× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারুণ্য এবং জাতীয় সমৃদ্ধি

সম্পাদকীয়

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৪ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

‘তারুণ্য’ একটি জাতির দুর্দমনীয় শক্তি। উদ্যম, সাহস, সৃজনশীলতা এবং স্বপ্নকে ধারণ করে তরুণরাই পারেন সমাজ ও রাষ্ট্রের গতিপথ বদলে দিতে। ইতিহাস সাক্ষ্য দেয়, পৃথিবীর বহু গুরুত্বপূর্ণ পরিবর্তনের পেছনে ছিল তারুণ্যের অদম্য ভূমিকা। আমাদের তরুণরা দেশ স্বাধীনের আগে-পরে নানা সময়ে সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে অগ্রভাগে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। প্রমাণিত হয়েছে, তরুণদের সঠিক নির্দেশনা দিয়ে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগালে তারা অসাধ্য সাধন করতে পারেন। প্রয়োজন শুধু দূরদৃষ্টিসম্পন্ন বলিষ্ঠ নেতৃত্ব। যেহেতু আমাদের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। তাই তাদের মেধা, শ্রম ও দেশপ্রেমকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে উন্নয়ন এবং সমৃদ্ধির নতুন দ্বার উন্মোচিত হবেÑ সেটা আশা করা যায়।

এমন এক বাস্তবতায় একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিশেষভাবে তরুণদের উদ্দেশে বলেছেন, ‘আসুন এবার রাষ্ট্রকে, দেশকে আমরা পুনর্গঠন করি। আগামী তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করি।’ প্রধানমন্ত্রী বলেন, আমাদের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায়, তাহলে সেটা অবশ্যই সম্ভব। তরুণরা যে পরিবর্তন করতে পারেন, তা ২০২৪ সালের ৫ আগস্ট সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী গত শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে এসব কথা বলেন। উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে চলমান থাকবে। ঢাকাকেন্দ্রিক উদ্যোগের পাশাপাশি দেশের সব জেলা এবং উপজেলা পর্যায়েও একযোগে এ সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কোনো মৌসুমি কর্মসূচির বিষয় নয়। এটি জনস্বাস্থ্য, নাগরিক দায়িত্ব এবং একটি সুস্থ সমাজ গঠনে সরাসরি যুক্ত। তাই এই আহ্বানকে শুধু একটি কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয় হিসেবে দেখলে চলবে না। এর মধ্যে রয়েছে নাগরিক সচেতনতা, স্বেচ্ছাসেবী উদ্যোগ এবং দায়িত্বশীল ভবিষ্যৎ নির্মাণের একটি বৃহত্তর বার্তা। যে কারণে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশের স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসির সদস্য সংখ্যা ২২ হাজার। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাই স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় দেড় কোটি। এতগুলো মানুষ যদি দেশকে পুনর্গঠন করতে চাই, কেউ লক্ষ্য অর্জনকে ঠেকিয়ে রাখতে পারবেন না। 

বাংলাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিবছর নানা উদ্যোগ নেওয়া হলেও এডিস মশার বিস্তার পুরোপুরি ঠেকানো কঠিন হয়ে পড়ছে। অপরিকল্পিত নগরায়ণ, পানি জমে থাকা, নির্মাণাধীন ভবনের অব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা এবং ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে অসচেতনতা পরিস্থিতিকে জটিল করে তোলে। শুধু মশক নিধন কার্যক্রম পরিচালনা করে এই সমস্যা দীর্ঘমেয়াদে সমাধান করা সম্ভব নয়। প্রয়োজন নিয়মিত পরিচ্ছন্নতা, উৎসস্থল ধ্বংস, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ।

প্রধানমন্ত্রী এই জায়গায় অনুধাবন করেছেন তরুণ সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণরা চাইলে নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল, আবাসিক এলাকা ও সামাজিক মাধ্যমকে সচেতনতা তৈরির কার্যকর প্লাটফর্মে পরিণত করতে পারেন। স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান, বাড়ি ও আশপাশে জমে থাকা পানি শনাক্ত করা, মানুষকে সচেতন করা এবং প্রশাসনের কাছে সমস্যাগুলো তুলে ধরার মতো উদ্যোগে তরুণদের সম্পৃক্ততা ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

তবে আমরা বলতে চাই, এসব কর্মকাণ্ড শুধু তরুণদের দায়িত্বÑ এমন ধারণা কোনোভাবেই গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। ডেঙ্গু প্রতিরোধে সরকার, স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন ও পৌরসভা, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান এবং সাধারণ নাগরিকÑ সবার দায়িত্ব রয়েছে। যেখানে মশার প্রজননস্থল সৃষ্টি হচ্ছে, সেখানে কার্যকর নজরদারি ও দ্রুত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরিচ্ছন্নতা অভিযান যেন কেবল উদ্বোধন ও প্রচারনির্ভর না হয়ে বাস্তব, নিয়মিত এবং পরিমাপযোগ্য কার্যক্রমে পরিণত হয়; সেটিও নিশ্চিত করা জরুরি।

আমরা মনে করি, তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বানকে সার্থক করতে হলে তাদের হাতে শুধু দায়িত্ব তুলে দিলেই হবে না; প্রয়োজন তথ্য, প্রশিক্ষণ, নিরাপদ অংশগ্রহণের সুযোগ এবং স্থানীয় পর্যায়ে কার্যকর সমন্বয়। নাগরিক উদ্যোগকে স্বীকৃতি ও উৎসাহ দেওয়ার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোকেও জবাবদিহিতার আওতায় রাখতে হবে।

মনে রাখতে হবে, একটি পরিচ্ছন্ন দেশ কেবল ঝকঝকে রাস্তা বা মশামুক্ত এলাকা নয়। এটি সচেতন নাগরিক, কার্যকর প্রতিষ্ঠান এবং দায়িত্বশীল প্রশাসনের সম্মিলিত ফল। তাই ডেঙ্গু প্রতিরোধের এই তিন মাস হোক দীর্ঘমেয়াদি নাগরিক অভ্যাস গড়ে তোলার সূচনা। তরুণদের শক্তি, রাষ্ট্রের সক্ষমতা এবং জনগণের সচেতনতা জাগ্রত হলে ‘দেশকে পুনর্গঠন’ কোনো স্লোগান হয়ে থাকবে না, তা বাস্তব পরিবর্তনের পথে একটি কার্যকর অঙ্গীকারে পরিণত হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা