শামসুল আলম। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
সালাহউদ্দিন আহমদকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক আলোচিত নাম। তার জীবনের দিকে তাকালে বাংলাদেশের সাম্প্রতিক চার দশকের রাজনীতির অনেকগুলো দৃশ্য একসঙ্গে দৃষ্টিগোচর হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র, ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি, সালাহউদ্দিন আহমদ তার কর্মজীবন শুরু করেছিলেন আইনজীবী হিসেবে। পরে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি কর্মকর্তা হিসেবে যোগ দেন। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার প্রথম প্রধানমন্ত্রিত্বের সময় তার সহকারী একান্ত সচিব নিযুক্ত হন সালাহউদ্দিন আহমদ।
১৯৯৬ সালে সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে আত্মনিযোগ করেন। তরুণ নেতা সালাহউদ্দিন আহমদ নির্বাচিত হন সংসদ সদস্য। ২০০১ সালে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে চারদলীয় জোট সরকারে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে ২০১৪-১৫ সালের উত্তাল সময়ে দৃঢ়তার সঙ্গে দলীয় দায়িত্ব পালন করেন। এই দায়িত্ব পালন করে তিনি ফ্যাসিস্ট লীগ সরকারের চক্ষুশূলে পরিণত হনÑ যার ফলে শিকার হন গুমের। হাসিনা সরকার তাকে গুম করে ভারতের শিলংয়ে ফেলে দেয়। সেখানে মুখোমুখি হন অনধিকার প্রবেশের মামলার এবং দীর্ঘ নয় বছর দুঃসহ নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য হন। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে প্রত্যাবর্তন করে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এখন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। তার এ রাজনৈতিক পথচলাকে বর্ণাঢ্য বলা অসঙ্গত হবে না।
আমার সঙ্গে তার পরিচয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। বেগম খালেদা জিয়ার প্রথম প্রধানমন্ত্রিত্বকালে আমরা সহকর্মী ছিলাম। তিনি আমার দুই ব্যাচ সিনিয়র। তিনি ছিলেন সহকারী একান্ত সচিব, আর আমি ছিলাম প্রটোকল অফিসার। অন্তরঙ্গতা ছিল আমাদের। ১৯৯৫ সালের ডিসেম্বরের কোনো একদিন তিনি আমাকে বললেন, ‘আমি ইলেকশন করব। আমার রেজিগনেশন একদিনের মধ্যে একসেপ্ট করিয়ে দিতে পারবে?’ বললাম, পারব। তবে তাকে একটি পরামর্শও দিয়েছিলাম। বলেছিলাম, বিরোধী দলের বয়কটের মধ্যে ১৫ ফেব্রুয়ারির নির্বাচন দিয়ে রাজনীতি শুরু না করাই ভালো। আমার যুক্তি ছিল খুব সরলÑ যে নির্বাচনে শক্ত প্রতিপক্ষ নেই, সেই নির্বাচনে জিতলে সংসদে যাওয়া যায় বটে কিন্তু বড় নির্বাচনী লড়াই সম্পর্কে অজানাই থেকে যেতে হয়।
সরকারি চাকরি ছেড়ে তিনি নির্বাচনে গেলেন। বিজয়ী হলেন। ২০০১ সালে আবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে চারদলীয় জোট সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলেন এবং পুরো মেয়াদ কাজ করলেন। কক্সবাজারের সঙ্গে তার সম্পর্ক ছিল আলাদা ধরনের। তিনি শুধু নির্বাচনী রাজনীতি করেননি; এলাকার প্রশাসনিক ও যোগাযোগ অবকাঠামো নিয়েও কাজ করেছেন। ওয়ান-ইলেভেনের সরকারের রোষানলে পড়ে নানা নিগ্রহের শিকার হন সালাহউদ্দিন আহমদ। পরিস্থিতির কারণে ২০০৯ সালের নির্বাচনে তার পরিবর্তে তার স্ত্রী হাসিনা আহমদ নির্বাচন করেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন। সালাহউদ্দিন ফিরে গেলেন কেন্দ্রীয় রাজনীতির দিকে। বিএনপির যুগ্ম মহাসচিব হলেন। ২০১৫ সালের মার্চে তিনি শিকার হন চরম নিগ্রহের। বাসা থেকে তুলে নিয়ে তাকে গুম করা হলো পার্শ্ববর্তী দেশে। পরে তার সন্ধান পাওয়া গেলেও দীর্ঘ নয় বছর ফিরতে পারেননি স্বদেশে।
আইনি লড়াইয়ে তিনি মুক্তি পেলেন। কিন্তু দেশে ফেরার সুযোগ এলো না। নির্বাসনই হয়ে রইল তার বাস্তবতা। দূরদেশে থেকেও বিএনপির রাজনীতি থেকে তিনি বিচ্ছিন্ন হননি। জাতীয় স্থায়ী কমিটির সদস্য হলেন। দলের আন্দোলন ও রাজনৈতিক কৌশল নিয়ে নিয়মিত যুক্ত থাকলেন।
তারপর এলো জুলাই আন্দোলন। সে ছাত্র আন্দোলন গণআন্দোলনে রূপ নিয়ে গণঅভ্যুত্থানে পরিণত হয়।
৫ আগস্ট ২০২৪-এ পতন হলো সাড়ে পনেরো বছরের লীগ দুঃশাসনের। দেশ ছেড়ে পালিয়ে গেলেন ইতিহাসের ঘৃণ্য ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা। ফ্যাসিস্টমুক্ত স্বদেশে ফিরে এলেন মুক্তমানব সালাহউদ্দিন আহমদ। দেশে ফিরে তার সামনে ছিল নতুন বাংলাদেশÑ যে বাংলাদেশে শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নও সামনে এসেছে।
জুলাই সনদ, সংবিধান সংশোধন, রাষ্ট্র সংস্কার, সংসদের ক্ষমতা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানÑ এসব বিষয়ে বিএনপির অবস্থান নির্ধারণ ও ব্যাখ্যার ক্ষেত্রে সালাহউদ্দিন আহমদ গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। মানুষ টিভির সামনে বসে থাকত, সালাহউদ্দিন সাহেব কী বলেন, অন্যদের প্রশ্নের জবাবে কী আইনি ব্যাখ্যা দেন তা শোনার জন্য। তার সেসব বক্তব্য-মন্তব্য সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক প্রচারিত হয়। পরবর্তীতে সংসদে এসেও আইনি বিতর্কে তিনি সমানভাবে পারদর্শিতা দেখিয়ে চলেছেন। এখানে তার আইনজীবী ও সাবেক প্রশাসনিক কর্মকর্তা হিসেবে লব্ধ অভিজ্ঞতাকে তিনি যে কাজে লাগাচ্ছেন, তা বেশ বোঝা যায়।
২০২৬ সালের নির্বাচনে জনগণের ভোটে আবার সংসদ সদস্য হলেন সালাহউদ্দিন আহমদ। পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। ইতিহাসের বাস্তবতা হলো, যে রাষ্ট্র তাকে নয় বছর নির্বাসনে কাটাতে বাধ্য করেছিল। আজ সেই রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব তার হাতে। এখানেই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুধু আইনশৃঙ্খলার মন্ত্রণালয় নয়। এটি নাগরিকের নিরাপত্তা, আইনের শাসন এবং রাষ্ট্রীয় ক্ষমতার সীমা নির্ধারণেরও জায়গা। যে মানুষটি নিজেই একসময় অন্ধকারে হারিয়ে গিয়েছিলেন, তিনি নতুন আলোয় উদ্ভাসিত প্রভাতের সন্ধান দেবেন, তার কাছে মানুষের প্রত্যাশা সেটাই।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে যদি একজন পোড় খাওয়া সফল নেতা হিসেবে আখ্যায়িত করা হয়, তাহলে তা অমূলক হবে বলে মনে হয় না। কেননা, ছাত্ররাজনীতি, কর্মজীবন ও রাজনৈতিক জীবনে তিনি নানা ঘাত-প্রতিঘাত ও চড়াই-উতরাই পার হয়ে আজকের আসনে উপবেশন করেছেন। সাফল্যের সবচেয়ে সুন্দর সংজ্ঞা হয়তো এটাইÑ
যে অন্ধকার আপনাকে একদিন গ্রাস করতে চেয়েছিল, ফিরে এসে আপনি যেন সেই অন্ধকার দূর করে চারদিক আলোয় আলোকিত করবেন। একই সঙ্গে পুনরায় সে অন্ধকার যাতে আর কাউকে গ্রাস করতে না পারে, তার নিশ্চয়তা বিধানে তৎপর হবেন। সালাহউদ্দিন আহমদের সামনে এখন সেই সুযোগ।
শিলংয়ের নয় বছরের কালো দিনরাতগুলোর যদি কোনো উত্তর থাকে, সেটি পদ-পদবিতে নয়, বরং স্বীয় কর্মকাণ্ডের মধ্য দিয়েই তাকে দিতে হবে। দেশবাসীর প্রত্যাশা, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা সালাহউদ্দিন আহমদ এদেশে আর কোনো রাজনৈতিক কর্মী যাতে নিগ্রহের শিকার না হয়, তার নিশ্চয়তা বিধানে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।
লেখক: সাবেক সিনিয়র সচিব, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক সহকারী একান্ত সচিব