× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘কারও মনে তুমি দিও না আঘাত’

নূরুদ্দীন দরজী

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১১ পিএম

নূরুদ্দীন দরজী। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

নূরুদ্দীন দরজী। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। প্রতিটি মানুষের একেকটি মন আছে। পশুদেরও মন আছে বলে ধরে নেওয়া যায়। কিন্তু তারা ভাষার মাধ্যমে আবেগ প্রকাশ করতে পারে না। এরা লেজ নেড়ে, নীরবে দাঁড়িয়ে থেকে, নিজেকে গুটিয়ে নিয়ে ও মৃদু আওয়াজ তুলে সমস্যা বা চাহিদা জানায়। কিন্তু মানুষ তাদের আবেগ-অনুভূতি প্রকাশ করে ভাষার মাধ্যমে, বিভিন্ন ইঙ্গিত করে। মানুষের প্রকাশ সুবিধাজনক হলেও অনেক ক্ষেত্রে জটিল রূপ পরিগ্ৰহ করে।

কিছু কিছু প্রকাশ সমস্যা সৃষ্টি করে। পৃথিবীতে মানুষের সাথে মানুষের নানাবিধ সম্পর্ক থাকে। মানুষ মানুষকে আপন করে নেয়, ভালোবাসে এবং অনেকের সাথে সুসম্পর্ক গভীর হয়। কিন্তু সময়ের পরিবর্তনে অনেক মানুষ বদলে যায় ও বদলায় সম্পর্কের ধরন ও রঙ। মানুষের মাঝে অনেকেই আছেÑ যারা সুসময়ে চারপাশে ঘুরঘুর করে। কিন্তু দুঃসময়ে এদের খুঁজে পাওয়া যায় না। অর্থকড়ি, খ্যাতি, শক্তি, ক্ষমতা ও প্রভাব-পতিপত্তি কিন্তু সারাজীবনে একরকম থাকে না। একসময় সবকিছু মানুষকে ছেড়ে চলে যায়। এমনকি নিজের শরীর, অঙ্গ-প্রত্যঙ্গও মানুষের নিয়ন্ত্রণে থাকে না।

মানুষের মনের কোনো শারীরিক আকার ও অবস্থান নেই। অথচ এ মনই তাকে পরিচালনা করে। মন যেকোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। এ মন দুঃখ, ক্ষোভ, আনন্দ ও আবেগ ধারণ করতে পারে। কল্পনায় মহাকাশচারী হয়ে সীমাহীন দূরত্ব অতিক্রম করে ফেলে। সহজেই খুঁজে নিতে পারে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ। পৃথিবীর যত সমস্যা তা মন থেকেই তৈরি হয়। কবিরা বলেন, ‘জো মুছ্পে মুসিব্বত হ্যায়, সব দিলকি বদৌলত হ্যায়।’ অর্থাৎ মনেই সকল সমস্যা ও মুসিব্ত তৈরি হয়। সচেতন মন সবসময় মঙ্গল চিন্তা করে। আবার অবচেতন মন জাগিয়ে তোলে যত সমস্যা, হিংসা, বিদ্বেষ ও কুপ্রবৃত্তি। 

লেখার শিরোনাম ‘কারও মনে তুমি দিও না আঘাত।’ এটি অত্যন্ত শ্রোতাপ্রিয় একটি বিখ্যাত গানের প্রথম কলি। এর পরের লাইন- ‘সে আঘাত লাগে কাবার ঘরে’। প্রেক্ষাপট পর্যালোচনা করলে দেখা যায়Ñ এটি একটি মানবতা ইসলামী মানবিক গান। ১৯৪৪ সালের গ্ৰামোফোন রেকর্ড ও ইতিহাস অনুযায়ী এ গানের গীতিকার কবি আজিজুর রহমান। মূল শিল্পী আব্বাসউদ্দীন আহমদ। বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকে দ্বিতীয় মহাযুদ্ধের ডামাডোলে এবং দেশ ভাগের সময়ের। যখন ভারতবর্ষে হিন্দু-মুসলিম দাঙ্গার অস্থিরতা ছিল। সন্দেহ, হিংসাবিদ্বেষ, মারামারি, হানাহানির ভেতর দিয়ে দুর্বিষহ জীবন পার করছিল অত্র অঞ্চলের । মানবিক মূল্যবোধের অবনমন এবং সামাজিক অস্থিরতা মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ভালোবাসা শূন্যের কোঠায় নেমে এসেছিল। সে পরিস্থিতিতে এ গানের মাধ্যমে মানুষে মানুষে মমত্ববোধ, ভালোবাসা ও আন্তরিকতা জাগিয়ে তুলতে চেষ্টা করা হয়েছে।

মানুষের ভেতরে স্রষ্টার বসবাস রয়েছে। কাউকে আঘাত দেওয়ার অর্থ স্রষ্টাকেই আঘাত দেওয়া। তা উপলব্ধি করে মানুষ শ্রেষ্ঠ শক্তি বিবেক দিয়ে। সুন্দর মানসিকতা, সততা, বিচারবোধ ও আন্তরিক হয়ে। হৃদয় মনকে জাগিয়ে তোলার জন্য যুগে যুগে কত না মনীষী মানুষকে ভিন্নরূপে ডেকেছেন। বর্তমান সময়ে বিজ্ঞান ও প্রযুক্তি যথেষ্ট উৎকর্ষ লাভ করেছে বটে। কিন্তু মানুষের চরিত্র সম্পর্কে এবং সিদ্ধান্ত গ্ৰহণে সবকিছু নিজেদের হাতেই রয়ে গেছে। এখনও সততা, বিচারবোধ, বুদ্ধিই মানুষের শ্রেষ্ঠ শক্তি। পৃথিবীতে যত জীব আছে তারা একে অন্যের সাথে সম্পর্কযুক্ত। কাউকে কষ্ট দেওয়া মানে বিশ্ব শান্তি নষ্ট করা। দুঃখ-কষ্টে মানুষের ব্যক্তিত্ব ও আত্মা ক্ষয়িষ্ণু হয়ে পড়ে। আর ভুল বোঝাবুঝি মানুষে মানুষে দ্বন্দ্ব, হিংসা-বিদ্বেষ তৈরি করে। অহংকার-অহমিকা ইত্যাদি ঝগড়া-ফ্যাসাদ নিয়ে আসে। অনিবার্য সত্য যে, সৃষ্টির আদি থেকেই অহংকার, অবিচারকে কেন্দ্র করে দ্বন্দ্বের শুরু হয়েছিল। ইসলাম ধর্মমতে অহংকারবশত আগুনের তৈরি জ্বীন থেকে ফেরেশতায় পদোন্নতিপ্রাপ্ত আজাজিল মাটির তৈরি আদমকে সিজদা করতে বা মেনে নিতে অস্বীকার করায় দ্বন্দ্বের সৃষ্টি হয়। মানুষে মানুষে দ্বন্দ্ব হয়েছে প্রাকৃতিক কারণেও। দলগত মানসিকতায় আমরা আর ওরা থেকে। এ দ্বন্দ্বের পেছনে চারটি হরমোন কাজ করে। চারটি হরমোনের অন্যতম একটি ‘ডোপামিন’ মস্তিষ্কে জয়ের আনন্দ ও পুরস্কারের অনুভূতি জাগিয়ে তোলে। আনন্দের জন্য এ ডোপামিন প্রতিপক্ষকে হারাতে চায় বলেই বিবাদ শুরু করে দেয়। 

প্রেম ও ভালোবাসার বসবাস মানুষের হৃদয় সিংহাসনে। যুগে যুগে, কালে কালে এ প্রেম-ভালোবাসার উৎস হয়ে আছে হৃদয়-মন। ভালোবাসায় মানুষের মন উদার হয়। উদারতা আবার ক্ষমার দৃষ্টিভঙ্গি তৈরি করে। সবসময় দ্বন্দ্বের সাথে ভালোবাসার প্রতিযোগিতা হয়। কিন্তু একমাত্র ভালোবাসাই জয়ী হয়ে ছাড় দিতে পারে। দ্বন্দ্বে শুধু ভেঙে ফেলতে পারে। আর ভালোবাসা অনেক কিছুই গড়ে তুলতে পারে। ভগ্ন হৃদয়কে জাগিয়ে তুলতে পারে। প্রেম দিয়ে এবং ভালোবাসার মাধ্যমে অনেক নারী-পুরুষ পৃথিবীতে অমর হয়ে আছেন। তারাই মহৎপ্রাণ মহান ও মহীয়ান। উদাহরণ দিয়ে বলা যায়, হজরত মুহাম্মদ (সা.)-কে মক্কার অমুসলিমরা অবর্ণনীয় নির্যাতন করেছিল। ষড়যন্ত্রের মাধ্যমে তাঁকে হত্যা করতে চেয়েছিল। একটি সময়ে এসে তিনি মাতৃভূমি পরিত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে ফিরে এসে, মক্কা জয় করে মক্কাবাসীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ‘তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, তোমরা সবাই মুক্ত।’ জেরুজালেম দখলের পর ক্রুসেডাররা মুসলমানদের ওপর ভয়াবহ জুলুম-নির্যাতন ও  হত্যাযজ্ঞ চালিয়েছিল। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেম পুনর্দখল করার পর শত্রুদের নির্যাতন ও হত্যা করেননি। নিরাপদে চলে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন।

পৃথিবীজুড়ে এমন আরও দৃষ্টান্ত আছেÑ যারা বহু আঘাত পেয়ে, কষ্ট ও নির্যাতন সহ্য করে ও ক্ষমা করে দিয়েছেন। ভালোবাসা দিয়ে মানুষের মনকে জয় করে নিয়েছেন। পাষাণ হৃদয় মানুষও মহত্ত্বের কাছে পরাজিত হয়ে অনুশোচনা করেছে। একটু চিন্তা করে মনের আয়নায় নিজেকে দেখে নিলে অনেক রিপু থেকে রেহাই পাওয়া যায়। মহাকবি আল্লামা ইকবাল বলেছেন, মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদি তৈরি করে মানুষ, আর মানুষের মন তৈরি করেন সৃষ্টিকর্তা। কারও মনে কষ্ট দেওয়া মানে সৃষ্টিকর্তাকেই কষ্ট দেওয়া, আঘাত করা। ভালোবাসায় স্বর্গ নেমে আসে, আঘাতে নয়। 


লেখক: কলামিস্ট ও সাবেক শিক্ষা অফিসার



শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা