ইন্টেরিয়র
সৈকত দাশ
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৩ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০২ পিএম
সৈকত দাশ। অলংকরণ: প্রতিদিনের বাংলাদেশ
‘ইন্টেরিয়র’ শব্দটি শুনলেই মনে হয় একটি বাড়িকে সুন্দর করার চেয়ে যেন সেটিকে ব্যয়বহুল প্রমাণ করার প্রতিযোগিতা। কোথাও ফলস সিলিং, কোথাও দেয়ালজুড়ে প্যানেল, কোথাও অপ্রয়োজনীয় আলো, আবার কোথাও এমন সব সাজসজ্জাÑ যার বেশির ভাগের সঙ্গেই মানুষের দৈনন্দিন জীবনযাপনের কোনো সম্পর্কই নেই। প্রশ্ন হলোÑ একটি ঘর সুন্দর করতে কি এই খাতে ২০, ৩০ কিংবা ৪০ লাখ টাকা খরচ করতেই হবে?
আমার কাছে ইন্টেরিয়র সংস্কৃতির একটি বড় অংশ অনেক সময় প্রয়োজনের চেয়ে ব্যবসানির্ভর বলেই মনে হয়। মানুষের প্রয়োজন বোঝার আগে অনেক ক্ষেত্রেই তাকে বোঝানো হয়Ñ তার আরও কিছু দরকার। একটি সাধারণ দেয়ালকে বলা হয় ‘অপূর্ণ’, তাই সেখানে প্যানেল লাগাতে হবে। একটি স্বাভাবিক ছাদকে বলা হয় ‘সাদামাটা’, তাই সেখানে বহু স্তরীয় ফলস সিলিং করতে হবে। পর্যাপ্ত আলো থাকলেও আরও আলো লাগাতে হবে। কারণ সেটি দেখতে ‘প্রিমিয়াম’। এভাবেই ধীরে ধীরে মানুষের প্রয়োজনকে পণ্যে পরিণত করা হয়।
সুন্দর মানেই কি ব্যয়বহুল? সৌন্দর্য এবং ব্যয় এক জিনিস নয়। একটি বাড়ির সৌন্দর্য কি নির্ভর করে কত দামি মার্বেল ব্যবহার বা দেয়ালে কত টাকার প্যানেল লাগানো হয়েছে তার ওপর। আমার দৃষ্টিতে একটি সুন্দর বাড়ি হলো সেই বাড়িÑ যেখানে আলো স্বাভাবিকভাবে প্রবেশ করে। যেখানে বাতাস চলাচল করতে পারে। যেখানে চলাফেরা সহজ হয়। যেখানে আসবাব মানুষের প্রয়োজন অনুযায়ী সাজানো যায়। যেখানে অপ্রয়োজনীয় জিনিসের ভিড় এবং যেখানে বসবাসকারী মানুষের ব্যক্তিত্বের প্রতিফলন রয়েছে।
তার মানে একটি ঘরকে সুন্দর করার জন্য প্রথমে বুঝতে হবেÑ মানুষটি কীভাবে বাঁচে। তার পরিবার কেমন, তার অভ্যাস কী, তার দৈনন্দিন জীবনযাপন কেমন, তার কী প্রয়োজনÑ এসব না বুঝে শুধু বিদেশি কোনো ছবির অনুকরণ করে তৈরি করা ঘরকে আমি প্রকৃত ডিজাইন বলতে পারি না।
আশ্চর্যের বিষয় হলো, অনেক মানুষ বাড়ির গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে খরচ করতে অনীহা দেখান। যেমন- একটি বাড়ির স্ট্রাকচারাল নিরাপত্তা, ওয়াটার প্রুফিং, ভালো প্লাম্বিং, নিরাপদ ইলেকট্রিক্যাল ব্যবস্থা, প্রাকৃতিক আলো, বায়ু চলাচল এসবের গুরুত্ব অনেক বেশি। কিন্তু বাস্তবতা হলো, কোথাও কোথাও আমরা এসব মৌলিক বিষয়কে উপেক্ষা করি। এমন দেখা যায়, একটি বাড়ির ছাদ থেকে পানি পড়ছে অথচ ড্রয়িংরুমে ডিজাইনের ফলস সিলিং! আমি মনে করি, একজন ভালো ইন্টেরিয়র ডিজাইনারের কাজ হওয়া উচিত মানুষের বাজেটকে সম্মান করা। ডিজাইন মানে খরচ বাড়ানো নয়। ডিজাইন মানে সমস্যার বুদ্ধিমান সমাধান।
আমাদের দরকার স্মার্ট ইন্টেরিয়র
বাংলাদেশে আমাদের এমন একটি ইন্টেরিয়র সংস্কৃতি দরকার যেখানে থাকবেÑ কম খরচে সর্বোচ্চ কার্যকারিতা, স্থান ব্যবহারের দক্ষতা, প্রাকৃতিক আলো ও বাতাসের গুরুত্ব, টেকসই উপকরণ, সহজ রক্ষণাবেক্ষণ এবং মানুষের নিজস্ব জীবনধারার প্রতিফলন। সব বাড়িকে একই রকম দেখতে হবে কেন? সব ড্রয়িংরুমে একই ধরনের টিভি প্যানেল, একই ফলস সিলিং, একই LED strip lightÑ এটাই কি ডিজাইন? ডিজাইন তখনই সত্যিকারের ডিজাইন হয়, যখন সেটি মানুষের জন্য আলাদা হয়।
মানুষ তার কষ্টার্জিত অর্থ দিয়ে বাড়ি তৈরি করে। সেই অর্থের মূল্য আছে। তাই ইন্টেরিয়র এমন হওয়া উচিত নয় যে মানুষ বাড়িতে ঢুকে প্রথমে হিসাব করবে এখানে কত টাকা খরচ হয়েছে। বরং এমন হওয়া উচিত যে মানুষ বলবেÑ ‘এখানে থাকতে ভালো লাগে।’ কারণ একটি বাড়ির প্রকৃত সৌন্দর্য তার দেয়ালের দামি প্যানেলে নয়, তার ঝলমলে আলোতেও নয়। একটি বাড়ির প্রকৃত সৌন্দর্য হলোÑ তার আরাম, তার ব্যবহারযোগ্যতা, তার সরলতা এবং তার মানুষের সঙ্গে সম্পর্ক। ইন্টেরিয়র এমন হওয়া উচিত নয় যে ঘরটি দেখে মানুষ আপনার টাকার পরিমাণ বুঝবে; ইন্টেরিয়র এমন হওয়া উচিত যে সেখানে বসে মানুষ আপনার রুচি, বুদ্ধিমত্তা ও জীবনযাপনের মান বুঝবে।
আমরা বলতে চাই, সুন্দর বাড়ি মানেই ব্যয়বহুল বাড়ি নয়। সত্যিকারের সুন্দর বাড়ি হলো যেখানে সৌন্দর্যের সঙ্গে যুক্ত থাকে বুদ্ধিমত্তা, প্রয়োজন এবং মানুষের জীবন।
লেখক: প্রকৌশলী