ড. মিহির কুমার রায়
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪১ পিএম
ড. মিহির কুমার রায়। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। এমন এক সময়ে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যখন বৈশ্বিক অর্থনীতি, বাণিজ্য ও ভূ-রাজনীতিতে দ্রুত পরিবর্তন ঘটছে। যুক্তরাষ্ট্র-চীন প্রতিযোগিতা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাব, মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত, জ্বালানি নিরাপত্তার অনিশ্চয়তা, ডলারের আধিপত্য নিয়ে বিতর্ক এবং উন্নয়নশীল দেশগুলোর অর্থ-সংকটÑ সব মিলিয়ে বিশ্বব্যবস্থা এখন অত্যন্ত জটিলতার মধ্যে রয়েছে। এ বাস্তবতায় ব্রিকসের দিল্লি সম্মেলন শুধু সদস্য রাষ্ট্রগুলোর নিয়মিত বৈঠক নয়, এটি গ্লোবাল সাউথের ভবিষ্যৎ অর্থনৈতিক ও কূটনৈতিক অবস্থান নির্ধারণেও গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের জন্য এই সম্মেলনটির গুরুত্ব অনেক বেশি। কারণ ঢাকা একই সঙ্গে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বজায় রাখে। ফলে ব্রিকসকে বাংলাদেশের কাছে কোনো একটি ভূ-রাজনৈতিক বলয় হিসেবে দেখার চেয়ে বরং বিকল্প অর্থায়ন, বাণিজ্যিক ভিন্নতা, জ্বালানি নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য তৈরির একটি বড় প্লাটফর্ম হিসেবে দেখাই বেশি বাস্তবসম্মত। অর্থনৈতিক জোট ব্রিকসের শীর্ষ সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে অংশ নিতে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। যদিও ভারতীয় গণমাধ্যম বলছে এখন পর্যন্ত ঢাকার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো খবর দেওয়া হয়নি। বাংলাদেশসহ ৮টি দেশকে ওই সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি প্রধানমন্ত্রীকে আলাদাভাবে দ্বিপক্ষীয় ভারত সফরের আমন্ত্রণও রয়েছে। এই পার্থক্যটি গুরুত্বপূর্ণ। এটি বাংলাদেশের আঞ্চলিক ভূমিকা এবং বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ঢাকার গুরুত্বের স্বীকৃতি।
ব্রিকসের গুরুত্ব অনেক বেড়ে বর্তমানে ১১ সদস্যের সংগঠনে পরিণত হয়েছেÑ যার মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন , দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইন্দোনেশিয়া। ব্রিকসের মূল আকাঙ্ক্ষার মধ্যে রয়েছে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোতে উন্নয়নশীল বিশ্বের প্রতিনিধিত্ব বাড়ানো, ডলারের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো, স্থানীয় মুদ্রায় বাণিজ্য বাড়ানো এবং উন্নয়ন অর্থায়নের বিকল্প উৎস তৈরি করা। বর্তমানে ব্রিকস গ্রুপ পশ্চিমের উন্নত অর্থনীতির দেশগুলোর বাইরে একটি শক্তিশালী জোটে পরিণত হয়েছে। ব্রিকসভুক্ত দেশগুলোর মোট জনসংখ্যা ৩৪২ কোটি এবং মোট আয়তন ৪০ মিলিয়ন বর্গকিলোমিটার, যা বিশ্বের মোট জনসংখ্যার ৪২ শতাংশ এবং মোট আয়তনের ৩০ শতাংশ। ব্রিকস গ্রুপের উদ্দেশ্য দুটি যথাÑ ১. এর সদস্যদের জাতীয় স্বার্থকে এগিয়ে নেওয়া এবং ২. স্বায়ত্তশাসন অর্জন করা অর্থাৎ এই প্রক্রিয়ায় অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে পশ্চিমা আধিপত্যের মোকাবিলা করা। এখানে উল্লেখ্য, চলমান ইউক্রেন যুদ্ধ এবং চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র প্রতিযোগিতার পটভূমিতে ব্রিকস জোটের সম্প্রসারণের গতি বাড়ছে। ভৌগোলিকভাবে বিশ্বের প্রায় ২৮ শতাংশ ভূখণ্ডজুড়ে এর ব্যাপ্তি, যেখানে বিশ্বের ৪৫ শতাংশ মানুষের বসবাস। সব মিলে ব্রিকসভুক্ত দেশগুলো বিশ্বের ২৫ শতাংশ জ্বালানি তেল এবং ইস্পাত তৈরিতে ৫০ ভাগ আকরিক লোহা উৎপাদন করে থাকে। এ ছাড়া বিশ্বের ৪০ শতাংশ ভুট্টা এবং ৪৬ শতাংশ গমও এ জোটভুক্ত দেশগুলোয় উৎপন্ন হয়। এসব কারণে ব্রিকসভুক্ত দেশগুলো তাদের প্রভাব ও উপস্থিতির জানান দিতে পেরেছে।
তথ্য বলছে, এই নতুন সংস্থায় যোগ দেওয়ার অনেক সুবিধা রয়েছে। যেমনÑ ব্রিকসে যোগ দিলে শুধু অর্থনীতি নয়, ভূ-রাজনীতিতেও নতুন মেরুকরণ ঘটবে, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে। ব্রিকস জোটভুক্ত দেশগুলোর মধ্যে ভবিষ্যতে বিকল্প মুদ্রা বা বিকল্প বাণিজ্য সহায়ক হবে এবং ভবিষ্যতে আইএমএফসহ বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানে পরিণত হলে তা থেকে বড় আকারের ঋণ সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে ব্রিকসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক সম্ভবত অর্থায়ন। বাংলাদেশ ব্রিকসের সদস্য না হলেও ২০২১ সাল থেকে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য। এনডিবির সদস্য তালিকায় বাংলাদেশের অন্তর্ভুক্তি রয়েছে এবং ব্যাংকটি অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করে। বাংলাদেশ ইতোমধ্যে এর সুফল পেতে শুরু করেছে। চলতি বছর এনডিবি রূপপুর-পরবর্তী অবকাঠামো, বিদ্যুৎ, পরিবহন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশের প্রকল্প নিয়ে সক্রিয় হয়েছে। চলতি বছরের মার্চে নরসিংদীর রায়পুরায় ১৫০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পে এনডিবির প্রস্তাবিত অর্থায়ন সীমা ১৩০ দশমিক ৪৫ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া গত মাসে এনডিবির ভাইস প্রেসিডেন্টের ঢাকা সফরে বাংলাদেশের জন্য নতুন ঋণ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম কর্ড লাইন, চট্টগ্রাম বিমানবন্দরের আঞ্চলিক কার্গো হাব, সড়ক ও রেল সক্ষমতা বৃদ্ধি, পর্যটন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আমদানিতে আর্থিক বাণিজ্যের মতো প্রকল্প নিয়ে আলোচনা করেছে। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ উন্নয়ন-পরবর্তী সময়ে বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি, নগর পরিবহন, জলবায়ু অভিযোজন এবং শিল্প প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বিপুল অর্থের প্রয়োজন হবে। প্রচলিত বহুপাক্ষিক ঋণের পাশাপাশি এনডিবির মতো বিকল্প উন্নয়ন ব্যাংক সেই অর্থায়নের উৎস বৈচিত্র্যপূর্ণ করতে পারে।
সুতরাং ব্রিকসের দিল্লি সম্মেলনে বাংলাদেশের যোগদান নতুন সুযোগের দিগন্ত উন্মোচন করতে পারে। এ বিবেচনায় বাংলাদেশের যোগদান বাস্তবসম্মত। কেননা, জোটের ঘনিষ্ঠ আর্থিক প্রতিষ্ঠান, বিশেষ করে এনডিবি থেকে বাংলাদেশ কীভাবে আরও বেশি উন্নয়ন অর্থায়ন পেতে পারে, সেটিই হওয়া উচিত বাস্তব অগ্রাধিকার। ব্রিকস সম্মেলন বাংলাদেশের জন্য কেবল অর্থনৈতিক নয়, কূটনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। ভারত আসন্ন সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে। এ আমন্ত্রণ রক্ষা না করার আগে গভীল ভানা চিন্তা করা উচিত। কারণ এটি বাংলাদেশের আঞ্চলিক ভূমিকা এবং বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ঢাকার গুরুত্বের স্বীকৃতি। তারপরও রাজনৈতিক তাৎপর্যকে হিগসাবের মধ্যে রাখতে হবে। বাংলাদেশ-ভারত সম্পর্ক গত আড়াই বছর ধরে টানাপড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। সীমান্ত, পানি, বাণিজ্য, নিরাপত্তা, সাজাপ্রাপ্ত পলাতক আসামির প্রত্যর্পণ এবং পারস্পরিক রাজনৈতিক আস্থার প্রশ্নে দুই দেশ অস্বস্তিকর অবস্থায় রয়েছে। এই বাস্তবতায় একই মঞ্চে দুই দেশের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি সম্পর্ক পুনর্গঠনের সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে ব্রিকস সম্মেলনে ভারত, চীন, রাশিয়া, উপসাগরীয় দেশসহ একাধিক গুরুত্বপূর্ণ শক্তির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বাংলাদেশের জন্য এটি একই সময়ে বহু দেশের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগের সুযোগ সৃষ্টি করতে পারে।
বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ হলো ভারত-চীন প্রতিযোগিতার মধ্যে নিজের স্বার্থ রক্ষা করা। ভারতের সঙ্গে বাংলাদেশের ভৌগোলিক, নিরাপত্তা ও বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত গভীর। অন্যদিকে চীন বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্য ও উন্নয়ন অংশীদার। ব্রিকস এই দুই সম্পর্ককে একই মঞ্চে ব্যবস্থাপনার একটি সুযোগ তৈরি করে। বাংলাদেশকে কোনো পক্ষ বেছে নেওয়ার পরিবর্তে উভয় দেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে হবে। এই জায়গায় কৌশলগত ভারসাম্য বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ যুক্তরাষ্ট্র বা ইউরোপের সঙ্গে সম্পর্ক কমিয়ে চীন-রাশিয়ার দিকে যাওয়া নয়, আবার চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক সীমিত করে পশ্চিমা জোটের ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়াও নয়। বরং প্রত্যেক অংশীদারের সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থভিত্তিক সম্পর্ক বজায় রাখাই হবে বুদ্ধিমত্তাসম্পন্ন কাজ।
বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সতর্কতার জায়গা এখানেই। ব্রিকসের অর্থনৈতিক সুযোগ যতই আকর্ষণীয় হোক, বাংলাদেশের রপ্তানি অর্থনীতি এখনও পশ্চিমা বাজারের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় হয়েছে প্রায় ৩৮ দশমিক ৭ বিলিয়ন ডলার। এর মধ্যে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৭ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। যুক্তরাজ্য ও কানাডাতেও উল্লেখযোগ্য রপ্তানি হয়েছে। তাই বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এমন কোনো অবস্থান নেওয়া উচিত হবে না, যাতে ব্রিকসের সঙ্গে ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের জন্য নেতিবাচক সংকেত তৈরি করে। বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা হচ্ছÑ একদিকে চীন থেকে বিপুল পরিমাণ কাঁচামাল, যন্ত্রপাতি ও শিল্পপণ্য আসে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপে তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ বিপুল বৈদেশিক মুদ্রা আয় করে। মধ্যপ্রাচ্য থেকে আসে বিপুল রেমিট্যান্স। ভারত গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও বাণিজ্যিক অংশীদার। রাশিয়ার সঙ্গে রয়েছে জ্বালানি ও পারমাণবিক বিদ্যুৎ সহযোগিতা চুক্তি। এই বহুমাত্রিক সম্পর্কই বাংলাদেশের শক্তি। তাই ব্রিকসের সঙ্গে সম্পর্ক বাড়ানোর অর্থ হওয়া উচিত সম্পর্কের বহুমুখীকরণ, কোনো একটি পক্ষের দিকে ঝুঁকে পড়া নয়। ২০২৬ সালের নির্বাচনে জনগণের বিপুল সমর্থন নিয়ে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এ ধরনের একটি সময়ে ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ উপেক্ষা করার মতো নয়। এই জোটের সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক প্ল্যাটফরমে আরও একটি গুরুত্বপূর্ণ স্থান করে নিতে পারবে বলে সচেতন ব্যক্তিদের ধারণা।
লেখক: অর্থনীতিবিদ ও গবেষক