সরকার এম শাহীন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৫ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৩ পিএম
সরকার এম শাহীন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
দুইজন রোগী একই চিকিৎসকের তত্ত্বাবধানে একই রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসক দুজনেরই একই রোগ শনাক্ত করে একই ওষুধ দিয়ে চিকিৎসা শুরু করলেন। কয়েক দিনের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। অন্যজনকে ওষুধের বিরূপ প্রতিক্রিয়া নিয়ে আবারও জরুরি বিভাগে ফিরতে হলো। চিকিৎসকের রোগনির্ণয় সঠিক ছিল, ওষুধটিও ছিল সঠিক। তারপরও একই চিকিৎসায় দুই রোগীর প্রতিক্রিয়া ভিন্ন হওয়ার কারণ কী? এর উত্তর লুকিয়ে আছে আমাদের ডিএনএ (DNA) বৈচিত্র্যের মধ্যে। আর এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চিকিৎসাকে আরও ব্যক্তিকেন্দ্রিক করার বর্তমান প্রয়াস Precision Medicine। বাংলাদেশের মতো জনবহুল দেশে এই মুহূর্তে প্রযুক্তিটির অবকাঠামো গড়ে তোলা সময়ের কার্যকরী পদক্ষেপ বলে মনে করি।
জিনোমিক্স: রোগ বোঝার নতুন দৃষ্টিভঙ্গি
মানব জিনতত্ত্ব আমাদের দেখিয়েছে যে, একই রোগের জৈবিক কারণ ব্যক্তিভেদে ভিন্ন এবং একই ওষুধে মানবদেহের প্রতিক্রিয়াও ভিন্ন হতে পারে। মানুষের জিনোম শুধু তার জিনগত পরিচয়ের তথ্য বহন করে না; এটি রোগের ঝুঁকি এবং চিকিৎসার সম্ভাব্য পথ বোঝার একটি গুরুত্বপূর্ণ মানচিত্র হিসেবেও কাজ করে। জিনগত ও চিকিৎসা-তথ্য বিশ্লেষণের এই কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর যোগ আরও নতুন সুযোগ তৈরি করে দিয়েছে। এই প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে আধুনিক চিকিৎসায় Precision Medicine বা ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসাপদ্ধতি বেশ গুরুত্ব পাচ্ছে। যেখানে চিকিৎসার সিদ্ধান্ত শুধু রোগের নাম বা উপসর্গ নির্ভর নয়; বরং ব্যক্তির জিনগত বৈশিষ্ট্য, জীবনযাপন, পরিবেশ এবং অন্যান্য স্বাস্থ্যতথ্যও বিবেচনার ভিত্তিতে।
জিনোম সিকোয়েন্সের যাত্রা শুরু হয়েছিল ২০০৩ সালে। এই প্রজেক্ট শেষ করতে সময় লেগেছিল ১৩ বছর আর খরচ লেগেছিল ৩০০ কোটি ডলার, যা সে সময়ের বিচারে ব্যয়বহুল ছিল। আজ একজন মানুষের সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সি করা সম্ভব মাত্র কয়েকশ ডলারে এবং কয়েক দিনের মধ্যে। এটা নিঃসন্দেহে একটা দারুণ খবর। কিন্তু প্রশ্ন হলো এই সুযোগ চিকিৎসায় কীভাবে কাজে লাগে। Genomic Data কেবল তথ্যের কাঁচামাল। নিজে থেকে কোনো উত্তর দেয় না। বায়োইনফরমেটিক্স, ডেটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে এই জিনমিক ডেটা ব্যবহারযোগ্য করে তুলতে হয়। আর তখনি এই তথ্যভান্ডার চিকিৎসকের সিদ্ধান্তকে আরও তথ্যভিত্তিক করে রোগীকে অপ্রয়োজনীয় চিকিৎসা থেকে রক্ষা করে, এমনকি বিরূপ প্রতিক্রিয়ার ঝুঁকি সম্পর্কে আগাম ধারণা দেয়।
প্রিসিশন মেডিসিনের বাস্তব প্ৰমাণ
Pharmacogenomics এই পরীক্ষায় এখন পর্যন্ত এগিয়ে আছে। কানাডায় শিশু ও তরুণদের মানসিক স্বাস্থ্য চিকিৎসায় প্রমাণভিত্তিক ফার্মাকোজেনেটিক কর্মসূচি PGx-Spark দেখাচ্ছে যে রোগীর জিনগত তথ্য চিকিৎসককে ওষুধ নির্বাচন ও প্রতিক্রিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে পারে, যার ফলে একজন চিকিৎসক ওষুধের অপ্রয়োজনীয় Trial-and-Error কমানোসহ বিরূপ প্রতিক্রিয়া এবং সেইসাথে রোগ সম্পর্কে আগাম সতর্কতা এবং রোগীর জন্য উপযুক্ত চিকিৎসার নির্ভুল রূপরেখা দিতে সক্ষম। শুধু মানসিক স্বাস্থ্য নয়, ক্যানসার চিকিৎসায়ও Precision Oncology ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। টিউমারের জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে নির্দিষ্ট রোগীর জন্য কোন Targeted Therapy বেশি কার্যকর হতে পারে, সেই সিদ্ধান্তও এখন অনেক দেশে ক্লিনিক্যাল প্রয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে।
যেসব প্রশ্ন উপেক্ষা করা যাবে না
মানুষের জিনগত তথ্য অত্যন্ত সংবেদনশীল। কারণ এতে শুধু একজন ব্যক্তির নয়, তার পরিবার ও ভবিষ্যৎ প্রজন্ম সম্পর্কেও তথ্য থাকে। তাই এই তথ্য কে সংগ্রহ করবে, কোথায় সংরক্ষণ করবে, কারা ব্যবহার করতে পারবেÑ এসব বিষয়ে স্বচ্ছ ও শক্তিশালী নীতিগত কাঠামো অপরিহার্য। পদ্ধতিগত কোনো গ্যাপ থাকলে জিনগত তথ্যের বৈষম্য তৈরি হতে পারে এবং সে ক্ষেত্রে সাধারণ মানুষ এই টেস্ট করাতে আগ্রহ হারাতে পারে। তাই Genetic Discrimination-এর বিরুদ্ধে দেশের নীতিনির্ধারকদের আইনি সুরক্ষা নিশ্চিত করা সমান জরুরি। দ্বিতীয়ত, সমতার প্রশ্ন যেমন জিনোম সিকোয়েন্সিংয়ের এই সহজলভ্য সুফল সবার কাছে পৌঁছানোর জন্য স্পষ্ট নীতিমালার প্রয়োজন আছে। Precision Medicine যদি শুধু উন্নত হাসপাতাল বা আর্থিকভাবে সক্ষম মানুষের সুবিধায় সীমাবদ্ধ থাকে, তাহলে এটি বিদ্যমান স্বাস্থ্যবৈষম্য আরও বাড়াবে; তাই সরকারি স্বাস্থ্যসেবার মধ্যে এই প্রযুক্তি অন্তর্ভুক্ত করা গেলে সেই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তৃতীয়ত, বাংলাদেশের মতো বৈচিত্র্যময় বিপুল জনগোষ্ঠীর জন্য নিজস্ব প্রতিনিধিত্বকারী Genomic Data তৈরি করা অত্যন্ত জরুরি। বিশ্বের বেশিরভাগ Genomic গবেষণা ইউরোপীয় বংশোদ্ভূত জনগোষ্ঠীর ওপর হয়েছে। অন্য দেশের ডেটায় আমাদের জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব কম থাকলে, সেটার ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত আমাদের জন্য কম নির্ভরযোগ্য হবে।
বাংলাদেশের সুযোগ এখনই
আনন্দের বিষয় হলো, বাংলাদেশকে উন্নত বিশ্বের মতো প্রতিটি ধাপ একইভাবে অনুসরণ করার আর প্রয়োজন হবে না। জিনোম সিকোয়েন্সিং ও কম্পিউটিং প্রযুক্তির খরচ কমে যাওয়ায় যে নতুন সুযোগ তৈরি হয়েছে সেটাকে ধরার জন্য কয়েক দশকের পুরনো স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে এড়িয়ে সরাসরি ‘প্রিসিশন মেডিসিন’ বা নির্ভুল চিকিৎসা ব্যবস্থার সাথে নিজেকে মানিয়ে নেওয়া যেতে পারেÑ এককথায় যাকে প্রযুক্তিগত Leapfrog বলা হয়।
কাজটি দ্রুত অগ্রগতির জন্য তিনটি ভিত্তি একসঙ্গে গড়ে তোলা যুক্তিযুক্ত: প্রথমত, নিরাপদ Genomic Database, সু-শাসিত Biobank এবং স্বাস্থ্যতথ্য ব্যবস্থাপনার সক্ষমতা সংবলিত একটি তথ্য-অবকাঠামো। দ্বিতীয়ত, Genomics, Bioinformatics এবং Clinical Medicine-এর বাস্তব প্রয়োগে প্রশিক্ষিত দক্ষ জনবল। তৃতীয়ত, Privacy, Ethics, Informed Consent 3 Equitable Access নিশ্চিত করার নীতিগত কাঠামো।
গবেষণা তখনই টেকসই হয়, যখন রোগী ও তার পরিবার নিজেরাই এর অংশীদার মনে করেন, শুধু তথ্যদাতা নয়। এজন্য কয়েকটি সুনির্দিষ্ট পদক্ষেপ জরুরি: হাসপাতালভিত্তিক রোগী-নিবন্ধন তৈরি করা, যা পরবর্তীতে গবেষণার ভিত্তি হতে পারে; সম্মতি নেওয়ার প্রক্রিয়া রোগীর ভাষা ও বোঝার স্তরে সহজবোধ্য করা; স্থানীয় Ethics Review Board-কে শক্তিশালী করা, যাতে গবেষণার নৈতিক তদারকি দেশের ভেতরেই সম্ভব হয়; এবং রোগী-সংগঠন ও কমিউনিটি প্রতিনিধিদের নীতিনির্ধারণী আলোচনায় শুরু থেকেই যুক্ত করা।
বাংলাদেশে ইতোমধ্যে জিনোমিক গবেষণায় আগ্রহী তরুণ বিজ্ঞানীদের সম্ভাবনাময় একটি জনগোষ্ঠী তৈরি হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে Bioinformatics ও Molecular Biology-র শিক্ষা বাড়ছে। এই মুহূর্তে দরকার প্রাতিষ্ঠানিক সমর্থন, আন্তর্জাতিক সহযোগিতা এবং একটি জাতীয় দৃষ্টিভঙ্গি, যা এই বিক্ষিপ্ত প্রচেষ্টাগুলোকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে আনতে পারে।
বর্তমান প্রযুক্তির এই দৌড়ে বাংলাদেশের প্রচুর মেধাবী শিক্ষার্থী দেশ ও বিদেশের বিভিন্ন শীর্ষ বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে নিজেদের যোগ্যতার প্রমাণ রাখছেন। কানাডায় PGx-Spark গবেষণা গ্রুপে কাজ করার সময় অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল চিকিৎসায় অনেক যুবক ও কিশোরের প্রাথমিক ওষুধে তীব্র বিরূপ প্রতিক্রিয়ার পর্যবেক্ষণ করার সুযোগ হয়েছে। বিষয়টি সেসব পরিবারের জন্য অত্যন্ত উদ্বেগ ও হতাশার কারণ ছিল। এদের অনেককেই চলমান এই ফার্মাকোজেনেটিক টেস্টের ফলাফল বিশ্লেষণ করে চিকিৎসক যে ধরনের বিকল্প ওষুধ দিয়েছিলেন সেটার প্রভাবে রোগীদের স্থিতিশীল হয়ে উঠতেও দেখেছি। আমার এই বাস্তব অভিজ্ঞতায় মনে হয়েছিল, গবেষণাগারের তথ্য তখনই সার্থক হয়ে ওঠে যখন এর ফলাফল সঠিক চিকিৎসায় কাজে লাগে। এমনকি সেখানেই বিজ্ঞান তার প্রকৃত সার্থকতা লাভ করে। এই অভিজ্ঞতা থেকেই প্রশ্নটি মাথায় আসে: Genomics ও Precision Medicine-এর এই বৈশ্বিক অগ্রযাত্রায় বাংলাদেশ কি যোগ দিতে পারে না? দেশের জনস্বার্থে নিজস্ব বৈজ্ঞানিক সক্ষমতা, নিরাপদ Data Infrastructure এবং দায়িত্বশীল নীতিগত কাঠামো গড়ে তোলার মাধ্যমে কাজটি কি এখনই শুরু করা যায় না? এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া শুধু বিজ্ঞানীদের একার দায়িত্ব নয়: গবেষক, চিকিৎসক, নীতিনির্ধারক এবং রোগী, সবার সমান অংশগ্রহণ প্রয়োজন। আর হয়তো এক দিন, এই সক্ষমতাই লেখাটির শুরুর সেই দুই রোগীর জটিল পরিস্থিতিতে চিকিৎসককে আরও তথ্যভিত্তিক ও নির্ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
লেখক: গবেষক, নিউরোজেনেটিকস অ্যান্ড প্রিসিশন মেডিসিন, ডিপার্টমেন্ট অব সাইকাইয়াট্রি, ফার্মাকোলজি অ্যান্ড মেডিকেল জেনেটিকস, ইউনিভার্সিটি অফ ক্যালগেরি, কানাডা