রজাতির। তারা সারা দেশে কায়েম করে সন্ত্রাসের রাজত্ব।
পাঁচ বছরের তাণ্ডবলীলায় অতিষ্ঠ জনগণ সমুচিত জবাব দেয় ব্যালটের মাধ্যমে। ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাদের শোচনীয় পরাজয় ঘটে। তারপর নানা ফন্দিফিকির আর চক্রান্তের মাধ্যমে ২০০৭ সালের জরুরি অবস্থা জারির প্রেক্ষাপট তৈরি করে তারা। ওয়ান-ইলেভেন নামে পরিচিত সে গণতন্ত্রবিরোধী পদক্ষেপকে স্বাগত জানিয়ে শেখ হাসিনা তার অমর উক্তি করেন, ‘এই সরকার আমাদের আন্দোলনের ফসল।’ এই অকুণ্ঠ সমর্থনের প্রতিদান হিসেবে জেনারেল মইন ইউ আহমেদ ২০০৯ সালে ক্ষমতায় বসান শেখ হাসিনাকে। তারপরের ইতিহাস সবারই জানা। দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনা, তার সরকার ও দল বাংলাদেশকে পরিণত করেছিল একটি বধ্যভূমিতে; যেখানে প্রতিনিয়ত খুন করা হতো প্রতিবাদী মানুষকে।
তারপর আসে ২০২৪ সালের জুলাই আন্দোলন। কেঁপে ওঠে স্বৈরশাসক শেখ হাসিনার তখতে তাউস। জনতার রোষের আগুনে পুড়ে ছারখার হয়ে যায় তার স্বপ্নপ্রাসাদ। জনতার সে আন্দোলনকে স্তব্ধ করতে হাসিনা বেছে নেন চরম নৃশংসতা। নির্বিচার গণহত্যার ঘটনা সাধারণ মানুষের বিবেককে জাগিয়ে তোলে। বিবেকের তাড়নায়ই লাখো জনতার সঙ্গে সে আন্দোলনে শরিক হয়ছিলেন অভিনেত্রী বাঁধন। এটা তার কোনো অপরাধ ছিল না। লীগ সরকারের নারকীয় গণহত্যার প্রতিবাদ করাকে তিনি অবশ্য পালনীয় কর্তব্য মনে করেছিলেন। তিনি একা নন। আরও অনেক শিল্পী আন্দোলনের মাঠে নেমেছিলেন। বাঁধনকে আামরা দেখেছি রাজপথে দাঁড়িয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলতে। ইতালির ভেনিসে অবস্থানরত লীগ সন্ত্রাসীদের অন্তর্জ্বালা এখানেই। তাই ওরা বর্বরতার নিকৃষ্ট নজির স্থাপন করেছে বাঁধনকে লাঞ্ছিত করে।
সাবেক রাষ্ট্রপতি মরহুম বদরুদ্দোজা চৌধুরী যখন বিএনপির নেতা ছিলেন, বিভিন্ন বক্তৃতায় তিনি আওয়ামী লীগ সম্বন্ধে বলতেনÑ ‘সুন্দরবনের একটি বাঘ যদি লোকালয়ে এসে বলে, ‘আমি এখন থেকে রক্ত-মাংস খাব না, শুধু লাবড়া খাব’, সেটা যেমন বিশ্বাসযোগ্য নয়, তেমনি আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে গণতান্ত্রিক আচরণ করবে, সেটাও বিশ্বাসযোগ্য নয়।’ যথার্থ বলেছিলেন ডাক্তার বি. চৌধুরী। উপরন্তু এটা এখন প্রমাণিত, শুধু সরকারে গিয়ে নয়, সরকারের বাইরে থাকলেও আওয়ামী লীগ গণতান্ত্রিক আচরণ করে না। তারই বহিঃপ্রকাশ ঘটেছে ইতালির ভেনিসে।
লেখক: সহকারী সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ