লোগো: সংগৃহীত
একটি বিশ্ববিদ্যালয় কেবল শ্রেণিকক্ষ কিংবা পরীক্ষা আর সনদেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের নিরাপদ আবাস, সুস্থ পরিবেশ, মানসম্মত খাবার ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের নিশ্চয়তাও যুক্ত। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা যেন তার সম্পূর্ণ বিপরীত। শিক্ষার্থীদের পদচারণে মুখর থাকার কথা যে আবাসিক হলগুলো, তার সবই আজ বেদখল। প্রায় ২০ হাজার শিক্ষার্থীর আবাসনের ভরসা এখন মেস ও ভাড়া-বাসা। এর সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার খাবারের মান, স্বাস্থ্যবিধি, পরিমাণ ও আসন-সংকট। প্রশ্ন হলো, এভাবে কি একটি বিশ্ববিদ্যালয় চলতে পারে?
গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ২০০৫ সালে জগন্নাথ কলেজ থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়া এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভরসা এখনও আশপাশের মেস ও ভাড়া-বাসা। বছরের পর বছর ধরে চলা এই আবাসন সংকট যেন শিক্ষার্থীদের এক অলিখিত নিয়তি। অনুসন্ধানে পুরনো জগন্নাথ কলেজের অধীনে ১২টি হলের কথা উল্লেখ থাকলেও তা এখন কেবলই ইতিহাসের পাতায়। জানা গেছে, বিভিন্ন সময়ে প্রভাবশালীদের ছত্রছায়ায় ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখলে চলে যায় এসব সম্পত্তি। হলগুলো উদ্ধারের দাবিতে শিক্ষার্থীরা নানা সময়ে তীব্র আন্দোলন গড়ে তুললেও আইনি ও প্রশাসনিক জটিলতার মারপ্যাঁচে বন্দি সেই উদ্ধার-প্রক্রিয়া।
যে কারণে পুরো বিশ্ববিদ্যালয়ে ছেলেদের জন্য নিজস্ব কোনো আবাসিক হল নেই। ছাত্রীদের জন্য ১৬ তলাবিশিষ্ট ‘নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হল’ নামে একটি আবাসিক হল থাকলেও এর ধারণক্ষমতা মাত্র ১ হাজার ২৬৮ জন। ফলে ঢাকার বাইরে থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষার্থীকে বাধ্য হয়ে লক্ষ্মীবাজার, সূত্রাপুর, গেন্ডারিয়া, নারিন্দা, বাংলাবাজার ও সদরঘাট এলাকায় মেস ভাড়া করে থাকতে হয়। আবাসন সংকটের সঙ্গে যুক্ত হয়েছে যাতায়াতের অমানুষিক চাপও। সাভার, কুমিল্লা, মুন্সীগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ থেকে শুরু করে রাজধানীর মিরপুর, উত্তরা বা মোহাম্মদপুর থেকে আসা শিক্ষার্থীদের দিনের একটি বড় সময় কেটে যায় বাসের অপেক্ষায় আর যানজটে। সাধারণ শিক্ষার্থীদের দাবিÑ আবাসন সংকট সমাধানে আর কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয়Ñ চাই দৃশ্যমান পদক্ষেপ।
প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়টির ক্যাফেটেরিয়ায় খাবারের মান, স্বাস্থ্যবিধি, পরিমাণ ও আসন-সংকট নিয়ে শিক্ষার্থীদের সমস্যা ও অসন্তোষের কথাও তুলে ধরা হয়েছে। ক্যাফেটেরিয়ায় আসন রয়েছে মাত্র ৬০টি। নষ্ট চেয়ার-টেবিলের কারণে কার্যকর আসন সংখ্যা আরও কমে গেছে। ফলে খাবারের টোকেন নিয়ে কেউ লাইনে দাঁড়ান, কেউ খাবার হাতে বসার জায়গা খোঁজেন। অনেককে দাঁড়িয়ে বা ক্যাম্পাসের অন্য স্থানে খাবার খেতে হয়। স্বাস্থ্যবিধি নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে খাবারে পোকামাকড় ও তেলাপোকা পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে। শিক্ষার্থীদের দাবি, খাবারের মধ্যে এ ধরনের পোকামাকড় পাওয়ার ঘটনা প্রায়ই ঘটছে। খাবার তৈরির স্থান, সংরক্ষণ ও পরিবেশনের পদ্ধতি নিয়ে প্রশ্ন রয়েছে। আমরা মনে করি, শিক্ষার্থীদের সামর্থ্যের কথা বিবেচনা করে খাবারের দাম কম রাখা হলেও খাবারের নিরাপত্তা ও মানের সঙ্গে আপস করা উচিত নয়। তাই অবিলম্বে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে হবে।
আসলে আবাসিক হল কোনো বিলাসিতা নয়, এটি শিক্ষার্থীদের মৌলিক প্রয়োজনের অংশ। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধা না থাকা মানে শিক্ষার ব্যয়ের সঙ্গে যুক্ত হওয়া বাড়তি আবাসন ব্যয়, যাতায়াতের দুর্ভোগ এবং নিরাপত্তাহীনতা। আর দীর্ঘদিন ধরে হলগুলো বেদখলে পড়ে থাকা শুধু প্রশাসনিক ব্যর্থতার চিত্র নয়, এটি শিক্ষার্থীদের অধিকার উপেক্ষারও প্রমাণ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব ছিল হলগুলো উদ্ধার, সংস্কার ও শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার কার্যকর উদ্যোগ নেওয়া। সেই উদ্যোগ যদি বছরের পর বছর দৃশ্যমান না হয়, তাহলে প্রশ্ন ওঠা স্বাভাবিকÑ কার স্বার্থে এই স্থবিরতা? একই সঙ্গে ক্যাফেটেরিয়ার পরিস্থিতিকে আরও বিব্রতকর করে তুলেছে। বিপুলসংখ্যক শিক্ষার্থীর ক্যাফেটেরিয়ায় আসন মাত্র ৬০টি। গড়ে ৩০০ শিক্ষার্থীর জন্য একটি। পরিসংখ্যানই বলে দেয়, প্রয়োজনের তুলনায় অবকাঠামো কতটা অপ্রতুল। তার ওপর খাবারে পোকামাকড় ও তেলাপোকা পাওয়ার মতো ঘটনা শুধু অস্বস্তিকর নয়, এটি সরাসরি জনস্বাস্থ্য ও শিক্ষার্থীদের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত।
আমরা মনে করি, খাবারের মান, পরিমাণ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা কোনো দয়া নয়Ñ এটি প্রশাসনের দায়িত্ব। ক্যাফেটেরিয়ার মতো জায়গায় নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা, পরিচ্ছন্নতা তদারকি, খাবারের মান নিয়ন্ত্রণ এবং অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা থাকা জরুরি। একই সঙ্গে শিক্ষার্থীদের সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যাপ্ত আসন ও খাবারের ব্যবস্থা করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের সংকটগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। হল দখল, আবাসন সংকট, ক্যাফেটেরিয়ার অব্যবস্থাÑ সব মিলিয়ে এগুলো প্রশাসনিক উদাসীনতারই প্রতিচ্ছবি।
এখন প্রয়োজন দায় এড়িয়ে যাওয়ার নয়, দৃশ্যমান পদক্ষেপের। বেদখল হল উদ্ধারের সুস্পষ্ট সময়সীমা নির্ধারণ, আবাসিক সুবিধা নিশ্চিত করা এবং ক্যাফেটেরিয়াকে স্বাস্থ্যকর ও শিক্ষার্থীবান্ধব করে গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। প্রতিদিনের বাংলাদেশ-এর অনুসন্ধানী প্রতিবেদনে যে চিত্র উঠে এসেছে, তা সংশ্লিষ্টদের জন্য সতর্কবার্তা হওয়া উচিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সংকটের বিশ্ববিদ্যালয় নয়, শিক্ষার্থীদের অধিকার ও সম্ভাবনার বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা দেখতে চাই।