× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুর ট্র্যাজেডি: সত্য উদঘাটনই কাম্য

প্রদীপ মালাকার

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১৯ পিএম

একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী, বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে এবং কিশোর ছেলেÑ একটি পরিবারের চারটি প্রাণ একসঙ্গে নিভে যাওয়ার ঘটনা কোনোভাবেই কেবল একটি ‘খুনের মামলা’ নয়। এটি মানুষের নিরাপত্তাবোধ, রাষ্ট্রের তদন্তব্যবস্থা এবং ন্যায়বিচারের ওপর আমাদের আস্থারও পরীক্ষা। ছবি: সংগৃহীত

একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী, বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে এবং কিশোর ছেলেÑ একটি পরিবারের চারটি প্রাণ একসঙ্গে নিভে যাওয়ার ঘটনা কোনোভাবেই কেবল একটি ‘খুনের মামলা’ নয়। এটি মানুষের নিরাপত্তাবোধ, রাষ্ট্রের তদন্তব্যবস্থা এবং ন্যায়বিচারের ওপর আমাদের আস্থারও পরীক্ষা। ছবি: সংগৃহীত

রংপুরের আকাশ এখনও যেন ভারী করে রেখেছে চারটি মৃত্যুর শোক। একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী, বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে এবং কিশোর ছেলেÑ একটি পরিবারের চারটি প্রাণ একসঙ্গে নিভে যাওয়ার ঘটনা কোনোভাবেই কেবল একটি ‘খুনের মামলা’ নয়। এটি মানুষের নিরাপত্তাবোধ, রাষ্ট্রের তদন্তব্যবস্থা এবং ন্যায়বিচারের ওপর আমাদের আস্থারও পরীক্ষা।

গণপতি চক্রবর্তী ও তার পরিবারের নির্মম হত্যাকাণ্ডের পর স্বাভাবিকভাবেই মানুষের মনে অসংখ্য প্রশ্ন। কী ঘটেছিল সে রাতে? কারা এসেছিল? কেন এসেছিল? হত্যার প্রকৃত কারণ কী? কোনো পূর্বপরিকল্পনা ছিল কি না? আর সবচেয়ে বড় প্রশ্নÑ প্রকৃত অপরাধীরা কি আইনের আওতায় আসবে? এসব প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায় নি। তাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলোÑ অনুমানকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করতে তদন্তের আগেই কোনো গল্পকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মানুষের সামনে তুলে না ধরা। 

ঘটনার শুরুতে পুলিশের পক্ষ থেকে ডাকাতির সম্ভাবনার কথা বলা হয়েছিল বলে সংবাদ মাধ্যমে এসেছে। পরে পুলিশের সংবাদ সম্মেলনে বলা হয়, ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই তরুণ গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, হত্যার পর ঘটনাকে ভিন্ন খাতে নিতে বাড়িতে জিনিসপত্র ছড়িয়ে ডাকাতির নাটক সাজানোর চেষ্টা করা হয়েছিল।

আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে একটি সম্ভাব্য ঘটনার বর্ণনা দিতেই পারে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ থেকেও অনেক তথ্য বেরিয়ে আসতে পারে। কিন্তু তদন্তের তথ্য, আলামত, ফরেনসিক প্রতিবেদন, প্রত্যক্ষদর্শীর বক্তব্য এবং আদালতে পরীক্ষিত প্রমাণÑ সবকিছু মিলেই শেষপর্যন্ত সত্য প্রতিষ্ঠিত হয়। আমরা মনে করি, সংবাদ সম্মেলনের বক্তব্য কখনোই চূড়ান্ত বলে বিবেচনার সুযোগ নেই।  কারণ গণপতি পরিবারের হত্যাকাণ্ড নিয়ে পুলিশের বক্তব্যের সঙ্গে মাঠপর্যায়ের তথ্য, স্বজনদের বক্তব্য এবং অন্যান্য সূত্রের কিছু অসঙ্গতি নিয়ে সংবাদমাধ্যমে প্রশ্ন উঠেছে। এমনকি ঘটনার তদন্তভার থানা থেকে গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়েছে। অধিকতর স্বচ্ছ তদন্তের দাবিও উঠেছে নাগরিক সমাজ থেকে।

প্রশ্ন তোলা মানেই পুলিশকে অভিযুক্ত করা নয়। বরং একটি ভয়াবহ হত্যাকাণ্ডের ক্ষেত্রে প্রশ্নের উত্তর খোঁজা তদন্তকে আরও শক্তিশালী করে। আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশে অতীতে এমন ঘটনাও ঘটেছে, যেখানে তদন্তের নামে নিরপরাধ মানুষকে আসামি বানানো হয়। পরে সেই তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়। সেই কারণেই আজ দেশবাসীর দাবি, অতীতের মতো কোনো তদন্ত নাটকের স্ক্রিপ্ট যেন লেখা না হয়। আমরা চাই না, দ্রুত কাউকে না কাউকে গ্রেপ্তার করে তদন্তের সাফল্য ঘোষণা করা হোক। আমরা চাই না, জনমতের চাপ সামলাতে একটি সুবিধাজনক গল্প দাঁড় করানো হোক। আমরা চাই না, প্রকৃত অপরাধী আড়ালে থেকে যাক আর কোনো দুর্বল বা নির্দোষ মানুষ বছরের পর বছর অপরাধের বোঝা বহন করুক। একই সঙ্গে এটাও সত্যÑ গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অপরাধী প্রমাণিত হওয়ার আগে তাদের অপরাধী হিসেবে চিহ্নিত করা ন্যায়বিচার নীতির পরিপন্থী। তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হতে হবে। আর সেজন্য  তদন্তের প্রতিটি ধাপ হতে হবে তথ্য-প্রমাণ নির্ভর।

হত্যা মামলার ক্ষেত্রে  ফরেনসিক প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আলামত, ডিএনএ পরীক্ষা, আঙুলের ছাপ, মোবাইল ফোনের তথ্য, কল রেকর্ড, সিসিটিভি ফুটেজ, প্রবেশ ও বের হওয়ার সম্ভাব্য পথ, মৃতদের গতিবিধি, সময়ের হিসাবÑ প্রতিটি বিষয় আলাদাভাবে যাচাই করা প্রয়োজন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির ডিএনএ পরীক্ষা ও ডোপ টেস্টের উদ্যোগ নেওয়া হবে এবং ময়নাতদন্তের প্রতিবেদন ও আদালতে দেওয়া জবানবন্দির সঙ্গে তথ্য মিলিয়ে তদন্ত এগিয়ে নেওয়া হবে। এখানে আরেকটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণÑ প্রশাসনের বক্তব্যে যেন অস্পষ্টতা না থাকে।

একটি হত্যাকাণ্ড নিয়ে তদন্ত চলার সময় একেক পর্যায়ে একেক ধরনের বক্তব্য জনমনে স্বাভাবিকভাবেই সন্দেহ তৈরি করে। মানুষের মনে তখন সংশয় জাগা স্বাভাবিক, কোন বক্তব্যটি সত্য? তদন্তের স্বার্থে সব তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা সম্ভব নয়Ñ এটি আমরা বুঝি। কিন্তু যা বলা হবে, তা যেন যাচাই করা তথ্যের ভিত্তিতে বলা হয়। কোনো অনুমানকে নিশ্চিত তথ্য হিসেবে উপস্থাপন না করাই দায়িত্বশীলতা। কারণ প্রশাসনের একটি ভুল বক্তব্য শুধু একটি মামলাকেই ক্ষতিগ্রস্ত করে না; সেটি পুরো রাষ্ট্রীয় ব্যবস্থার ওপর মানুষের আস্থা কমিয়ে দিতে পারে। আর গণপতি পরিবারের হত্যাকাণ্ডের বিষয়টি আরও সংবেদনশীল।

এটা নিয়তি যে, একটি পরিবারের চারজন মানুষ আর কোনোদিন কথা বলবেন না। তাদের স্বজনরা আর কোনোদিন তাদের সঙ্গে বসবেন না। যে ঘরে একটি শিশুর বই ছিল, সেখানে এখন শোক। যে বাড়িতে স্বামী-স্ত্রীর সংসার ছিল, সেখানে এখন নিঃসঙ্গতা। যে মা তার সন্তানকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতেন, তিনি নিজেই আজ সেই ভবিষ্যতের বাইরে। এই শোকের কোনো ক্ষতিপূরণ নেই। তাই নিহত পরিবারের প্রতি রাষ্ট্রের প্রথম দায়িত্ব হলোÑ সত্য উদঘাটন।

শুধু কাউকে গ্রেপ্তার করা নয়। শুধু সংবাদ সম্মেলন করা নয়। শুধু চার্জশিট দেওয়াও নয়। প্রকৃত অপরাধী কে, কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে, কেউ পেছন থেকে সহায়তা করেছে কি নাÑ সবকিছুর উত্তর বের করতে হবে। প্রয়োজনে স্বাধীন ও উচ্চতর পর্যায়ের তদন্ত হতে পারে। বিচার বিভাগীয় তদন্তের দাবিও বিবেচনা করা যেতে পারে। আর তদন্তে যদি পুলিশের আগের কোনো বক্তব্য ভুল প্রমাণিত হয়, তাহলে তা সংশোধন করতে দ্বিধা করা উচিত নয়। ভুল স্বীকার করা প্রতিষ্ঠানের দুর্বলতা নয়; বরং জবাবদিহির শক্তি।

রংপুরসহ সকল শোকার্ত মানুষ ন্যায়বিচার চায়। নিহতদের স্বজনরা ন্যায়বিচার চান। গোটা দেশের মানুষ জানতে চায়Ñ গণপতি চক্রবর্তী, প্রীতিলতা চক্রবর্তী, আগামী চক্রবর্তী ও ছোট্ট আয়ুশের হত্যাকারী কারা? এই প্রশ্নের উত্তর যেন কোনো চাপ, কোনো প্রভাব, কোনো রাজনৈতিক হিসাব কিংবা কোনো দ্রুত সাফল্য দেখানোর তাগিদে হারিয়ে না যায়। কাউকে বাঁচানোর জন্য তদন্ত নয়, কাউকে ফাঁসানোর জন্যও তদন্ত নয়Ñ তদন্ত হোক সত্যের জন্য। 

গণপতি চক্রবর্তী পরিবারের চারটি প্রাণের প্রতি আমাদের মানবিক দায় হলোÑ তাদের মৃত্যুকে কোনো সুবিধাজনক গল্পের মধ্যে হারিয়ে যেতে না দেওয়া। রাষ্ট্রের কাছে তাই আমাদের একটাই দাবিÑ প্রশাসনের নানামুখী ভাষ্য নয়, চাই একটিমাত্র নির্ভরযোগ্য সত্য। অনুমান নয়, চাই প্রমাণ। দ্রুত ফল দেখানোর চেষ্টা নয়, চাই নিরপেক্ষ তদন্ত। 


লেখক: নিউইয়র্ক প্রবাসী, কলামিস্ট


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা