× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের অঙ্গীকার

সম্পাদকীয়

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩২ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

রোহিঙ্গা শরনার্থী সংকট বাংলাদেশের জন্য এখন আর মানবিক বা দ্বিপক্ষীয় সমস্যা নয়Ñ এটি এখন আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও মানবাধিকারের সঙ্গে সরাসরি সম্পর্কিত দীর্ঘমেয়াদি সংকট। এমন বাস্তবতায় জাপান সরকারের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ সবরকম সহযোগিতা করবেÑ এমন আশ্বাস দিয়েছেন।

সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই আশ্বাসের কথা জানান। প্রধানমন্ত্রী বলেছেন, নিজ দেশে ফিরে গেলে রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে জীবনযাত্রার মানোন্নয়নের সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, প্রত্যাবাসনের পর মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দিতেও প্রস্তুত বাংলাদেশ। প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের সহায়তায় জাপান সরকারের বিভিন্ন অনুদান ও মানবিক সহযোগিতার কথাও তুলে ধরেন। তারেক রহমান সাসাকাওয়াকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান এবং রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে নিজের অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য জাপানের বিশেষ দূতের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিঃসন্দেহে ইতিবাচক। তবে আমরা মনে করি, প্রত্যাবাসনের প্রশ্নে বাংলাদেশের সদিচ্ছার পাশাপাশি মিয়ানমারের কার্যকর রাজনৈতিক অঙ্গীকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকা এখন সবচেয়ে বেশি জরুরি।

রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য অন্যতম বড় সংকট। বাংলাদেশ এমনিতেই জনবহুল দেশ। দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে দেশটির অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। এই সত্যটি অনুধাবন করেছেন জাপানের বিশেষ দূতও। তিনি স্বীকার করেন, এ পরিস্থিতি সম্পর্কে জাপান সরকারও অবগত। তিনি জানান, রোহিঙ্গা সংকট নিয়ে তার সঙ্গে মিয়ানমারের প্রেসিডেন্টের আলোচনা হয়েছে। মিয়ানমার সরকার এই সংকটের সমাধানে আন্তরিক বলেও জানান। 

এ কথা সত্য যে, বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। মানবিক বিবেচনায় এই দায়িত্ব পালন করলেও এর অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত ও নিরাপত্তাগত চাপ ক্রমেই বাড়ছে। শরণার্থী শিবিরগুলোতে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা যেমন মানবিক সংকটকে গভীর করছে, তেমনি প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় নতুন প্রজন্মের রোহিঙ্গাদের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়ছে। ফলে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন এখন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ।

আমরা মনে করি, প্রত্যাবাসনের জন্য শুধু সীমান্ত খুলে দেওয়া বা কিছু মানুষকে ফেরত পাঠানোই যথেষ্ট নয়। মিয়ানমারে রোহিঙ্গাদের সার্বিক নিরাপত্তা, নাগরিক অধিকার, চলাফেরার স্বাধীনতা, জীবিকা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। তাদের নিজ নিজ এলাকায় নিরাপদে বসবাসের পরিবেশ তৈরি না হলে প্রত্যাবাসন টেকসই হবে না। অতীতের অভিজ্ঞতা থেকে বাংলাদেশকে এ বিষয়টি স্পষ্টভাবে উপলব্ধি করতে হবে।

এ ক্ষেত্রে জাপানের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। আমরা জানি, মিয়ানমারের সঙ্গে জাপানের ঐতিহাসিক ও কূটনৈতিক যোগাযোগ রয়েছে। ধর্মীয় দিক থেকেও দেশ দুটি কাছাকাছি। উভয় দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক বৌদ্ধ ধর্মাবলম্বী; ‘অহিংসা পরম ধর্ম’ যে ধর্মের মূল বাণী। সে বাণীকে প্রাধান্য দিয়ে মিয়ানমার সরকার রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নিপীড়ন-নির্যাতন এবং হত্যাযজ্ঞ বন্ধ করে তাদের অধিকার ফিরিয়ে দেবেÑ এ প্রত্যাশা অসঙ্গত নয়। এ প্রেক্ষাপটে জাপান যদি আন্তরিকতা নিয়ে এগিয়ে আসে, তাহলে কার্যকর সংলাপের পরিবেশ তৈরি এবং সমস্যা সমাধানের পথ উন্মুক্ত হবে। বাংলাদেশকে তাই জাপানসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ জোরদার করতে হবে।

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাপানের উদ্যোগ-আন্তরিকতা ঐতিহাসিকভাবে স্বীকৃত। বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে দেশটি কাজ করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন মিত্রশক্তির চরম নিষ্ঠুরতা তাদেরকে ‘যুদ্ধ নয় শান্তি’ নীতির প্রতি একনিষ্ঠ করেছে। আমরা বিশ্বাস করি, সে মর্মান্তিক অভিজ্ঞতার আলোকে জাপান মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর সমস্যা সম্যক উপলব্ধি করতে সক্ষম হবে। অবশ্য শুরু থেকেই রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপান বাংলাদেশের পাশে রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও বাংলাদেশের অবস্থান আরও সুস্পষ্ট হওয়া দরকার। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের দায় কেবল বাংলাদেশের নয়। মিয়ানমারের ওপর কার্যকর কূটনৈতিক চাপ সৃষ্টি, প্রত্যাবাসন-পরবর্তী পুনর্বাসনে অর্থায়ন এবং রাখাইন অঞ্চলে স্থিতিশীল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।

বাংলাদেশ সহযোগিতা করতে প্রস্তুতÑ প্রধানমন্ত্রীর এই বার্তা কেবল সদিচ্ছার প্রকাশ নয়, এটি বাস্তবসম্মত কূটনৈতিক অবস্থান। তবে সহযোগিতার পাশাপাশি জাতীয় স্বার্থ ও রোহিঙ্গাদের অধিকারÑ দুই দিকই সমানভাবে রক্ষা করতে হবে। প্রত্যাবাসন যেন কোনোভাবেই অনিরাপদ বা জোরপূর্বক প্রত্যাবাসনে পরিণত না হয়, সেটিও নিশ্চিত করা জরুরি।

আমরা বিশ্বাস করি, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত। বাংলাদেশ মানবিক দায়িত্ব পালন করেছে, করছে এবং ভবিষ্যতেও সহযোগিতা করতে পারে। কিন্তু অনির্দিষ্টকাল এই বোঝা বহন করা সম্ভব নয়। এখন প্রয়োজন কথার চেয়ে কার্যকর উদ্যোগ। মিয়ানমারের জাতীয় সমঝোতা যদি বাস্তব রূপ পায়, তাহলে সে প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ফল হওয়া উচিত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ খুলে দেওয়া। বাংলাদেশের কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার সম্মিলিত প্রয়াসেই সেই লক্ষ্য অর্জন সম্ভব। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা