হাবিবুর রহমান সাগর
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৪ এএম
প্রতীকী ছবি
রাজধানীর কোনো ব্যস্ত সিগন্যালে গাড়ি থামলেই একটি দৃশ্য অনিবার্যভাবে চোখে পড়েÑ ধুলোমাখা শরীরে একটি শিশু ছুটে আসছে জানালার কাছে, ছোট্ট হাত বাড়িয়ে বলছে, ‘চাচা, দুইটা টাকা দেন।’ আমরা কেউ পকেট থেকে কয়েনটা বের করে দেই, কেউ চোখ ফিরিয়ে নিই, কেউ-বা বিরক্ত হয়ে কাচ তুলে দেই। কিন্তু এই মুহূর্তের বাইরে গিয়ে আমরা ক’জন ভাবি এই শিশুটির আগামীকাল কেমন হবে? তার শৈশব বলে আদৌ কিছু অবশিষ্ট আছে কি? নাকি জন্মের পর থেকেই তার জীবনের একমাত্র পরিচয় হয়ে দাঁড়িয়েছে ‘ভিক্ষুক শিশু’ এমন একটি পরিচয়, যা তাকে সারাজীবনের জন্য সমাজের প্রান্তে ঠেলে দেবে।
শিশু ভিক্ষাবৃত্তি নিছক দারিদ্র্যের একটি চিত্র নয়। এটি একটি জাতির ভবিষ্যৎ প্রজন্মের বিরুদ্ধে সংঘটিত এক নীরব অপরাধ, যার শিকড় ছড়িয়ে আছে দারিদ্র্য, অজ্ঞতা, রাষ্ট্রীয় উদাসীনতা এবং একশ্রেণির মানুষের নির্মম মুনাফালোভী মানসিকতার মধ্যে। এই সমস্যা নিয়ে যতটা কথা বলা উচিত, ততটা বলা হয় না; যতটা পদক্ষেপ নেওয়া দরকার, ততটা নেওয়া হয় না। ফলে বছরের পর বছর ধরে হাজার হাজার শিশু রাস্তায়, রেলস্টেশনে, বাসস্ট্যান্ডে, ধর্মীয় উপাসনালয়ের সামনে, হাসপাতালের গেটে দাঁড়িয়ে হাত পাতছে আর আমরা তাদের এই অসহায়ত্বকে স্বাভাবিক দৃশ্য হিসেবে মেনে নিয়েছি।
বাংলাদেশের শহরাঞ্চলে, বিশেষ করে ঢাকার মতো মহানগরীতে শিশু ভিক্ষুকের সংখ্যা
নেহাত কম নয়। বিভিন্ন সময়ে পরিচালিত জরিপ ও পর্যবেক্ষণ থেকে জানা যায়, রাজধানীতে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত মানুষের একটি উল্লেখযোগ্য অংশই শিশু। এই শিশুরা কখনও একা, কখনও মায়ের কোলে, কখনও আবার সংঘবদ্ধ চক্রের তত্ত্বাবধানে রাস্তায় নামে। কেউ কেউ জন্ম থেকেই এই পেশায় বেড়ে ওঠে, আবার কেউ পরিস্থিতির শিকার হয়ে এই পথে আসতে বাধ্য হয়।
শুধু সংখ্যার হিসাব দিয়ে এই সমস্যার ভয়াবহতা বোঝানো কঠিন। প্রতিটি সংখ্যার পেছনে লুকিয়ে আছে একটি করে শৈশব, যা কেড়ে নেওয়া হয়েছে। প্রতিটি সংখ্যার পেছনে আছে একটি শিশুর স্বপ্ন দেখার অধিকার, খেলাধুলা করার অধিকার, স্কুলে যাওয়ার অধিকার, যা তাকে বঞ্চিত করা হয়েছে। এই বাস্তবতা যখন আমরা মেনে নিই একরকম নিশ্চুপ সম্মতির মধ্য দিয়ে, তখন আমরা কার্যত এই অপরাধের সহযোগী হয়ে উঠি।
বাংলাদেশে শিশু অধিকার সুরক্ষার জন্য শিশু আইন, ২০১৩ প্রণয়ন করা হয়েছে। এই আইনে সুস্পষ্টভাবে বলা আছে, কোনো ব্যক্তি যদি কোনো শিশুকে ভিক্ষার উদ্দেশ্যে ব্যবহার করেন, শিশুর মাধ্যমে ভিক্ষা করান, অথবা শিশুর হেফাজতে থাকা কোনো ব্যক্তি সেই শিশুকে ভিক্ষার কাজে নিয়োজিত করতে প্রশ্রয় দেন, তাহলে তা একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এই অপরাধের জন্য সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে, অথবা উভয় দণ্ডও একসঙ্গে হতে পারে।
শিশু ভিক্ষাবৃত্তির প্রভাব কেবল আজকের দিনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একটি শিশুর সমগ্র জীবনের গতিপথ বদলে দেয়। প্রথমত, মানসিক বিকাশ মারাত্মকভাবে ব্যাহত হয়। যে বয়সে একটি শিশুর খেলাধুলা করার কথা, স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে সময় কাটানোর কথা, সেই বয়সে সে রোদে-বৃষ্টিতে রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছে হাত পাততে বাধ্য হয়। এই অভিজ্ঞতা তার মনস্তাত্ত্বিক গঠনে গভীর ক্ষত সৃষ্টি করে। সমাজবিজ্ঞানীরা বলেন, শিশুকাল থেকে ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকার ফলে শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়া ব্যাহত হয়, তার আত্মমর্যাদাবোধ বিকশিত হতে পারে না, সে ধীরে ধীরে পরনির্ভরশীল একটি জীবনের দিকে ঠেলে যায়।
দ্বিতীয়ত, শিক্ষার সুযোগ থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হয় এই শিশুরা। স্কুলে যাওয়ার বয়সে তারা রাস্তায় সময় কাটায়। ফলে তাদের কাছে শিক্ষার দরজা কার্যত বন্ধ হয়ে যায়। শিক্ষাহীনতা তাদের ভবিষ্যতে ভালো কোনো কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত করে, আর এভাবেই দারিদ্র্যের চক্র প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হতে থাকে।
তৃতীয়ত, এই শিশুরা বড় হয়ে অপরাধপ্রবণ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকে। রাস্তার জীবনে বেড়ে ওঠা, প্রাতিষ্ঠানিক তত্ত্বাবধানের বাইরে থাকা এবং প্রাপ্তবয়স্ক অপরাধীদের সংস্পর্শে থাকার ফলে অনেক শিশু কিশোর বয়সে মাদকাসক্ত হয়ে পড়ে, মাদক বহনের কাজে ব্যবহৃত হয়, কিংবা অন্যান্য অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়ে। এভাবে একটি শিশু, যে নিজেই একসময় শোষণের শিকার ছিল, পরবর্তীতে সমাজের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
চতুর্থত, যেসব শিশুকে ইচ্ছাকৃতভাবে পঙ্গু বা বিকলাঙ্গ করা হয়, তাদের শারীরিক ক্ষতি সারাজীবনের জন্য স্থায়ী হয়ে যায়। এই শিশুরা শুধু শৈশব হারায় না, স্বাভাবিক শারীরিক সক্ষমতাও চিরতরে হারিয়ে ফেলে। তাদের ভবিষ্যতের সব সম্ভাবনা এভাবেই অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়।
শিশু ভিক্ষাবৃত্তির মতো গভীরভাবে প্রোথিত একটি সমস্যা সমাধানের জন্য কোনো এক পক্ষের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। রাষ্ট্র, সমাজ, পরিবার এবং ব্যক্তিÑ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শিশু ভিক্ষাবৃত্তি প্রশ্নে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো এই সমস্যাকে আমরা ‘স্বাভাবিক’ হিসেবে মেনে নিয়েছি। প্রতিদিন হাজারো মানুষ শিশু ভিক্ষুক দেখেও নির্বিকার থাকেন, কারণ এই দৃশ্য এখন আমাদের চোখে সয়ে গেছে। কিন্তু একটি সমাজের প্রকৃত সভ্যতা মাপা হয় তার সবচেয়ে দুর্বল সদস্যদের সঙ্গে সে কেমন আচরণ করে, তার ওপর। যে শিশু জন্মলগ্নেই সুরক্ষা, শিক্ষা ও ভালোবাসা পাওয়ার অধিকার নিয়ে জন্মায়, সেই শিশুকে যদি আমরা রাস্তায় হাত পাততে দেখেও নীরব থাকি, তাহলে আমরা কার্যত সেই অধিকার হরণের প্রক্রিয়ায় নীরব অংশীদার হয়ে যাই।
একটি শিশুর হাসি, তার খেলাধুলা করার অধিকার, তার স্কুলে যাওয়ার স্বপ্ন এসব কিছুর ওপরেই একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে। যে শিশু আজ রাস্তায় হাত পেতে বেড়ে উঠছে, আগামীকাল তাকেই আমরা এই সমাজের অংশ হিসেবে দেখতে চাইব কিন্তু ততদিনে হয়তো অনেক দেরি হয়ে যাবে। তার মানসিক গঠন, তার সম্ভাবনা, তার আত্মবিশ্বাস সবকিছুই ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকবে। আর কোনো শিশুর শৈশব যেন রাস্তার ধুলোয় হারিয়ে না যায়। আসুন, প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ, শিক্ষিত ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করার লড়াইয়ে আমরা সবাই একসঙ্গে শামিল হই। কারণ একটি শিশুর ভবিষ্যৎ রক্ষা করা মানে আসলে গোটা জাতির ভবিষ্যৎ রক্ষা করা।
লেখক: শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়