× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বহুজাতিক কোম্পানির স্টক মার্কেটে তালিকাভুক্তি

নিরঞ্জন রায়

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৫ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৬ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

সম্প্রতি বিএসইসির (বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) চেয়ারম্যান একটি সেমিনারে অংশ নিয়ে বলেছেন, তিনি দেশে পরিচালিত সকল মাল্টিন্যাশনাল (বহুজাতিক) কোম্পানিকে পুঁজিবাজার তথা স্টক মার্কেটে নিয়ে আসবেন। এই প্রসঙ্গে তিনি আরও বলেছেন যে, প্রথমে তিনি এসব মাল্টিন্যাশনাল কোম্পানিকে ছয় মাস সময় দিয়ে স্বেচ্ছাকৃত স্টক মার্কেটে তালিকাভুক্ত হওয়ার সুযোগ দিবেন। যদি এসব বহুজাতিক কোম্পানি স্বেচ্ছায় এই সুযোগ গ্রহণ না করে, তাহলে তিনি কোম্পানিগুলোকে দেশের স্টক মার্কেটে তালিকাভুক্ত হতে বাধ্য করবেন। এ ব্যাপারে তিনি সবাইকে সতর্ক করে দিয়ে স্পষ্ট উল্লেখ করেছেন যে, তাদের হাতে সেই ক্ষমতা আছে।

বিএসইসির চেয়ারম্যান একটি সেমিনারে অংশ নিয়ে এমন বক্তব্য দিয়েছেন, তাই এটি বিএসইসির অফিসিয়াল বক্তব্য কি না তা নিশ্চিত করে বলা কঠিন। কেননা এর আগে তিনি এরকম কিছু অন-আনুষ্ঠানিক বক্তব্য রেখেছেন, যা বিএসইসি পরবর্তীতে বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করেছে। উদাহরণ হিসেবে বলা যায়, তিনি পুঁজিবাজারের অন্যায়কে ফৌজদারি মামলা হিসেবে দায়ের করে বিচারের কথা বলার পর বিএসইসি তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয় এরকম সিদ্ধান্ত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা গ্রহণ করেনি। যাহোক অফিসিয়াল বক্তব্য না হলেও বিএসইসির প্রধান নির্বাহী যখন কোনো কথা বলেন, তখন তা পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলেই অনেক গুরুত্বের সাথে গ্রহণ করেন এবং এর প্রভাবও পুঁজিবাজারে পরিলক্ষিত হয়। এ ক্ষেত্রেও তাই হয়েছে। 

বিএসইসির চেয়ারম্যান বহুজাতিক কোম্পানিকে স্টক মার্কেটে নিয়ে আসার ব্যাপারে এমন বক্তব্য দেওয়ায় দুটো ভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে অনেকেই মনে করছেন। একদিকে স্টক মার্কেট এবং এখানকার বিনিয়োগকারীরা বিষয়টি যথেষ্ট ইতিবাচকভাবে দেখবেনÑ এটাই স্বাভাবিক। কেননা এর ফলে দেশের স্টক এক্সচেঞ্জে ভালো শেয়ারের সরবরাহ বৃদ্ধি পাবে এবং বিনিয়োগকারীদের লাভজনক শেয়ারে বিনিয়োগের সুযোগ বিস্তৃত হবে। অন্যদিকে দেশের বহুজাতিক কোম্পানিগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সিদ্ধান্তটিকে নেতিবাচক হিসেবেই দেখবেন, কেননা তারা হয়তো ভাববেন যে এই সিদ্ধান্ত কার্যকর হলে, তাদেরকে উটকো ঝামেলায় জড়াতে হতে পারে। এসব ছাড়িয়ে সবচেয়ে বড় যে বিষয়টি অনেকে আলোচনা করছেন, তা হচ্ছে বিএসইসির কাছে আদৌ কি আইনগত সেই ক্ষমতা আছে।

আজ থেকে প্রায় আড়াই যুগ আগে আমি এই বিএসইসিতে দায়িত্ব পালন করেছি। উল্লেখ্য, তখন এই সংস্থার নাম ছিল এসইসি (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন), যা পরবর্তীতে পরিবর্তন করে বিএসইসি করা হয়েছে। সে সময় পর্যন্ত বিএসইসির হাতে এরকম সুনির্দিষ্ট কোনো আইন বা বিধিবিধান ছিল না, যা দিয়ে তারা কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে আসতে বাধ্য করতে পারে। এই দীর্ঘ সময়ে দেশের পুঁজিবাজার কতটা মানসম্পন্ন নিরাপদ বিনিয়োগ স্থানে পরিণত হয়েছে, তা নিশ্চিত করে বলতে না পারলেও, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কলেবর যে বহুগুণে বৃদ্ধি পেয়েছে, তা অন্তত নিশ্চিত করে বলা যায়। বিশেষ করে আইন এবং বিধিবিধান তৈরিতে এই নিয়ন্ত্রক সংস্থা সম্ভবত দৃষ্টান্ত স্থাপন করে থাকতে পারে। দীর্ঘ দুই দশকে বিএসইসি যে কত সংখ্যক নিয়ম ও বিধিবিধান জারি করেছে এবং এর কোনটি যে কোন কাজে ব্যবহৃত হবে, তা নির্ধারণ করতে বিএসইসির কর্মকর্তাদেরও গলদঘর্ম হতে হয়। তাই বিএসইসিতে দায়িত্ব পালন করেছেন এমন কয়েকজনের কাছে জানতে চেয়েছিলাম যে এই সংস্থার কাছে কি এমন কোনো আইন আছে, যা প্রয়োগ করে বিএসইসি দেশে পরিচালিত বহুজাতিক কোম্পানিকে স্টক মার্কেটে তালিকাভুক্ত হতে বাধ্য করতে পারে। একজন ব্যতীত তাদের সবার উত্তরই ছিল ‘না’। 

এই প্রসঙ্গে একজন কর্মকর্তা, যিনি বেশ উচ্চপদে দায়িত্ব পালন করেছেন এবং একসময় আমি তার সাথে কিছু তদন্ত কাজও করেছিলাম, তিনি তার নিজের একটি অভিজ্ঞতার কথা আমাকে জানালেন। সে সময় মির্জা আজিজ এসইসির চেয়ারম্যান ছিলেন এবং পুঁজিবাজারে মন্দা অবস্থা বিরাজ করছিল, যার অন্যতম একটি কারণ ছিল ভালো শেয়ারের অভাব। তখন বেশ কয়েকটি ব্যাংক অনুমোদন পেয়ে কার্যক্রম শুরু করেছে মাত্র। তাই সেসব ব্যাংকের পুঁজিবাজারে আসতে বেশ কয়েক বছর সময় লাগবে। সে সময় ব্যাংকের শেয়ার ব্লু চিপস হিসেবে বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় বিনিয়োগ মাধ্যম ছিল। তাই বাজারে ভালো শেয়ারের অভাব দূর করার জন্য বিএসইসি ব্যাংকগুলোকে দ্রুত পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। যেহেতু এসইসির কাছে এমন কোনো আইন ছিল না, যা দিয়ে অ-তালিকাভুক্ত কোম্পানিকে স্টক মার্কেটে নিয়ে আসতে বাধ্য করতে পারে। তাই তারা এ ব্যাপারে সরাসরি কোনো নির্দেশনা ব্যাংকগুলোকে দিতে পারেনি। বিকল্প পদ্ধতিতে বিএসইসি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এ সংক্রান্ত একটি সার্কুলার ইস্যু করে সেসব ব্যাংককে দ্রুততম সময়ের মধ্যে স্টক মার্কেটে নিয়ে আসতে সক্ষম হয়েছিল।

একজন সাবেক কর্মকর্তা, যিনি বলেছেন যে বিএসইসির হাতে সেই ক্ষমতা আছে, তিনি মূলত দি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স- ১৯৬৯-এর ২সিসি (2CC) এবং ২০-এর (20A) মাধ্যমে বিএসইসিকে যে ক্ষমতা প্রদান করা হয়েছে, তাকে বোঝানোর চেষ্টা করেছেন। আমি নিজেও বোঝার জন্য সিকিউরিটিজ অর্ডিন্যান্সের এই ধারা দুটো ভালোভাবে পড়লাম। অর্ডিন্যান্সের ২সিসি মূলত মূলধন উত্তোলন সংক্রান্ত। যে কোম্পানি পুঁজিবাজার বা জনগণের কাছ থেকে মূলধন সংগ্রহ করবে, তাদের ওপর বিধিনিষেধ আরোপের উদ্দেশ্যে অর্ডিন্যান্সের এই ধারা, অর্থাৎ ২ সিসি প্রয়োগ করা যেতে পারে। কিন্তু যেসব কোম্পানি পুঁজিবাজার বা জনগণের কাছ থেকে মূলধন সংগ্রহ করেনি বা করতে আগ্রহী নয়, তাদের ওপর এই ধারা প্রয়োগের সুযোগ নেই বললেই চলে।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স- ১৯৬৯-এর ২০-এ ধারা অবশ্য বিএসইসিকে যথেষ্ট ক্ষমতা দিয়েছে। এই ধারার মাধ্যমে বিএসইসিকে মূলত সর্বময় ক্ষমতার অধিকারী করা হয়েছে। এই ২০-এ ধারা অনুযায়ী অন্য আইনে যাহাই থাকুক না কেন দেশের পুঁজিবাজারের উন্নতির স্বার্থে কমিশন যদি সন্তুষ্ট হয় তাহলে তারা পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জ, স্টক ব্রোকার, স্টক ডিলার, ইস্যুয়ার, বিনিয়োগকারীসহ যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেকোনো ধরনের নির্দেশনা দিতে পারে। বিএসইসি এই ধারা ব্যবহার করেই অতীতে অনেক নির্দেশনা জারি করেছে এবং কার্যকর করেছে। বিএসইসির চেয়ারম্যান দেশে পরিচালিত বহুজাতিক কোম্পানিকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে বাধ্য করার যে ক্ষমতার কথা উল্লেখ করেছেন, তা তিনি হয়তো এই ধারা প্রয়োগ করাকেই বুঝিয়েছেন। 

এখন প্রশ্ন হচ্ছে, এই ২০-এ ধারা আসলেই কি বিএসইসিকে সর্বময় ক্ষমতার অধিকারী করেছে। আপাতদৃষ্টিতে এই ধারায় সর্বময় ক্ষমতা, এমনকি সুপারসিডিং ক্লজ দেওয়া আছে ঠিকই, কিন্তু শেষে যে শব্দযুগল ‘পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট’ জুড়ে দেওয়া হয়েছে, সেখানেই আছে এই ধারার সীমাবদ্ধতা। যে প্রতিষ্ঠান পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করেনি বা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কোনোরকম সংস্পর্শে নেই, সেসব কোম্পানি বা প্রতিষ্ঠানকে পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট করা যাবে না। ফলে এসব কোম্পানি বা প্রতিষ্ঠানের ওপর বিএসইসি তো ২০-এ ধারা প্রয়োগ করে কোনোরকম নির্দেশনা দিতে পারে না। তা হলে যেসব বহুজাতিক কোম্পানি পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করেনি বা কোনোভাবেই নিয়ন্ত্রক সংস্থার সংস্পর্শে আসেনি, সেসব কোম্পানিকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করার জন্য বাধ্য করে বিএসইসি নির্দেশনা দিবে কীভাবে।

এখন যদি ধরেও নিই যে, বিএসইসি এরকম নির্দেশনা জারি করল। সে ক্ষেত্রে বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোর সম্ভাবনাই অনেক বেশি। আর আদালতে গেলে এরকম নির্দেশনার কার্যকারিতা টেকানো প্রায় অসম্ভব। কেননা যেকোনো আইন প্রয়োগের ক্ষেত্রে তার এখতিয়ার এবং আইনের পরিধি বা জুরিসডিকশনের বিষয়টি ভালোভাবে দেখা হয়। যদি জুরিসডিকশনের বাইরে গিয়ে কোনো বিধিবিধান প্রয়োগ করা হয়, সে ক্ষেত্রে তা উচ্চ আদালতে টেকে না। বিএসইসির এরকম কিছু সিদ্ধান্ত যে আদালতে টেকেনি, তার দৃষ্টান্ত যে একেবারে নেই তেমন নয়। 

যে নির্দেশনা কার্যকর করা যাবে না এবং যার কার্যকারিতা উচ্চ আদালত পর্যন্ত যেতে পারে এবং সেখানে তা বাতিল হতে পারে, সেরকম সিদ্ধান্ত গ্রহণ না করাই ভালো। আর এই ধরনের বিধিবিধানের ওপর ভিত্তি করে কোনোরকম মন্তব্য না করাই শ্রেয়। কেননা এতে করে বাজারে ভুল বার্তা যায়। যা বিদেশি বিনিয়োগকারী এবং বহুজাতিক ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে উদ্বেগজনক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হতে পারে। যার সুদূরপ্রসারী প্রভাব দেশের অর্থনীতির জন্য মোটেই ভালো হয় না। এমনিতেই দেশে বিদেশি বিনিয়োগ আসতে চায় না। বিগত তিন বছরে, বিশেষ করে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বিদেশি বিনিয়োগ নেই বললেই চলে। এর মধ্যে যদি বিএসইসি এরকম সিদ্ধান্ত নিয়ে ফেলে, তাহলে বিদেশি বিনিয়োগ আসা তো বন্ধ হয়ে যাবেই, উল্টো যেসব বহুজাতিক কোম্পানি এখনও আছে, তারাও ব্যবসা গুটিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে। অতীতে এরকম সরকারি সিদ্ধান্তের কড়াকড়ির কারণে ওষুধ খাতের কয়েকটি বহুজাতিক কোম্পানি তাদের ব্যবসা বিক্রি করে চলে গেছে। তাই পুঁজিবাজার নিয়ে নিয়ন্ত্রক সংস্থা যত কম কথা বলবে, ততই ভালো। কারণ পুঁজিবাজার সবচেয়ে সংবেদনশীল স্থান, যেখানে সামান্য কথাও অসামান্য ভূমিকা রাখে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে বিনিয়োগকারী। পুঁজিবাজারে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকাই হওয়া উচিত কথা কম, কাজ বেশি।   

লেখক: সার্টিফায়েড অ্যান্টি-মানি লন্ডারিং স্পেশালিস্ট ও ব্যাংকার, টরন্টো, কানাডা 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা