ড. এসএম জাহাঙ্গীর আলম
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৯ পিএম
ড. এসএম জাহাঙ্গীর আলম। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
যেকোন দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হলো সুস্থ ও কার্যকর ব্যাংকিং ব্যবস্থা। মানুষের সঞ্চয় সংগ্রহ করে তা শিল্প, ব্যবসা, কৃষি ও বিভিন্ন উৎপাদনশীল খাতে বিনিয়োগের মাধ্যমে ব্যাংকগুলো অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করে। কিন্তু ঋণ নিয়ে নির্ধারিত সময়ে তা পরিশোধ না করার প্রবণতা যখন ব্যাপক আকার ধারণ করে, তখন ব্যাংকিং খাতের স্থিতিশীলতা মারাত্মকভাবে বিনষ্ট হয়। আমাদের দেশে দীর্ঘদিন ধরে খেলাপি ঋণ একটি বড় ধরনের অর্থনৈতিক সমস্যা। অনিয়ম, দুর্নীতি, রাজনৈতিক ও প্রভাবশালী মহলের হস্তক্ষেপ, ঋণ প্রদানে যথাযথ যাচাইয়ের অভাব এবং ঋণগ্রহীতার ইচ্ছাকৃত ঋণ পরিশোধে অনীহার কারণে খেলাপি ঋণের পরিমাণ ক্রমাগত বাড়ছে।
খেলাপি ঋণের সবচেয়ে বড় প্রভাব পড়ে ব্যাংকের তারল্য ও বিনিয়োগ সক্ষমতার ওপর। ব্যাংকের অর্থ যখন অনাদায়ী ঋণে আটকে যায়, তখন নতুন উদ্যোক্তা ও উৎপাদনশীল খাতে ঋণ দেওয়ার সক্ষমতা কমে যায়। ফলে শিল্প ও ব্যবসা সম্প্রসারণ বাধাগ্রস্ত হয়, কর্মসংস্থানের সুযোগ কমে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে খেলাপি ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে অতিরিক্ত অর্থ সংরক্ষণ করতে হয়- যা তাদের মুনাফা ও আর্থিক সক্ষমতাকে দুর্বল করে। দীর্ঘমেয়াদে এর প্রভাব আমানতকারী, বিনিয়োগকারী এবং সাধারণ জনগণের ওপরও পড়তে পারে। অন্যদিকে, খেলাপি ঋণের সংস্কৃতি আর্থিক শৃঙ্খলা নষ্ট করে এবং সৎ ঋণগ্রহীতাদের জন্য বৈরী পরিবেশ সৃষ্টি করে।
চলতি বছরের মার্চ মাস পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের ব্যাংকিং খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ ১৮ লাখ ২৪ হাজার ৬৮৮ কোটি টাকা এবং এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। আর মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ ১০ লাখ ৮৭ হাজার কোটি টাকা। বাংলাদেশের ব্যাংকিং খাত আজ যে গভীর সংকটে নিমজ্জিত, তার মূল হোতা হচ্ছে খেলাপি ঋণের অনিয়ন্ত্রিত বৃদ্ধি। চলতি বছরের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ লাখ ত্রিশ হাজার কোটি টাকার বেশি, যা ব্যাংক খাতের মোট ঋণের প্রায় ত্রিশ শতাংশ। এটি শুধু একটি পরিসংখ্যান নয় বরং জাতীয় অর্থনীতির রক্তনালিতে ছড়িয়ে পড়া এক ভয়াবহ সংক্রমণের প্রমাণ। যে দেশের মানুষ আমানতকারী হিসেবে ব্যাংকে কষ্টার্জিত সঞ্চয় জমা রাখে সেখানে এই বিপুল পরিমাণ অর্থ কতিপয় সুবিধাভোগীর হাতে আটকে যাওয়া জাতির জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।
মাত্র দেড় বছর আগের চিত্রের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করলে এই সংকটের ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে। ২০২৩ সালের ডিসেম্বরে খেলাপি ঋণের পরিমাণ ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা, যা এক বছরের ব্যবধানে দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে এক লাখ দশ হাজার কোটি টাকা এবং এক বছরের ব্যবধানে বৃদ্ধি পেয়েছে তিন লাখ উনিশ হাজার কোটি টাকা। এই চিত্র থেকে বোঝা যায়, খেলাপি ঋণ বৃদ্ধির গতি কতটা উদ্বেগজনক এবং নিয়ন্ত্রণহীন। যে হারে এই অর্থ পরিশোধ না করেই ঋণগ্রহীতারা পার পেয়ে যাচ্ছেন, তা একটি সভ্য রাষ্ট্রের অর্থব্যবস্থায় কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।
এই সংকটের পেছনে রয়েছে কাঠামোগত ব্যর্থতা ও ইচ্ছাকৃত অবহেলার দীর্ঘ ইতিহাস। অর্থনীতিবিদদের মতে, ঋণ অবলোপন, পুনঃতফসিল, আদালতে মামলার কারণে খেলাপি না দেখানো এবং ঋণ পুনর্গঠনের মাধ্যমে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। বছরের পর বছর ধরে কেন্দ্রীয় ব্যাংক ও সরকার নানা কৌশলে প্রকৃত খেলাপি ঋণের চিত্র আড়াল করে রাখার চেষ্টা করেছে। ঋণ পুনর্গঠন, পুনঃতফসিল এবং অবলোপনের মতো নানা কৌশল ব্যবহার করে দীর্ঘদিন প্রকৃত সংকটকে চাপা দিয়ে রাখা হয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের নতুন নীতি এবং ঋণ শ্রেণিবিন্যাসে আন্তর্জাতিক মান অনুসরণের ফলে এখন আসল চিত্র উঠে আসছে। যা আগে ছয় মাসে খেলাপি হিসেবে চিহ্নিত হতো, এখন তা ঋণের মেয়াদ শেষের পরদিন থেকেই মেয়াদোত্তীর্ণ হিসেবে গণ্য হচ্ছে।
খেলাপি ঋণের এই উলম্ফনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাবশালীদের। মাত্র দশটি ব্যাংকে মোট খেলাপি ঋণের একাত্তর শতাংশের বেশি, প্রায় ৩ লাখ ৩১ হাজার কোটি টাকা। এ তালিকার শীর্ষে রয়েছে জনতা ব্যাংক, যেখানে শুধু বেক্সিমকো গ্রুপের খেলাপি ঋণই প্রায় চব্বিশ হাজার কোটি টাকা। এস আলম গ্রুপের খেলাপি ঋণ রয়েছে প্রায় দশ হাজার কোটি টাকা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের খেলাপি ঋণ সাতচল্লিশ হাজার কোটি টাকা- যা তাদের মোট ঋণের ২৭ শতাংশের বেশি। এস আলম গ্রুপ ২০১৭ সালে এই ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ভুয়া কোম্পানির নামে হাজার হাজার কোটি টাকা তোলা হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অবস্থা আরও সঙ্গিন। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মোট ঋণের বিয়াল্লিশ শতাংশই খেলাপি। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো বছরের পর বছর ধরে রাজনৈতিক বিবেচনায় ঋণ বিতরণ, সঠিক আদায় ব্যবস্থার অভাব এবং জবাবদিহিতার ঘাটতিতে ভুগছে। এই ব্যাংকগুলোতে পরিচালনা পর্ষদে রাজনৈতিক নিয়োগ, দুর্বল ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রভাবশালীদের চাপে ঋণ দেওয়ার সংস্কৃতি একটি দুষ্টচক্র তৈরি করেছে। ফলে জনগণের কষ্টার্জিত অর্থ গুটিকয়েক ব্যক্তির পকেটে চলে যাচ্ছে আর সেই দায় বহন করতে হচ্ছে সাধারণ আমানতকারী ও করদাতাদের।
খেলাপি ঋণের এই উলম্ফন শুধু ব্যাংকিং খাতের সমস্যা নয়, এটি সমগ্র অর্থনীতির জন্য সংক্রামক ব্যাধির মতো; যা ছড়িয়ে পড়ছে জাতীয় অর্থনীতির সর্বত্র। ব্যাংকগুলোর মূলধন ভিত্তি দুর্বল হয়ে যাওয়ায় তারা নতুন উৎপাদনশীল খাতে ঋণ দিতে অপারগ। ফলে ছোট ও মাঝারি উদ্যোক্তারা প্রয়োজনীয় আর্থিক সহায়তা পাচ্ছেন না, যা কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলছে। ব্যাংকের তারল্য সংকট বাড়ছে, সুদের হার বৃদ্ধি পাচ্ছে এবং আমানতকারীরা তাদের অর্থের নিরাপত্তা নিয়ে সন্দিহান হয়ে পড়ছে। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে বাংলাদেশের ব্যাংকিং খাতের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
এই সংকট থেকে উত্তরণের পথ দীর্ঘ ও কঠিন হলেও অসম্ভব নয়। প্রথমত, খেলাপি ঋণগ্রহীতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। যারা ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধ করছেন না তাদের সম্পদ বাজেয়াপ্ত করে ঋণ আদায়ের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, ব্যাংকিং খাতে রাজনৈতিক হস্তক্ষেপ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং পেশাদার ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ও ক্ষমতা বৃদ্ধি করে কার্যকর তদারকি নিশ্চিত করতে হবে। চতুর্থত, ঋণ বিতরণ ও আদায়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। পঞ্চমত, দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা বা বন্ধ করার মাধ্যমে খাতটিকে শক্তিশালী করতে হবে যদিও এই পদ্ধতিতে কিছু সীমাবদ্ধতা রয়েছে।
খেলাপি ঋণ শুধু একটি আর্থিক সমস্যা নয়, এটি জাতীয় অগ্রগতির পথে মারত্মক প্রতবন্ধকও বটে। যে দেশে লাখ লাখ মানুষ পেট ভরে খেতে পায়না, ঠিকমতো চিকিৎসা বা শিক্ষার সুযোগ পায়না, সেখানে কিছু মানুষ হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করবে, এটা মেনে নেওয়া যায় না। এ অপসংস্কৃতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা নষ্ট করে এবং সমাজে অপরাধপ্রবণতা বাড়ায়। খেলাপি ঋণ বৃদ্ধির অর্থ হলো দেশের সম্পদ কিছু অসৎ মানুষের হাতে কুক্ষিগত হওয়া, যা উন্নয়ন ও সমৃদ্ধির পথে বড় বাধা। তাই এই সমস্যার সমাধান শুধু অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যই নয়, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যও জরুরি।
খেলাপি ঋণ আমাদের অর্থনীতির জন্য এক বিষফোঁড়া। এই বিষফোঁড়াকে প্রয়োজনে অস্ত্রোপচার করে অপসারণ করা জরুরি। নাহলে অর্থনীতির পুরো দেহেই একসময় পচন ধরবে। সময় এসেছে রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক দক্ষতা এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এই সংকট দূর করার পদক্ষেপ নেওয়ার। নতুবা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, খেলাপি ঋণের ভারে সে স্বপ্ন মুখ থুবড়ে পড়বে। ব্যাংকিং খাত যদি সুস্থ না থাকে তাহলে অর্থনীতির কোনো খাতই সত্যিকার অর্থে বিকশিত হতে পারে না। এই সত্যটি উপলব্ধি করে আজই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, নইলে আগামী প্রজন্মকে আমরা এক ধ্বংসপ্রায় অর্থব্যবস্থা উপহার দিয়ে যাব।
লেখক: সাবেক কর কমিশনার ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান-ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশন