× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতারকচক্রের নেটওয়ার্ক ভেঙে দিতে হবে

সম্পাদকীয়

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০ পিএম

গ্রাফিক্স: সংগৃহীত

গ্রাফিক্স: সংগৃহীত

বর্তমান সময়ে সমাজে নানাবিধ প্রতারণা মাকড়শার জালের মতো বিস্তৃত। প্রতারকরা নানা ক্ষেত্রে নানা পদ্ধতিতে এই অপরাধকর্ম চালিয়ে যাচ্ছে। আর তাদের দ্বারা প্রতারিত হয়ে নিঃস্ব হচ্ছে নিরীহ সাধারণ মানুষ। তথ্যপ্রযুক্তির ব্যাপক প্রসারের সঙ্গে সঙ্গে বিজ্ঞানের এই আশীর্বাদকে অপব্যবহার করে একশ্রেণির দুষ্টলোক তা মানুষের জন্য অভিশাপে পরিণত করেছে। অনলাইন শপিং, ই-কমার্স ইত্যাদির মাধ্যমে ফাঁদ পেতে নিরীহ মানুষকে সর্বস্বান্ত করছে প্রতিনিয়ত। ই-কমার্সের ফাঁদে পড়ে লাখ লাখ মানুষের সর্বস্ব হারানোর খবর আমাদের অজানা নয়। এসব নিয়ে গণমাধ্যমে বহু সংবাদ প্রকাশিত হয়েছে, প্রতিকারের উপায় নিয়েও হয়েছে কথা চালাচালি। সময়ে সময়ে দু’চারজন বা ছোটখাটো দুয়েকটি প্রতারক চক্র ধরাও পড়েছে। কিন্তু এই অশুভ তৎপরতার ইতি ঘটেনি। বরং নিত্যনতুন কায়দায় তা আত্মপ্রকাশ করছে।

তেমনি একটি ভয়ংকর প্রতারণার ফাঁদের খবর এসেছে দেশের পর্যটন নগরী কক্সবাজার থেকে। গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মার্চ মাস থেকে কক্সবাজারের বিভিন্ন হোটেল-মোটেলে অবস্থান নিয়ে একদল বিদেশি নাগরিক ডিজিটাল প্রতারণার মাধ্যমে মানুষের অর্থ হাতিয়ে নিচ্ছে। পুলিশ ধারণা করছে এ প্রতারক চক্রের সদস্য সংখ্যা ২৫০ থেকে ৩০০ জন। তাদের বেশিরভাগ চীন ও তাইওয়ানের নাগরিক। গত বৃহস্পতিবার পুলিশ কক্সবাজার শহরের কলাতলীস্থ হোটেল সি-প্যালেসে অভিযান চালিয়ে এই চক্রের ৬ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার সন্ধ্যায় আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন। এদের বিরুদ্ধে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছ। কক্সবাজার জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ১৯৩৮টি আইফোন, ৩০টি ল্যাপটপ ও পুলিশের ব্যবহারের ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, এসব ব্যক্তি আন্তর্জাতিক অনলাইন প্রতারকচক্রের সদস্য। একই অপরাধে জড়িত অন্যরা কক্সবাজার ও ইনানীতে অবস্থিত বিভিন্ন হোটেল ও রিসোর্টে অবস্থান করছে বলে সন্দেহ করছে পুলিশ। তাদের ধরতে কক্সবাজার পুলিশ ইতোমধ্যে রেড অ্যালার্ট জারি করেছে। এদিকে সি-প্যালেস হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, উল্লিখিত বিদেশি নাগরিকগণ গত ২৬ আগস্ট হোটেলটিতে ওঠে। তবে এ চক্রটি কী ধরনের প্রতারণা করছিল, পুলিশ সে সম্পর্কে নিশ্চিত কিছু বলতে পারেনি। এরা ব্যাংক, মোবাইল ব্যাংকিং, ই-মেইল বা অন্য সামাজিক মাধ্যমের নামে ভুয়া লিংক পাঠিয়ে লগইন তথ্য, ওটিপি কার্ডের তথ্য ও পাসওয়ার্ড সংগ্রহ করে অর্থ লুটে জড়িত বলে পুলিশের ধারণা। এরা স্বল্প সময়ে বিপুল লাভের লোভ দেখিয়েও মানুষকে প্রতারণার ফাঁদে ফেলত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

খবরটি উদ্বেগজনক অবশ্যই। কেননা, যখন দেশি প্রতারকদের উপদ্রবে দেশের মানুষ অতিষ্ঠ, তখন ‘বোঝার ওপর শাকের আঁটি’র মতো বিদেশি নাগরিকদের একই অপতৎপরতার খবর সে উদ্বেগকে তীব্র না করে পারে না। অবশ্য এটাও ঠিক যে, মাদক কিংবা সোনা চোরাচালনের মতো অপরাধে এর আগে অনেক বিদেশি নাগরিক ধরা পড়েছে, তাদের কারও কারও শাস্তিও হয়েছে। 

উল্লেখ্য, ১৯৯২ সালে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩ কেজি হেরোইনসহ আটক হয়েছিল ১৮ বছর বয়সী মার্কিন তরুণী এলিয়াডা ম্যাককর্ড। পরে আদালত তাকে ও তার সহযোগী নাইজেরিয়ান এক নাগরিককে কারাদণ্ড দেন। সাজা ভোগের পর তারা মুক্তি পেয়ে স্বদেশে প্রত্যাবর্তন করে। বিদেশি নাগরিকগণ আমাদের সম্মানিত অতিথি সন্দেহ নেই। তবে কখনও কখনও তারা বে-আইনি ও সমাজবিরোধী তৎপরতায় লিপ্ত থেকে আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই বিষয়টি হালকাভাবে নেওয়ার অবকাশ নেই। 

প্রতিবেদনে উল্লিখিত বিদেশি নাগরিকদের অনলাইন প্রতারণা বা সাইবার ক্রাইম তেমনি অপরাধ। এর আগে আমরা ই-ভ্যালি, আ্যলেশা মার্ট ইত্যাদি অনলাইন প্রতারক চক্রের প্রতারণার খবর জেনেছি। তাদের খপ্পরে পড়ে দেশের বহু মানুষ তাদের সর্বস্ব খুইয়ে নিঃস্ব হয়েছে। এখন নতুন করে আবার বিদেশি নাগরিকদের একই ধরনের ফাঁদ পাতার খবর মানুষকে শঙ্কিত না করে পারে না। সবচেয়ে বড় কথা, চক্রটি শুধুই কক্সবাজারে তাদের জাল বিছিয়ে বসে আছেÑ এমনটি না ভাবাই ভালো। কেননা, এ ধরনের আন্তর্জাতিক অপরাধচক্রের নেটওয়ার্কের বিস্তৃতি একটি ছোট্ট শহরে সীমাবদ্ধ থাকার কথা নয়। রাজধানী ঢাকাসহ দেশের বৃহৎ ও গুরুত্বপূর্ণ নগর-শহরে যে তারা অবস্থান নেয়নিÑ এটা বলা যাবে না। একই সঙ্গে এদের প্রতারণার জাল গ্রাম-গঞ্জে বিস্তৃত হওয়ারও আশঙ্কা রয়েছে। কারণ, এসব প্রতারক চক্রের লক্ষ্যবস্তু হয়ে থাকে সাধারণ মানুষ। 

‘আরোগ্যের চেয়ে প্রতিরোধ উত্তম’ তত্ত্ব অনুসারে বিদেশি নাগরিকদের এই প্রতারণার জাল আরও বিস্তার লাভ করার আগেই সমূলে উৎপাটন জরুরি বলে আমরা মনে করি। আর সেজন্য শুধু কক্সবাজারে রেড অ্যালার্ট জারি করলেই চলবে না, সারা দেশে গোয়েন্দা তৎপরতা জোরদার করে এই ভয়াবহ নেটওয়ার্ককে ভেঙে দিতে হবে। একই সঙ্গে এসব প্রতারণার ফাঁদ থেকে রেহাই পেতে জনসাধারণকে সতর্ক ও সচেতন করে তুলতে হবে। বলা বাহুল্য, সে দায়িত্ব সরকারের। আমরা আশা করি, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা