প্রতীকী ছবি
বার্ধক্যে আর্থিক নিরাপত্তা মানুষের মৌলিক প্রত্যাশার একটি। কর্মজীবনে আয় থাকলেও অবসর-পরবর্তী সময়ে নিয়মিত আয়ের নিশ্চয়তা না থাকলে ব্যক্তি ও পরিবার উভয়েই অনিশ্চয়তার মধ্যে পড়ে। কর্মজীবন শেষে সরকারি চাকুরেদের আর্থিক নিরাপত্তার অবলম্বন কিছুটা থাকলে তা দেশের সর্বজনীন পর্যায়ে নয়। এই বাস্তবতায় বাংলাদেশে সর্বজনীন পেনশন স্কিম নিঃসন্দেহে একটি সময়োপযোগী সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগ। এ কর্মসূচিকে আরও বিস্তৃত ও কার্যকর করতে সরকার ২০৩০ সালের মধ্যে দেশের প্রায় ৪ কোটি পরিবারের অন্তত একজন সদস্যকে পেনশন ব্যবস্থার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে। শনিবার বিজিএমইএ ভবনে পোশাক কারখানার শ্রমিক-কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য জানান জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. সুরাতুজ্জামান। আমরা উদ্যোগটির সফলতা কামনা করছি।
গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ প্রকাশিত ‘৪ কোটি পরিবারকে পেনশনের আওতায় আনতে চায় সরকার’ শীর্ষক প্রতিবেদনে জানা যায়, চলমান সর্বজনীন পেনশন স্কিমে ফের গতি আনতে নতুন লক্ষ্যে এগোচ্ছে সরকার। ইতোমধ্যে এ সংক্রান্ত লেনদেন ও হিসাব ব্যবস্থাপনার জন্য ৪৫টি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে কর্তৃপক্ষ। জানা গেছে, ১৮ থেকে ৬০ বছর বয়সী নাগরিকরা চারটি স্কিমের আওতায় বিভিন্ন মেয়াদে নির্ধারিত অর্থ জমা রাখতে পারবেন। ৬০ বছর বয়স থেকে আমৃত্যু মিলবে পেনশন। বর্তমানে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ৮ শতাংশ। পেনশনভোগীর বয়স ৭৫ বছর পূর্ণ হওয়ার আগে মৃত্যু হলে নমিনি ওই সময় পর্যন্ত অর্থ পাবেন। প্রয়োজনে পেনশনের ৩০ শতাংশ এককালীন উত্তোলনের সুযোগও রয়েছে।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১৭ আগস্ট থেকে শুরু হওয়া ‘প্রবাস’, ‘প্রগতি’, ‘সুরক্ষা’ ও ‘সমতা’Ñ এই চার স্কিমে এ পর্যন্ত প্রায় ৩ লাখ ৮০ হাজার মানুষ বিভিন্ন স্কিমে যুক্ত হয়েছেন। জমা পড়েছে প্রায় ৩০০ কোটি টাকা। প্রকল্প উন্নয়নে এডিবি থেকে ১০০ বিলিয়ন ডলার ঋণের সম্মতিও মিলেছে বলে জানা গেছে। সংখ্যাগুলো একেবারে নগণ্য নয়, কিন্তু প্রায় ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্যের তুলনায় বর্তমান অংশগ্রহণ যে অনেক কম সেটিও স্পষ্ট। ফলে আগামী কয়েক বছরে নিবন্ধন বাড়ানোর পাশাপাশি মানুষের আস্থা অর্জন করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তথ্য বলছে, ১৮ থেকে ৬০ বছর বয়সী বাংলাদেশি নাগরিকরা এতে অংশ নিতে পারেন। স্বকর্মে নিয়োজিত ব্যক্তি, কৃষক, শ্রমিক, রিকশাচালক, জেলে, তাঁতি, গৃহিণীসহ অনানুষ্ঠানিক খাতের মানুষের জন্য ‘সুরক্ষা’ স্কিমের ব্যবস্থা রয়েছে। প্রবাসী বাংলাদেশিদের জন্যও রয়েছে পৃথক সুযোগ। অর্থাৎ দেশের বিপুলসংখ্যক কর্মজীবী মানুষকে দীর্ঘমেয়াদি সঞ্চয় ও সামাজিক সুরক্ষার একটি কাঠামোর মধ্যে আনার সম্ভাবনা এ ব্যবস্থায় রয়েছে।
আমরা মনে করি, কেবল লক্ষ্য নির্ধারণ করলেই হবে না। লক্ষ্য অর্জনের উপযোগী পরিবেশও তৈরি করতে হবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের কাছে নিয়মিত চাঁদা আদায়ের বিষয়টি সহজ ও বাস্তবসম্মত করতে হবে। অনানুষ্ঠানিক খাতের শ্রমজীবীদের আয় অনেক সময় অনিয়মিত। তাদের জন্য নমনীয় চাঁদা পরিশোধ ব্যবস্থা, সহজ ডিজিটাল সেবা এবং প্রয়োজনীয় প্রণোদনা অংশগ্রহণ বাড়াতে পারে।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আস্থা। মানুষ জানতে চাইবেÑ তার জমা অর্থ কোথায় বিনিয়োগ হচ্ছে, কতটা নিরাপদ, কী হারে মুনাফা হচ্ছে এবং ভবিষ্যতে প্রতিশ্রুত পেনশন পাওয়ার নিশ্চয়তা কতটা। তাই বিনিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, নিয়মিত প্রতিবেদন প্রকাশ, স্বাধীন নিরীক্ষা এবং সহজবোধ্যভাবে তহবিলের হিসাব জানানোর ব্যবস্থা জোরদার করা জরুরি। আশার কথা, সরকারি ওয়েবভিত্তিক ব্যবস্থায় নিবন্ধন, চাঁদা প্রদান এবং নিজস্ব পেনশন হিসাব দেখার সুযোগ ইতোমধ্যে দৃশ্যমান। এ ডিজিটাল ব্যবস্থাকে আরও সহজ ও জনবান্ধব করা প্রয়োজন বলে আমরা মনে করি। পাশাপাশি ইউনিয়ন, পৌরসভা, ব্যাংক, মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান, কর্মস্থল ও স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে। বিশেষ করে গ্রাম ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে গিয়ে বোঝাতে হবেÑ পেনশন কোনো দান নয়; এটি নিজের ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষা প্রকল্প।
আমরা মনে করি, ২০৩০ সালের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা বাংলাদেশের সামাজিক সুরক্ষা কাঠামোকে আরও শক্তিশালী করার একটি বড় সুযোগ। যদিও অংশগ্রহণের তুলনায় লক্ষ্যের পরিসর অনেক বড়। তবে আমরা বিশ্বাস করি, পরিকল্পিত প্রচার, সহজ সেবা, স্বচ্ছ ব্যবস্থাপনা এবং মানুষের আস্থা নিশ্চিত করা গেলে তা অর্জন অসম্ভব নয়। সরকারের উচিত রাজনৈতিক ও প্রশাসনিক ধারাবাহিকতার সঙ্গে এ উদ্যোগকে এগিয়ে নেওয়া। সর্বজনীন পেনশন সত্যিকার অর্থেই সর্বজনীন হয়ে উঠুকÑ নিরাপদ বার্ধক্যের নিশ্চয়তা পাক দেশের কোটি কোটি মানুষ। উদ্যোগটি সফল হোকÑ এটাই আমাদের প্রত্যাশা।