× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষকের সারপ্রাপ্তি নিশ্চিত করুন

মতিলাল দেব রায়

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২৩ পিএম

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কৃষি বাংলাদেশের অর্থনীতি ও জনজীবনের অন্যতম প্রধান ভিত্তি। দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতিকে সচল রাখে কৃষি। আর কৃষির উৎপাদনশীলতা অনেকাংশেই নির্ভর করে সময়মতো মানসম্মত বীজ, সেচ, কীটনাশক ও সারের প্রাপ্যতার ওপর। বিশেষ করে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপিÑ এই রাসায়নিক সারগুলোর সরবরাহে সামান্য ব্যত্যয় ঘটলেও তার সরাসরি প্রভাব পড়ে কৃষকের উৎপাদন খরচ, ফসলের ফলন এবং বাজারদরের ওপর।

আমনের এই ভরা মৌসুমে সার সংকট ও চড়া মূল্যের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষক। সারের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার বিপুল ভর্তুকি দিলেও নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি ৫০০ থেকে ৭০০ টাকা বেশি চাওয়া হচ্ছে কৃষকের কাছে। অভিযোগ রয়েছে, বেশি দাম দিয়েও চাহিদামতো সার পাচ্ছেন না কৃষক। অসাধু ডিলারদের কারণে সরকারি এ সুবিধার সুফল পাচ্ছেন না কৃষক। ২৬ আগস্ট প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় দেখলাম, কৃষককে কম দামে সার দিতে সরকার বছরে ২৮ হাজার কোটি টাকার বেশি ভর্তুকি দিচ্ছে। সরকার চাহিদার চেয়েও বেশি পরিমাণ সার সরবরাহ করছে কিন্তু ডিলাররা অনুমোদিত সার উত্তোলন না করায় সৃষ্টি হয়েছে কৃত্রিম সংকট। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর ডিলারের গুদাম থেকে ১৯৭ বস্তা ইউরিয়া নিয়ে যাওয়ার ঘটনাকে উল্লেখ করে কৃষি বিশেষজ্ঞরা বলছেন, সার সংকট আছেÑ এটা যেমন এক দিনে তৈরি হয়নি, তেমনি একদিনে শেষও করা যাবে না। এজন্য বিগত অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকর্তাদের দায় রয়েছে। কেননা তারা সময়মতো সার আমদানির অনুমতি দেননি। 

আমাদের দেশে সারের সংকট নতুন কোনো বিষয় নয়। অতীতেও বিভিন্ন সময়ে সার নিয়ে সংকট তৈরি হয়েছে। কখনও উৎপাদন ও আমদানির ঘাটতি, কখনও পরিবহন ও সরবরাহব্যবস্থার দুর্বলতা, আবার কখনও অসাধু ব্যবসায়ীদের মজুদদারি ও কৃত্রিম সংকটের কারণে কৃষকদের দুর্ভোগ পোহাতে হয়েছে। ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ঘটনাগুলোর একটি ছিল ১৯৯৫ সালের সার আন্দোলন, যখন সারের দাবিতে আন্দোলন করতে গিয়ে কৃষকের প্রাণহানির ঘটনাও ঘটেছিল। সেই অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয়Ñ কৃষির জন্য সার শুধু একটি উপকরণ নয়; এটি কৃষকের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে সার সংকটের খবর গণমাধ্যমে আসছে। কোনো এলাকায় ইউরিয়া মিলছে না, কোথাও ডিএপি বা টিএসপির সরবরাহ কম, আবার কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ ওঠে। সবচেয়ে বড় সমস্যা হলোÑ সরকারি পর্যায়ে পর্যাপ্ত সার মজুদ থাকার পরও যদি কৃষকের হাতে সময়মতো সার না পৌঁছে, তাহলে সেই মজুদ কৃষকের কোনো কাজে আসে না। কৃষকের কাছে সার পৌঁছানোর শেষ ধাপটিই তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সারের বাজারে সংকটের একটি বড় কারণ হতে পারে সরবরাহ ব্যবস্থার মধ্যবর্তী পর্যায়ে অনিয়ম। সরকারি বরাদ্দ অনুযায়ী সার ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে পৌঁছানোর কথা থাকলেও কোথাও যদি বরাদ্দের অপব্যবহার, অতিরিক্ত দাম নেওয়া, মজুদদারি বা অন্যত্র সরিয়ে নেওয়ার ঘটনা ঘটে, তাহলে তার খেসারত দিতে হয় কৃষককেই। অনেক সময় কৃষককে প্রয়োজনের সময়ে সার না পেয়ে বেশি দামে কালোবাজার থেকে সার কিনতে হয়। এতে একদিকে উৎপাদন খরচ বাড়ে, অন্যদিকে কৃষকের লাভ কমে যায়। এখানে শুধু রাজধানী বা জেলা পর্যায়ের প্রশাসনিক নজরদারি যথেষ্ট নয়। প্রয়োজন মাঠ পর্যায়ে নিয়মিত ও কার্যকর নজরদারি। কোন ইউনিয়নে কত সার বরাদ্দ হয়েছে, কোন ডিলার কত সার পেয়েছেন, কতটা বিক্রি হয়েছে এবং কৃষক কী দামে তা কিনছেনÑ এসব তথ্য নিয়মিতভাবে যাচাই করতে হবে। কাগজে-কলমে বরাদ্দ দেখিয়ে বাস্তবে কৃষকের কাছে সার পৌঁছাচ্ছে কি নাÑ সেটিও দেখতে হবে।

সারের সংকট মোকাবিলায় কৃষকের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো জরুরি। উপজেলা কৃষি অফিস, ইউনিয়ন পর্যায়ের কৃষি কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনকে মাঠে গিয়ে কৃষকের বক্তব্য শুনতে হবে। কৃষক কোথায় সার পাচ্ছেন না, কোথায় বেশি দাম নেওয়া হচ্ছে, কোথায় ডিলার দোকান বন্ধ রাখছেন কিংবা কৃত্রিম সংকট তৈরি করছেন- এসব তথ্য দ্রুত সংগ্রহ করে ব্যবস্থা নিতে হবে।

একই সঙ্গে সারের বাজারে দাম ও সরবরাহের স্বচ্ছতা নিশ্চিত করা দরকার। নির্ধারিত মূল্যের তালিকা দৃশ্যমান স্থানে টাঙানো, বিক্রির রসিদ দেওয়া এবং ডিলারভিত্তিক সরবরাহের তথ্য প্রকাশ করা যেতে পারে। অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা থাকতে হবে। কৃষক যেন হয়রানির শিকার না হয়ে সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ জানাতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সারের সংকটকে শুধু মৌসুমি সমস্যা হিসেবে দেখলে চলবে না। ফসলের মৌসুম শুরুর আগেই সম্ভাব্য চাহিদা নির্ধারণ করে আমদানি, উৎপাদন, মজুদ ও বিতরণের সমন্বিত পরিকল্পনা করতে হবে। কোন অঞ্চলে কোন ফসলের আবাদ বেশি হবে এবং সেই অনুযায়ী কী পরিমাণ সার প্রয়োজনÑ কৃষি তথ্যের ভিত্তিতে আগাম পরিকল্পনা করলে শেষ মুহূর্তের চাপ অনেকটাই কমানো সম্ভব।

কৃষকের উৎপাদন খরচ এমনিতেই বাড়ছে। জ্বালানি, সেচ, শ্রম, বীজ, কীটনাশক ও পরিবহনÑ প্রতিটি খাতেই ব্যয় বেড়েছে। এর সঙ্গে যদি সারের দাম বা প্রাপ্যতা নিয়ে অনিশ্চয়তা যোগ হয়, তাহলে কৃষক ফসল উৎপাদনে আগ্রহ হারাতে পারেন। কৃষক যদি ন্যায্য দাম না পান এবং প্রয়োজনীয় উপকরণও সময়মতো না পান, তাহলে দীর্ঘমেয়াদে কৃষির ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে। এর সঙ্গে দেশের খাদ্যনিরাপত্তার প্রশ্নও জড়িয়ে আছে।

তাই সারের সংকটকে কেবল কৃষকের ব্যক্তিগত সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। এটি জাতীয় স্বার্থের বিষয়। কৃষক মাঠে ফসল ফলান বলেই শহরের মানুষ খাবার পান। ফলে কৃষকের প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। তাই সারের বাজারে অনিয়মের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে শুধু শাস্তি দিয়ে সমস্যার স্থায়ী সমাধান হবে না। সরবরাহ-ব্যবস্থাকে আরও স্বচ্ছ, ডিজিটাল ও জবাবদিহিমূলক করতে হবে। বরাদ্দ থেকে কৃষকের হাতে সার পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপ পর্যবেক্ষণের আওতায় আনতে হবে। প্রয়োজনে ডিজিটাল ডেটাবেজের মাধ্যমে ডিলার, বরাদ্দ ও বিক্রির তথ্য সংরক্ষণ করা যেতে পারে।

অতীতের সার সংকট আমাদের শিক্ষা দিয়েছে, আর বর্তমানের বাস্তবতা সেই শিক্ষাকে কাজে লাগানোর তাগিদ দিচ্ছে। কৃষককে সারের জন্য দ্বারে দ্বারে ঘুরতে হবেÑ এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। কৃষকের মাঠে যখন সারের প্রয়োজন, ঠিক তখনই সার থাকতে হবে। সরকারি গুদামে সার আছেÑ এই তথ্যের চেয়ে কৃষকের হাতে সার পৌঁছেছে কি না, সেটিই হতে হবে সাফল্যের প্রধান মাপকাঠি।

কৃষক ও কৃষিকে বাঁচাতে তাই এখনই মাঠ পর্যায়ে নজরদারি বাড়াতে হবে। জেলা ও উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে নিয়মিত বাজার ও ডিলার পয়েন্ট পরিদর্শন করতে হবে। কৃষকের অভিযোগকে গুরুত্ব দিতে হবে এবং অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

মনে রাখতে হবে, সার সংকট মানে শুধু একটি পণ্যের সংকট নয়; এর সঙ্গে জড়িয়ে আছে কৃষকের ঘাম, পরিবারের আয়, দেশের খাদ্য উৎপাদন এবং ভবিষ্যৎ খাদ্যনিরাপত্তা। কৃষককে সময়মতো সার দিতে পারলে তিনি তার জমিতে ফসল ফলাবেন। আর কৃষকের মাঠ সচল থাকলে সচল থাকবে দেশের খাদ্যব্যবস্থাও। তাই সার নিয়ে কোনো কৃত্রিম সংকট, কালোবাজারি কিংবা অনিয়মের সুযোগ দেওয়া যাবে না। 


লেখক: কলামিস্ট ও সমাজ সংগঠক


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা