মহিউদ্দিন খান মোহন। গ্রাগিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ক্লাসে শিক্ষক ছাত্রদের জিজ্ঞেস করলেন, তোমরা কি এমন একটি খাবারের নাম বলতে পারবে, যেটা রান্না করতে হয়না, খেলে পেট ভরেনা, কিন্তু তারপরও কিছু মানুষ তা খায়? সারা ক্লাস নিশ্চুপ। এর মধ্যে এক ত্যাঁদড় ছাত্র দাঁড়িয়ে বলল, স্যার এটা হলো ঘুষ। শিক্ষক মাথা নেড়ে সম্মতিসূচক অভিব্যক্তি জ্ঞাপন করে তার শিক্ষার্থীদের ঘুষ সম্পর্কে উপদেশ দিলেন। বললেন, ‘এটা একটি অনৈতিক কাজ, কখনো ঘুষ খাবেনা, দেবেও না।’ এই ঘুষ সম্পর্কে কাউকে নতুন করে কিছু বলার প্রয়োজন পড়ে না। জনসমাজে ঘুষ এবং এর খাদকদের বক্রদৃষ্টিতে দেখা হলেও এর বিস্তার থেমে নেই। দিন দিন এই খাদ্যটির চাহিদা ও প্রতাপ বেড়েই চলেছে। আমাদের সরকারি অফিস-আদালত এখন ঘুষের রমরমা বাজার। আপনার বিলের ফাইল, পেনশনের ফাইল আটকে আছে, প্রমোশন পাচ্ছেন না, প্রকল্প পাশ হচ্ছে না, কোনো টেনশন নেই। যথাস্থানে ঘুষ নামের অর্ঘ্য দান করুন, আপনার ফাইলের গতি বিদ্যুতের গতিকেও হার মানাবে। ঘুষ দিলে হয়না এমন কাজ আমাদের দেশে নেই। আবার এ ‘শিরণি’ কর্মকর্তা নামের পীর-দরবেশের দরবারে না দিলে কাজ না হওয়ারও বহু উদাহরণ রয়েছে। তাই এখন আর ঘুষের কর্মক্ষমতা ও প্রভাবকে কেউ অবজ্ঞা করার সাহস পান না। বরং ‘জয় বাবা ঘুষ’ বলে নতমস্তকে তাকে প্রণাম করেন।
আসলে ঘুষ কিন্তু একটি উপাদেয় খাবার। এর স্বাদ অপরিসীম। একবার যারা এই সুখাদ্যটির স্বাদে রসনা তৃপ্ত করেন, তারা আর একে ভুলতে পারেন না, পরিত্যাগের তো প্রশ্নই আসে না। আগে ঘুষ চলত সরকারি অফিস-আদালতে। এখন তা রাজনৈতিক দলেও সংক্রমিত হয়েছে। বড় বড় রাজনৈতিক দলের পদ-পদবী বিলি-বন্টন, এমনকি এমপি নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রেও উৎকোচ নামের উপঢৌকনের ধন্বন্তরী ক্ষমতার কথা এখন সর্বজনবিদিত। পৃথিবীর সব খাবার খেলেই প্রাণীর উদরপূর্তি ঘটে, ক্ষুধা দূর হয়। উদরের খাবার হজম না হওয়া পর্যন্ত কোনো প্রাণীই পুনরায় খাবার গ্রহণ করে না। কিন্তু ঘুষ এমনই একটি খাবার যে, এটা হা্জারবার খেলেও উদরপূর্তি হয় না। এর খাদকরা যত খায়, ততই তাদের ক্ষুধা বেড়ে যায়। এমনিতে অতিরিক্ত খাবার খেলে মানুষ উদরাময়ে আক্রান্ত হয়। কিন্তু ঘুষ নামের খাদ্যটির কেরামতি হলো, এটা যে যতই উদরস্থ করুক, পেটের পীড়া হয় না। তাই যাদের সামনে এটা গলাধঃকরণের সুযোগ আসে, তারা কোনো দিকে না তাকেয়ে গো-গ্রাসে তা উদরস্থ করে। অবশ্য অতিরিক্ত ঘুষ খানেওয়ালারাও যে মাঝেমধ্যে পেটের পীড়ায় আক্রান্ত হনা না, তা নয়। তবে সে পীড়া আবার ওপরের দিকে একই অর্ঘ্য দান করে নিরাময় লাভর সুযোগ আছে।
ঘুষ নিয়ে একটি গল্প আছে ব্রিটিশ আমলের। এক লোক সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি করতে গেলে পেশকার তার কাছে ঘুষ দাবি করল। লোকটি রেগেমেগে সাব-রেজিস্ট্রারের কাছে গিয়ে পেশকারের বিরুদ্ধে অভিযোগ করে বলল, ‘হি ইট ঘুষ স্যার।’ ইংরেজ সাব-রেজিস্ট্রার তো বাংলঅ শব্দ ঘুষ কী তা বোঝেন না। তিনি পেশকারকে জিজ্ঞেস করলেন, ‘হোয়াট ইজ ঘুষ?’ চতুর পেশকার দৌড়ে অফিসের বাইরের দোকান থেকে এক ছড়ি কলা এনে সাহেবের টেবিলে পেশ করে বলল, ‘দিস ইজ ঘুষ স্যার’। সাব-রেজিস্ট্রার সেখান থেকে একটি কলা নিয়ে খেতে খেতে বলতে লাগলেন, ‘ইউ নেটিভ, টোমরা বানানাকে ঘুষ বলো? ঘুষ ইজ গুড ফর হেলথ। এভরিডে ঘুষ খাবে।’ দুষ্ট লোকেরা বলে, সেই থেকে এদেশের সরকারি অফিসে ঘুষ খাওয়ার প্রচলন হয়েছে। যেহেতু এটা নিছকই একটি গল্প, তাই তখন থেকেই আমাদের এই দেশটি ঘুষাক্রান্ত হয়েছে এটা বলা যাবে না। তবে সমাজ ও রাষ্ট্রীয় জীবনে এই ঘুষ নামের ব্যাধিটির সংক্রমণ যে অতি পুরনো, তা নিয়ে সন্দেহ প্রকাশের অবকাশ নেই।
ঘুষ এবং পুলিশ শব্দ যুগল আমাদের দেশে সমার্থক হয়ে উঠেছে। লোকটি পুলিশে চাকরি করে আর ঘুষ খায় না, এ যেন এক অবিশ্বাস্য ব্যাপার! তবে সব পুলিশ ঘুষ খায় না এটা যেমন সত্যি, তেমনি এটাও মিথ্যে নয় যে, ঘুষ না খেয়ে এই ডিপার্টমেন্টে চাকরি করা আরও কঠিন। পুলিশে ঘুষের এটি চেইন আছে। থানার কনস্টেবল দেয় এসআইকে, এসআই দেয় ওসিকে, ওসি দেন এসপিকে। আর এসপি সাহেব তা ওপরতলায় পাঠিয়ে কর্তব্য সম্পাদন করেন। গুরুত্বপূর্ণ থানায়, মানে যে থানায় অপরাধের মাত্রা বেশি, সে থানায় পোস্টিং পেতে এসআই-ওসিরা লাখ থেকে কোটি টাকা পর্যন্ত ‘বিনিয়োগ’ করে থাকে। এই বিনিয়োগের টাকার পুরোটাই যায় সরকারের মন্ত্রী-এমপি, প্রভাবশালী নেতার পকেটে। সবচেয়ে ট্র্যাজিক ব্যাপার হলো, সরকারের বাইরে থাকতে যে নেতা ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জেহাদি বক্তব্য দিয়ে মঞ্চ কাঁপান, সরকারে গিয়ে তিনিই হয়ে ওঠেন ঘুষ-দুর্নীতির পৃষ্ঠপোষক। ঘুষের এই পরম্পরা এতটাই সুসংবদ্ধ যে, তা কোনোদিন বন্ধ হবে কি না কেউ জানে না। আর তা হবেই-বা কীভাবে? যেখানে ঘুষ দিয়ে পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি পেতে হয়, সেখানে এই অনৈতিকতার অবসান কল্পনায় সীমাবদ্ধ থাকাই স্বাভাবিক। আগে ঘুষখোররা ঘুষ খেত আড়ালে আবডালে। আর এখন একেবারে ‘খুল্লাম খুল্লা’ অবস্থা। সমাজে একসময় ঘুষখোররা মাথা নিচু করে থাকত। এখন তারা শির উঁচিয়ে, ছাতি ফুলিয়ে সবার আগে থাকে, উঁচু-নিচু সব জায়গায় কল্কে পায়। ঘুষ-দুর্নীতির টাকায় সম্পদের পাহাড় বানিয়ে একসময় তারা বনে যান জনপ্রতিনিধি। নিজে বেআইনি কাজে লিপ্ত থেকে হয়ে যান দেশের ‘আইনপ্রণেতা’!
এই ঘুষের জাঁতাকলে নিরন্তর পিষ্ট হলেও কেউ প্রতিবাদ করেন না। প্রতিবাদ করে প্রতিকার না পাওয়া বরং উল্টো বিপাকে পড়ার ভীতিই যে এর কারণ তা ব্যাখ্যা করে বলার দরকার পড়ে না। তবে এবার এক কিশোর প্রতিবাদী হয়েছে। খবরটি আমরা প্রথমে জেনেছি ফেসবুকে। পরে তা মূলধারার গণমাধ্যমে গুরুত্বসহ প্রকাশিত হয়েছে। মায়ের মৃত্যুর পরে তার পেনশনের টাকা তুলতে গিয়ে বারবার ঘুষের দাবির মুখে পড়ে তিতিবিরক্ত ও বিক্ষুব্ধ কলেজছাত্র শাহেদ শরীফ ‘ঘুষ সাইট’ নামে একটি ওয়েবসাইট খোলে। সাইটটি চালুর ১১ দিনের মাথায় তাতে ১১ হাজারেরও বেশি অভিযোগ জমা পড়ে। শাহেদ শরীফের মা আমিনা খাতুন ছিলেন ময়মনসিংহ জেলা সদরের আজমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ২০২২ সালের ১৬ ডিসেম্বর তিনি মারা যান। মায়ের মৃত্যুর পর তার প্রভিডেন্ট ফান্ডের ৭ লাখ টাকা তুলতে গিয়ে শাহেদ শরীফকে ঘুষ গুনতে হয়েছে ৩৮ হাজার টাকা। এখন কল্যাণ তহবিলের ২ লাখ টাকা এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রাপ্য ৮ লাখ টাকা তুলতে শিক্ষা বিভাগের কার্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিরা তার কাছে আরও ১ লাখ টাকা ঘুষ দাবি করছে। তারা স্পষ্ট করে বলেই দিয়েছে, এ টাকা না দিলে আমিনা বেগমের ফাইল আর এগোবে না। এ বিষয়ে শাহেদ গণমাধ্যমকে বলেছেন, ‘আম্মুর পেনশনের ফাইল আটকে রেখে লাখ টাকা ঘুষ চাওয়া হচ্ছিল। দেড় বছর আগে ও-লেভেল পরীক্ষার জন্য পাসপোর্ট করতে গেলে ফাইল আটকে রেখে ১৫০০ টাকা ঘুষ নেয়। ঘুষ নেওয়ার তিন ঘণ্টার মধ্যে কাজ করে দেওয়া হয়। এ ক্ষোভ থেকে ওয়েবসাইট বানাই।’ শাহেদ শরীফ জানিয়েছেন, সরকারি অফিসে ঘুষ নেওয়া যে অত্যন্ত অন্যায় ও গর্হিত কাজ, তা ওয়োবসাইটের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতে চায়।
কিশোর শাহেদ শরীফ যে সাহস দেখিয়েছে, তা আমাদের অনেকেই দেখাতে পারি না। অত্যাচারিত, নিগৃহীত হয়েও নানা কারণে সবাই চুপ করে থাকি। আমার ভাগ্নিজামাই জিয়াউল হক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। দু’বছর আগে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসার খরচ জোগাতে স্বেচ্ছা অবসরের আবেদন করে। তার আবেদন মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হয়। তারপরই শুরু হয় হয়রানি। প্রভিডেন্ট ফান্ড ও কল্যাণ তহবিলের টাকা পেতে ঘাটে ঘাটে দিতে হয়েছে ঘুষ। লোকটি ক্যানসারে আক্রান্ত জেনেও মুন্সীগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও শ্রীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা এতটুকু দয়াদাক্ষিণ্য দেখায়নি। তাদের ঘুষের চাহিদা পূরণে করার পরই ফাইল সামনের দিকে হেঁটেছে, চেক রেডি হয়েছে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত একজন শিক্ষকের কাছ থেকে যারা কাবুলিওয়ালার মতো ঘুষ আদায় করতে পারে, ক্ষুব্ধ কেউ যদি তাদেরকে অমানুষ বলে অভিহিত করে, তাহলে কি তা দোষের হবে? বেশ কয়েক বছর আগে রাজধানীর বিভিন্ন দেওয়ালে একটি কথা লেখা দেখেছিলামÑ ‘অফিসে ফাইল ঠেকিয়ে ঘুষ খাওয়া, আর রাস্তায় চাকু-পিস্তল ঠেকিয়ে ছিনতাই করা সমান অপরাধ।’ এ কথার যথার্থতা নিয়ে কারওরই দ্বিমত থাকার কথা নয়। কেননা, কারও ইচ্ছার বিরুদ্ধে তার কাছ থেকে অর্থ আদায় করা চুরি-ডাকাতির মতোই অপরাধ। পার্থক্য চোর-ডাকাতরা হানা দেয় রাতের বেলায় চুপিসারে, আর ঘুষখোররা একই কাজ করে ভদ্রবেশে, সুসজ্জিত অফিসে বসে প্রকাশ্য দিবালোকে। চোর-ডাকাতরা জনসমাজে বের হয়না, আর ঘুষ খাদকরা শির উঁচিয়ে চলাফেরা করে।
‘আপনার শিশুকে টিকা দিন’ বলে একটি সরকারি বিজ্ঞাপন প্রচার করা হতো একসময়। নির্দিষ্ট কিছু টিকা শিশুকে ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার ইত্যাদি রোগ থেকে সারাজীবন রক্ষা করে। পরবর্তীতে বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে সে বিজ্ঞাপনের প্যারোডি প্রচার করা হয়েছিলÑ ‘আপনার শিশুকে ঘুষ দিন। ছেলেবেলা থেকে ঘুষ নেওয়ার অভ্যাস গড়ে উঠলে তা সারাজীবন তাকে দারিদ্র্য, অসচ্ছলতা, দুঃখ-কষ্ট থেকে মুক্ত রাখবে, সুখ-স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারবে।’ এটা নিছক একটি কৌতুক। তবে ঘুষখোরদের আজকের রমরমা অবস্থা দর্শনে কথাটিকে একেবারে ফেলেও দিতে পারছি না।
লেখক: সহকারী সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ