× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ

সম্পাদকীয়

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৭ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৭ পিএম

দেশের জ্বালানি চাহিদা পূরণ, আমদানিনির্ভরতা কমানো এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ হ্রাসÑ এই তিন লক্ষ্য সামনে রেখে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন ও সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) ১০০ কোটি ডলারের অর্থায়ন। ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি চাহিদা পূরণ, আমদানিনির্ভরতা কমানো এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ হ্রাসÑ এই তিন লক্ষ্য সামনে রেখে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন ও সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) ১০০ কোটি ডলারের অর্থায়ন। ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি চাহিদা পূরণ, আমদানিনির্ভরতা কমানো এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ হ্রাসÑ এই তিন লক্ষ্য সামনে রেখে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন ও সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) ১০০ কোটি ডলারের অর্থায়ন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সরকার ও আইএসডিবির মধ্যে এ সংক্রান্ত একটি অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ সুলাইমান আল জাসেরের উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান এবং আইএসডিবি গ্রুপের পক্ষে মহাপরিচালক (কান্ট্রি প্রোগ্রামস) আনাসি আইসামি চুক্তিতে সই করেন। এমন একসময় এই পদক্ষেপের কথা শোনা গেল, যখন বাংলাদেশসহ বিশ্বে জ্বালানি সংকট তীব্রভাবে দেখা দিয়েছে। জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে অতিরিক্ত ৩০ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা তৈরি হবে। 

চুক্তি অনুয়ায়ী ২০৩০ সালের নভেম্বরের মধ্যে সম্প্রসারণ ও আধুনিকায়নের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকার মনে করছে, প্রকল্পটি শেষ হলে দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার ৪৫ থেকে ৫০ শতাংশ দেশীয়ভাবে পূরণ করা সম্ভব হবে। প্রকল্পটি জ্বালানি নিরাপত্তার পাশাপাশি বিদেশ থেকে পরিশোধিত জ্বালানি আমদানিনির্ভরতাও কমাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পটিকে শুধু জ্বালানি খাতের বিনিয়োগ হিসেবে দেখছেন না। তার মতে, এর সঙ্গে দেশের অর্থনৈতিক সক্ষমতা ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির বিষয়টিও যুক্ত রয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য অর্জনে রপ্তানি বাড়ানো, বিনিয়োগ সম্প্রসারণ ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই অর্থায়ন বাংলাদেশের প্রতি আইএসডিবির আস্থার একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন তারেক রহমান। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে ব্যাংকটির সহযোগিতার কথাও তুলে ধরেন।

বলা বাহুল্য, ১৯৬৮ সালে চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি প্রতিষ্ঠা করা হয়। দেশের জ্বালানি চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এর সক্ষমতা সম্প্রসারণের প্রয়োজনীয়তাও আলোচিত হয়ে আসছে। ২০১০ সালে প্রতিষ্ঠানটির দ্বিতীয় ইউনিট নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও অর্থায়ন ও বাস্তবায়ন নিয়ে জটিলতার কারণে তা পিছিয়ে যায়। নতুন অর্থায়নে এবার সেই সম্প্রসারণ উদ্যোগ বাস্তবায়নের সুযোগ তৈরি হলো। বছরে উল্লিখিত ৩০ লাখ টন অতিরিক্ত তেল পরিশোধনের সক্ষমতা যুক্ত হলে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ইস্টার্ন রিফাইনারির ভূমিকা আরও বাড়বেÑ এটা নিশ্চিত।

এ কথা সত্য যে, দেশের অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে জ্বালানির চাহিদাও বাড়ছে। পরিবহন, শিল্প, কৃষি থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদনÑ প্রায় প্রতিটি খাতই নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ওপর নির্ভরশীল। অথচ পরিশোধিত জ্বালানি তেলের বড় অংশই আমাদের আমদানি করতে হয়। এ বাস্তবতায় দেশে তেল পরিশোধনের সক্ষমতা বাড়ানো শুধু একটি শিল্প প্রকল্প নয়; এটি জাতীয় অর্থনৈতিক ও কৌশলগত নিরাপত্তার প্রশ্ন।

ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণের উদ্যোগ অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরে নানা কারণে প্রকল্পটি বিলম্বিত হয়েছে। এবার অর্থায়ন নিশ্চিত হওয়ার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সময়মতো ও মানসম্মত বাস্তবায়ন। ২০৩০ সালের নভেম্বরের মধ্যে প্রকল্প শেষ করার লক্ষ্য নির্ধারিত হয়েছে। এই সময়সীমা যেন আবার প্রশাসনিক জটিলতা, নকশা পরিবর্তন, দরপত্র-সংক্রান্ত সমস্যা কিংবা সমন্বয়হীনতার কারণে পিছিয়ে না যায়, সে বিষয়ে এখন থেকেই কার্যকর নজরদারি প্রয়োজন। আরেকটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ, ১০০ কোটি ডলারের অর্থায়ন মানেই প্রকল্পের সফলতা নিশ্চিত নয়। বড় অবকাঠামো প্রকল্পে ব্যয় বৃদ্ধি, দুর্নীতি, নিম্নমানের কাজ এবং অদক্ষ ব্যবস্থাপনা শেষ পর্যন্ত জনগণের ওপর ঋণের বোঝা বাড়াতে পারে। তাই প্রকল্পের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আন্তর্জাতিক মানের কারিগরি তদারকি নিশ্চিত করতে হবে। অর্থায়নের শর্ত, ব্যয়ের হিসাব এবং বাস্তব অগ্রগতি নিয়মিতভাবে জনসমক্ষে প্রকাশ করা উচিত।

প্রকল্পটি চালু হলে দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার উল্লেখযোগ্য অংশ অভ্যন্তরীণভাবে পূরণ করা সম্ভব হবে। এতে পরিশোধিত জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট বা মূল্যবৃদ্ধির ধাক্কা মোকাবিলায় দেশের সক্ষমতাও বাড়বে। তবে শুধু রিফাইনারির সক্ষমতা বাড়ালেই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে না। অপরিশোধিত তেল সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন, পাইপলাইন ও বিতরণ ব্যবস্থার সক্ষমতাও সমানতালে বাড়াতে হবে। 

আমরা মনে করি, ইস্টার্ন রিফাইনারির সম্প্রসারণ এই সময়ে একটি বড় সুযোগ। বহু দিনের প্রতীক্ষিত প্রকল্পটি যেন কোনো অজুহাতে আর বিলম্বের শিকার না হয়। আমরা বিশ্বাস করি, জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই পদক্ষেপ দেশের জ্বালানি নিরাপত্তার ভিত্তিকে যেমন শক্তিশালী করবে, তেমনি অর্থনীতিকেও দেবে আরও স্থিতিশীল ও টেকসই জ্বালানি ব্যবস্থার পথ।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা