ছামিউল চৌধুরী
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৭ পিএম
প্রতীকী ছবি।
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য উদ্বেগজনকভাবে বেড়েছে। ছিনতাই, চাঁদাবাজি, মারামারি, মাদক কারবার, ইভটিজিংÑ এমনকি হত্যার মতো গুরুতর অপরাধেও কিশোরদের জড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে। যে বয়সে তাদের বই-খাতা নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা, সে বয়সেই তারা হয়ে উঠছে অপরাধী চক্রের হাতিয়ার। এটি শুধু আইনশৃঙ্খলার সমস্যাই নয় পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও বড় সতর্কবার্তা।
কিশোর গ্যাংয়ের উত্থানের পেছনে পারিবারিক অশান্তি, অভিভাবকের নজরদারির অভাব, বেকারত্ব, মাদকাসক্তি, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলার ঘাটতি ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় অন্যতম কারণ। অনেক কিশোর পরিবার ও সমাজে কাঙ্ক্ষিত স্বীকৃতি না পেয়ে বন্ধু বা গ্যাংয়ের মধ্যে গ্রহণযোগ্যতা খোঁজে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধকে ‘স্টাইল’ হিসেবে উপস্থাপন এবং প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়া তাদের অপরাধে জড়ানোর সুযোগ তৈরি করছে।
এ সমস্যা সমাধানে প্রথম দায়িত্ব পরিবারের। সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে ও কী করছে- এসব বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সিলিং, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিতর্কচর্চার সুযোগ বাড়াতে হবে। অবসর সময়ের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করাও জরুরি। আইনশৃঙ্খলা বাহিনীকে কিশোর গ্যাংয়ের সদস্যদের পাশাপাশি তাদের পেছনের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। কিশোর অপরাধীদের ক্ষেত্রে শাস্তির পাশাপাশি সংশোধন ও পুনর্বাসনকে গুরুত্ব দিতে হবে।
কিশোর গ্যাং দমন কোনো একক প্রতিষ্ঠানের কাজ নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কারণ আজকের কিশোরই আগামী দিনের নাগরিক। তাদের অপরাধী নয়, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের সবার দায়িত্ব।
লেখক: শিক্ষার্থী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়