মো. মোয়াজ্জেম হোসেন বাদল। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
কোনো দেশের অর্থনীতির শক্তি বড় শিল্পপ্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি কিংবা বিশাল বিনিয়োগের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের ওপর অনেকাংশে ওপর নির্ভর করে। একজন তরুণের হাতে তৈরি পণ্য, একজন নারীর ঘরে বসে পরিচালিত অনলাইন ব্যবসা, গ্রামের একজন কৃষকের প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদন কিংবা পাড়ার ছোট কারখানায় তৈরি কোনো পণ্যÑ সব মিলিয়েই গড়ে ওঠে একটি দেশের বিস্তৃত অর্থনৈতিক ভিত্তি।
ক্ষুদ্র উদ্যোক্তা বলতে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝায়- যারা সীমিত মূলধন, অল্পসংখ্যক কর্মী ও তুলনামূলক ছোট পরিসরে ব্যবসা বা উৎপাদন কার্যক্রম পরিচালনা করেন। তাদের ব্যবসার আকার ছোট হলেও অর্থনীতিতে এর প্রভাব মোটেই ছোট নয়। বরং অসংখ্য ক্ষুদ্র উদ্যোগ যখন একসঙ্গে সক্রিয় থাকে, তখন তা কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং মানুষের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের মতো জনবহুল দেশে কর্মসংস্থান সৃষ্টি একটি বড় চ্যালেঞ্জ। শুধু সরকারি বা বড় প্রতিষ্ঠানের চাকরির ওপর নির্ভর করে এই বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব নয়। যে কারণে এখানে ক্ষুদ্র-উদ্যোক্তার গুরুত্ব অনেক। একজন উদ্যোক্তা যখন নিজে কর্মসংস্থানের পথ তৈরি করেন, তখন তিনি শুধু নিজের বেকারত্ব দূর করেন না; আরও মানুষের জীবিকার সুযোগ সৃষ্টি করেন। এভাবে একজনের উদ্যোগ ধীরে ধীরে একটি ছোট কর্মসংস্থান কেন্দ্রে পরিণত হয়ে ওঠে।
ক্ষুদ্র-উদ্যোক্তাদের আরেকটি বড় অবদান হলো স্থানীয় অর্থনীতিকে সক্রিয় রাখা। কোনো গ্রামের মুদি দোকান, ছোট পোশাক কারখানা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান, অনলাইনভিত্তিক ব্যবসা কিংবা কৃষিপণ্য বিপণনের উদ্যোগ- প্রতিটি ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ওই গ্রামের বহু মানুষ যুক্ত থাকে। অর্থাৎ উৎপাদক, সরবরাহকারী, পরিবহনকর্মী, বিক্রেতা ও ভোক্তাÑ সবাই মিলে একটি অর্থনৈতিক বলয় তৈরি করে। তার মানে ক্ষুদ্র উদ্যোগ শুধু একটি ব্যক্তির ব্যবসা নয়; এটি একটি বৃহত্তর অর্থনৈতিক কর্মকাণ্ডের অংশ। বর্তমান সময়ে প্রযুক্তি ক্ষুদ্র উদ্যোক্তাদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। আগে একটি ছোট ব্যবসাকে নির্দিষ্ট এলাকার ক্রেতাদের ওপর নির্ভর করতে হতো। এখন সামাজিক মাধ্যম, অনলাইন মার্কেটপ্লেস ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে একজন ক্ষুদ্র-উদ্যোক্তা দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে নিজের পণ্য পৌঁছে দিতে পারেন। এমনকি দেশের বাইরেও বাজার খুঁজে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এভাবে সামান্য পুঁজি ও সৃজনশীলতার একটি উদ্যোগ ভবিষ্যতে ‘বড় প্রতিষ্ঠানে’ রূপ নিতে পারে।
এটা সত্য যে, বড় শিল্প অর্থনীতিকে দৃশ্যমান করে, কিন্তু ক্ষুদ্র উদ্যোগ অর্থনীতিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়। বড় প্রতিষ্ঠানে বিপুল বিনিয়োগ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার হয়, কিন্তু ক্ষুদ্র উদ্যোগ অপেক্ষাকৃত কম পুঁজি দিয়ে বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে উন্নয়নশীল দেশের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সেখানে কর্মক্ষম জনগোষ্ঠীর বড় একটি অংশকে দ্রুত উৎপাদনশীল কাজে যুক্ত করার অন্যতম কার্যকর পথ হলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের প্রসার।
বাংলাদেশের মতো জনবহুল দেশে ক্ষুদ্র উদ্যোক্তাদের গুরুত্ব আরও বেশি। শহর থেকে গ্রামÑ সব জায়গাতেই নানা ধরনের ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোগ রয়েছে। পোশাক, খাদ্য, কৃষিপণ্য, হস্তশিল্প, পরিবহন, তথ্যপ্রযুক্তি, অনলাইন ব্যবসা, গৃহভিত্তিক উৎপাদন, মেরামত ও সেবা খাতÑ অসংখ্য মানুষের জীবিকার সঙ্গে এসব উদ্যোগ সরাসরি যুক্ত। ফলে ক্ষুদ্র উদ্যোক্তা শুধু নিজের কর্মসংস্থান তৈরি করেন না; তার ব্যবসার সঙ্গে আরও কয়েকজন মানুষের আয়-রোজগার জড়িয়ে পড়ে। একজন উদ্যোক্তার সাফল্য তাই অনেক সময় একটি পরিবারের নয়, একাধিক পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে। তবে বাস্তবতা হলো, ক্ষুদ্র উদ্যোক্তা হওয়া যতটা সহজ বলে মনে হয়, টিকে থাকা ততটা সহজ নয়। অধিকাংশ ক্ষুদ্র-উদ্যোক্তার সামনে প্রথম বাধা পুঁজি। ব্যাংকঋণ পাওয়ার ক্ষেত্রে জামানত, জটিল কাগজপত্র, ঋণের শর্ত এবং উদ্যোক্তার অনভিজ্ঞতা বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। অনেক সম্ভাবনাময় উদ্যোগ শুরু হওয়ার আগেই থেমে যায় শুধু পর্যাপ্ত অর্থের অভাবে। আবার কেউ কেউ উচ্চ সুদের অনানুষ্ঠানিক ঋণের ওপর নির্ভর করে ব্যবসা শুরু করেন এবং পরে ঋণের বোঝায় ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় উদ্যোক্তাকে আবেগ দিয়ে নয়, হিসাব দিয়ে ব্যবসা শুরু করতে হবে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আর্থিক ব্যবস্থাপনা। ক্ষুদ্র ব্যবসায় সবচেয়ে বড় ভুলগুলোর একটি হচ্ছে ব্যবসার টাকা ও ব্যক্তিগত খরচের টাকা একসঙ্গে ব্যবহার করা। ফলে উদ্যোক্তা বুঝতেই পারেন না ব্যবসা আসলে লাভ করছে, নাকি মূলধন খরচ হয়ে যাচ্ছে। প্রতিদিনের আয়-ব্যয় লিখে রাখা, নগদ প্রবাহ পর্যবেক্ষণ করা, পাওনা ও দেনার হিসাব আলাদা রাখা এবং জরুরি সময়ের জন্য কিছু অর্থ সংরক্ষণ করাÑ এসব অভ্যাস একজন ক্ষুদ্র-উদ্যোক্তার জন্য অত্যন্ত জরুরি। এই সময়ে ডিজিটাল দক্ষতা ছাড়া ব্যবসাকে দীর্ঘমেয়াদে এগিয়ে নেওয়া কঠিন। সামাজিক মাধ্যম, অনলাইন মার্কেটপ্লেস, ডিজিটাল পেমেন্ট, অনলাইন বিজ্ঞাপন ও গ্রাহকসেবার মাধ্যমে একজন ক্ষুদ্র-উদ্যোক্তা এখন নিজের এলাকার বাইরেও ক্রেতা খুঁজে পেতে পারেন। ডিজিটাল মাধ্যমকে তাই প্রচারের পাশাপাশি ব্যবসা ব্যবস্থাপনার হাতিয়ার হিসেবেও ব্যবহার করতে হবে।
আরেকটি বিষয় লক্ষণীয়, পণ্যের মান ও বিশ্বাসযোগ্যতা। ক্ষুদ্র উদ্যোক্তার সবচেয়ে বড় সম্পদ অনেক সময় তার ব্র্যান্ড নয়, তার প্রতি গ্রাহকের আস্থা। একবার নিম্নমানের পণ্য দিয়ে ক্রেতাকে হতাশ করলে সেই ক্রেতাকে ফেরানো কঠিন। তাই কম দামে বিক্রির প্রতিযোগিতার চেয়ে মানসম্মত পণ্য, সঠিক ওজন, স্বচ্ছ মূল্য, সময়মতো সরবরাহ এবং ভালো আচরণের ওপর গুরুত্ব দেওয়া উচিত। দীর্ঘমেয়াদে এই আস্থাই ব্যবসাকে টিকিয়ে রাখে। ক্ষদ্র-উদ্যোক্তাদের আরেকটি বড় শক্তি হতে পারে সমবায় ও নেটওয়ার্কিং। একই এলাকার কয়েকজন উদ্যোক্তা একসঙ্গে কাঁচামাল কিনলে খরচ কমতে পারে। যৌথভাবে পণ্য প্রদর্শনী বা অনলাইন বিপণন করা যেতে পারে। একই ধরনের ব্যবসায়ীরা অভিজ্ঞতা বিনিময় করলে নতুন উদ্যোক্তার ভুল কমে। এমনকি ব্যাংক, প্রশিক্ষণ প্রতিষ্ঠান, ব্যবসায় সংগঠন এবং সরকারি-বেসরকারি সহায়তাকারী প্রতিষ্ঠানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা প্রয়োজন। এতে রাষ্ট্রের দায়িত্বও কম গুরুত্ব নয়। ক্ষুদ্র উদ্যোক্তাদের শুধু ঋণ দিলেই হবে না; তাদের প্রয়োজন সহজ অর্থায়ন, প্রশিক্ষণ, বাজারসংযোগ, প্রযুক্তি সহায়তা এবং নীতিগত নিরাপত্তা। ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে হবে। নারী, তরুণ ও গ্রামীণ উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তা প্রয়োজন। একই সঙ্গে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিতে হবে হিসাবরক্ষণ, বিপণন, ডিজিটাল প্রযুক্তি, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ে।
ক্ষুদ্র উদ্যোক্তাদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি বাজার। ভালো পণ্য তৈরি করেও অনেক উদ্যোক্তা ক্রেতার কাছে পৌঁছাতে পারেন না। তাই স্থানীয় পণ্যকে জাতীয় ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করার উদ্যোগ প্রয়োজন। সরকারি ও বেসরকারি পর্যায়ে মেলা, প্রদর্শনী, ই-কমার্স প্লাটফর্ম, রপ্তানি সহায়তা এবং ব্র্যান্ডিংয়ের সুযোগ বাড়ানো যেতে পারে। বিশেষ করে গ্রামীণ উদ্যোক্তাদের পণ্য শহরের বাজারে এবং সম্ভাবনাময় পণ্যকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার জন্য কার্যকর সরবরাহব্যবস্থা গড়ে তোলা দরকার। মনে রাখতে হবে, সরকারের সহায়তা ব্যবসার বিকল্প নয়। কোনো উদ্যোক্তার লক্ষ্য শুধু ঋণ পাওয়া কিংবা ভর্তুকি নেওয়া হওয়া উচিত নয়। লক্ষ্য হওয়া উচিত এমন একটি ব্যবসা গড়ে তোলা, যা নিজের পায়ে দাঁড়াতে পারে, কর্মসংস্থান তৈরি করতে পারে এবং সময়ের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।
এটা মানতে হবে, বিশ্ব অর্থনীতিতে প্রযুক্তি ও বাজারব্যবস্থার দ্রুত পরিবর্তন হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, ই-কমার্স ও ডিজিটাল সেবার প্রসার একদিকে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে, অন্যদিকে অভূতপূর্ব সুযোগও তৈরি করছে। আগে একটি ছোট ব্যবসাকে নির্দিষ্ট এলাকার কয়েকশ ক্রেতার ওপর নির্ভর করতে হতো; এখন ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে হাজার হাজার সম্ভাব্য ক্রেতার কাছে পৌঁছানো সম্ভব। ফলে প্রযুক্তিকে ভয় না পেয়ে তা শেখা ও কাজে লাগানোই হবে দূরদর্শী উদ্যোক্তার পরিচয়।
মূলত জাতীয় অর্থনীতির শক্ত ভিত তৈরি হয় মানুষের উদ্যোগ, শ্রম ও সৃজনশীলতার ওপর। বড় শিল্পপ্রতিষ্ঠান অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি কিন্তু ক্ষুদ্র-উদ্যোক্তারা অর্থনৈতিক কর্মকাণ্ডকে সমাজের গভীরে ছড়িয়ে দেন। তারা কর্মসংস্থান তৈরি করেন, স্থানীয় সম্পদকে কাজে লাগান, নতুন পণ্য ও সেবা উদ্ভাবন করেন এবং মানুষের আত্মনির্ভরতার পথ তৈরি করেন। তাই ক্ষুদ্র উদ্যোক্তাকে ‘ছোট ব্যবসায়ী’ হিসেবে দেখার মানসিকতা বদলাতে হবে। একজন ক্ষুদ্র উদ্যোক্তার সাফল্য মানে কেবল একটি দোকান বা প্রতিষ্ঠান টিকে থাকা নয়; এর অর্থ একটি পরিবার স্বাবলম্বী হওয়া, কয়েকজন মানুষের কর্মসংস্থান তৈরি হওয়া এবং স্থানীয় অর্থনীতিতে নতুন অর্থের প্রবাহ সৃষ্টি হওয়া।
জাতীয় সমৃদ্ধির জন্য তাই বড় বিনিয়োগের পাশাপাশি ছোট উদ্যোগকে উৎসাহিত করতে হবে। যে কারণে ক্ষুদ্র উদ্যোক্তাদের দিতে হবে সঠিক জ্ঞান, সহজ অর্থায়ন, প্রযুক্তির সুযোগ এবং বাজারে প্রবেশের স্বাধীনতা। পাশাপাশি উদ্যোক্তাকেও হিসাবি, সৎ, দক্ষ ও পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতাসম্পন্ন হতে হবে। এই দুপক্ষের সমন্বয়েই গড়ে উঠতে পারে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনীতিÑ যেখানে সমৃদ্ধির অগ্রযাত্রায় বড় প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তারা সমানভাবে নেতৃত্ব দেবেন।
লেখক: কলামিস্ট ও শিল্পোদ্যোক্তা