জাহিদ ইকবাল
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৮ পিএম
জাহিদ ইকবাল। অলংকরণ: প্রতিদিনের বাংলাদেশ
সরকার বদলায়। ক্ষমতার মুখ বদলায়। মন্ত্রীর চেয়ার বদলায়। সচিবের কক্ষ বদলায়। রাজনৈতিক স্লোগান বদলায়। নির্বাচনের পোস্টার বদলায়। কিন্তু সাধারণ নাগরিকের জীবনের কতটা বদলায়Ñ এই প্রশ্নটি এখন আর রাজনৈতিক তর্কের বিষয় নয়। এটি বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থার সামনে দাঁড়িয়ে থাকা সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর একটি। সরকার যায়, সরকার আসে। জনগণ নতুন আশা নিয়ে অপেক্ষা করেÑ এবার হয়তো দ্রব্যমূল্য কমবে, রাস্তায় শৃঙ্খলা ফিরবে, ঘুষ কমবে, অফিসে হয়রানি কমবে, হাসপাতালে সেবা বাড়বে, পুলিশ মানুষের বন্ধু হবে, বিচার দ্রুত হবে, পানি-ড্রেনেজের সমস্যা সমাধান হবে। কিন্তু কিছুদিন পর নাগরিক আবার একই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন করেÑ পরিবর্তনটা হলো কোথায়?
২০২৪ সালের রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশে রাষ্ট্র সংস্কার, জবাবদিহি, দুর্নীতিবিরোধী ব্যবস্থা ও প্রতিষ্ঠান শক্তিশালী করার বড় প্রত্যাশা তৈরি হয়েছিল। একাধিক সংস্কার কমিশনও গঠিত হয়েছিল। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যায়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাভাবিকভাবেই মানুষের প্রত্যাশার জায়গাটি আরও বড় হয়েছে। এখন আসল প্রশ্নÑ রাষ্ট্রের কেবল সরকার বদলেছে, নাকি রাষ্ট্র পরিচালনার সংস্কৃতিতেও পরিবর্তন আসছে?
আসলে সরকার বদলালেই ব্যবস্থা বদলায় না। একজন মন্ত্রী পরিবর্তন করতে পারেন, একজন সচিব বদলি হতে পারেন, একটি রাজনৈতিক দলের জায়গায় আরেকটি দল ক্ষমতায় আসতে পারে। কিন্তু একই অফিসে যদি ফাইল আটকে রাখার সংস্কৃতি থাকে, একই নিয়মে যদি নাগরিককে বারবার ঘুরতে হয়, একইভাবে যদি প্রভাবশালী ব্যক্তি সুবিধা পান, তাহলে চেয়ার বদলেছেÑ ব্যবস্থা বদলায়নি। এই জায়গাটিই বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা।
বিশ্বব্যাংক বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা, জবাবদিহি, সরকারি ক্রয়, রাজস্ব আহরণ, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা ও আর্থিক নজরদারি শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা বলেছে। ২০২৫ সালে সংস্থাটি সরকারি খাতের কর্মদক্ষতা ও জবাবদিহি বাড়াতে ২৫ কোটি ডলারের অর্থায়ন অনুমোদন করে। অর্থাৎ সমস্যাটি কেবল রাজনৈতিক বক্তব্যের বিষয় নয়; বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সক্ষমতা ও জবাবদিহির ঘাটতি আন্তর্জাতিক পর্যায়েও চিহ্নিত। প্রশ্ন হচ্ছে, এতদিন পরও কেন নাগরিককে সরকারি সেবা পেতে ‘চেনাজানা মানুষ’ খুঁজতে হবে? দুর্নীতি কোনো একটি রাজনৈতিক দলের একক সম্পত্তি নয়। এটি রাষ্ট্রের গভীরে ঢুকে পড়া একটি সংস্কৃতি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ২০২৫ সালের দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশ ১০০-এর মধ্যে ২৪ পেয়ে ১৮২ দেশের মধ্যে ১৫০তম অবস্থানে রয়েছে। আগের বছরের তুলনায় এক পয়েন্ট উন্নতি হলেও এ অবস্থান আত্মতুষ্টির কোনো কারণ হতে পারে না। এখানে একটি কঠিন সত্য স্বীকার করতে হবেÑ দুর্নীতির বিরুদ্ধে বক্তৃতা দেওয়া সহজ, দুর্নীতির সুবিধাভোগী কাঠামো ভাঙা কঠিন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। জুলাইয়ে তা ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। অর্থাৎ মূল্যস্ফীতি সামান্য কমেছে। কিন্তু একই সময়ে জাতীয় মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৫ শতাংশ। সংখ্যার ভাষায় মূল্যস্ফীতি কমতে পারে। কিন্তু একজন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ বাজারে গিয়ে যদি দেখে তার আয় বাড়ার চেয়ে জীবনযাত্রার ব্যয় দ্রুত বেড়েছে, তাহলে তার কাছে অর্থনীতির সাফল্যের গল্প খুব একটা অর্থ বহন করে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও বাংলাদেশের অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল রাজস্ব আহরণ ও আর্থিক খাতের দুর্বলতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে। অর্থনীতি ঘুরে দাঁড়াবেÑ এটি প্রয়োজন। কিন্তু সাধারণ মানুষের কাছে প্রশ্নটি আরও সরল : আমার বাজারের ব্যাগ কি একটু ভারী হয়েছে? আমার আয় কি একটু নিরাপদ হয়েছে? আমার সন্তানের ভবিষ্যৎ কি একটু নিশ্চিত হয়েছে?
বাংলাদেশে উন্নয়ন হয়েছেÑ এ কথা অস্বীকার করার সুযোগ নেই। সড়ক, সেতু, বিদ্যুৎ, যোগাযোগ, ডিজিটাল সেবাÑ অনেক ক্ষেত্রেই অগ্রগতি হয়েছে। কিন্তু উন্নয়নের একটি বড় পরীক্ষা হলোÑ সেই উন্নয়ন নাগরিকের দৈনন্দিন জীবন কতটা সহজ করেছে। একটি রাস্তা নির্মাণ হলো, কিন্তু পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেল। একটি নতুন ভবন হলো, কিন্তু অগ্নিনিরাপত্তা নিশ্চিত হলো না। সড়ক প্রশস্ত হলো, কিন্তু ফুটপাত দখল হয়ে গেল। ড্রেন হলো, কিন্তু কয়েক মাস পর ময়লায় বন্ধ হয়ে গেল। তাহলে উন্নয়ন হয়েছেÑ কিন্তু পরিকল্পনা হয়েছে কি?
নগরবাসীর কাছে উন্নয়নের অর্থ শুধু মেগাপ্রকল্প নয়। বৃষ্টির পর পানি না জমা, রাস্তায় নিরাপদে হাঁটা, সময়মতো ময়লা অপসারণ, নিরবচ্ছিন্ন পানি পাওয়া, বিদ্যুৎ পাওয়া, হাসপাতালে চিকিৎসা পাওয়াÑ এসবও উন্নয়ন। রাষ্ট্রের সবচেয়ে বড় ভুল তখনই হয়, যখন সে নাগরিকের বাস্তব জীবনকে শুধু পরিসংখ্যান দিয়ে মাপতে শুরু করে। সাম্প্রতিক সময়ে ডেঙ্গু ও হামÑ দুই সংকট একসঙ্গে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। ২০২৬ সালে হাম পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে; একই সময়ে ডেঙ্গু রোগীর চাপও হাসপাতালগুলোকে চাপে ফেলেছে।
ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের কথা আমরা শুনেছি। কিন্তু ডিজিটাল প্রযুক্তি যদি নাগরিকের সময় বাঁচাতে না পারে, তাহলে প্রযুক্তির বড় অংশই কেবল নতুন মোড়কের পুরনো ব্যবস্থা। একটি সনদ নিতে কেন কয়েকটি টেবিলে যেতে হবে? একটি অনুমোদনের জন্য কেন দিনের পর দিন অপেক্ষা করতে হবে? একটি অভিযোগের নিষ্পত্তির জন্য কেন পরিচিত ব্যক্তির ফোন প্রয়োজন হবে? এগুলো কেবল প্রশাসনিক সমস্যা নয়। এগুলো রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্কের সমস্যা।
নাগরিক রাষ্ট্রের কাছে কর দেয়। আইন মানে। ভোট দেয়। রাষ্ট্রের নিয়ম মেনে চলে। বিনিময়ে তার প্রত্যাশা খুব বেশি নয়Ñ ন্যায্যতা, নিরাপত্তা এবং সেবা। এই তিনটি দিতে না পারলে রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা কমে যায়। তাহলে পরিবর্তন কোথায় দরকার? রাজনৈতিক সরকারকে বুঝতে হবেÑ জনগণ এখন শুধু সরকার পরিবর্তন দেখতে চায় না; শাসনের পদ্ধতি পরিবর্তন দেখতে চায়। স্থানীয় সরকারকেও কাগজে-কলমে নয়, বাস্তবে শক্তিশালী করতে হবে। কারণ ঢাকার ড্রেনের সমস্যা প্রধানমন্ত্রী সরাসরি সমাধান করবেন না। এলাকার রাস্তার সমস্যা মন্ত্রিসভা বসে ঠিক করবে না। নাগরিকের প্রতিদিনের সমস্যার সমাধান করতে হবে স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন, পুলিশ, সংশ্লিষ্ট দপ্তর এবং জনগণের সমন্বয়ে।
নাগরিক হিসেবে আমাদেরও দায় আছে। আমরা ফুটপাত দখল করে আবার যানজটের অভিযোগ করি। যেখানে-সেখানে ময়লা ফেলি, আবার ড্রেন বন্ধ হওয়ার অভিযোগ করি। আইন ভেঙে পার পাওয়ার চেষ্টা করি, আবার অন্যের আইনভঙ্গের বিরুদ্ধে সোচ্চার হই। নিজের স্বার্থে অনিয়মকে মেনে নিই, পরে রাষ্ট্রের অনিয়ম নিয়ে ক্ষুব্ধ হই। রাষ্ট্র যেমন নাগরিক তৈরি করে, নাগরিকও রাষ্ট্রের চরিত্র তৈরি করে। তবে নাগরিকের দায়ের কথা বলে রাষ্ট্রের দায় কমানো যাবে না। বরং রাষ্ট্রকে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যেখানে সৎ থাকা সহজ এবং অসৎ থাকা কঠিন।
শেষ পর্যন্ত প্রশ্নটি ফিরে আসেÑ সরকার বদলায়, নাগরিকের ভোগান্তি বদলায় না কেন? কারণ আমরা বারবার সরকার বদলেছি, কিন্তু রাষ্ট্রের অভ্যাস বদলাতে পারিনি। ক্ষমতার কেন্দ্রে মুখ বদলেছে; কিন্তু অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের পুরনো সংস্কৃতি থেকে গেছে। রাজনৈতিক পরিচয় বদলেছে; কিন্তু তদবিরের সংস্কৃতি থেকে গেছে। প্রশাসনিক পদায়ন বদলেছে; কিন্তু জবাবদিহির ঘাটতি থেকে গেছে। প্রকল্প বদলেছে; কিন্তু প্রকল্প বাস্তবায়নের দুর্বলতা থেকে গেছে। আর জনগণ প্রতিবার নতুন স্বপ্ন নিয়ে অপেক্ষা করেছে।
এবার সেই অপেক্ষার অবসান হওয়া দরকার। নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশা কোনো অলৌকিক পরিবর্তন নয়। তারা চায় না এক রাতেই বাংলাদেশ উন্নত বিশ্বের কোনো দেশের মতো হয়ে যাক। তারা শুধু চায়Ñ রাষ্ট্র যেন কাজ করে। একজন রোগী হাসপাতালে গেলে চিকিৎসা পাক। একজন কৃষক ন্যায্য দাম পাক। একজন শ্রমিক সময়মতো মজুরি পাক। একজন শিক্ষার্থী মেধার ভিত্তিতে সুযোগ পাক। একজন ব্যবসায়ী ঘুষ ছাড়া লাইসেন্স পাক। একজন পথচারী নিরাপদে চলাচল করুক। এই ছোট ছোট প্রত্যাশাগুলোই আসলে বড় রাষ্ট্রের পরিচয়। সরকার বদলানো গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু সরকার বদলের পরও যদি নাগরিকের জীবন একই থাকে, তাহলে পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি এখনও অসম্পূর্ণ।
আমরা কি শুধু ক্ষমতার পালাবদল চাই, নাকি রাষ্ট্রের চরিত্রের পরিবর্তন চাই? বাংলাদেশের মানুষ বহুবার সরকার বদলেছে। এখন তারা এমন একটি রাষ্ট্র দেখতে চায়, যেখানে নাগরিকের জীবন বদলাবে।
লেখক: সিনিয়র সাংবাদিক ও সভাপতি, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন