× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাই সিসামুক্ত বাংলাদেশ

ড. বিভূতি ভূষণ মিত্র

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৫ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৬ পিএম

 ড. বিভূতি ভূষণ মিত্র। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ড. বিভূতি ভূষণ মিত্র। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

পৃথিবীতে রোমানরা দুই শতক বেশ সুস্থির আর সমৃদ্ধির সাম্রাজ্য কাটিয়েছে। রোমান সাম্রাজ্য প্রাচীন বিশ্বের একটি বিশাল ও শক্তিশালী সাম্রাজ্য। এরা প্রায় ১৪০০ বছর রাজত্ব করেছে। বলা হয়ে থাকে এই রোমান সাম্রাজ্যের একসময় পতন হয়েছিল সিসা বিষক্রিয়ার কারণে। কেননা সে সময় প্রাচীন রোমে জলের পাইপ, রান্নার পাত্র ও মিষ্টি তৈরির কাজে সিসা ব্যবহার করত। অনেকের মতে সিসা বিষক্রিয়ার কারণে রোমের শাসকদের মানসিক দক্ষতা কমে গিয়েছিল।

সম্প্রতি বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভা সিসামুক্ত বাংলাদেশের জন্য জাতীয় কৌশল এবং বহুবর্ষীয় কর্মপরিকল্পনার (২০২৬-২০৩৫) খসড়া অনুমোদন দিয়েছে। এর উদ্দেশ্য জনস্বাস্থ্য সুরক্ষায় সিসার উপস্থিতি শনাক্তকরণ, সিসার বিষক্রিয়া নিয়ন্ত্রণ ও অবসান। 

সিসা একটি নরম ধাতু। এটি ঈষৎ নীলাভ ধূসর বর্ণের। এর পারমাণবিক সংখ্যা ৮২। এটি এতটাই নরম যে একটি ছুরির সাহায্যে একে কাটা যায়। সিসা মারাত্মক ক্ষতিকর বিষ। এই বিষের ভেতরেই বাস করছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ। বাংলাদেশের বাতাসে যেমন সিসার উপস্থিতি দেখা গেছে, তেমনি মাটিতে-পানিতেও সিসা পাওয়া গেছে। এমনকি খাবারেও সিসার উপস্থিতি দেখা গেছে। সম্প্রতি ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির (এনএফএসএল) একটি গবেষণায় দেখা গেছে খোলা প্যাকেটজাত দুধ এবং দইয়ে সিসা, ক্রোমিয়াম ও আরও অন্যান্য উপাদানের উপস্থিতি। সিসা নানাভাবে ছড়িয়ে পড়ছে। খাদ্যদ্রব্য ছাড়াও ধূমপান, পানীয় জল, নিত্যব্যবহার্য দ্রব্যাদির মাধ্যমে শরীরে প্রবেশ করছে। এ ছাড়া পেট্রোল, পেইন্ট, ব্যাটারি, খেলনা ইত্যাদির দ্বারাও সিসা ছড়িয়ে পড়ছে। এমনকি যুক্তরাষ্ট্রে একটি গবেষণায় দেখা গেছে সেখানে বছরে দুই লাখ টন সিসা বাতাসে ছড়িয়ে পড়ে। এটি উদ্ভিদ ও প্রাণীর জীবনচক্রকে নানাভাবে প্রভাবিত করছে। মাটিতে মিশছে। তারপর উদ্ভিদের শরীরে যাচ্ছে। তারপর প্রাণীর শরীরে প্রবেশ করছে। এভাবে ধীরে ধীরে প্রবেশ করছে মানুষের শরীরেও। 

বাতাসের সিসা মানুষের দেহে প্রবেশ করলে ক্যানসারসহ নানা রোগের সৃষ্টি করতে পারেÑ যার পরিণতিতে ঘটতে পারে মৃত্যুও। এ ছাড়া খাবারের মাধ্যমে শরীরের ভেতর সিসা প্রবেশ করলে শরীরের বিভিন্ন অঙ্গ স্থায়ী বা সাময়িকভাবে নষ্ট হয়ে যেতে পারে। যেমন কিডনি বিকল হতে পারে। হতে পারে ক্যানসারও। সিসা সরাসরি দেহের কোষকে ক্ষতি করে। এরপর অস্থিমজ্জা, লিভার ও কিডনিকেও আক্রান্ত করে। রোগী রক্তশূন্যতায় ভোগে। বন্ধ হয়ে যায় শ্বেতকণিকা উৎপাদন। শ্বেতকণিকা আমাদের দেহে রোগ প্রতিরোধী হিসেবে কাজ করে। এর সংখ্যা কমে যাওয়ার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। ফলে নানা রকম রোগের সংক্রমণ ঘটতে থাকে। এ ছাড়া সিসা শিখার ও আচরণগত সমস্যাও সৃষ্টি করে। শরীরে একবার সিসা প্রবেশ করলে রক্তের মাধ্যমে সারা শরীরে বাহিত হতে থাকে। অল্প অল্প করে সিসা শরীরে জমা হতে থাকে। এটি প্রথমে হাড়ে জমা হয়। এটি সব বয়সী মানুষের ওপরই ক্ষতিকর প্রভাব ফেলে। তবে শিশুদের শরীরে এর প্রভাব অনেক বেশি। শিশুরা যখন হামাগুড়ি দিয়ে খেলে বা খেলনা ও অন্যান্য জিনিসে মুখ রাখে সিসা শরীরে প্রবেশ করে। তবে সমস্যা যেটা হলো এর বিষক্রিয়া সহসাই বোঝা যায় না। এটি ধীরে ধীরে স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি করে। যদি শরীরে সিসার বিষক্রিয়া আছে শনাক্ত করা না যায় তবে পরবর্তীতে মস্তিষ্কের ক্ষতি ও মারাত্মক মানসিক সমস্যার কারণ হতে পারে। এ ছাড়া বয়স্কদের প্রজনন সমস্যা, হজমের সমস্যা, স্মৃতিশক্তি হ্রাস, পেশির সমস্যা দেখা দিতে পারে। সিসাঘটিত বিষক্রিয়ায় আক্রান্ত মানুষকে অসুস্থ দেখায় না বলে রোগটা অনেক দূর পর্যন্ত চলে যায়। এজন্য রক্তে সিসার উপস্থিতি পরীক্ষা করা দরকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনের পরিচালিত মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে-২০২৫-এর তথ্যমতে ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের শরীরে ৩৮.৩৪ শতাংশ এবং গর্ভবতী নারীদের প্রায় ৭.৫৪ শতাংশের রক্তে সিসা পাওয়া গেছেÑ যার মাত্রা ছিল বেশ উদ্বেগজনক। 

সিসার নানা রকম উৎস রয়েছে। বাতাস, মাটি, জল ছাড়াও এটি নানাভাবে ছড়িয়ে পড়ছে। ভবন, সেতু, সুড়ঙ্গ নির্মাণ বা ভাঙার কাজ, ওয়েল্ডিং করা, ব্যাটারি, বৈদ্যুতিক জিনিসপত্র ভাঙা, গাড়ি-নৌকা মেরামত করা, সিসা আছে এমন রঞ্জক বা গ্লেজ ব্যবহার করা, দাগযুক্ত কাচ, মাটির পাত্র বা গয়না নিয়ে কাজÑ এ রকম বিভিন্ন উৎস থেকে সিসা চারপাশে ছড়িয়ে পড়ছে। বিভিন্ন ব্যাটারি তৈরির কারখানায় সিসা ব্যবহৃত হয়। লিড পেইন্ট দিয়ে বাড়ি রঙ করা হলে সেসব সিসা বাতাসে মিশে পরিবেশের ক্ষতি করে। যুক্তরাষ্ট্রের মতো দেশে লিড এভিয়েশন গ্যাস ব্যবহার হয়। এসব শিশুর রক্তের সাথে মিশে সিসার পরিমাণ বাড়িয়ে দেয়। 

সিসা থেকে বাঁচতে আমাদের নিজেদেরও কিছু করণীয় আছে। যে সমস্ত শিল্পকারখানায় সিসা ব্যবহার করা হয়, সে সমস্ত কারখানায় কাজ করলে ঘরে যাওয়ার আগে গোসল করে প্রবেশ করতে হবে। এ ছাড়া ঘর পরিষ্কার ও ধুলামুক্ত রাখতে হবে। জুতা খুলে ঘরে প্রবেশ করতে হবে। এ ছাড়া শিশুরা যেখানে খেলাধুলা করে, সেখানে ময়লা পড়ে থাকা জায়গাগুলো ঢেকে রাখা যেতে পারে। 

আইসিডিডিআরবির সম্প্রতি গবেষণায় ঢাকার ২ থেকে ৪ বছর বয়সী ৫০০ শিশুর মধ্যে ৯৮ শতাংশ শিশুর ক্ষেত্রে রক্তে সিসার মাত্রা বেশি পাওয়া গেছে। এই ধরনের কৌশলপত্র খুবই দরকারি। কৌশলপত্রে ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশ শিশুর রক্তে সিসার মাত্রা হ্রাস এবং ২০৩৫ সালের মধ্যে ৯৫ শতাংশ শিশুর রক্তে সিসার মাত্রা কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটা সম্ভব হবে তখনই যখন শনাক্তকরণ, পর্যবেক্ষণ, বেসরকারি খাতের অংশগ্রহণ, বিভিন্ন সংস্থা ও অংশীজনের কার্যক্রম, গবেষণা, বহুখাতভিত্তিক সম্পৃক্ততা বাড়ানো যায়। 


লেখক: পরিবেশ বিষয়ক লেখক 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা