রহমত উল্লাহ
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৩ পিএম
গ্রাফিক্স: সংগৃহীত
একটি দেশের অর্থনীতির সবচেয়ে ভয়ংকর সংকেত কী হতে পারে? মূল্যস্ফীতি, ডলারের সংকট কিংবা বৈদেশিক ঋণের চাপÑ এসব অবশ্যই অর্থনীতির জন্য বড় উদ্বেগের বিষয়। কিন্তু যখন একটি দেশের ব্যাংকিং ব্যবস্থায় খেলাপি ঋণের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তখন সেটিকে শুধু অর্থনৈতিক সংকট হিসেবে দেখলে ভুল হবে। এটি একই সঙ্গে ব্যাংকিং ব্যবস্থার দুর্বলতা, সুশাসনের ঘাটতি এবং জবাবদিহিতার সংকটের প্রতিফলন। বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ৩০ শতাংশের ওপরে উঠে যাওয়া তাই আমার কাছে শুধু একটি পরিসংখ্যান নয়; এটি আমাদের আর্থিক ব্যবস্থার দীর্ঘদিনের অসঙ্গতির একটি স্পষ্ট সংকেত।
২০২৩ সালের শেষে যেখানে খেলাপি ঋণের হার ছিল প্রায় ৯ শতাংশ, ২০২৪ সালের শেষে তা বেড়ে দাঁড়ায় ২০ দশমিক ২০ শতাংশে। ২০২৫ সালের শেষে হার প্রায় ৩০ দশমিক ৬০ শতাংশে পৌঁছে। মাত্র দুই বছরের ব্যবধানে খেলাপি ঋণের অনুপাত তিন গুণেরও বেশি বেড়ে যাওয়া নিঃসন্দেহে উদ্বেগের। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরিÑ এই বৃদ্ধি পুরোপুরি নতুন ঋণ নিয়ে পরিশোধ না করার ফল নয়। এর একটি বড় অংশ হলো দীর্ঘদিনের জমে থাকা সমস্যার প্রকৃত চিত্র সামনে আসা। ঋণ শ্রেণিবিন্যাসের নিয়ম কঠোর হওয়ায় আগে যেসব ঋণকে খেলাপি হিসেবে দেখানো হচ্ছিল না, সেগুলোর একটি অংশ পরবর্তী সময়ে খেলাপি হিসেবে গণনায় এসেছে।
২০২৬ সালে সংসদে প্রকাশিত শীর্ষ খেলাপি প্রতিষ্ঠানের তালিকায় এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানের নাম এসেছে। শীর্ষ ২০ খেলাপি প্রতিষ্ঠানের মধ্যে ১১টি প্রতিষ্ঠান এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রকাশিত হয়েছে। পাশাপাশি বেক্সিমকো, কেয়া, সিকদার, মাইশা, রংধনু, দেশবন্ধুসহ আরও কয়েকটি বড় ব্যবসায়ী গোষ্ঠীর প্রতিষ্ঠানও তালিকায় রয়েছে। এসব নাম সামনে আসার পর আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়ায়Ñ ঋণ দেওয়ার সময় ব্যাংকগুলো কোথায় ছিল? একটি ব্যাংক কোনো প্রতিষ্ঠানকে হাজার কোটি টাকা ঋণ দেবে, অথচ সেই প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা, ব্যবসার প্রকৃতি, সম্পদের প্রকৃত মূল্য, ঋণের ব্যবহার এবং ভবিষ্যৎ পরিশোধ সক্ষমতা যথাযথভাবে যাচাই করবে নাÑ এটি মেনে নেওয়া কঠিন। যদি যাচাই করা হয়ে থাকে, তাহলে এত বিপুল ঋণখেলাপি হলো কীভাবে? আর যদি যাচাই যথাযথভাবে না হয়ে থাকে, তাহলে দায় কি শুধু ঋণগ্রহীতার?
ঋণ পুনঃতফসিলের সুযোগ, বারবার সময় বাড়ানো, দুর্বল আদায় ব্যবস্থা কিংবা প্রভাবশালী ব্যক্তিদের চাপÑ এসব যদি কোনো ঋণগ্রহীতাকে নিয়মের বাইরে সুবিধা দেয়, তাহলে সেটি শুধু ব্যাংকের ক্ষতি নয়; পুরো ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থার ওপর আঘাত। কারণ, একজন সাধারণ আমানতকারী ব্যাংকে তার টাকা রাখেন একটি বিশ্বাস নিয়ে। তিনি বিশ্বাস করেন, তার সঞ্চয়ের অর্থ নিরাপদ এবং ব্যাংক সেই অর্থ দায়িত্বশীলভাবে ব্যবহার করবে। কিন্তু সেই আমানতের টাকা যখন বড় ঋণ হিসেবে দেওয়া হয় এবং তা ফেরত আসে না, তখন ক্ষতির প্রভাব শেষ পর্যন্ত আমানতকারীর ওপরও পড়ে। ব্যাংকের আর্থিক সক্ষমতা দুর্বল হয়, নতুন উদ্যোক্তাদের ঋণ পাওয়া কঠিন হয়, বিনিয়োগে অনিশ্চয়তা বাড়ে এবং অর্থনীতিতে আস্থার সংকট তৈরি হয়। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, এই ক্ষতির বোঝা শেষ পর্যন্ত সাধারণ মানুষের ঘাড়ে এসে পড়তে পারে। তাই খেলাপি ঋণকে শুধু ব্যাংকের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। এটি রাষ্ট্রীয় অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গেও সরাসরি সম্পর্কিত।
আজ বাংলাদেশের খেলাপি ঋণের হার ৩০ শতাংশের ওপরে উঠে গেছে। এই সংখ্যা আমাদের সামনে একটি কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছেÑ আমরা কি শুধু খেলাপিদের তালিকা প্রকাশ করেই দায়িত্ব শেষ করব, নাকি খেলাপি ঋণের জন্ম দেওয়ার পরিবেশটাকেও পরিবর্তন করব? কারণ সমস্যার সমাধান শুধু ঋণখেলাপির নাম প্রকাশে নয়; সমাধান হলো এমন একটি ব্যবস্থা তৈরি করা, যেখানে বড় অঙ্কের ঋণ নেওয়া মানে বড় দায়ও গ্রহণ করা, যেখানে রাজনৈতিক বা ব্যবসায়িক প্রভাব ঋণ পাওয়ার নিশ্চয়তা নয় এবং যেখানে জনগণের আমানতের টাকা নিয়ে অবহেলার কোনো সুযোগ নেই। খেলাপি ঋণ কমাতে হলে ঋণ দেওয়ার আগে কঠোর যাচাই, ঋণের অর্থ ব্যবহারে নিয়মিত নজরদারি, সময়মতো আদায়, কার্যকর নিয়ন্ত্রণ এবং সর্বোপরি জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সবচেয়ে বড় কথা, আইনের প্রয়োগে বড় ও ছোট ঋণগ্রহীতার মধ্যে কোনো বৈষম্য থাকা উচিত নয়। কারণ ব্যাংকের টাকা কারও ব্যক্তিগত সম্পদ নয়; এর বড় অংশই সাধারণ মানুষের কষ্টার্জিত সঞ্চয়। খেলাপি ঋণের বর্তমান সংকট তাই শুধু অর্থনীতির সংকট নয়; এটি আমাদের আস্থা, সুশাসন ও ভবিষ্যৎ অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর আমাদের এখনই খুঁজতে হবে।