× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতিসংঘের উচ্চাসনে বাংলাদেশ

সম্পাদকীয়

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১৫ পিএম

দীর্ঘ চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ। এটি নিঃসন্দেহে ঐতিহাসিক ও গৌরবের।

দীর্ঘ চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ। এটি নিঃসন্দেহে ঐতিহাসিক ও গৌরবের।

দীর্ঘ চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ। এটি নিঃসন্দেহে ঐতিহাসিক ও গৌরবের। এই দায়িত্ব গ্রহণকে বিশ্বমঞ্চে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা, বহুপাক্ষিক অঙ্গনে সক্রিয় ভূমিকা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবেই দেখা যেতে পারে। কারণ দায়িত্বটি কেবল সম্মানেরই নয়, একই সঙ্গে রয়েছে বড় ধরনের প্রত্যাশা। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পরিষদের ৮১তম অধিবেশন উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব বুঝে নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এর আগে ৮০তম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন বিদায়ী সভাপতি ও জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। আগামী এক বছর এই পদে দায়িত্ব পালন করবেন ড. খলিল। বলা প্রয়োজন, ১৯৮৬-৮৭ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক হুমায়ুন রশীদ চৌধুরী।

চার দশক পর গত ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত গোপন ব্যালটে একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকুরিসকে ৮ ভোটে পরাজিত করেন তিনি। বলা বাহুল্য, জাতিসংঘের আঞ্চলিক পর্যায়ক্রমিক ব্যবস্থার আওতায় এবার সাধারণ পরিষদের সভাপতির পদটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্ধারিত ছিল। সেই হিসেবে ড. খলিলুর রহমানকে প্রার্থী করে বাংলাদেশ। তিনি নির্বাচিত হওয়ার পর চীন, ভারত ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ অভিনন্দন জানায়। এ সময় বিভিন্ন দেশ অগ্রাধিকার ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। সবকিছু ঠিক থাকলে, আগামী ২২ থেকে ২৮ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সপ্তাহ। এ সময় পরিষদে বাংলাদেশের সরকারপ্রধান তারেক রহমানসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা বক্তব্য রাখবেন। গুরুত্বপূর্ণ এসব কার্যক্রমে সভাপতি হিসেবে মূল মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবেন ড. খলিলুর রহমান। 

দায়িত্বের অংশ হিসেবে আগামী এক বছর বাংলাদেশকে শুধু অধিবেশনের কার্যক্রমে সভাপতিত্বই করতে হবে না, বিভিন্ন বিষয়ভিত্তিক বিতর্ক, উচ্চপর্যায়ের বৈঠক এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আলোচনায় নেতৃত্ব দিতে হবে। বর্তমান বিশ্বব্যবস্থায় যখন যুদ্ধ, সংঘাত, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, অভিবাসন, বৈষম্য এবং উন্নয়ন-অর্থায়নের মতো সংকট একে অন্যের সঙ্গে জড়িয়ে পড়েছেÑ তখন এই দায়িত্বের গুরুত্ব আরও বেড়ে যায়। বিশেষ করে, ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। প্রতিদিনই নারী-শিশুসহ বহু মানুষ মারা যাচ্ছে। যে কারণে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক ধস নেমেছে। এই যুদ্ধবিগ্রহ নিরসনে ভূমিকা রাখা। এই ক্ষেত্রে বাংলাদেশের জন্য বড় সুযোগ হলোÑ নিজেদের জাতীয় স্বার্থের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর অভিন্ন উদ্বেগ ও দাবিগুলো আরও জোরালোভাবে তুলে ধরা। এই অঞ্চলে রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের ভূমিকা আরও কার্যকর হওয়া জরুরি। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টি, মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতা নিশ্চিত এবং বাংলাদেশের ওপর চাপ কমাতে বিশ্বসম্প্রদায়ের কাছে আরও সহযোগিতা ও সংকট নিরসনে দাবি তুলে ধরা যেতে পারে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত, উন্নয়নশীল দেশগুলোর ঋণসংকট, খাদ্যনিরাপত্তা, প্রযুক্তিগত বৈষম্য এবং টেকসই উন্নয়নের অর্থায়নÑ এসব বিষয়ে বাংলাদেশের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে আন্তর্জাতিক আলোচনায় অধিকতর কাজে লাগানোর সুযোগ হবে।

জলবায়ু পরিবর্তনের প্রশ্নে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ দেশগুলোর কণ্ঠস্বর হিসেবে পরিচিত। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, নদীভাঙন ও লবণাক্ততার মতো বাস্তবতার মুখোমুখি একটি দেশ হিসেবে বাংলাদেশ জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন অর্থায়ন এবং ক্ষয়ক্ষতির বিষয়গুলোকে আরও গুরুত্বের সঙ্গে সামনে আনতে পারে। একইভাবে শান্তি, সংঘাত নিরসন ও বহুপাক্ষিক সহযোগিতার প্রশ্নেও বাংলাদেশের দীর্ঘদিনের অবস্থানকে আরও কার্যকর করা সম্ভব। তবে সভাপতির আসনকে কোনো নির্দিষ্ট দেশের রাজনৈতিক অবস্থান প্রচারের মঞ্চে পরিণত করা যাবে না। সাধারণ পরিষদের সভাপতির মূলশক্তি হলো নিরপেক্ষতা, ভারসাম্য ও ঐকমত্য তৈরির সক্ষমতা। ফলে বাংলাদেশকে এমন এক কূটনৈতিক ভূমিকা নিতে হবে, যেখানে মতভিন্ন দেশগুলোকেও আলোচনার টেবিলে রাখা যায় এবং বিতর্ককে সংঘাতের বদলে সমাধানের দিকে নেওয়া যায়।

দায়িত্ব পালনে বাংলাদেশের অভ্যন্তরীণ প্রস্তুতিও গুরুত্বপূর্ণ। দক্ষ কূটনীতিক, গবেষক ও নীতিনির্ধারকদের সমন্বয়ে একটি সুসংহত কৌশল প্রয়োজন। কোন কোন বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশ নেতৃত্ব দেবে, কোথায় ঐকমত্য তৈরির উদ্যোগ নেবে এবং কীভাবে উন্নয়নশীল বিশ্বের স্বার্থকে সামনে আনবেÑ এসব বিষয়ে স্পষ্ট অগ্রাধিকার নির্ধারণ জরুরি। আমরা মনে করি, চার দশক পর পাওয়া এই মর্যাদা কেবল আনন্দ ও উদযাপনের বিষয় নয়Ñ এটি বাংলাদেশের কূটনীতির জন্য একটি বড় পরীক্ষা। দায়িত্বটি সফলভাবে পালন করতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি যেমন আরও উজ্জ্বল হবে, তেমনি অবস্থানও হবে শক্তিশালী। পাশাপাশি বহুপাক্ষিক কূটনীতিতে ভূমিকা রাখার সুযোগে আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের উপস্থিতি দৃশ্যমান করা যাবে। জাতিসংঘ মঞ্চের মর্যাদাপূর্ণ আসনে আরোহণ বাংলাদেশের জন্য এক অনন্য সুযোগ বয়ে এনেছে বলে আমরা মনে করি। বিশ্বশান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় বাংলাদেশ নেতৃত্ব দেবে, এর চেয়ে আত্মশ্লাঘার আর কী হতে পারে! বাংলাদেশের এ অর্জনে আমরা গর্বিত। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা