মুহাম্মাদ মুস্তফা জামান
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১১ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একজন ইসলাম প্রচারক ছিলেন না; বরং তিনি ছিলেন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ও সুশাসক। তাঁর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নীতিমালা কিয়ামত পর্যন্ত বিশ্বনেতাদের জন্য এক অমলিন আদর্শ হয়ে থাকবে।
আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কতিপয় গুণাবলি
সংবিধান প্রণয়ন ও অন্তর্ভুক্তিমূলক শাসন
মদিনায় হিজরতের পর রাসুলুল্লাহ (সা.) ‘মদিনা সনদ’-এর মাধ্যমে একটি বহু জাতি ও বহু ধর্মীয় সমাজব্যবস্থাকে সুসংগঠিত করেন। সেখানে মুসলিম ও অমুসলিমদের অধিকার, নিরাপত্তা ও পারস্পরিক দায়িত্বের বিষয়গুলো নির্ধারিত হয়। আল্লাহ তায়ালা বলেন, ‘তোমাদের ধর্ম তোমাদের জন্য এবং আমার ধর্ম আমার জন্য।’ (সূরা আল-কাফিরুন : ৬)
সুবিচার ও আইনের শাসন
তাঁর বিচারে কোনো স্বজনপ্রীতি বা বৈষম্যের স্থান ছিল না। অপরাধীর পরিচয় যা-ই হোক, আইনের দৃষ্টিতে সবাই সমানÑ এই নীতি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এমনকি নিজের পরিবারের ক্ষেত্রেও তিনি ন্যায়বিচার থেকে বিন্দুমাত্র বিচ্যুত হননি। হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ (সা.) ঘোষণা করেনÑ ‘আল্লাহর কসম! মুহাম্মদের কন্যা ফাতিমাও যদি চুরি করত, তবে আমি তার হাত কেটে দিতাম।’Ñ সহিহ বোখারি
ক্ষমা ও উদারতা
মক্কা বিজয়ের দিন রাসুলুল্লাহ (সা.) ক্ষমা ও উদারতার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা মানব ইতিহাসে বিরল। দীর্ঘদিনের নির্যাতন, বিরোধিতা ও শত্রুতার পরও তিনি প্রতিশোধের পথ বেছে নেননি; বরং ক্ষমার মাধ্যমে মানুষের হৃদয় জয় করেছিলেন। এটি ছিল তাঁর মহানুভবতা ও অসাধারণ নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
শান্তিপূর্ণ কূটনীতি ও দূরদর্শিতা
‘হুদাইবিয়ার সন্ধি’ ছিল তাঁর অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞা, ধৈর্য ও দূরদর্শী কূটনীতির অনন্য দৃষ্টান্ত। আপাতদৃষ্টিতে কিছু শর্ত মুসলমানদের জন্য কঠিন ও অসম্মানজনক মনে হলেও তিনি বৃহত্তর কল্যাণ ও শান্তির স্বার্থে তা মেনে নিয়েছিলেন। পরবর্তীতে সেই সন্ধিই ইসলামের বিস্তারের পথকে আরও সুগম করে। মহান আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয়ই আমি আপনাকে এক সুস্পষ্ট বিজয় দান করেছি।’ (সূরা আল-ফাতহ : ১)
পরামর্শ ভিত্তিক নেতৃত্ব
তিনি একনায়কতান্ত্রিক পদ্ধতির পরিবর্তে সাহাবিদের মতামতকে গুরুত্ব দিতেন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের সঙ্গে পরামর্শ করতেন। উহুদ ও খন্দকের যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় তাঁর পরামর্শ ভিত্তিক নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। আল্লাহ তায়ালা বলেন, ‘আর কাজের ব্যাপারে তাদের সঙ্গে পরামর্শ করুন।’ (সূরা আল ইমরান : ১৫৯)
আজ মুসলিম উম্মাহ নানা সংকট ও বিভ্রান্তির মধ্যে পথ খুঁজছে। গন্তব্য যেন অনিশ্চিত, স্বপ্ন যেন ম্লান, প্রেরণা যেন নিঃশেষিত। আমরা ভুলে গেছি আমাদের গৌরবময় অতীত; ভুলে গেছি সেই সোনালি যুগের কথা, যখন মুসলিম সভ্যতা জ্ঞান, ন্যায়, মানবতা ও উন্নত নেতৃত্বের মাধ্যমে বিশ্বকে পথ দেখিয়েছিল। আমরা ভুলে গেছি, একসময় মুসলিম মনীষীরা জ্ঞানের আলো ছড়িয়েছেন, মানুষের মনে আশা জাগিয়েছেন এবং সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
আর আজ? বাস্তবতার অনেক চিত্রই আমাদের জন্য গভীরভাবে বেদনাদায়ক। আমরা ভোগবাদ ও অন্ধ অনুকরণে ব্যস্ত হয়ে পড়েছি। হালাল উপার্জন ও নৈতিকতার পরিবর্তে কেউ কেউ সুদ, ঘুষ, প্রতারণা ও ছলচাতুরির মাধ্যমে সম্পদ অর্জনের প্রতিযোগিতায় লিপ্ত। অথচ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিলÑ উপার্জন হতে হবে পবিত্র, জীবন হতে হবে সৎ এবং সমাজ হতে হবে ন্যায়ভিত্তিক।
জ্ঞানার্জনকে তিনি গভীরভাবে উৎসাহিত করেছেন। ইসলামের প্রথম ওহির সূচনাই হয়েছিল ‘পড়ো’ নির্দেশের মাধ্যমে। অথচ আজও মুসলিম বিশ্বের অনেক মানুষ মৌলিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। জ্ঞান-বিজ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে আমাদের আরও অনেক দূর এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর মহান খলিফারা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের কল্যাণের ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন। কিন্তু আজ অনেক ক্ষেত্রেই আমরা বৃহত্তর সমাজের কল্যাণের পরিবর্তে নিজেদের স্বার্থ নিয়েই বেশি ব্যস্ত। তাঁর শিক্ষা ছিল সম্পদ কেবল মুষ্টিমেয় মানুষের হাতে পুঞ্জীভূত হয়ে থাকবে না; বরং সমাজের কল্যাণে তা প্রবাহিত হবে। অথচ বাস্তবতার অনেক ক্ষেত্রে সম্পদ ও সুযোগ-সুবিধা অল্পসংখ্যক মানুষের হাতে কেন্দ্রীভূত হয়ে আছে। কেউ অঢেল ভোগ করবেন
আর কেউ মৌলিক প্রয়োজন থেকেও বঞ্চিত থাকবেন; এটি রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ সমাজব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁর শিক্ষা ছিল ন্যায়ের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা। অথচ আজ মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতন, নিপীড়ন ও বৈষম্যের ঘটনা আমাদের ব্যথিত করে। দুর্নীতির কারণে ন্যায়নীতি অনেক সময় ভূলুণ্ঠিত হয়; অত্যাচার ও অনাচার সমাজে গভীর সংকট সৃষ্টি করে, জুলুম-নির্যাতন মানুষের জীবনকে বিপর্যস্ত করে। ফলে সাধারণ মানুষের ন্যায্য অধিকার ও কার্যকর অংশগ্রহণ অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত হয়।
এই চরম সংকট থেকে উত্তরণের জন্য আমাদের ফিরে আসতে হবে মহান আল্লাহ তায়ালার নির্দেশিত পথ এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে। কেবল অতীতের গৌরব স্মরণ করলেই হবে না; সেই গৌরবের মূলনীতিÑ ঈমান, জ্ঞান, ন্যায়বিচার, সততা, আমানতদারি, পরামর্শ, মানবসেবা ও জবাবদিহিতাÑ আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে বাস্তবায়ন করতে হবে।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব আমাদের শেখায়Ñ রাষ্ট্রের প্রকৃত শক্তি অস্ত্র বা সম্পদে নয়; বরং ন্যায়বিচার, নৈতিকতা, জ্ঞান, মানবিকতা ও যোগ্য নেতৃত্বে। তাঁর আদর্শ অনুসরণ করেই একটি ন্যায় ভিত্তিক, কল্যাণমুখী ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
তাই আজ সময় এসেছে আত্মসমালোচনার, জাগরণের এবং নতুন করে পথচলার। আমাদের ফিরে যেতে হবে সেই আদর্শের কাছে, যে আদর্শ মানবতার মুক্তি, ন্যায়ের প্রতিষ্ঠা এবং কল্যাণের পথ দেখিয়েছে। আর সেই মহান আদর্শের সর্বোত্তম বাস্তব রূপ ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
লেখক: পেশ ইমাম, বনানী মসজিদ আত- তাক্বওয়া