শরিফুল খান প্লাবন
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০১ পিএম
বিদেশে যাওয়ার স্বপ্ন বাংলাদেশের লাখো মানুষের কাছে দারিদ্র্য, বেকারত্ব ও সামাজিক অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার একটি সম্ভাব্য পথ। ছবি: সংগৃহীত
বিদেশে যাওয়ার স্বপ্ন বাংলাদেশের লাখো মানুষের কাছে দারিদ্র্য, বেকারত্ব ও সামাজিক অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার একটি সম্ভাব্য পথ। কিন্তু সেই স্বপ্ন যখন অনিয়ন্ত্রিত দালালচক্র, দুর্বল যাচাইব্যবস্থা এবং দায়হীন নিয়োগপ্রক্রিয়ার হাতে বন্দি হয়, তখন বৈধ শ্রম অভিবাসনও মানবপাচারের আধুনিক রূপে পরিণত হয়। সাম্প্রতিক সময়ে কম্বোডিয়ায় সাইবার প্রতারণা চক্রে বাংলাদেশিদের আটকে পড়া, রাশিয়ায় নির্মাণশ্রমিকদের যুদ্ধক্ষেত্রে ঠেলে দেওয়া এবং ব্রাজিল হয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশের ঝুঁকিপূর্ণ পথÑ সবকিছুই দেখিয়ে দিচ্ছে, সমস্যাটি কেবল দালালের প্রতারণা নয়; এটি একটি গভীর নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংকট।
মানবপাচার বলতে আমরা সাধারণত অপহরণ, জোরপূর্বক স্থানান্তর বা সীমান্ত পার করে বিক্রির মতো ঘটনাকে বুঝি। কিন্তু আধুনিক শ্রম অভিবাসনে পাচারের কৌশল বদলেছে। এখন মানুষকে অস্ত্রের মুখে নয়, বরং উচ্চ বেতনের চাকরি, দ্রুত ভিসা, ইউরোপে স্থায়ী হওয়ার সুযোগ কিংবা ‘নিশ্চিত কর্মসংস্থান’-এর বিজ্ঞাপন দেখিয়ে লোভের ফাঁদে ফেলা হচ্ছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলোÑ অনেক ভুক্তভোগী বৈধ ভিসা ও জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়েই বিদেশে যান। তা সত্ত্বেও সরকারি কাগজপত্র তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না। বরং বৈধতার আবরণ ব্যবহার করেই পাচারকারীরা তাদের ঝুঁকিপূর্ণ অবস্থায় ঠেলে দিয়েছে।
বিদেশে কর্মী পাঠানোর আগে বিএমইটির দায়িত্ব হলো নিয়োগদাতা, চাকরির প্রস্তাব, ভিসা, বেতন, কর্মস্থল এবং শ্রমের ধরন যাচাই করা। কিন্তু অনেক ক্ষেত্রেই তা সম্ভবপর হয় না। সাম্প্রতিক বিতর্কে ‘স্মল-ব্যাচ এক্সেম্পশন’ বা ছোট পরিসরে কর্মী পাঠানোর ছাড় একটি গুরুত্বপূর্ণ নীতিগত ফাঁক হিসেবে সামনে এসেছে। সাধারণ নিয়মে বিদেশি নিয়োগদাতার চাহিদাপত্র সংশ্লিষ্ট বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে সত্যায়িত হওয়ার কথা। কিন্তু নির্দিষ্ট ক্ষেত্রে পাঁচজন পর্যন্ত কর্মী পাঠানোর ক্ষেত্রে এই সত্যায়ন ছাড় দেওয়া হয়।নীতিটি মূলত ছোট ব্যবসা বা প্রবাসী বাংলাদেশিদের পরিচালিত সীমিত আকারের প্রতিষ্ঠানের জন্য করা হলেও পাচারকারী চক্র বড় নিয়োগকে কয়েকটি ছোট ব্যাচে ভাগ করে দূতাবাসের যাচাই এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিশ্বব্যাংকের এক প্রাতিষ্ঠানিক মূল্যায়নে বাংলাদেশের অভিবাসন ব্যবস্থায় ‘রেন্ট-সিকিং’ বা অতিরিক্ত মুনাফা আহরণের প্রবণতার কথা বলা হয়েছে। অতিরিক্ত সেবা-ফি, নথি জালিয়াতি, মিথ্যা যোগ্যতা দেখানো এবং দালাল চক্রের মাধ্যমে বাড়তি অর্থ আদায়ের বিষয়গুলো সেখানে চিহ্নিত করা হয়েছে।
অভিবাসন ব্যয় যখন একটি পরিবারের সামর্থ্যের বাইরে চলে যায়, তখন কর্মী ঋণগ্রস্ত হয়ে বিদেশে যান। দেশে জমি বিক্রি, গরু বিক্রি, সুদে টাকা ধার কিংবা এনজিও ঋণÑ সব মিলিয়ে একটি পরিবার কর্মীকে বিদেশে পাঠাতে বিপুল অর্থ বিনিয়োগ করে। ফলে বিদেশে গিয়ে প্রতারণার শিকার হলেও অনেক কর্মী ফিরে আসতে পারেন না। তারা জানেন, দেশে ফিরলে ঋণের বোঝা, সামাজিক অপমান এবং পরিবারের আর্থিক বিপর্যয় অপেক্ষা করছে। এই ঋণ-নির্ভর অভিবাসন ব্যবস্থা পাচারকারীদের সবচেয়ে বড় শক্তি।
মানবপাচার প্রতিরোধে আইনের অভাব নয়, বরং আইনের প্রয়োগ, তদন্তের গতি এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার ব্যর্থতাই বড় সমস্যা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মানবপাচার প্রতিরোধ আইনে ১,১২৬টি নতুন মামলা হয়েছে। পুরনো মামলাসহ ২০২৬ সালের মে পর্যন্ত ৫,২৮৪টি মামলা বিচারাধীন ছিল; এর মধ্যে ৩,৩০৬টি বিচারাধীন এবং ১,৯৭৮টি মামলার তদন্তও শেষ হয়নি। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে এই আইনে করা ৪,৪২৭টি মামলায় অভিযুক্তদের ৯৪ থেকে ৯৫ শতাংশ খালাস পেয়েছে বলে প্রতিবেদন উল্লেখ করেছে। খালাস মানেই প্রত্যেক অভিযুক্ত নির্দোষÑ এ কথা যেমন বলা যায় না, তেমনি উচ্চ খালাসের হার তদন্তের দুর্বলতা, সাক্ষী সুরক্ষার অভাব, প্রমাণ সংগ্রহের ঘাটতি এবং মামলার দীর্ঘসূত্রতার প্রশ্ন তোলে।
এসব সমস্যা সমাধান ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে কিছু ব্যবস্থাগ্রহণ অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। প্রথমত. বিএমইটির ছাড়পত্রকে শুধু কাগজ যাচাইয়ের প্রক্রিয়া না রেখে বাস্তব ঝুঁকি মূল্যায়নের ব্যবস্থায় রূপ দিতে হবে। নিয়োগদাতা প্রতিষ্ঠানের অস্তিত্ব, কর্মস্থলের অবস্থান, বেতনের সক্ষমতা এবং একই নিয়োগদাতার অধীনে কর্মরত বাংলাদেশিদের অভিজ্ঞতা যাচাই করতে হবে। দ্বিতীয়ত, সব নিয়োগ এজেন্সি ও সাব-এজেন্টের জন্য স্বচ্ছ ডিজিটাল নিবন্ধন ব্যবস্থা চালু করা দরকার। যাতে বিধে গমনেচ্ছু কর্মী অনলাইনে দেখতে পারেনÑ এজেন্সির লাইসেন্স বৈধ কিনা, তার বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েওেছ কিনা।
তৃতীয়ত, অভিবাসন-ফি নির্ধারণ করে শুধু সরকারি তালিকা প্রকাশ করলেই হবে না; প্রতিটি লেনদেন ব্যাংকিং চ্যানেলে বাধ্যতামূলক করতে হবে। নগদ অর্থ গ্রহণের সুযোগ যতদিন থাকবে, ততদিন প্রকৃত ব্যয় গোপন করে অতিরিক্ত অর্থ আদায় চলবে।
চতুর্থত, দূতাবাসগুলোর শ্রম উইংকে জনবল, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা দিতে হবে। দূতাবাসের দায়িত্ব শুধু পাসপোর্ট বা জরুরি প্রত্যাবাসনে সীমিত নয়; নিয়োগদাতা যাচাই, শ্রমিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ, আটক শ্রমিক শনাক্তকরণ এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ও তাদের দায়িত্বের অংশ হওয়া উচিত।
পঞ্চমত, উচ্চঝুঁকির গন্তব্যে যাওয়ার আগে বাধ্যতামূলক প্রি-ডিপারচার ব্রিফিং চালু করতে হবে। সেখানে কর্মীকে চাকরির চুক্তি, বেতন, জরুরি ফোন নম্বর, দূতাবাসের ঠিকানা, পাসপোর্ট জব্দের বিরুদ্ধে অধিকার, পাচারের লক্ষণ এবং অভিযোগের পদ্ধতি জানাতে হবে। শুধু একদিনের আনুষ্ঠানিক প্রশিক্ষণ নয়, স্থানীয় ভাষায় সহজবোধ্য ভিডিও ও লিখিত নির্দেশিকা দিতে হবে।
বিদেশে কর্মসংস্থান বাংলাদেশের অর্থনীতি ও পরিবারব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু রেমিট্যান্সের হিসাব করতে গিয়ে শ্রমিকের জীবন, ঋণ, নিরাপত্তা ও মর্যাদাকে উপেক্ষা করা যায় না। একজন শ্রমিক বিদেশে গিয়ে প্রতারিত হলে শুধু একটি পরিবার নয়Ñ রাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাও ক্ষতিগ্রস্ত হয়।
মানবপাচার বন্ধে দালাল গ্রেপ্তার এবং কয়েকটি এজেন্সির লাইসেন্স বাতিল অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ। কিন্তু এগুলো বিচ্ছিন্ন ব্যবস্থা হিসেবে থাকলে সংকটের মূল কারণ দূর হবে না। যে কর্মকর্তা যাচাই না করে ছাড়পত্র দিয়েছেন, যে এজেন্সি মিথ্যা চাকরি দেখিয়েছে, যে সাব-এজেন্ট টাকা নিয়েছে এবং যে বিদেশি নিয়োগদাতা কর্মীকে অন্য কাজে ঠেলে দিয়েছেÑ প্রত্যেকের দায় নির্ধারণ করতে হবে।
শ্রমিক বিদেশে যাওয়ার পর বিপদে পড়লে তার পরিবারকে যেন মাসের পর মাস দূতাবাস, দালাল ও মন্ত্রণালয়ের দরজায় ঘুরতে না হয়, সেজন্য দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা দরকার। এ লক্ষ্যে ২৪ ঘণ্টার বহুভাষিক হটলাইন, কেস ট্র্যাকিং নম্বর এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগ নিষ্পত্তির বিধান চালু করা যেতে পারে। মোদ্দা কথা হলো, অভিবাসন প্রক্রিয়াকে সহজ ও কর্মপ্রত্যাশীদের অভিবাসন নিরাপদ করতে সমন্বিত ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই।
লেখক: সাংবাদিক