ড. আহমেদ সুমন
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৭ পিএম
ড. আহমেদ সুমন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা চুক্তি’তে বাংলাদেশ যুক্ত হবে কী হবে না, তা নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা হচ্ছে। এই আলোচনা এখন শুধু বাংলাদেশেই সীমিত নয়, এটা আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়েছে। তবে বলা প্রয়োজন যে, এই চুক্তিতে স্বাক্ষরকারী কোনো পক্ষই এখনও পর্যন্ত বাংলাদেশকে এই চুক্তিতে যুক্ত হওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায়নি। তা সত্ত্বেও চুক্তিতে বাংলাদেশের যোগদান করা, না করা নিয়ে আলোচনা প্রাসঙ্গিক।
কারণ এ বিষয়ে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলো থেকে অনানুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে। আবার এটাও লক্ষণীয় যে, বাংলাদেশের বৃহৎ প্রতিবেশী ভারত এই চুক্তির ব্যাপারে বাংলাদেশের আগ্রহ-অনাগ্রহের ওপর তীক্ষ্ন নজর রাখছে। স্মর্তব্য যে, গত ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। ন্যাটোর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার আদলে তৈরি এই চুক্তিতে বলা হয়েছে, ‘চুক্তিতে স্বাক্ষরকারী কোনো সদস্য দেশের ওপর অন্য কোনো রাষ্ট্র সশস্ত্র হামলা করলে তা এই চুক্তিতে স্বাক্ষরকারী সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।’ এই চুক্তি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রোসেপ তাইপ এরদোয়ান বলেছেন, ‘আমাদের লক্ষ্য শুধু এই তিনটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকা নয়; বরং আরও বিস্তৃত হওয়া এবং সম্ভব হলে এমন একটি অবস্থা সৃষ্টি করা, যাতে একদিন এই অঞ্চলের সব দেশ এই ছাতার নিচে একত্রিত হতে পারে।’ সকলের জানা যে, এই চুক্তি গড়ে তোলার নেপথ্য কুশীলব সৌদি আরব। আরও বলা প্রয়োজন, সৌদি আরবের সঙ্গে উপ-সাগরীয় বা মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্র ইরানের সম্পর্ক সুভ্রাতৃত্বপূর্ণ নয়। বলা যায়, এই দুই রাষ্ট্রের মধ্যে বৈরী সম্পর্ক বিরাজমান। এই দুইটি রাষ্ট্রের বৈদেশিক নীতি বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পরম মিত্র ইসরায়েলের সঙ্গে একই রকম নয়।
প্রশ্ন আসা স্বাভাবিক যে, হঠাৎ কেন এই তিনটি দেশ এমন একটি চুক্তিতে যুক্ত হলো? সৌদি আরবের তেল বেচা টাকাপয়সার প্রাচুর্যতা আছে। পাকিস্তানের সামরিক কৌশল ও অভিজ্ঞতা রয়েছে। আর তুরস্কের রয়েছে সামরিক সরঞ্জাম উৎপাদনের দক্ষতা। এই তিনটি রাষ্ট্র হয়তো ভেবেছে তারা একটি অভিন্ন নীতিতে একজোট হলে তাদের নিরাপত্তার দিকটি আরও শক্তিশালী হবে। তাদের এই নিরাপত্তার বলয়ে অপরাপর মুসলিম রাষ্ট্রগুলোর যুক্ত হওয়ার জন্য অনেকটা ধর্মীয় আবেগ কাজে লাগানোর জন্য চুক্তির স্থান হিসেবে মুসলিমদের পবিত্র স্থান ‘মক্কা’ এবং দিন হিসেবে ‘শুক্রবার’ কে বেছে নেওয়া হয়েছে।
পর্যবেক্ষকরা মনে করেন, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের ওপর আক্রমণ এবং ইরানের ওপর পাল্টা আক্রমণে পুরো মধ্যপ্রাচ্য এখন একটা যুদ্ধাবস্থায় রয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর তার পুত্র মুজতবা খামেনি পিতার স্থলাভিষিক্ত হলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ নীতি অনেকটা পাল্টে যায়। আলী খামেনি পাল্টা হামলা হিসেবে ইসরাইলমুখী হামলা সীমিত রেখেছিলেন। কিন্তু মুজতবা খামেনি শুধুমাত্র ইসরাইল নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য এবং সমরাস্ত্র রাখার স্থানগুলোতেও ক্ষেপণাস্ত্র হামলা করে জান-মালের ক্ষয়-ক্ষতি করেছে। ইরানের এই পাল্টা হামলা শুধু মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা বাড়ায়নি; মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটি আছে, এমন রাষ্ট্রগুলোকে চিন্তা এবং উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে। গত কয়েক মাস ধরে বিশেষ করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করার কথা বলে ইসরায়েল দেশটির প্রায় পাঁচ ভাগের এক ভাগ এলাকা দখলে নিয়েছে। ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সৌদি আরবে ড্রোন হামলার অভিযোগ রয়েছে। একই সময়ে, এসব গোষ্ঠী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে পড়েছে। মধ্যপ্রাচ্যে তুরস্ক ইসরায়েলকে তার সম্ভাব্য হুমকি হিসেবে মনে করে।
ইরান-ইসরায়েল হামলা-পাল্টা হামলা চলাকালে ইসরায়েল তুরস্কের সীমান্ত এলাকায় ড্রোন হামলা চালিয়ে ইরানকে ফাঁসানোর চেষ্টা করেছে। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়েছেন। তবে ইরানি প্রেসিডেন্ট কাতার, জর্ডান, সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিতে হামলার কথা স্বীকার করে হামলার যৌক্তিকতা তুলে ধরেছেন এবং দুঃখপ্রকাশ করেছেন। সৌদি আরবে মার্কিন সেনাঘাঁটি রয়েছে। এ কারণে সেখানেও ইরান হামলা চালাতে পারে, সৌদি আরবকে হয়তো এই ভয়টি তাড়া করছে। এ কারণে মক্কা চুক্তির বিষয়ে সৌদি আরব প্রধান কুশীলবের ভূমিকা রেখেছে। এমতাবস্থায় এটা অনুমেয় যে, মক্কা চুক্তির অভিসন্ধি যাই হোক না কেন, আপাতত ইরানকে সতর্ক বা ভয়ে রাখাই এই চুক্তির অন্যতম লক্ষ্য। আবার অনেকে মনে করেন, মক্কা চুক্তির পরামর্শ ট্রাম্প প্রশাসন থেকে এসেছে। মক্কা চুক্তিকে স্বাগত জানানোর মধ্য দিয়ে এই মনে করার ভিত্তি দৃঢ় হয়েছে।
বাংলাদেশ এখন পর্যন্ত কোনো সামরিক জোটে যুক্ত হয়নি। স্বাধীনতা-উত্তর কাল থেকেই বাংলাদেশ ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রেখেছে। বাংলাদেশ ভূ-রাজনৈতিক শক্তিতে প্রতিদ্বন্দ্বিতা না করে অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দিয়ে আসছে। দীর্ঘদিন ধরে বিরাজমান বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে পরিবর্তন ঘটিয়ে আলোচিত এই মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হলে তার প্রভাব কেমন হবে তা নিয়ে ব্যাপক যুক্তিযুক্ত সংলাপের বিষয় রয়েছে। আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক জোটে যুক্ত হলে শুধু ভারত নয়; পাশাপাশি চীন, ইরান, জাপান, কুয়েত, ওমান, কাতার, রাশিয়াসহ অপরাপর রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক কেমন যাবে, তা নিয়ে চিন্তা-ভাবনার বিষয় আছে। তবে, মক্কাচুক্তি সামরিক জোট হলেও তা আক্রমণাত্মক নয়, বরয় অনেকটা আত্মরক্ষামূলক। কেননা, চুক্তিভূক্ত জোটের কোনো একটি দেশ আক্রান্ত না হওয়া পর্যন্ত সদস্য দেশগুলো কাউকে আক্রমণ করবে না। ফলে এটাকে ন্যাটোর মতো যুদ্ধজোট বলা যায় না। অপরদিকে নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের আন্তর্জাতিক পরিমণ্ডলে মিত্রদেশের সংখ্যা বৃদ্ধির যে আবশ্যকতা রয়েছে, তাকে বিবেচনায় রেখে এ জোটে যোগদানের যৌক্তিকতা খুঁজে পান অনেকে। তাছাড়া জোটটির অন্যতম উদ্যোক্তা সদস্য সৌদি আরবের সঙ্গে আমাদের সম্পর্ক নানাদিক দিয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। ফলে সৌদি আরব যদি তাদের এ জোটে বাংলাদেশকে অংশগ্রহণের আহ্বান জানায়, তাহলে সে আহ্বান উপেক্ষা করা সহজ বলে কিনা বলা মুশকিল। কেননা, এমনিতেই আমাদের শ্রমবাজার এখন ঝুঁকির মধ্যে রয়েছে। সে মুহূর্তে সৌদি আরবের মতো একটি বৃহৎ ও বন্ধু দেশ যদি মন:ক্ষুণ্ন হয়, তা বাংলাদেশকে বিপাকে ফেলতে পারে।
এদিকে পাকিস্তান-ভারতের চির বৈরী সম্পর্ক বাংলাদেশের জন্য অস্বস্তিকর। নিজেদের নিরাপত্তার প্রশ্নে এ দুইটি দেশ একে অপরকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। বাংলাদেশের নিরাপত্তা দেখভাল করা ভারতের মূল উদ্দেশ্য নয়। মক্কা চুক্তিতে যেহেতু পাকিস্তান আছে, সে কারণে ভারত বাংলাদেশের নিরাপত্তামূলক কার্যক্রমে নজরদারি করবে- এটা স্বাভাবিক। মুখ্যত পাকিস্তানকেন্দ্রিক চিন্তা থেকে মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান ভারত ভালোভাবে গ্রহণ করবে না। নিরাপত্তা ইস্যুর বাইরে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে, বিশেষত নানা ধরনের পণ্য এবং চিকিৎসাসেবায় প্রতিবেশী ভারতের ওপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা কমানোর সক্ষমতা বাংলাদেশের সীমিত। আবার ভারতের বাইরে গিয়ে বাংলাদেশ তার প্রয়োজনীয় পণ্য আমদানি করার নীতি গ্রহণ করলে সে ক্ষেত্রে আর্থিক ব্যয় বাড়ার প্রবল ঝুঁকিও রয়েছে। সহজ কথায় ভারতকে উপেক্ষা করার অর্থ বাংলাদেশকে আর্থিক ও আঞ্চলিক রাজনৈতিক ঝুঁকি নেওয়া।
হারবার্ট এ. সাইমন তার অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়র (Administrative Behavior) গ্রন্থে রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াগুলোর পর্যায় এবং এর বাস্তবতাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার কথা বলেছেন। এ ক্ষেত্রে তিনি সীমাবদ্ধ যৌক্তিকতার (Bounded Rationality) কথাও বলেছেন। আমরা মনে করি, মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান করা, না করার ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা এবং বাস্তবতার বিষয়াবলি নিয়ে ব্যাপক আলোচনার প্রয়োজন রয়েছে। নতুন একটি বহুপক্ষীয় সামরিক জোটে যুক্ত হয়ে বাংলাদেশ অতিরিক্ত কী অর্জন করবে?
তদুপরি এই জোটে যুক্ত হলে বাংলাদেশের ওপর বড় কোনো কূটনৈতিক ও রাজনৈতিক ঝুঁকি নেমে আসতে পারে কিনা, সেটাও ভাবতে হবে। বাংলাদেশ এমন এক ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতায় অবস্থান করছে, যেখানে এশীয় ও বৈশ্বিক অন্যান্য গুরুত্বপূর্ণ শক্তি যেমন ভারত, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক রক্ষা করা জরুরি। আমাদের রপ্তানি বাণিজ্য, অবকাঠামোগত উন্নয়ন ঋণ এবং ভূ-রাজনৈতিক স্থায়িত্ব এই বহুমাত্রিক অংশীদারদের ওপর নির্ভরশীল। তাই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক একটি সুনির্দিষ্ট সামরিক অক্ষের সঙ্গে যুক্ত হলে আমাদের অন্য বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদাররা তা কীভাবে গ্রহণ করবে এবং তাদের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি মৌলিক জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত বা নেতিবাচকভাবে প্রভাবিত হবে কিনা, তা গভীরভাবে তলিয়ে দেখার প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। আবার অনেকে মনে করেন, মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া-না হওয়া নিয়ে অনলাইন, অফলাইন গণমাধ্যমসহ সর্বত্র শোরগোল হলো বটে; বাস্তবে বাংলাদেশ এই চুক্তিতে যুক্ত-ই হলো না, এমনটি হলেও অবাক হওয়ার ঘটনা হবে না!
লেখক: গবেষক ও কলামিস্ট