মীর আব্দুল আলীম
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৪ পিএম
মীর আব্দুল আলীম। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
যে খাবার ক্ষুধা মেটানোর কথা, শরীরে শক্তি জোগানোর কথা, সে খাবারই যদি মানুষের শরীরে নীরব বিষ ঢুকিয়ে দেয়, তাহলে এর চেয়ে ভয়ংকর আর কী হতে পারে? আমরা প্রতিদিন বাজারে যাই, টাকা দিয়ে খাবার কিনি, সন্তান ও পরিবারের সদস্যদের হাতে তুলে দিই এবং নিশ্চিন্তে ধরে নিইÑ এটি খাবার, বিষ নয়। কিন্তু সে নিশ্চয়তা কতটুকু? আমাদের চোখের সামনে রঙ, গন্ধ, স্বাদ আর বাহ্যিক চাকচিক্যের আড়ালে যদি অনিরাপদ খাবারের বিশাল বাজার গড়ে ওঠে, তাহলে প্রশ্ন উঠতেই পারেÑ আমরা কি শুধু খাবার কিনছি, নাকি অজান্তেই নিজেদের অসুস্থতার কারণও কিনে আনছি? সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলোÑ এই বিপদ কোনো সাইরেন বাজিয়ে আসে না। এটি ধীরে ধীরে শরীরে ঢোকে, অভ্যাসে মিশে যায়, বছরের পর বছর আমাদের সঙ্গে থাকে এবং একসময় হাসপাতালের বিছানায় তার ভয়ংকর হিসাব তুলে ধরে। আর এর হোতা যে খাদ্যে ভেজাল, ক্ষতিকর রাসায়নিক মিশ্রণ ও নিম্নমানের খাদ্য উপকরণ তা বলার অপেক্ষা রাখে না।
একজন মানুষ যখন বাজার থেকে এক কেজি চাল, এক বোতল তেল, এক প্যাকেট মশলা, কিছু মাংস কিংবা একটি প্রস্তুত খাবার কিনছেন, তখন তার প্রত্যাশা খুব সাধারণ। তিনি চান, তিনি যে অর্থ দিচ্ছেন তার বিনিময়ে নিরাপদ খাবার পাবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, খাবারটি নিরাপদ কিনা তা নিশ্চিত করার ক্ষমতা অধিকাংশ ভোক্তার নেই। তিনি জানেন না, কাঁচামাল কোথা থেকে এসেছে, কীভাবে সংরক্ষণ করা হয়েছে, খাবারে কোনো ক্ষতিকর উপাদান মেশানো হয়েছে কিনা, রান্নার সময় স্বাস্থ্যবিধি মানা হয়েছে কিনা, কিংবা ব্যবহৃত তেল কতবার ব্যবহার করা হয়েছে। অর্থাৎ নিজের শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি তিনি প্রতিদিন গ্রহণ করছেন, সেটির নিরাপত্তা যাচাইয়ের ক্ষমতা তার হাতে নেই। এখানেই খাদ্য নিরাপত্তার সবচেয়ে বড় সংকট। কারণ একজন নাগরিককে শুধু সচেতন হওয়ার কথা বললেই রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়ে যায় না। রাষ্ট্রের দায়িত্ব হলোÑ এমন একটি খাদ্যব্যবস্থা তৈরি করা, যেখানে মানুষ বাজার থেকে খাবার কিনে অন্তত এই নিশ্চয়তা পাবেন যে, খাবারটি তার স্বাস্থ্যের জন্য নিরাপদ।
আমাদের দেশে মানুষের খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা কম হয় না। অতিরিক্ত চিনি, লবণ, তেল, কোমল পানীয়, ভাজাপোড়া ও প্রক্রিয়াজাত খাবার কম খাওয়ার পরামর্শ দেওয়া হয়। স্বাস্থ্যকর খাবার গ্রহণের গুরুত্বও বারবার বলা হয়। এসব অবশ্যই প্রয়োজনীয়। কিন্তু তার পাশাপাশি আমাদের আরও কঠিন একটি প্রশ্ন করতে হবে, বাজারে যে খাবার পাওয়া যাচ্ছে, সেটি আদৌ নিরাপদ কি না। কারণ একজন মানুষ স্বাস্থ্যকর খাবার খেতে চাইলেও যদি বাজারে নিরাপদ ও অনিরাপদ খাবার আলাদা করার নির্ভরযোগ্য ব্যবস্থা না থাকে বা অনিরাপদ খাবার বিক্রি বন্ধ না হয়, তাহলে নাগরিকদের নিরাপদ খাদ্যপ্রাপ্তি অসম্ভব হয়ে দাঁড়ায়। আর নাগরিকদের সে নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করার দয়িত্ব রাষ্ট্রের। একই সঙ্গে এটা নাগরিকদের জন্য সুবিধা নয়, তাদের অধিকার।
একটি দৃশ্য সবচেয়ে বেশি চোখে পড়ে আমাদের শহর ও জনবহুল এলাকার ভাজাপোড়া খাবারের দোকানগুলোতে। রাস্তার পাশে ছোট দোকান থেকে শুরু করে বড় রেস্তোরাঁয় পর্যন্ত প্রতিদিন বিপুল পরিমাণ সমুচা, সিঙ্গারা, পুরি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি ও অন্যান্য খাবার তৈরি হচ্ছে। এসব খাবার সস্তা, সহজলভ্য এবং মানুষের কাছে জনপ্রিয়। কিন্তু এসব খাবার তৈরিতে ব্যবহৃত তেলের মান ও ব্যবহার নিয়ে প্রশ্ন বহুদিনের। অনেক জায়গায় একই তেল বারবার উচ্চ তাপমাত্রায় গরম করে ব্যবহার করা হয়। নতুন তেলের সঙ্গে পুরনো তেল মিশিয়ে ব্যবহার করা, দিনের পর দিন একই তেল ব্যবহার করা কিংবা রান্নার পর অবশিষ্ট তেল আবার গরম করার প্রবণতাও দেখা যায়। বারবার উচ্চ তাপমাত্রায় তেল গরম করলে তেলের গুণগত মান লোপ পায় এবং কিছু ক্ষতিকর যৌগ তৈরির ঝুঁকি বাড়ে। কিন্তু ভোক্তা তা চোখে দেখে বুঝতে পারেন না। তিনি শুধু দেখেন খাবারটি গরম, মচমচে এবং সুস্বাদু। এই অদৃশ্য ঝুঁকিই সবচেয়ে ভয়ংকর। খাবারে ব্যবহৃত ময়দা, ডাল, মশলা কিংবা অন্যান্য উপকরণ কী মানসম্পন্ন? রান্নার পানি নিরাপদ কি না? রান্নাঘর পরিচ্ছন্ন কি না? খাবার তৈরির সময় কর্মীরা স্বাস্থ্যবিধি মেনেছেন কি না? অধিকাংশ ক্ষেত্রে এসব প্রশ্নের উত্তর জানার কোনো সুযোগ ভোক্তার নেই। অথচ তিনি সেই খাবারের মূল্য পরিশোধ করছেন এবং বিশ্বাসের ওপর নির্ভর করে তা গ্রহণ করছেন। এই বিশ্বাসের সুযোগ নিয়ে কেউ যদি মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি করেন, তাহলে সেটি শুধু ব্যবসায়িক অনিয়ম নয়, এটি সামাজিক ও নৈতিক অপরাধও।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশে আইন আছে, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান আছে এবং বিভিন্ন সময়ে অভিযানও হয়। কিন্তু প্রশ্ন হলোÑ এত আইন ও অভিযান থাকার পরও বাজারে অনিয়ম পুরোপুরি বন্ধ হচ্ছে না কেন? কোথাও অভিযান হয়, জরিমানা হয়, কিছুদিন ব্যবসায়ীরা সতর্ক থাকেন, তারপর আবার আগের চিত্র ফিরে আসে। এই চক্র ভাঙতে না পারলে শুধু অভিযান পরিচালনা করে কোনো স্থায়ী সমাধান হবে না। প্রয়োজন নিয়মিত তদারকি, আধুনিক খাদ্য পরীক্ষার ব্যবস্থা, দ্রুত আইনি পদক্ষেপ এবং অপরাধের পুনরাবৃত্তি রোধে কার্যকর শাস্তি। একজন ব্যবসায়ী যদি জানেন যে অনিয়ম করলে জরিমানা দিয়েই পার পাওয়া যাবে, তাহলে সেই জরিমানা অপরাধ দমনে কার্যকর না হওয়ারই কথা। কিন্তু যদি তিনি জানেন, বারবার অপরাধ করলে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যবসা চালিয়ে যাওয়ার সুযোগও হারাতে পারেন, তাহলে অপরাধের পথে আর পা বাড়াবেন না।
খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে শুধু রাজধানী বা বড় শহরকে গুরুত্ব দিলে হবে না। দেশের জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়েও প্রতিদিন বিপুল পরিমাণ খাদ্য উৎপাদন, বিক্রি ও পরিবেশন হচ্ছে। এসব এলাকার মানুষেরও নিরাপদ খাবার পাওয়ার অধিকার রয়েছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় করতে হবে। খাদ্য পরীক্ষার সুযোগ বাড়াতে হবে এবং নমুনা সংগ্রহ থেকে পরীক্ষার ফলাফল প্রকাশ ও আইনি ব্যবস্থা পর্যন্ত পুরো প্রক্রিয়াকে দ্রুত করতে হবে। একই সঙ্গে বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি।
সবচেয়ে বড় কথা, খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে আইনের প্রয়োগ হতে হবে। সবচেয়ে বড় কথা হলো, জীবনধারণের নিমিত্তে গ্রহণ করা খাবার যদি জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে এর চেয়ে বড় বিপদ আর কী হতে পারে? তাই এখন সময় এসেছে খাদ্য নিয়ে কোনো আপস না করার। নিরাপদ খাবার কোনো দয়া নয়, কোনো বিশেষ সুবিধাও নয়; এটি মানুষের অধিকার। সেই অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ভেজাল খাবারের ভয়ংকর ছোবল থেকে মানুষকে রক্ষা করতে হলে এখনই কঠোর হতে হবে। কারণ আজকের একটি ছোট অবহেলা আগামী দিনের একটি বড় ধরনের স্বাস্থ্যসংকট তৈরি করতে পারে।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট