গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ক্রমবর্ধমান খেলাপি ঋণ আমাদের ব্যাংকিং খাতে দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়েছে। দীর্ঘদিনের এই কুপ্রবণতা এখন জাতীয় অর্থনীতিকে পঙ্গু করে দিতে উদ্যত হয়েছে। রাজনৈতিক প্রভাবে অপরিণামদর্শী ঋণ প্রদান, তদারকির অভাব এবং ব্যাংক খাত সংশ্লিষ্টদের সীমাহীন দুর্নীতি এ ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করেছে। মূলত ব্যাংকিং খাতে সুশাসন না থাকায় এবং বেসরকারি ব্যাংকের পরিচালকদের একটি অংশের নামে-বেনামে ঋণগ্রহণ দেশের অর্থনীতির এ মূলস্তম্ভকে নড়বড়ে করে দিয়েছে। অর্থনীতিবিদগণ দীর্ঘদিন ধরে এ খাতে সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলে এলেও কার্যত তা অরণ্যে রোদনে পরিণত হয়েছে।
গতকাল প্রতিদিনের বাংলাদেশের এক প্রতিবেদনে দেশের ব্যাংক খাতের ঋণখেলাপির যে চিত্র তুলে ধরা হয়েছে, তা রীতিমতো আতঙ্কজনক। প্রতিবেদনে বলা হয়েছে, মোট বিতরণকৃত ঋণের প্রায় এক-তৃতীয়াংশই বর্তমানে খেলাপিতে পরিণত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী গত জুন মাস শেষে মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ২৪৪ কোটি টাকা, যা মোট বিতরণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। পরিসংখ্যানে দেখা যায়, গত ডিসেম্বর মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। পরবর্তী মার্চ প্রান্তিকে তার পরিমাণ বৃদ্ধি পায় ৩১ হাজার ৪৫৭ কোটি টাকা। এর পরের তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা। লক্ষণীয় হলো, সরকারের নানারকম কঠোর পদক্ষেপ ও নীতিমালা সত্ত্বেও খেলাপি ঋণের পরিমাণ হ্রাস পাওয়ার লক্ষণ নেই। বরং তা ক্রমাগত উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
এটা ঠিক যে, সব সময়েই বিতরণকৃত ব্যাংকঋণের একটি অংশ অনাদায়ী থেকে যায়। নিয়মিত পরিশোধ না হওয়া ঋণগুলোর যে শ্রেণিবিন্যাস করা হয়, তাতে মন্দ ঋণ বলে একটি স্তর আছে। এই মন্দ ঋণই সময়ের ব্যবধানে খেলাপি ঋণে পরিণত হয়। বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের বার্ষিক হিসাব সমাপনীতে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রভিশন হিসেবে রাখে তারল্য সংকট মোকাবিলার জন্য। কিন্তু বিগত প্রায় পনেরো-ষোলো বছর সে প্রভিশনও ব্যাংকগুলোর তারল্য সংকটকে মোকাবিলা করতে পারছে না। কারণ আর্থিক অনিয়ম এতটাই প্রকট আকার ধারণ করেছে যে, ব্যাংকগুলো খেলাপি ঋণের বিপরীতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রভিশনও রাখতে পারছে না। এই প্রভিশন ঘাটতি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ফেলে দিয়েছে চরম সংকটে। এ সংকটের মূলে রয়েছে বিগত লীগ সরকারের আমলে ব্যাংকিং খাতে অবাধ লুটপাট। আর সেখান থেকেই খেলাপি ঋণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার এ অশুভ প্রবণতার শুরু। সে সময় শাসক দলের আশীর্বাদপুষ্ট ব্যবসায়ী ও ব্যাংক উদ্যোক্তারা জনগণের গচ্ছিত অর্থ লুটের মচ্ছবে লিপ্ত হয়েছিল। এ অবাধ অর্থ লোপাট দেশের ব্যাংকিং খাতকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। স্মরণযোগ্য, সে সময়ে ব্যাকিং খাতে অব্যবস্থাপনা ও সুশাসনের অভাব এতটাই তীব্র আকার ধারণ করেছিল যে, কেন্দ্রীয় ব্যাংক থেকে লোপাট হয়েছিল বিপুল পরিমাণ অর্থ, যা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, লীগ সরকারের মদদপুষ্ট কয়েকটি বাণিজ্যিক গ্রুপ ব্যাংক থেকে নিয়মনীতি বহির্ভূতভাবে ঋণ নিয়ে তা বিদেশে পাচার করেছে। অর্থ পাচারের তথ্য উদঘাটিত হলেও পাচারকারীরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে এবং পাচারকৃত অর্থও ফেরত আসেনি।
তবে আমরা মনে করি, পুরনো কাসুন্দি ঘেঁটে বর্তমানে সময় নষ্ট করার মানে হয় না। বরং এ সর্বনাশা প্রবণতার লাগাম টেনে ধরা আবশ্যক। দেশে খেলাপি ঋণ বৃদ্ধি পাওয়ার অন্যতম একটি কারণ পুরনো ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া। এ পদ্ধতিতে ব্যাংক হিসাবে ঋণ স্থিতির একটি ছোট অংশ জমা দিয়ে তা খেলাপি তালিকা থেকে বাদ দেওয়া যায়। এ পদ্ধতিতে কাগজপত্রে খেলাপি ঋণের পরিমাণ কমলেও প্রকৃতার্থে ব্যাংকের বিনিয়োগকৃত অর্থের ফিরে আসার অনিশ্চয়তা থেকেই যায়। পরের বছর আবার ওইসব ঋণখেলাপি তালিকাভুক্ত হয়ে পড়ে। ঋণ এবং খেলাপি ঋণের এ সাপলুডু খেলা দেশের ব্যাংকিং খাতকে পক্ষাঘাতগ্রস্ত করে ফেলেছে।
খেলাপি ঋণের এ বদ-সংস্কৃতির কবল থেকে ব্যাংক খাতকে মুক্ত করতে হলে প্রয়োজন এ খাতে সুশাসন নিশ্চিত করা। কঠোর নীতিমালা প্রণয়ন ও প্রয়োগই এ ক্ষেত্রে কার্যকর প্রতিষেধকের কাজ করতে পারে।