প্রতীকী ছবি।
আমাদের শিশুরা বাঁচবে কি না, হামের কবল থেকে এই নবীন প্রজন্মকে আমরা রক্ষা করতে পারব কি নাÑ তা আজ এক জ্বলন্ত প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। হাম রোগটি আমাদের দেশে আগেও ছিল। তবে এ বছর রোগটি যেভাবে জীবনবিনাশী রূপ ধারণ করেছে, আগে তেমনটি ছিল না। যেহেতু এ রোগে সাধারণত শিশুরাই আক্রান্ত হয়, তাই তাদের বিশেষ টিকার মাধ্যমে এর সংক্রমণ রোধের ব্যবস্থা নেওয়া হয়েছিল।
প্রতিবছর শিশুদের বিভিন্ন রোগ থেকে রক্ষার জন্য সরকারের স্বাস্থ্য বিভাগ বিশেষ টিকাদান কর্মসূচি পালন করে থাকে। কর্মসূচিটি ‘সম্প্রসারিত টিকাদান কর্মসূচি’ (ইপিআই) নামে পরিচিত। এ কর্মসূচির আওতায় শিশুদের ছয়টি রোগ থেকে রক্ষার জন্য টিকা দেওয়া হয়ে থাকে। এগুলোর কোনোটি মুখে খাওয়ানো হয়, আবার কোনোটি টিকার মাধ্যমে শরীরে প্রবেশ করানো হয়। হাম-রুবেলার প্রতিষেধক সেগুলোর মধ্যে অন্যতম। হাম যেহেতু সংক্রামক রোগ এবং হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায় তাই এ রোগটিকে শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়ে থাকে। আর সেজন্যই হামের টিকাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। হামের টিকা সাধারণত শিশুর বয়স ৯ মাস পূর্ণ হলে প্রথম ডোজ এবং ১৫ মাস পূর্ণ হলে দ্বিতীয় ডোজ দেওয়া হয়।
উদ্বেগের বিষয় হলো, চলতি বছরে মার্চ মাস থেকে হাম বাংলাদেশে অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। তখন গণমাধ্যমে খবর বেরোয় গত কয়েক বছর টিকাদান কর্মসূচির প্রতি সরকার যথাযথ গুরুত্ব না দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে চরম উদাসীন ছিল বলে অভিযোগ রয়েছে। সে সময় টিকা আমদানি ও বিতরণে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এবার যখন হাম মহামারির আকার ধারণ করতে উদ্যত হয়, নবগঠিত সরকারের পক্ষে তা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। গতকাল প্রতিদিনের বাংলাদেশসহ বিভিন্ন দৈনিকের খবরে বলা হয়েছে, মার্চ থেকে গত পরশু পর্যন্ত হামে ১ হাজার ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে হামে ১০০ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে সরকার। আর বাকি ৯০২ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে। সরকারি ভাষ্যের এ ‘উপসর্গ’ যে আসলে হামেই মৃত্যু, সেটা না বললেও চলে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন। আক্রান্তদের মধ্যে বড় অংশই শিশু, যাদের বয়স ৫ বছরের কম।
হামের প্রাদুর্ভাবের পাশাপাশি এখন দেখা দিয়েছে ডেঙ্গু। এই দুই রোগের কারণে হাসপাতালগুলোতে সৃষ্টি হয়েছে এক অরাজক পরিস্থিতি। ধারণ ক্ষমতার দেড়-দুইগুণ রোগী হাসপাতালগুলোতে ভর্তি হওয়ায় গোটা স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এদিকে সরকার জরুরি ভিত্তিতে টিকার ব্যবস্থা করে গত কয়েক মাসে প্রায় ১ কোটি ৯৭ লাখ শিশুকে টিকা দিলেও পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। উদ্বেগের কারণটি এখানেই। একদিকে সরকার টিকা কর্মসূচি বাস্তবায়নে সাফল্যের দাবি করছে, অন্যদিকে হামে মৃত্যু রয়েছে অব্যাহত। এ বিষয়ে রোগতত্ত্ববিদ ডা. মুশতাক হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, কাগজে-কলমে সাফল্যের হিসাব না করে বাস্তবে কত শিশু টিকার বাইরে থাকছে, তার সঠিক পরিসংখ্যান বের করতে হবে। ডা. মুশতাকের বক্তব্য যে বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। কেননা, সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ কর্মসূচি সম্পাদনের যে হিসাব সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়ে থাকেন, তাতে অনেক সময় শুভঙ্করের ফাঁকি থাকে। এর প্রধান কারণ জবাবদিহিতার অভাব। স্ব স্ব কর্মের জন্য যদি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির ব্যবস্থা থাকত, তাহলে তারা সঠিকভাবে তা সম্পাদনে মনোযোগী হতো।
হামের টিকার সংকট কেন সৃষ্টি হলো তা নিয়ে ইতঃপূর্বে অনেক আলোচনা হয়েছে। যাদের অবহেলা বা গাফিলতির জন্য এ ভয়াবহ পরিস্থিতির উদ্ভব, তাদের কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছেÑ এমন খবর পাওয়া যায়নি। অথচ বর্তমান পরিস্থিতি যাতে আরও বিভীষিকাময় না হয়ে পড়ে এবং ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা জরুরি। এটা তো জানা কথা যে, অপরাধের শাস্তি না হলে, তা বাড়তেই থাকে। আমরা মনে করি, হামের প্রাদুর্ভাব মোকাবিলার পাশাপাশি ভবিষ্যতের জন্য এখনই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া বাঞ্ছনীয়। হামে আর একটি শিশুরও যেন মৃত্যু না হয়, সরকারকে সে ব্যাপার এখনি মনোযোগ দিতে হবে।