× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিনটি যুগান্তকারী আইন

সম্পাদকীয়

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৭ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গত রবিবার জাতীয় সংসদে তিনটি বিল পাস হয়েছে। বিল তিনটি হলোÑ জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬, ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ এবং সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬। বিলগুলোর বিষয় বিবেচনায় এগুলোকে বিদ্যমান বাস্তবতায় অত্যন্ত সময়োপযোগী। রাষ্ট্রপতি বিলগুলোতে স্বাক্ষর করলে সেগুলো আইনে পরিণত হবে।

নতুন এ আইন তিনটিকে যুগান্তকারী হিসেবে আখ্যায়িত করা অত্যুক্তি হবে না। কেননা, জাতীয় মানবাধিকার কমিশন বিলে গুরুত্বপূর্ণ এ কমিশনের গঠনপ্রণালী ও কার্যপদ্ধতিকে অধিকতর গতিশীল করার বিধান রাখা হয়েছে, যা দেশবাসীর বহুকাঙ্ক্ষিত। একই সঙ্গে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনটি ভবিষ্যতে রাজনৈতিক বা অন্য কোনো কারণে ক্ষমতাসীন গোষ্ঠী বা আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা গুম-খুনের ভয়াবহতা হ্রাস করতে ভূমিকা রাখবে। অবশ্য বিল তিনটি পাসের আগে সেগুলোর বিষয়বস্তুর কিছু অংশের বিরোধিতা করে বিরোধী দল দুই দফা অধিবেশন থেকে ওয়াকআউট করেছে। তাদের এ ওয়াকআউট আমরা নেতিবাচক দৃষ্টিতে দেখছি না। বরং সংসদীয় রাজনীতির অনুশীলনের ক্ষেত্রে এই অন্যতম অনুষঙ্গ ইতিবাচকভাবে বিরোধী দল ব্যবহার করুক, সেটাই কামনা করি। তবে ওয়াকআউট যাতে স্থায়ী বর্জনের পথে তাদের নিয়ে না যায়, সে ব্যাপারে অবশ্যই সব পক্ষকে সতর্ক থাকতে হবে।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অতীতে বহু আলোচনা-সমালোচনা জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে হয়েছে। বলা নিষ্প্রয়োজন, সেসব আলোচনায় বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি পরিস্ফুটিত হতো। বিশেষ করে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বাংলাদেশকে কার্যত মানবাধিকারহীন রাষ্ট্র হিসেবেই পরিচিত করে তুলেছিল। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের মূল্যায়ন, পত্রপত্রিকা ও সাময়িকীর প্রতিবেদনে সে ভয়াবহ পরিস্থিতি ঠাঁই পেয়েছে। উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা। কিন্তু তাতে ক্ষমতাসীন সরকারটির কোনো বিকার ছিল না। তারা রাষ্ট্রীয় বাহিনীকে ফ্যাসিস্ট হিটলারের গেস্টাপো বাহিনীতে পরিণত করে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ও প্রতিবাদী মানুষকে নিপীড়ন-নির্যাতনের মাধ্যমে স্তব্ধ করে দিতে চেয়েছে। জেলজুলুম তো ছিলই, গুম ও হত্যার মাধ্যমে এমন বিভীষিকাময় পরিবেশ তারা সৃষ্টি করেছিল, যা মধ্যযুগীয় বর্বরতার সঙ্গেই কেবল তুলনীয়। 

এমন প্রেক্ষাপটে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের সর্বস্তরের মানুষ দাবি জানিয়েছিল, ভবিষ্যতে ওই বর্বর পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে আইন প্রণয়নের। সে জনদাবির প্রতি সম্মান জানিয়ে জুলাই সনদে জাতীয় মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইন প্রণয়নের অঙ্গীকার করেছিল রাজনৈতিক দলগুলো। সে সনদে অন্যতম স্বাক্ষরকারী দল বিএনপি সরকার গঠনের ফলে তাদের ওপর সনদ বাস্তবায়নের গুরুদায়িত্ব অর্পিত হয়েছে। সে দায়িত্ববোধ থেকেই সরকার এই জনগুরুত্বসম্পন্ন আইন প্রণয়নের পদক্ষেপ নিয়েছে এ বিষয়ে সন্দেহ নেই। তবে শুধু সংসদে বিল পাস বা তাতে রাষ্ট্রপতির সম্মতি স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হলেই চলবে না। সেটাকে কার্যকর করাই হবে বড় চ্যালেঞ্জ। অতীতে এ ধরনের অনেক ইতিবাচক আইন প্রণীত হলেও ক্ষমতাসীন সরকারের নেতিবাচক মনোভঙ্গির কারণে সেগুলো কার্যকর হয়নি। জাতীয় মানবাধিকার কমিশন আগেও গঠিত হয়ছিল। কিন্তু এই প্রতিষ্ঠানটির অস্তিত্ব অনুভব করা যায়নি। কেননা, ক্ষমতাসীন সরকারের তল্পিবাহক-শিখণ্ডীরা ছিল এর দণ্ডমুণ্ডের কর্তা। তারা কথা বলতে, সিদ্ধান্ত বা পদক্ষেপ নিতে, এমনকি রাস্তায় পা ফেলতেও শাসকগোষ্ঠীর চোখের ইশারার দিকে তাকিয়ে থাকত।

বর্তমানে দেশে বিপুল জনসমর্থিত একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত। তারা জনগণের কাছে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ আইনের শাসন ও জনগণের নিরাপত্তা নিশ্চিতের। জনসাধারণ বিশ্বাস করে, সে অঙ্গীকারের প্রতি বিশ্বস্ত থেকে বিএনপি সরকার তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে। যে গুম-খুন বাংলাদেশে একদা আইয়ামে জাহেলিয়াত কায়েম করেছিল, সে বিভীষিকার পুনরাবৃত্তি রোধে সরকার আন্তরিক থাকবে, দেশবাসীর সঙ্গে আমরাও সে ব্যাপারে সমান আশাবাদী হতে চাই। বলা নিষ্প্রয়োজন, রাষ্ট্রে মানবাধিকার প্রতিষ্ঠিত হলে গুম-খুনসহ সব ধরনের অনাচার আপনাঅপনি কমে আসবে। 

রবিবার অপর যে গুরুত্বপূর্ণ বিলটি পাস হয়েছে, সেটি সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত। এতে বলা হয়েছে, কোনো বাবা-মা যদি তাদের সম্পত্তি সন্তানদের দান করেন, তারপরও তারা বেঁচে থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগদখলের অধিকার তাদের থাকবে। প্রচলিত আইনের এই সংশোধনী যে বিদ্যমান সামাজিক বাস্তবতায় অত্যন্ত সময়োপযোগী তা বলার অপেক্ষা রাখে না। কেননা, সমাজে মানবিক মূল্যবোধের এতটাই অবক্ষয় সৃষ্টি হয়েছে যে, অনেক সন্তান সম্পত্তি হাতিয়ে নিয়ে বাবা-মাকে ছেঁড়া ন্যাকড়ার মতো ছুড়ে ফেলে দেয়। এই আইন বাৎসল্যবশত সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরও তাতে পিতা-মাতার অধিকারকে আইনি ভিত্তি দেবে এবং তাদের জীবন-জীবিকার অনিশ্চয়তা দূর করবে। সে সাথে অবাধ্য বা স্বার্থপর সন্তানদের দান করা সম্পত্তি বাবা-মা ফেরত নিতে পারার বিধান সংযোজন করলে আইনটি অধিকতর গ্রহণযোগ্য হবে বলে আমরা মনে করি। 

একটি জনসমর্থিত সরকার তার কর্মকাণ্ডে জনগণের প্রত্যাশার ফলন ঘটাবেÑ এটাই স্বাভাবিক। বিএনপি সরকারকে মনে রাখতে হবে, দীর্ঘ সাড়ে পনেরো বছর একটি চরম স্বৈরতান্ত্রিক সরকারের দুঃশাসনে অতিষ্ঠ বাংলাদেশের জনসাধারণ অনেক বড় প্রত্যাশা নিয়ে তাদের সরকারে পাঠিয়েছে। জনগণের সে প্রত্যাশা পূরণে আন্তরিক থাকতে হবে। মানবাধিকার কমিশন আইন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন প্রণয়ন তারই প্রতিফলন। আমরা আশা করব, বিরোধী দলও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে জনপ্রত্যাশা পূরণে তাদের ভূমিকা রাখবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা