নিরঞ্জন রায়। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
পৃথিবীর সব দেশে আমলাতান্ত্রিক জটিলতা ক্রমান্বয়ে সহজ করা হয়। বিশেষ করে ব্যবসা-বাণিজ্যে, বিনিয়োগ এবং অর্থনৈতিক উন্নতির সাথে সংশ্লিষ্ট বিষয়ে সরকারি সংশ্লিষ্টতা, যাকে আমলাতান্ত্রিক জটিলতা বলে আখ্যায়িত করা হয়, তাকে যতটা সম্ভব সহজ করে ফেলা হয়। কিন্তু আমাদের দেশে ঘটে তার উল্টোটা। এখানে সবকিছুতেই সরকারি অনুমোদন বা সংশ্লিষ্টতা জুড়ে দেওয়া হয়। এমনকি বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে এই অনুমোদন, সেই অনুমোদন, নানান রকমের নিবন্ধনের নামে পদে পদে সরকারি সংশ্লিষ্টতা লেগেই আছে। এক কথায় আমলাতান্ত্রিক জটিলতা দেশের সর্বত্র, এমনকি ব্যবসাবাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনীতির ক্ষেত্রেও।
বিষয়টি নতুন কিছু নয়, বরং অনেক পুরনো তারপরও নতুন করে মনে পড়ে গেল, যখন দেখলাম যে সম্প্রতি সরকার দেশের বিনিয়োগ-সংক্রান্ত তিনটি স্বতন্ত্র কর্তৃপক্ষ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বা বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বাংলাদেশ অর্থনৈতিক জোন অথরিটি বা বিইজেডএ) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষ (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি বা পিপিপিএ) একত্রিত করে একটি সংস্থায় পরিণত করেছেন, যার নাম ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বা আইডিএ। এই নতুন সংস্থার প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে বিডার চেয়ারম্যানকে। অর্থাৎ বিনিয়োগ সংশ্লিষ্ট তিনটি কর্তৃপক্ষকে একত্রিত করার প্রক্রিয়াটিকে বিশ্লেষণ করলে যা দাঁড়ায় তা হচ্ছে বিডা তার জায়গায় ঠিকই আছে, মাঝখান থেকে অন্য দুটো পৃথক ও স্বতন্ত্র কর্তৃপক্ষকে বিডার অধীনে নিয়ে এসে সুকৌশলে এর কলেবর বৃদ্ধি করা হয়েছে।
বিডার এমন পরিবর্তন অবশ্য নতুন কিছু নয়। প্রথম যখন এই সংস্থা গঠিত হয়, তখন এর নাম ছিল বিনিয়োগ বোর্ড (বোর্ড অব ইনভেস্টমেন্ট বা বিওডি), যা পরে পরিবর্তন করে নির্ধারণ করা হয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এখন পরিবর্তন করে নতুন সংস্থা, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (আইডিএ) করা হয়েছে। দেশের বিনিয়োগ উৎসাহিত এবং বৃদ্ধির ক্ষেত্রে এই বর্ধিত কলেবরের নতুন সংস্থা কতটা ভূমিকা রাখতে পারবে, তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু বিশ্বে এখন বিনিয়োগের যে ধরন এবং যেভাবে এই বিনিয়োগ হয়ে থাকে তাতে এই ধরনের আমলাতান্ত্রিক প্রতিষ্ঠানের আদৌ কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না।
বিডার যিনি চেয়ারম্যান, তিনি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেছেন এবং বিশ্বের মুদ্রাবাজার ও আর্থিক খাত সম্পর্কে যথেষ্ট জ্ঞান ও অভিজ্ঞতা রাখেন। তিনি নিশ্চয়ই ভালো করে জানেন যে বিভিন্ন দেশে বিনিয়োগ কীভাবে হচ্ছে এবং এই বিনিয়োগ আনার জন্য সরকারের তৃতীয় কোনো সংস্থা বা এজেন্সি নেই। সরকারের কাজ হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে প্রস্তুত, বিনিয়োগ সুযোগ সৃষ্টি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা। এটা করতে পারলে বিনিয়োগ এমনিতেই চলে আসবে। পুঁজি বিনিয়োগের জন্য উপযুক্ত স্থান খুঁজে বেড়ায়। ওনার মতো একজন বিশেষজ্ঞ ব্যক্তির তো বিডার চেয়ারম্যানের দায়িত্বেই থাকতে চাইবেন না। কেননা সেখানে থেকে যে দেশের বিনিয়োগ বৃদ্ধিতে খুব একটা সফল হওয়া সম্ভব নয়, তা তো তিনি ভালোভাবেই জানেন। তাই হয়তো তিনি আরও তিনটা সংস্থাকে একত্রিত করে এর কলেবর বৃদ্ধি করে, তার প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন। এতে তিনি নিশ্চয়ই ভালো কিছু উপহার দেবেন দেশে পর্যাপ্ত বিনিয়োগ বৃদ্ধিতে অবদান রাখার মাধ্যমে।
যেকোনো দেশের অর্থনীতিতে বিনিয়োগ হয় মূলত তিন ভাবে। প্রথমত, সরকারি উদ্যোগে বিনিয়োগ, যা সাধারণত দেশের অবকাঠামো নির্মাণে হয়ে থাকে। এই ধরনের বিনিয়োগে তৃতীয় কোনো এজেন্সি বা সংস্থার সহযোগিতার প্রয়োজন পড়ে না। কেননা সরকারি বিনিয়োগ সরকারের সরাসরি তত্ত্বাবধানে এবং নিয়ন্ত্রণে হয়ে থাকে। দ্বিতীয়ত, বেসরকারি বিনিয়োগ, যা মূলত দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। এই বেসরকারি বিনিয়োগ আসে দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের কাছ থাকে। তারাও নিজ উদ্যোগে বিনিয়োগ করার জন্য সবসময়ই আগ্রহী এবং উপযুক্ত সুযোগের অপেক্ষায় থাকেন। ব্যবসায়ীদের কাছে বিনিয়োগ হচ্ছে নেশার মতো। ব্যবসা শুরু করার পর ক্রমাগত বিনিয়োগের মাধ্যমে এর পরিধি বৃদ্ধি করার নেশায় মেতে থাকেন ব্যবসায়ীরা।
একজন ব্যবসায়ী উপার্জনের সামান্য অংশই নিজে ভোগ করে থাকেন। অধিকাংশ মুনাফা তারা পুনঃবিনিয়োগ করেন। আজ পর্যন্ত আমি কোনো ব্যবসায়ীকে বলতে শুনিনি যে যথেষ্ট হয়েছে, এখন সমাপ্তি টানা প্রয়োজন। বিনিয়োগের ধরনই এমন। দেশের ব্যবসায়ীরাও তাদের বিনিয়োগের জন্য উপযুক্ত ক্ষেত্র যেমন চান, তেমনি তাদের বিনিয়োগের নিরাপত্তাও নিশ্চিত করতে চান। অনেকেই বলতে পারেন যে অনেক ব্যবসায়ী ব্যাংকের টাকা মেরে দিয়েছে বা ব্যবসা গুটিয়ে ফেলেছে ইত্যাদি কথা। যারা ব্যবসা করার জন্য ব্যাংক থেকে টাকা নিয়েছে, তারা কখনও সেই টাকা মেরে দেয় না। যে গুটিকয়েক ব্যবসায়ী নামধারী ব্যক্তি ব্যাংকের টাকা মেরে দেওয়ার উদ্দেশ্যে ব্যবসা শুরু করেন, তারাই ব্যাংকের টাকা মেরে দেন। এদেরকে দিয়ে সমগ্র ব্যবসায়ী সম্প্রদায়কে মূল্যায়ন করা সমীচীন হবে না।
এর বাইরে সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগে কিছু বিনিয়োগ হয়ে থাকে, তবে তার পরিমাণ বেশ সীমিত। বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে এই ধরনের বিনিয়োগ হয়ে থাকে। যে ধরনের বিনিয়োগে একটু জটিলতা থাকে, বিশেষ করে সরকারের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্টতা প্রয়োজন হয় বা বিদেশি কোনো পক্ষের কাছে বেশি গ্রহণযোগ্যতার প্রয়োজন পড়ে তখনই বেসরকারি বিনিয়োগকারীরা সরকারকে সাথে নিয়ে এই ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে থাকে।
বিদেশি বিনিয়োগের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। বিদেশি বিনিয়োগ একটি দেশের পরিচিতি, বিনিয়োগের জন্য সহায়ক পরিবেশ এবং বিনিয়োগের পর্যাপ্ত সুযোগের ওপর নির্ভর করে। দেশে যদি ভালো বিনিয়োগের সুযোগ করে দেওয়া যায়, তাহলে বিদেশি বিনিয়োগ এমনিতেই চলে আসে। যেমনÑ বিগত বেশ কয়েক বছর ধরে লাতিন আমেরিকার বিভিন্ন দেশে, বিশেষ করে চিলি এবং পেরুতে পর্যাপ্ত বিনিয়োগ হয়েছে। কারণ সেখানে খনিজ পদার্থ উত্তোলনের ভালো সুযোগ সৃষ্টি করা হয়েছে। আবার সাম্প্রতিককালে ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ায় ভালো বিদেশি বিনিয়োগ হয়েছে, কেননা সেখানে বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের কারণে, বিশেষ করে এআই সংক্রান্ত ডাটা সেন্টার গড়ে তোলার জন্য ব্যাপক বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। আর এই সুযোগ আমেরিকা, কানাডা এবং ভারত বেশ ভালোভাবেই নিতে পেরেছে। আমরা যদি গ্যাস উত্তোলনের সুযোগ বা ডাটা সেন্টার তৈরির সুযোগ সৃষ্টি করতে পারতাম, তাহলে পর্যাপ্ত বিনিয়োগ এমনিতেই চলে আসত। এজন্য বিডার যেমন প্রয়োজন পড়ত না, তেমনি তিন সংস্থাকে একত্রিত করে বিডাকে বড় করারও দরকার ছিল না।
দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, বিনিয়োগ আকর্ষণ করা যায় এমন কোনো কিছুই আমরা করতে পারিনি। উল্টো এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে বিদেশি বিনিয়োগ তো অনেক পরের কথা, অভ্যন্তরীণ বিনিয়োগই থেমে আছে। শুধু থেমে আছে বললে কম বলা হবে, রীতিমতো ঋণাত্মক হয়ে গেছে দেশের বেসরকারি বিনিয়োগ। এক কথায় দেশে বিনিয়োগের অবস্থা খুবই হতাশাজনক। এর সাথে যোগ হয়েছে নানাবিধ সমস্যা, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, তীব্র জ্বালানি সংকট, আইনশৃঙ্খলার চরম অবনতি, মব সন্ত্রাসের মাধ্যমে কারখানা বা ব্যবসায়িক প্রতিষ্ঠান আক্রমণ, প্রতিনিয়ত ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া, দুর্বল ব্যাংকিং ব্যবস্থা, বিনিয়োগযোগ্য তহবিল সংগ্রহের সীমাবদ্ধতা, বেকারত্ব বেড়ে যাওয়া বা মানুষের আয়-উপার্জন কমে যাওয়ায় সামষ্টিক চাহিদা হ্রাস পাওয়া, বিদেশি ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়া এবং এ রকম আরও অনেক জটিল সমস্যা, যা বিনিয়োগের ক্ষেত্রে বড় ধরনের অন্তরায়। এর ওপর রাজনৈতিক অস্থিরতা এবং ব্যবসায়ীদের মাঝে আস্থার সংকট। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের ব্যবসায়ীরা যেভাবে পরিস্থিতির মুখে পড়েছেন, তাতে তাদের মনোবল একেবারেই ভেঙে গেছে। সেই মনোবল ফিরাতে না পারলে দেশের বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।
সত্যি বলতে কি বিনিয়োগ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একত্রিত করা বা বিডার কলেবর বৃদ্ধি করার আগে দরকার ছিল বিনিয়োগের প্রতিবন্ধকতাগুলো দূর করা এবং দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশিচত করা। আমাদের দেশে অগ্রাধিকার নির্ধারণ করার বিষয়টি কখনোই গুরুত্ব পায় না এবং এখানেও তাই হয়েছে। যা হোক বিডা থেকে আইডিএ এখন নতুন বাস্তবতা। দেখা যাক বর্ধিত কলেবরের আইডিএর নেতৃত্বে দেশে বিনিয়োগ কতটা বৃদ্ধি পায়। তবে দেশের বিনিয়োগ বৃদ্ধিতে আইডিএর ভূমিকা থাকুক আর না থাকুক, তারা যদি আমলাতান্ত্রিক জটিলতার কারণ না হয়, তাহলেই দেশের ব্যবসায়ীদের বড় উপকার হবে। কেননা দেশের বেসরকারি বিনিয়োগ সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয় আমলাতান্ত্রিক জটিলতার কারণে। নতুনভাবে পুনর্গঠিত আইডিএ যে ভূমিকাই গ্রহণ করুক না কেন, দেশে বিনিয়োগ যেন বাধাগ্রস্ত না হয়, সেটাই আমাদের প্রত্যাশা।
লেখক: সার্টিফায়েড অ্যান্টি-মানিলন্ডারিং স্পেশালিস্ট ও ব্যাংকার, টরন্টো, কানাডা