যে রাজনীতি একসময় সমাদৃত ছিল জনসেবকদের কর্মকাণ্ড হিসেবে, সে রাজনীতি এখন মানুষের কাছে চিহ্নিত অসৎ ব্যক্তিদের আত্মস্বার্থ চরিতার্থ করার মাধ্যম হিসেবে।
সমাজে সৎ এবং ভালো মানুষের অভাব দীর্ঘকাল ধরেই অনুভূত হচ্ছে। অসৎ মানুষের প্রাদুর্ভাবে সমাজ উঠেছে বিষিয়ে। ভেঙে পড়ছে শৃঙ্খলা। মূল্যবোধে নামছে ধস। পরিণামে সমাজ হয়ে উঠছে শ্বাসরুদ্ধকর অসহনীয় বদ্ধ কক্ষের মতো। সর্বক্ষেত্রের মতো রাজনীতিতেও সৎ মানুষের আকাল এখন তীব্র আকার ধারণ করেছে। যে রাজনীতি একসময় সমাদৃত ছিল জনসেবকদের কর্মকাণ্ড হিসেবে, সে রাজনীতি এখন মানুষের কাছে চিহ্নিত অসৎ ব্যক্তিদের আত্মস্বার্থ চরিতার্থ করার মাধ্যম হিসেবে। রাজনীতিতে অসৎ, লোভী এবং দেশপ্রেমহীন মানুষের আধিক্য মানুষের মধ্যে হতাশা বাড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত। আজকাল অনেকেই মন্তব্য করে থাকেন, ‘রাজনীতি ভালো মানুষের কাজ নয়।’ অথচ রাজনীতিই হওয়া উচিত সৎ ও ভালো মানুষদের বিচরণক্ষেত্র। কেননা, রাজনীতি জনগণের ভাগ্য নিয়ন্ত্রণ করে, দেশের ভালো-মন্দের পরিণাম-পরিণতি নির্ধারণে প্রধান নিয়ামক হিসেবে কাজ করে।
রাজনীতিতে সৎ মানুষের অভাবের বিষয়টি অনেকের মতো তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থও বোধকরি অনুভব করে থাকবেন। আর সেজন্যই বলেছেন, সৎ মানুষদের রাজনীতিতে আসা প্রয়োজন। গত শুক্রবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, দেশের উন্নয়ন, অগ্রগতিকে টেকসই করতে রাজনীতিতে সৎ ও মেধাবী মানুষের অংশগ্রহণ জরুরি। ভালো রাজনীতিবিদ তৈরি করতে না পারলে উন্নয়নের যত স্বপ্নই দেখা হোক, তা দীর্ঘস্থায়ী হবে না। বর্তমান প্রেক্ষাপটে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মন্তব্যের যথার্থতা নিয়ে দ্বিমত প্রকাশের অবকাশ আছে বলে মনে হয় না। কেননা, আমাদের রাজনীতিতে সৎ ও ভালো মানুষের আক্রার প্রতিক্রিয়া প্রতিনিয়তই টের পাওয়া যায়। রাজনীতির নামে ভাঁওতাবাজি, প্রতারণা, শঠতার পাশাপাশি রাষ্ট্র তথা জনগণের সম্পদ লুণ্ঠনের অসুস্থ প্রতিযোগিতা বর্তমানে প্রকট আকার ধারণ করেছে। নৈতিক মূল্যবোধের প্রচণ্ড অভাব আজ রাজনীতিকে গ্রাস করেছে। অবস্থা এতটাই চরম আকার ধারণ করেছে যে, রাজনীতিতে ভালো মানুষ সম্পৃক্ত থাকতে পারেন, এ কথাটি একরকম অবিশ্বাস্য হয়ে উঠেছে। আজ রাজনীতির মাঠের দিকে তাকালে অসৎ, দুশ্চরিত্র, লোভী, প্রতারকদের আধিক্য প্রবলভাবে চোখে পড়ে। অসৎদের দোর্দণ্ড প্রতাপে সৎ ও দেশপ্রেমিক মানুষেরা রাজনীতির মাঠকে গুডবাই জানাতে বাধ্য হয়েছেন। যে কারণে রাজনীতি কথাটি শুনলেই মানুষ এখন নাক সিটকায়। অথচ এই রাজনীতিই আমাদের এই স্বাধীন স্বদেশভূমি এনে দিয়েছে। বরেণ্য রাজনীতিবিদরা একসময় আমাদের সঠিক পথে চলার নির্দেশনা দিয়েছেন, অনুপ্রাণিত করেছেন। তারা তাদের দেশপ্রেম, মানবপ্রেম আর সততার কারণে হয়ে আছেন প্রাতঃস্মরণীয়। অথচ তাদেরই উত্তরসূরি হয়ে আমাদের বর্তমান রাজনীতিকগণ তাদের মতো হতে পারছেন না। এ এক নিদারুণ ট্র্যাজেডি!
আমাদের রাজনীতির বর্তমান কলুষিত অবস্থা একদিনে হয়নি। এটা দীর্ঘদিনের ধারাবাহিকতার বিষময় ফল। এর অন্যতম কারণ রাজনীতিতে পেশিশক্তি ও কালোটাকার দাপট। রাজনৈতিক দল যখন নিত্যপণ্যের মতো নির্বাচনী মনোনয়ন বিক্রি করে, তখন ভালো-মন্দের বাছবিচার আর থাকে না। চোরাকারবারি, ব্যাংকলুটেরা, সমাজবিরোধীরা অর্থের জোরে বনে যাচ্ছে আইনপ্রণেতা। কেউ কেউ ঠাঁই পাচ্ছে মন্ত্রিসভায়। অন্যদিকে সততা, দেশপ্রেম ও মানবকল্যাণে নিবেদিত ভালো মানুষেরা হয়ে পড়ছেন অপাঙ্ক্তেয়। রাজনীতির এ দুর্বৃত্তায়নের কুফল সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে তীব্রভাবে অনুভূত হচ্ছে। সচেতন ব্যক্তিরা আশঙ্কা প্রকাশ করেন, যদি রাষ্ট্রে পরিচালনার প্রধান নিয়ামক রাজনীতিকে কলুষমুক্ত করা না যায়, ভালো মানুষের সমাবেশ না ঘটানো যায়, তাহলে আমাদের সমাজ ডুবে যেতে পারে গভীর তমিস্রায়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী যে প্রয়োজনের কথা অনুভব করেছেন, তা এদেশের প্রতিটি দেশপ্রেমিকের হৃদয়ে পুঞ্জীভূত অব্যক্ত কথারই প্রতিধ্বনি। তারা চায় রাজনীতিতে সৎ মানুষেরা বেশি বেশি অংশ নিক। তারা চায় রাজনীতি থেকে অসৎ লোকেরা বিতাড়িত হোক। তবে এ চাওয়া পূরণ করতে হলে রাজনীতির ভেতরে-বাইরে অবস্থানকারী সবাইকে একযোগে কাজ করতে হবে। সৎ ও ভালো মানুষেরা যাতে রাজনীতিতে আত্মনিয়োগে আগ্রহী হন সে পরিবেশ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে রাজনীতি যাতে ভালো মানুষদের জন্য স্বাচ্ছন্দ্যময় হয় তাও নিশ্চিত করতে হবে। তবে বিষয়টি অনেকাংশে নির্ভর করছে দেশের রাজনৈতিক নেতৃত্বের ওপর। তারা যদি তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়ে সৎ ও ভালো মানুষদের দলে স্থান দেন, তাহলে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন সম্ভব। আর যদি দলীয় শক্তি বৃদ্ধি কিংবা জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতার আশায় অসৎ লোকদের আশ্রয়-প্রশ্রয় বা মনোনয়ন দেন, তাহলে সৎ মানুষদের রাজনীতিতে অংশ নেওয়ার পথ কখনোই প্রসারিত হবে না। বরং যারা এখনও অতিকষ্টে টিকে আছেন, তারাও ছিটকে পড়তে বাধ্য হবেন। এক্ষেত্রে জনসাধারণেরও ভূমিকা রয়েছে বিরাট। তারা যদি অসৎ ব্যক্তিদের প্রত্যাখ্যান করে, তাহলে রাজনীতি দুর্বৃত্তায়নের হাত থেকে রেহাই পেতে পারে। উন্মুক্ত হতে পারে সৎ মানুষদের রাজনীতে অংশগ্রহণের পথ।