× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বসেরা সংস্কারক হযরত মুহাম্মদ (সা.)

মুহাম্মাদ মুস্তফা জামান

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৮ এএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩১ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু একজন নবী ও রাসুলই নন; তিনি ছিলেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ও কালজয়ী রাজনীতিবিদ এবং সমাজ সংস্কারক। তাঁর রাজনীতি ছিল ক্ষমতা দখলের জন্য নয়; বরং মানুষের কল্যাণ, ন্যায় প্রতিষ্ঠা এবং আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য।

বিশ্বের প্রাচীনতম লিখিত রাষ্ট্রচুক্তিগুলোর অন্যতম মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে তিনি বিভিন্ন গোত্র ও ধর্মাবলম্বী মানুষের মধ্যে শান্তি, পারস্পরিক অধিকার ও নাগরিক দায়িত্ব নিশ্চিত করেছিলেন। ধনী-গরিব কিংবা উঁচু-নিচুর কোনো ভেদাভেদ না করে তিনি সবার জন্য সমান ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছিলেন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি সাহাবিদের সঙ্গে পরামর্শ বা শুরার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতেন। এটি অংশগ্রহণমূলক নেতৃত্ব ও পরামর্শভিত্তিক শাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

মক্কা বিজয়ের পর সাধারণ ক্ষমা ঘোষণা করে তিনি ক্ষমা ও উদারতার এক অতুলনীয় আদর্শ স্থাপন করেছিলেন। সুদূরপ্রসারী চিন্তা, কৌশলগত প্রজ্ঞা ও অসাধারণ ধৈর্যের মাধ্যমে তিনি হুদায়বিয়ার সন্ধি সম্পাদন করেছিলেন, যা পরবর্তীতে ইসলামের বিস্তার ও মহাবিজয়ের পথ উন্মুক্ত করেছিল।

মহানবী (সা.) ক্ষমতা বা ব্যক্তিগত অর্জনের জন্য রাজনীতি করেননি; বরং মানবজাতির কল্যাণ, শান্তি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র পরিচালনাকে একটি মহান দায়িত্ব হিসেবে গ্রহণ করেছিলেন।

আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন, ‘তিনিই সেই সত্তা, যিনি তাঁর রাসুলকে হেদায়াত ও সত্য দ্বীনসহ পাঠিয়েছেন, যাতে তিনি এটিকে সব দ্বীনের ওপর বিজয়ী করেন। আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।’ (সূরা আল-ফাতহ : ২৮)। একই দায়িত্বের কথা সূরা আত-তাওবা : ৩৩ এবং সূরা আস-সফ : ৯ নম্বর আয়াতেও উল্লেখ করা হয়েছে।

ইসলাম নামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে একটি কেন্দ্রীয় বিশ্বাস হিসেবে প্রতিষ্ঠা করা এবং তা মানব সমাজের সর্বস্তরে বাস্তবায়নের উপযোগী পরিবেশ সৃষ্টি করা ছিল মুহাম্মদ (সা.)-এর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। উপরোক্ত আয়াতগুলো থেকে প্রতীয়মান হয় যে, মুহাম্মদ (সা.)-এর নেতৃত্ব ও রাষ্ট্রচিন্তার মূল লক্ষ্য ছিল আল্লাহর বিধান প্রতিষ্ঠা এবং মানবকল্যাণ সাধন। ধর্মীয় চেতনাকে মানুষের অন্তরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে আল্লাহভীরু, নীতিবান ও চরিত্রবান মানুষ তৈরি করাই ছিল তাঁর অন্যতম উদ্দেশ্য। তিনি এমন একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন, যেখানে নৈতিকতা ও আল্লাহ তায়ালার বিধান মানুষের জীবন পরিচালনার অন্যতম প্রধান ভিত্তি হবে। এর মাধ্যমেই সমাজের বর্বরতা, নৈরাজ্য ও অবিচার দূর করা সম্ভব।

তাঁর রাজনীতির প্রধান লক্ষ্য ছিলÑ ১. পৃথিবীতে আল্লাহ তায়ালার সার্বভৌমত্ব স্বীকার করা এবং তাঁর নির্দেশিত বিধান প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করা। ২. শিক্ষা, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিসহ জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তায়ালার বিধান পরিপালনের পরিবেশ সৃষ্টি করা। ৩. মানুষে মানুষে বৈষম্য, অনাচার, অবিচার ও অন্যায় দূর করে সাম্য, শৃঙ্খলা, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করা। ৪. যোগ্য, নীতিবান ও আল্লাহভীরু নেতৃত্বের মাধ্যমে সমাজ পরিচালনা করা। ৫. আখিরাতের কল্যাণের পথকে মানুষের জন্য সুগম করে দেওয়া, যেন দুনিয়ার মোহ ও প্রবঞ্চনার গোলকধাঁধায় মানবজীবন বরবাদ হয়ে না যায়।

আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন, আমানত তার হকদারের কাছে পৌঁছে দিতে এবং মানুষের মধ্যে বিচার করলে ন্যায়বিচার করতে।’ (সূরা আন-নিসা : ৫৮)।

নেতৃত্বের ক্ষেত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি অসাধারণ শিক্ষা হলোÑ ‘তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।’ (সহিহ মুসলিম)।

তিনি শিক্ষা দিয়েছেন, প্রকৃত নেতা জনগণের ওপর কর্তৃত্ব প্রদর্শনকারী নন; বরং তিনি জনগণের অধিকার রক্ষাকারী, সেবক ও আমানতদার। তাঁর নেতৃত্বে প্রতিশোধের পরিবর্তে ক্ষমা, বিভেদের পরিবর্তে ঐক্য, জুলুমের পরিবর্তে ন্যায় এবং অহংকারের পরিবর্তে বিনয় প্রতিষ্ঠিত হয়েছিল। আল্লাহ তায়ালা তাঁর সম্পর্কে বলেন, ‘নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে।’ (সূরা আল-আহযাব : ২১)।

সত্যিকারের নেতৃত্ব হলো ক্ষমতার প্রদর্শন নয়; বরং মানুষের অধিকার রক্ষা, ন্যায় প্রতিষ্ঠা এবং আল্লাহ তায়ালার কাছে জবাবদিহিতার জন্য প্রস্তুত থাকা।

আজকের নেতৃত্বে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ অনুসরণ করতে হলে ক্ষমতার আগে আমানত, প্রতিহিংসার আগে ক্ষমা, স্বার্থের আগে ন্যায় এবং বিভেদের আগে ঐক্যকে বেছে নিতে হবে।


 লেখক: পেশ ইমাম, বনানী মসজিদ আত-তাক্বওয়া 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা